গণসংগীত কোনো প্রচলিত ধারার মধ্যে বন্দী থাকেনি
জাফর আহমদ: আপনি তো গান করতেন। গান লেখা ও সুর করা—এসব বিষয়ে বলুন।সাইম রানা: ছোটবেলা থেকে কবিতা, গল্প লিখছি। এসএসসি পাস করার পর কবিতার পাশাপাশি গান শিখতে শুরু করি। গান তো শুনছিই। নানা ধরনের গান। গান লিখতে লিখতে ভাবলাম, লিখে কী হবে, কেউ যদি এই গান না গায়। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। সে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও সংগীত বিভাগ চালু হলো। সংগীতকে আমি সাবসিডিয়ারি বিষয় হিসেবে নিলাম। ওখানে সৌভাগ্যক্রমে শিল্পী নীলুফার ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মৃদুলকান্তি চক্রবর্তী ও কৃষ্ণপদ মণ্ডলের কাছে গান শেখার সুযোগ হলো। পরে ছায়ানটে ও নজরুল ইনস্টিটিউটে কিছুদিন শিখলাম। এর পাশাপাশি সুর করছি এবং গাইছি।জাফর: এ বিষয়ে গবেষণায় এলেন কেন?সাইম রানা: বাংলাদেশের সংস্কৃতিতে লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। কিন্তু এ বিষয়ে যে গবেষণা আমরা দেখি, তাতে গীতিকবিতা হিসেবে বা সাহিত্যের উপাদান হিসেবে এগুলো মূল্যায়িত হয়েছে। ফলে দেখা গেছে, লোকসংস্কৃতির গাথা, কবিতা বা পদ গ্রন্থে সংরক্ষিত হলেও ওগুলোর সুর বা গায়কির কোনো নিদর্শন পাওয়া যায় না। সংগীতের মুক্তির জন্য সুরের সংরক্ষণ জরুরি—তা রেকর্ডে হোক বা স্বরলিপির মধ্য দিয়ে হোক। গবেষণায় আসার পেছনে এসব বিবেচনা কাজ করেছে।জাফর: গণসংগীতকে বেছে নেওয়ার কি বিশেষ কোনো কারণ আছে?সাইম রানা: আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের তত্ত্বাবধানের মধ্যযুগের প্রণয়পাঁচালি নিয়ে কাজ শুরু করি। পরে আমি সেলিম আল দীন স্যারকে বললাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে গবেষণা করতে চাই। তিনি বললেন, কী বিষয়ে কাজ করবে বলো, আমি ওখানে বলে দিচ্ছি। পরে তিনি নিজেই বললেন, বাংলা গানের সমৃদ্ধ উত্তরাধিকার অর্থাৎ ভাষার গান, মুক্তিযুদ্ধের গান—এসব বিষয় নিয়ে কাজ করো। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তীর তত্ত্বাবধানে গণসংগীত নিয়ে গবেষণা শুরু করলাম।জাফর: আপনার গবেষণার ধরন ও পদ্ধতি সম্পর্কে বলুন।সাইম রানা: এই গবেষণাকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে—বিষয়বৈচিত্র্য ও সুরবৈচিত্র্য। স্বাধীনতাপূর্ব ও পরবর্তী কাল নিয়ে এ দুটির আবার দুটি ভাগ। গণসংগীত যেহেতু বিদ্রোহে, শ্রেণীজাগরণে ও রাজনৈতিক আদর্শে রচিত, সে কারণে এই গানগুলোর শিল্পমূল্য বিবেচনার দিকে না গিয়ে বরং রাজনৈতিক ও সাংস্কৃতিক, না বিদ্রোহের ইতিহাস তা অনুসরণ করে গানের বিষয়কে বিভাজন করা হয়েছে। আর সুরের দিক বিবেচনা