খোকন ও দাঁড়কাকের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খোকন সোনা দাঁড়িয়ে ছিল বেলকোনিতে একা
ঠিক তখনই দাঁড়কাকটার সঙ্গে হলো দেখা।
কাক বলল—খোকন সোনা, একটুখানি শোনো
রংটি কালো, তাই বলে কি ইজ্জত নেই কোনো?
আমরা হলাম এই শহরের সবচে ভালো পাখি
কিন্তু মানুষ দাম না দিলে থাকল কী আর বাকি?
আমাদেরকে দেখলে সবাই রুমাল ধরে নাকে
দুঃখ বাড়ে, মানুষ যখন ‘কাউয়া’ নামে ডাকে।
আমরা যত আবর্জনা সাফ করি নিজ ঠোঁটে
বিনিময়ে ‘নোংরা পাখি’র উপাধিটাই জোটে।
কাক হয়ে ভাই জন্মেছি তাই দুঃখের নেই ইতি
কাকরা যেন কাঁকড়াসম; দেখলে জাগে ভীতি।
ছোট্ট তুমি; বুঝবে কি আর এসব কথার মানে?
শহরবাসীর ঘুম ভাঙে রোজ এই আমাদের গানে।
আমরা হলাম এই শহরে নিত্যদিনের শোভা
চোখ থাকতে অন্ধ সবাই মুখ থাকতেও বোবা।
আমার কথা শুনে খোকন দুঃখ পেলে নাকি?

তখন থেকেই দেখছি তোমার কান্নাভেজা আঁখি।

খোকান সোনা কান্না থামাও, সর্দি মোছো নাকের
দুধমাখা ভাত বিড়াল খেলেও দোষ হয়ে যায় কাকের।