গণজাগরণের কেন্দ্রভূমি শাহবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ এলাকার গোড়াপত্তন হয় মোগল শাসনামলে। তখন ঢাকা ছিল সুবা বাংলার রাজধানী। একই সঙ্গে মসলিন বাণিজ্যের কেন্দ্র। শাহবাগের আদি নাম ছিল বাগ-ই-বাদশাহী। এর অর্থ বাংলা রাজার বাগান। এটি ছিল বাগানবাড়ি। এরপর মোগল আমলের অবসানের সঙ্গে সঙ্গে এলাকাটিও পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তী সময়ে নওয়াব আবদুল গণি আবারও এই এলাকার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন। সেটা ১৮৬৮ সালের কথা। তখন নওয়াব আবদুল গণি জমিদারি পরিচালনার দায়িত্ব দেন পুত্র খাজা আহসানুল্লাহকে। অন্যদিকে, আবদুল গণি অবসর কাটানোর জন্য একটি বাগানবাড়ি তৈরির পরিকল্পনা করেন। ১৮৭০ সালের দিকে তিনি বর্তমান কলাভবন এলাকাটি কেনেন। পরে ১৮৭৬-৭৭ সালে এর উত্তরাংশও কেনা হয়। ১৮৭৩ সালে শাহবাগ বাগানবাড়ির নির্মাণকাজ শুরু হয়। মোগল নাম বাগ-ই-বাদশাহী নামের সঙ্গে মিলিয়ে এবার নামকরণ করা হয় ‘শাহবাগ’। এখানকার ‘ইশরাত মঞ্জিল’ নামে দ্বিতল ভবনটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। ইশরাত মঞ্জিল পুনর্নির্মাণ করে পরে হোটেল শাহবাগ করা হয়, যা ঢাকার প্রথম প্রধান আন্তর্জাতিক হোটেল। বর্তমানে এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দ্বারা অধিগৃহীত। শাহবাগে সে সময় একটি চিড়িয়াখানাও নির্মিত হয়েছিল। উনিশ শতকের শেষ ভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগজুড়েই শাহবাগ ছিল ঢাকার উচ্চপর্যায়ের সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের উত্সভূমি। এখানে ব্রিটিশ শাসকদের সংবর্ধনা দেওয়া হতো। এরপর ১৯১৫ সালে নওয়াব সলিমুল্লাহর মৃত্যুর পর শাহবাগের জৌলুস ধীরে ধীরে কমতে থাকে।এই এলাকাকে ঘিরে জাতীয় ইতিহাসের অনেক রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত হয়েছে। ১৯০৬ সালে এখানে পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক মুসলমান শিক্ষা সমিতি অনুষ্ঠিত হয়েছে। ওই বছরই নিখিল ভারত মুসলিম শিক্ষা সমিতির অধিবেশনে মুসলিম লিগের জন্ম হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ’৬৬ সালের ছয় দফা আন্দোলনে এই অঞ্চল আন্দোলনে প্রকম্পিত হয়েছিল। শাহবাগের কাছে রমনার রেসকোর্স ময়দান থেকেই শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার ডাক দিয়ে ঐতিহাসিক ভাষণ দেন। আর এখানেই পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে আত্মসর্মপণ করে। তখন থেকেই এই এলাকা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায়ের পর এই শাহবাগেই শুরু হয় এক গণজাগরণ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো শাহবাগ এলাকা। আন্দোলনে অংশ নিতে আসা দেশের সব বয়সী জনগণের কণ্ঠে একটাই দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। প্রতিবাদের মিছিল শাহবাগেই থেমে থাকেনি, এর স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দেশের সব জনগণের মধ্যে।