গণতন্ত্র ও অন্যান্য প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত কয়েক বছর বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে তাকে কেন্দ্র করে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ বিষয়ে উৎসাহীদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত মাহমুদ রেজা চৌধুরীর গণতান্ত্রিক সংস্কৃতি শিরোনামের বইয়েও পাওয়া যায় সেই আঁচ। বইটি লেখকের ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে প্রকাশিত ৪৩টি রচনার সংকলন। এটি তিন ভাগে বিভক্ত—‘সমকালীন ক্রান্তিকাল’, ‘গণতন্ত্র ও নৈতিকতা’ এবং ‘পর্যবেক্ষণ’। তবে বইটি পড়ার পর আমার মনে হয়েছে, লেখাগুলোকে ভাগ করা যায় দুভাগে; বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়া হিসেবে রচিত লেখা এবং বিরাজমান সামাজিক-রাজনৈতিক প্রবণতাগুলোর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ। আমার ধারণা, যেসব বিষয়ে সমকালীন বিষয়ের চেয়ে দীর্ঘ মেয়াদে সামাজিক প্রশ্নগুলোকে বিবেচনা করা হয়েছে, সেগুলো আমাদের মনোযোগ দাবি করে।
মাহমুদ রেজা চৌধুরী যদিও বাংলাদেশে বিরাজমান ব্যবস্থায় গণতন্ত্র অনুপস্থিত বলেই বিবেচনা করেন, কিন্ত তাঁর ধারণা এমন—গণতন্ত্রকে কেবল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে বিবেচনা না করে দেখা দরকার নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং উন্নয়নের একটি উপায়রূপে। বিরাজমান ব্যবস্থায় দুই দলের আধিপত্যে এবং দুই নেত্রীর ওপরে নির্ভরশীলতায় তিনি আশাহত (পৃষ্ঠা ৩৫)। তবে অন্যত্র লেখক এটাও বলেন যে ‘তাঁদের ভুল-ভ্রান্তি, অন্যায় অত্যাচারের দায়-দায়িত্ব কিছুটা আমাদের সবার’ (পৃষ্ঠা ৫৮)। গণতন্ত্র বিষয়ে মাহমুদ রেজার অবস্থানটি বুঝতে তাঁর এই কথাটি আমাদের বিশেষভাবে সাহায্য করবে, ‘দেশের গণতন্ত্রকে যদি আমরা এলিটতন্ত্র বা দলীয় মন্ত্র বা তত্ত্ব বানিয়ে গৃহবন্দী করতে না চাই, তা হলে গণতন্ত্রের যারা মূল শক্তি সেই জনগণের (দলমত-নির্বিশেষে) সার্বিক শোষণ মুক্তির কাজেই একে পরিচালিত বা সঞ্জীবিত রাখা সবার দায়িত্ব’ (পৃষ্ঠা ১১৮)।
গত কয়েক বছরে সংঘটিত ঘটনাবলির মধ্যে শাহবাগ আন্দোলন এবং হেফাজতের উত্থান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ২০১৩ সালেই লেখক তাঁর বিশ্লেষণ উপস্থাপন করেছেন (দ্রষ্টব্য: পৃষ্ঠা ৬০, ১৩৩, ১৩৮-৯ এবং ১৪০)।
সমকালীন বিষয়ের বাইরের যে রচনাগুলোতে লেখক তাঁর সমাজভাবনাকে তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করেন, সেখানে ধর্ম এবং রাজনীতির সম্পর্ক, ধর্ম এবং রাষ্ট্রের সম্পর্কের প্রসঙ্গটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। একাধিক রচনায় তিনি এই বিষয়ে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন। তাঁর বিবেচনায়, ‘ধর্ম ব্যবহারের জন্য আসেনি; চর্চার জন্য এবং ব্যক্তি এবং সমাজের কল্যাণের জন্যই এর আবির্ভাব। প্রকৃত ধর্মচর্চাও মানুষের সংস্কৃতির অঙ্গ’ (পৃষ্ঠা ১২৯)। সেই দৃষ্টিকোণ থেকে তিনি ধর্মভিত্তিক দল, বিশেষত জামায়াতে ইসলামীর, অবস্থা ও অবস্থানের প্রবল সমালোচক (পৃষ্ঠা ১৪১-৪২)। তবে তিনি মনে করেন সমাজে ধর্মের চর্চাকে ব্যাহত করা অনুচিত। সেই বিবেচনায় লেখক অবস্থান নিয়েছেন সেক্যুলাররিজমের বিরুদ্ধে। এ ক্ষেত্রে তিনি সক্যুলারিজমের বদলে অসাম্প্রদায়িকতার ওপর জোর দিতে চান। তিনি মনে করেন, ‘একজন ব্যক্তি তার নিজ ধর্মের প্রতি আস্থাশীল, জ্ঞানী ও শ্রদ্ধাশীল হলে সে স্বভাবতই উদার ও অসাম্প্রদায়িক হয়’ (পৃষ্ঠা ১৪৫)।
রাজনীতিতে ধর্মের ভূমিকার প্রশ্নে আমি মাহমুদ রেজা চৌধুরীর সঙ্গে ভিন্নমত পোষণ করি। তিনি যখন সেক্যুলারিজমকে রাজনৈতিক ‘ধাপ্পাবাজি ও বিভ্রান্তি’ (পৃষ্ঠা ১৪৬), কিংবা ‘রাজনৈতিক প্রতিহিংসা’ (পৃষ্ঠা ১৪৯) বলে বর্ণনা করেন তার পক্ষে যথেষ্ট শক্তিশালী বিশ্লেষণ তিনি তুলে ধরেছেন বলে আমার মনে হয়নি। আর এটা কেবল তাঁর দুর্বলতাই প্রকাশ করে তা নয়, আমার কাছে মনে হয়েছে তিনি নির্বিচার মন্তব্যের পথেই অগ্রসর হয়েছেন।
মাহমুদ রেজা চৌধুরীর সঙ্গে আমার গুরুত্বপূর্ণ দ্বিমত সত্ত্বেও আমি তাঁর অবস্থানকে বিবেচনায় নেওয়ার তাগিদ অনুভব করি এই কারণে যে সমাজে এই চিন্তা বিদ্যমান এবং আমাদের উচিত সেই দৃষ্টিভঙ্গিটি উপলব্ধি করা, তার সঙ্গে আলোচনায় প্রবৃত্ত হওয়া।


গণতান্ত্রিক সংস্কৃতি
মাহমুদ রেজা চৌধুরী
প্রচ্ছদ: নাফিজ আহমেদ ও গোলাম কবির
প্রকাশক: একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, ঢাকা
পৃষ্ঠা: ২৮৫, দাম: ৪৩০ টাকা