
২০ মার্চ সকাল সাড়ে দশটা। ওপরতলার সিঁড়ি বেয়ে লাল রঙের শার্ট পরে রাঙা সূর্যের মতো নেমে এলেন ঝাঁকড়া চুলওয়ালা গেরিলা মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আমরা কয়েকজন তাঁর স্টুডিওতে বসে ছিলাম সাক্ষাৎকারের প্রত্যাশায়। শিল্পীর শরীরের অঙ্গভঙ্গি, অভিব্যক্তি, গতি দেখে বোঝা গেল শিল্পীর আঁকা চিত্রগুলো তাঁর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও চেতনার প্রতিরূপ। বলছি ১৯ মে শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া ‘শান্তি’ শীর্ষক চিত্র প্রদর্শনী প্রসঙ্গে। সাহসী মানুষের গতি, সাহস, সংগ্রাম, তেজ, মুক্তির আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধ, স্বদেশপ্রেম শাহাবুদ্দিনের চিত্রভাষ্য।
এই প্রদর্শনীতে পাওয়া যায় যুদ্ধ আর সন্ত্রাসের বিপরীতে শান্তির উদ্ভাস। মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ছাড়াও মানুষের অধিকার প্রতিষ্ঠার নেতা বঙ্গবন্ধু, শান্তির দূত রবীন্দ্রনাথ ও অহিংস নেতা মহাত্মা গান্ধীর আদর্শময় প্রতিকৃতি রয়েছে প্রদর্শনীতে। স্তূপাকৃতি লাশের শিরোনাম দিয়েছেন, ‘যুদ্ধ বন্ধ হোক’।
ছবির মানুষগুলো বাস্তবিক প্রতিরূপ নয়,Ñঅভিব্যক্তিময় ও গতির প্রকাশক। সাদা ক্যানভাসে তেজদীপ্ত মানুষের কসরত ভঙ্গিরত অঙ্গপ্রত্যঙ্গের ধেয়ে চলা, কখনো মাটির টানে ন্যুব্জ, কখনো বা তির্যক গতিতে ধাবমান, কখনো রঙিন মেঘের মতো সাদা ক্যানভাসে ভেসে বেড়ানো অস্তিত্ব অনুভব করা যায়। অনুভব করা যায় বাতাসভেদী ধেয়ে চলার শব্দ। মেঘের ঘূর্ণিপাকের মতো মানুষের গতিশীল শরীর, অবয়ব, অঙ্গপ্রত্যঙ্গ বাতাসে মিলিয়ে যায়। চেনা রূপের মধ্যে তৈরি হয় অচেনা রূপ। লাল রঙের টানটোন যেন পেশি-মধ্যস্থ রক্তের নাচন। ফ্লাট ব্রাশের আঁচড়ে মোটা-চিকন রেখা পাটের আঁশের মতো বিন্যস্ত থাকলেও কোথাও মোটা লাইনের ব্যবহার নেই। অর্ধবিমূর্ত ধারায় শুধুই অভিব্যক্তর মাধ্যমে বক্তব্যকে প্রাসঙ্গিক করেছেন। আশ্চর্য হলো, ক্যানভাসে ছেড়ে দেওয়া অল্প শূন্য স্পেসে গতিকে দেখাতে পেরেছেন তিনি।
‘আনন্দ’, ‘পরমানন্দ’, ‘উল্লাস’, ‘স্বাধীনতা’, ‘বিদ্রোহী’, ‘আবেগ’, ‘শ্রদ্ধা’, ‘প্রার্থনা’, ‘বিজয়’, ‘আহত’, ‘রণনাদ’ প্রভৃতি শিরোনামের বাইরে এই প্রদর্শনীর ‘নায়িকা’ সিরিজের কাজে নতুনত্ব আছে। এখানে বাস্তববাদী ছবির মতো নারীর শরীর প্রত্যক্ষ করা যায়। এই নারী চরিত্র কখনো প্রণয়ী, কখনো নির্যাতিতা, কখনো বীরাঙ্গনা—দৃষ্টিভেদে যেকোনো পাঠ নিতে পারেন দর্শক। শিল্পীর বক্তব্যও তাই। ফিগারকে ভেঙেচুরে তিনি গড়েছেন নতুন আদলে,Ñযা চেনা-অচেনায় দোদুল্যমান। এ জন্যই হয়তো রবীন্দ্রনাথ, গান্ধী ও বঙ্গবন্ধুর শুধু প্রতিকৃতি নয়, তাঁদের সামগ্রিক ব্যক্তিসত্তা উপস্থাপিত হয়েছে শাহাবুদ্দিনের কাজে। প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।