খোঁয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদনা জাগে না বরফ-নিরেট মনে,
অন্ধতামস রাত্রিগর্ভ থেকে
ঝিঁঝির কোরাস আনে মৃত্যুর তৃষা!

ভুল শিল্পের স্থূলতর চুম্বনে
আহত মনস্বিতা ভেঙেচুরে-বেঁকে
জাগ্রত হয় অবিরাম বিবমিষা!

স্নায়ুর শরীরজুড়ে জড়-অবরোধ,
রেটিনার স্লেটে আঁকা ধূলিঝড়ে দেখি
অপঠিত চিঠি ওড়ে বিবর্ণ খামে!

বোধ—আদিতম পৃথিবীর মৃত রোদ,
চাপা পড়া ঘাস, হলদে পায়ের পাখি,
পরাস্ত সম্বর শার্দূল-ধামে!

ভাষা—আঁধারের বিন্যাসকৃত ঘুম,
আশা—কুঁড়িতেই নিহত তাবাসসুম!