করলে দেখা যায়, আমাদের বাংলা গানের ধারা থেকে গণসংগীত আলাদা ভাবমূর্তি নিয়ে প্রতিষ্ঠিত। বিশেষ করে গণসংগীতকে দেশাত্মবোধক গান থেকে যেমন আলাদা করা যায়, তেমনই লোক বা শাস্ত্রীয় সংগীত থেকেও এর দৃষ্টিভঙ্গি ভিন্ন। এই দৃষ্টিভঙ্গি একদিকে যেমন জাতীয়তাবোধ থেকে আন্তর্জাতিকার দিকে যাত্রা, অন্যদিকে শোষিত শ্রেণীর অধিকার আদায়ের ভাষা হিসেবেই এর অবস্থান। ফলে এই গানে সুর কোনো প্রচলিত ধারার মধ্যে বন্দী থাকেনি। লোকসুর, বিদেশি সুর, শাস্ত্রীয় সুর—সবই স্বাভাবিকভাবে এতে প্রবেশ করেছে। তাই এই গবেষণায় একদিকে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিষয়কে বিভাজন করা হয়েছে, অন্যদিকে নানা ধারার সুরের অনুপ্রবেশকে চিহ্নিত ও বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে।জাফর: বাংলাদেশের গণসংগীতের শ্রেণীকরণ বিষয়ে কী বলবেন?সাইম রানা: ১৯৪৩ সালে কলকাতায় আইপিটিএ প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণসংগীত আন্দোলনের শুরু। সাতচল্লিশে দেশ ভাগ হলো। এ দেশে শুরু হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন থেকে ১৯৭১ পূর্বকাল একটি ভাগে এবং মুক্তিযুদ্ধ ও এর পরবর্তীকালের গণসংগীত আরেকটি ভাগে বিশ্লেষিত হয়েছে। গানগুলোকে নানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিষয়ভিত্তিক শ্রেণীকরণ করা হয়েছে।জাফর: দেশজ বা শাস্ত্রীয় ধারার গানের সঙ্গে গণসংগীতের সুরের ভিন্নতা কোথায়?সাইম রানা: দেশজ গান মানে লোকসংগীত। আঞ্চলিক গানও বলা যায়। এর সুর ও ভাষায় সে অঞ্চলের প্রভাব থাকে। শাস্ত্রীয় সংগীত সুনির্দিষ্ট রাগ-রাগিণী ও পদ্ধতির মধ্য দিয়ে চলে। গণসংগীত শহুরে মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি। কিন্তু তা লেখা হয় নিম্নবর্গীয় বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। ফলে এখানে কোনো ধারাই সচেতনভাবে আসেনি।জাফর: পশ্চিম বাংলার গণসংগীতের সঙ্গে বাংলাদেশের গণসংগীতের পার্থক্যের কথা আপনি লিখেছেন। এ পার্থক্যের কারণ কী?সাইম রানা: পশ্চিমবঙ্গে গণসংগীতের বিকাশ হয়েছে সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শের ওপর ভিত্তি করে। পক্ষান্তরে মূলত পাকিস্তান আমলে ভাষা আন্দোলন, সাম্প্রদায়িকতা, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, সামরিক শাসন ইত্যাদি গণ-আন্দোলনের ভেতরে বাংলাদেশের গণসংগীতের বিকাশ ঘটেছে। বাংলাদেশের গণসংগীত সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক মতাদর্শকে অবলম্বন করে বিকশিত হয়নি।জাফর: আপনার গ্রন্থে নয়টি গানের স্টাফ নোটেশন দিয়েছেন। এর লক্ষ্য কী?সাইম রানা: বাংলা গানের ধারায় গণসংগীতে পাশ্চাত্য সংগীতের প্রভাব বেশি চোখে পড়ে। তা ছাড়া প্রচুর বিদেশি প্রতিবাদী গান অনুবাদের মধ্য দিয়ে বা গণসংগীতে প্রবেশ করেছে। এতে পাশ্চাত্য সংগীতের সঙ্গে আমাদের গণসংগীতের আদর্শগত ও মাধ্যমগত যোগসূত্র তৈরি হয়েছে। এই স্টাফ নোটেশনের মধ্য দিয়ে বিদেশি শিক্ষার্থী বা শিল্পীরা এই গানগুলো শিখতে ও পরিবেশন করতে পারবে।জাফর: আপনার কি মনে হয় যে গণসংগীতের চর্চা এখন হচ্ছে না?সাইম রানা: এখন যে গণসংগীতের চর্চা হচ্ছে না, তা বলা ঠিক হবে না। নানা সংগঠন গণসংগীতের চর্চা অব্যাহত রেখেছে। গণসংগীতের অনুষ্ঠান হচ্ছে, ক্যাসেট-সিডিও বেরোচ্ছে। তবে গণসংগীত সৃষ্টির পেছনে যে আন্দোলন, সংগ্রাম বা উদ্দীপনার প্রয়োজন পড়ে, তা আগের মতো নেই। দৈনন্দিন জীবনের বাস্তবতা পাল্টেছে। হয়তো এখনকার এ গান জীবনমুখী গান বা প্রতিবাদের গান হিসেবে চিহ্নিত হচ্ছে। এসব গানে এখন একই সঙ্গে সাংগীতিক নান্দনিকতা এবং মাটি-মগ্নতা লক্ষ করা যায়। মানুষের সংগ্রামের শেষ নেই, গণসংগীতও শেষ হবে না।প্রথম আলো বর্ষসেরা বই: ১৪১৬মননশীল শাখাসাইম রানার বাংলাদেশের গণসংগীত: বিষয় ও সুরবৈচিত্র্যশংসাবচনমানুষ যতই মূক হোক না কেন, তার গভীর ভেতরেও সৃষ্টি হতে পারে এমন শব্দ যা শব্দের অধিক; সেটা হয়তো ব্রহ্মার সৃষ্টিমুহূর্তকে স্পর্শ করে ওঙ্কার হয়ে ওঠে। তারপর সেই সৃষ্টিস্রোত বয়ে চলে অপ্রতিহত গতিতে। সাইম রানার বাংলাদেশের গণসংগীত: বিষয় ও সুরবৈচিত্র্য বাঙালির সেই উত্থিত জীবনীশক্তির কাহিনি। অবরুদ্ধতা ও বিরুদ্ধতার প্রতিবেশে প্রতিবাদ-প্রতিরোধের আশ্রয়ে সম্পূর্ণ জীবনকে জাগিয়ে তাতে শক্তি জোগানোর যে সংঘবদ্ধ প্রণোদনা যুগে যুগে বাংলাদেশের মাটিতে নিরন্তর বিকশিত হয়েছে, তার সংবদ্ধ ইতিহাস এই গ্রন্থ। বিশেষ করে দেখা যাবে, তেভাগা, ব্রিটিশ-ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পটভূমি গণসংগীতের সূত্রে পরিণত হয়েছে একটি জনগোষ্ঠীর ইতিহাস-সমাজ-রাজনীতি-সংস্কৃতি ও নৃতত্ত্বে। ফলে এ বইয়ে আজকের দিনের মানুষের জন্য বাঙালির প্রতিরোধের ইতিহাসের অন্য এক সমান্তরাল পাঠ উপস্থিত হয়।আখতারুজ্জামান ইলিয়াস বলেছিলেন, সংগীত সৃষ্টি করতে পারে ‘শক্ত মানুষের সমবেত শক্তি’, যা ‘মানববিরোধী অচলায়তন ভাঙার অন্যতম প্রেরণা’। সাইম রানার গ্রন্থ একদিকে বাঙালির গানের বিষয় ও সুরবৈচিত্র্যের অনবদ্য বিশ্লেষণ, অন্যদিকে বাঙালি যে তার গণসংগীতের প্রেরণা নিয়ে ক্রমশ জনগোষ্ঠী থেকে সার্বভৌম জাতিতে পরিণত হয়েছে, সেই কাহিনিরও নিষ্ঠ প্রচারক।এই জীবনচেতনার মহিমা ধারণ করার জন্য সাইম রানার গ্রন্থটিকে আমরা ১৪১৬ সালের ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কারে ভূষিত করছি।