গণহত্যার নানা মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তবের প্রামাণিক বা দালিলিক সত্যের পাশাপাশি শিল্প সংবেদনশীলতার প্রমাণ হিসেবে হাজির করে নানা অনুষঙ্গ ও প্রসঙ্গ। এক প্রকারে ঐতিহাসিক কোনো ঘটনা দার্শনিক বা মনোজগতীয় কোনো অভিঘাত সহকারে দর্শকসমীপে পেশ করা হয়। এই রেওয়াজকে আত্যন্তিক দৃষ্টিভঙ্গিযোগে ব্যক্তিগতের মধ্যে থেকে ব্যক্তিগত মাত্রা দেওয়া চলে, আবার যৌথ চেতনার সূত্রে সামাজিক মাত্রায় উন্নীত করা সম্ভব। ‘অপনয়ন’ যা উৎখাত কিংবা ভাষান্তরে বিয়োগ শিরোনামের আওতায় শিল্পী ঢালী আল মামুন ইতিহাসের যে ভাষ্য তৈরি করেন তা সামাজিক, এমনকি কোনো কোনো উপাদানের নিমিত্তে সমগ্র জাতিসত্তার চৈতন্য ধারণ করে। বেঙ্গল লাউঞ্জেও ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া তাঁর এই একক প্রদর্শনীর স্থাপনাসমূহের বিষয়বস্তু একাত্তর সালে বাংলাদেশ রাষ্ট্রের আবির্ভাব পর্বে পাকহানাদারদের হত্যাযজ্ঞ বিশেষত নারী নির্যাতন ও নিধন। শিল্পীর আপন ভাষ্য অনুযায়ী তার প্রক্রিয়া ইন্দ্রিয়ের ফেনমেনলজি বা প্রপঞ্চতত্ত্বের সঙ্গে সম্পর্কিত—যার সূত্রে তিনি প্রামাণিক দলিলের পরিসর থেকে দূরে সংবেদনশীল দৃশ্যকল্পে থিতু।এমনকি রাষ্ট্রের বিনির্মাণ প্রকল্প কিংবা বাঙালি ও মুসলিম আইডেনটিটির রাজনীতি ও সংঘাত বিষয়ে তাঁর কোনো আলোকপাত নেই। তিনি শত্রুপক্ষের দানবীয় চেহারার খোঁজ দিতে কাল্পনিক কোনো প্রতীকের দ্বারস্থ হননি। মানব যে ফ্রেজাইল যা সহজে ভেঙে পড়ে, এমন কোমল প্রকৃতির সত্তা সেই সত্তার হতবিহ্বল অবস্থার প্রমাণ তিনি প্রতীকের সূত্রে দর্শকসমীপে পেশ করেছেন। টেকনোলজির ব্যবহারে তাঁর কোনো কোনো উপস্থাপনায় (যেমন অপনয়ন-৪-এ সঞ্চরণশীল বেণিসমূহ) নতুনতর নাটকীয়তার জন্ম দেয়, যে নাটকীয়তা স্থবির উপস্থাপনাগুলোয় যেমন অপনয়ন-২ বা অপনয়ন-৩-এ লক্ষণীয় হয়ে ওঠে না।মানবদেহের সবচেয়ে ক্রিয়াশীল যে অঙ্গ তা হতে অপনয়ন-২ তে আমরা কাটা হাতের বলয় তৈরির মাধ্যমে ভিকটিমহুডের ধারণার পাশাপাশি যেন একতার ধারণার আভাস পাই, কেননা বলয় সব সময়ই সম্পূর্ণতার দিকে নির্দেশ করে। ফলে টেকনোলজির সূত্রে যদি অপনয়ন-৪-এর খণ্ডিত উপস্থাপনা— বেণি ও কাটা হাত দেহের অনুপস্থিতি বা বিলাসের খবর যাতে মরবিড এক ভাষায় ব্যক্ত দর্শককে মরবিড অনুভূতি থেকে উদ্ধারের পথ করে দেয়, স্থবির স্থাপনাসমূহে এই কার্য আকার বা মটিফ নির্মাণের মধ্য দিয়ে ঘটে। অপনয়ন-৩-এ খড়ের গাদাসুলভ চুলের স্তূপ ও তার নিচে মানবীর অসংখ্যা পা প্রতীক হিসেবে তাই বহুমাত্রিক। অধুনা গার্মেন্ট শিল্পে রহস্যজনক আগুনে দগ্ধ শতাধিক কর্মীর মৃত্যুর খবরও যেন এর মধ্যে দৃশ্যমান হওয়ার সুযোগ পায়। অর্থাৎ শিল্পী তাঁর রেফারেন্স বা দৃশ্যজ সূত্র এমন কায়দায় ব্যবহার করেন, যার মাধ্যমে তিনি একরৈখিকতা থেকে দূরে থেকে নানাবিধ এমোসিয়েশন বা সম্পর্কের মধ্য থেকে অর্থ বা মানে উৎপাদনের পথ করে দেন।বাঙালির স্বাধিকার আন্দোলন, দেশপ্রাপ্তি ও আরও নানা অর্জন সত্ত্বেও মানব বিপর্যয়ের ঘটনা আসলে গ্লোবাল পুঁজির সূত্রে নতুনতর বিপর্যয়ের দিকে আমাদের গড়ায়ে দিচ্ছে। শিল্পী মামুনের রাজনৈতিক ডিসকোর্সে আমাদের পুঁজির বিকাশকালীন বিপর্যয়ের কিছু আলামত যুক্ত হলে এই প্রদর্শনীর জাতীয় চরিত্র ক্ষুণ্ন হতো বটে, কিন্তু যে নিধনযোগ্য এক শ্রেণীর প্রতি অপর শ্রেণীর অবহেলার মধ্য দিয়ে দীর্ঘসূত্রতা পায় তার নির্দেশ মিলত। এ কথা সত্য যে শিল্পী মামুন মানবীসত্তার যে ব্যবচ্ছেদ হাজির করেছেন, তার ঐতিহাসিকতা থাকলেও এই বিপর্যয় বিমূর্তায়িত ফর্মে এই প্রদর্শনীতে চাক্ষুষ হয়ে ওঠে। এর মোক্ষম উদাহরণ আমরা শিল্পীর অপনয়ন-১ নামের স্থাপনায় পাই, এতে পিকাসোর বিখ্যাত ম্যুরাল গোয়েরনিকার খণ্ড খণ্ড অথচ সঞ্চরণশীল অংশের প্রক্ষেপণ দেখি ভিডিও মাধ্যম ব্যবহারের মধ্য দিয়ে। ফর্মাল গুণের কারণে এটি অনবদ্য সৃষ্টি, কিন্তু ডিসকোর্সের দিক থেকে এর বিমূর্তায়ন স্থানিকতা থেকে একে দূরে নিয়ে দাঁড় করায়। হয়তো শোকে অভিব্যক্তি থেকে শোচনীয় পরিণতির চিহ্ন উধাও করে দিলে এমনটা ঘটে।স্থানিকতা ও আন্তর্জাতিকতা এই দুইয়ের মধ্য থেকেই শিল্পী তাঁর তমঃ গুণসম্পন্ন স্বর নির্ধারণ করেছেন। অপরাপর যে স্তর এর মধ্যেই জায়মান তা স্বতঃস্ফূর্ত—এই স্বতঃস্ফূর্ততা মানুষের শিল্পভাষায় ভিন্ন স্তরের সম্ভাবনা তৈরি করে। আগেই বলা হয়ে গেছে যে ঐতিহাসিক ডিসকোর্সের সূত্রে যদি শিল্পী জাতীয় মাত্রার ছায়ায় অবস্থান নেন, শিল্পের প্রসেস, উপস্থাপনা ও এর ফর্মাল গুণাগুণ অর্জনের তাগিদে তিনি আন্তর্জাতিক। উল্লেখ্য যে মানব নিধনযজ্ঞের সবচেয়ে মর্মস্পর্শী ও জুতসই শিল্প ব্যাখ্যা বা উপস্থাপনা জার্মানিতে নাৎসি বর্বরতার সূত্রে দেখা গেছে, এমনকি যুদ্ধের ভয়াবহতা নিয়ে বেকনের আধুনিক বয়ানও আমাদের আধুনিক বিশ্ব ব্যবস্থার নেতির দিকটি সম্পর্কেও ভাবনা রয়েছে। এসব ভাবনার পরিপ্রেক্ষিতে শিল্পী মামুন আরও নতুন কিছু প্রেক্ষিত যোগ করেছেন—এই প্রদর্শনীর মাধ্যমে। জাতীয় প্রতীকের উপস্থাপনার মধ্য দিয়ে তিনি আপন জাতীয় চলমান ইতিহাসেরও ইশারা দিয়েছেন—শুকিয়ে যাওয়া শাপলা তাঁর প্রদর্শনীর একটি বহু ব্যবহূত ক্ষণস্থায়ী মোটিফ—এমনকি মাছের শুঁটকি, স্তরবিন্যস্ত বস্তা, কাগজ ও আবর্জনার ড্রয়িং উপস্থাপনার মধ্য দিয়েও শিল্পী উপসংহার টানতে চেয়েছেন যে, এই রাষ্ট্রের মানব-মানবীরা এখনো সুরক্ষিত নয়।এ দেশে যাঁরা কনসেপচুয়াল আর্টের ঘরানা শুরু করেছেন ঢালী আল মামুন তাঁদের অন্যতম। নব্বইয়ের শেষের দিকে তিনি প্রথম মাল্টিমিডিয়া ব্যবহার করে স্থাপনা গড়েন। শুরু থেকেই ভায়োলেন্স তাঁর উপস্থাপনার একটি বিশেষ প্রপঞ্চের সূত্রে হাজির হয়েছে—যার সূত্র ধরেই আমরা আজকের অপনয়ন বা এলিমিনেশন প্রদর্শনীতে স্থানের সঙ্গে, বস্তুর সঙ্গে, ফর্মের সঙ্গে দুঃসময়ের সম্পর্ক নির্মাণের নতুনতর প্রয়াস দেখার সুযোগ পেলাম।এই প্রদর্শনী আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে।