
আমার বাবাকে গরমি বিমারে ধরেছে।
বিমার মানে অসুখ। বিমারিস্থান মানে হাসপাতাল। আমার মা এ রকম পুরোনো শব্দগুলো ব্যবহার করে। মা শিখেছে মায়ের নানুর কাছ থেকে। মায়ের নানু আমার যেন কী হয়? ও হ্যাঁ, আমার খালামণি।
আমি যদি জিজ্ঞেস করি, ‘মা, আমার চিরুনিটা কোথায় রেখেছ?’ মা বিদ্রূপ করে বলে, ‘আমার জেবে দ্যাখ।’ জেব মানে পকেট। যদিও মায়ের শাড়িতে কোনো পকেট নেই। বাবার কোর্তায় আছে। শার্টকে মা বলে কোর্তা।
বাবা মাঝেমধ্যে পান খায়। মা বলে, ‘তোমার বাবার জন্য একটা চিলমচি দরকার। ও শুধু রসুইঘরের বেসিন নোংরা করে।’ আমি জানতে চাই, ‘চিলমচি কী জিনিস?’ মা বলে, ‘পানের পিক ফেলার পাত্র।’ রসুইঘরের অর্থ আমি জানি। রান্নাঘর। এবার মাকে আমি বিদ্রূপ করে জিজ্ঞেস করি, ‘মা, বেসিনের কোনো পুরোনো প্রতিশব্দ নেই?’ মা আগ্রহের সঙ্গে বলে, ‘আছে তো। পিপা বললে তো তোমরা আবার বুঝবে না।’
আমি যখন ভাত খেতে দেরি করি, মা চেঁচিয়ে বলে, ‘খরুল্লা করছ কেন?’ খরুল্লা মানে নাকি গড়িমসি।
বাবার হাঁচিরোগ আছে। বাবা হাঁচি দিতে শুরু করলে মা বলে, ‘হাতে ডুমা রাখতে পারো না?’ আমি বলি, ‘ডুমা আবার কী?’ বাবা বলে, ‘তোমার মাকে জিজ্ঞেস করো।’ মা বলে, ‘কতবার বলেছি—ডুমা মানে রুমাল।’
মায়ের এসব কঠিন, পুরোনো শব্দ নিয়ে আমি আর বাবা বেশ ঝামেলায় আছি। বাবা তবু কিছু বোঝে, আমি অনেকটাই বুঝতে পারি না। মা আবার ঝামেলাকে বলে পেরেশানি। এসব পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান কিনে আনল। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধানও কিনল। মায়ের ব্যবহৃত সব শব্দের অর্থই এ দুটো অভিধানে পাওয়া যায়। কিন্তু খরুল্লা শব্দটা খঁুজে পাওয়া গেল না। মা বলে, ‘খরুল্লা শুধু আমার আর আমার নানুর অভিধানেই আছে।’
যা-ই হোক। যেটা বলছিলাম। আমার বাবাকে গরমি বিমারে ধরেছে। বাবা সারাক্ষণ শুধু গ্রীষ্ম গ্রীষ্ম করে। কোনো প্রশ্ন করলেই বলে, ‘গ্রীষ্ম আসুক।’ আবার এটাও শিখিয়ে দেন—গ্রীষ্ম মানে “গ্রীশ্শো” , “গ্রীশ্মো” নয় কিন্তু।
আমি বললাম, ‘বাবা, আমাকে সাইকেল কিনে দাও।’ বাবা বলল, ‘গ্রীষ্ম আসুক।’ আমি বললাম, ‘বাবা, দাদুবাড়িতে বেড়াতে যাব।’ বাবা বলল, ‘গ্রীষ্ম আসুক।’ আরে, এসবের সঙ্গে গ্রীষ্মের সম্পর্ক কী? গ্রীষ্মে কি সাইকেল কম দামে পাওয়া যায়? কিংবা বেড়ানোর জন্য গ্রীষ্ম কি বেশি সুবিধাজনক? তবু আমি গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে পারি, সমস্যা নেই। কিন্তু সমস্যা হয়ে গেল তখন, মা যখন বলল, ‘ডিপ ফ্রিজটা এবার কিনে ফেল।’ বাবা বলল, ‘গ্রীষ্ম আসুক।’ মা তেলেবেগুনে জ্বলে উঠে বলল, ‘গত কোরবানির ঈদে ডিপ ফ্রিজ কেনার কথা ছিল। আর এখন বলছ গ্রীষ্ম আসুক।...খ্যাতা পুড়ি।’ আমি মনে করার চেষ্টা করলাম, খ্যাতা পুড়ি মানে কী?
মায়ের জ্বলে ওঠা দেখে বাবা কাবিল মামাকে খবর দিল। কাবিল মামার নাম মোস্তাকুর রহমান। মা তার নাম দিয়েছে কাবিল। কাবিল মানে সব কাজে যোগ্য। চালাক-চতুর।
কাবিল মামা এসেই বাবার পক্ষ নিয়ে আমাকে আর মাকে বোঝাতে বসে গেল। বলল, ‘গরমকাল মানে গ্রীষ্ম হচ্ছে বাংলাদেশের প্রথম ঋতু। এ ঋতুতে হিসাব-নিকাশ নতুন করে শুরু করতে হয়। দেখো না, ব্যবসায়ীরা নতুন করে হিসাবের খাতা খোলে? এটাকে বলে হালখাতা। নতুন কেনাকাটা মানে নতুন হিসাব। সুতরাং কেনাকাটার জন্য গ্রীষ্মকালই ভালো। তা ছাড়া গ্রীষ্মকালে বিভিন্ন পণ্যে ছাড় পাওয়া যায়। গ্রীষ্মকালীন ছাড়। কম দামে জিনিস কেনার মজাই আলাদা। নাকি বুজান?’ বুজান মানে বুবুজান। আপা।
মা হ্যাঁ-সূচক মাথা নাড়তে থাকল। আমি বললাম, ‘কিন্তু দাদুবাড়িতে গ্রীষ্মকালে যেতে হবে কেন? তখন তো খুব গরম।’
কাবিল মামা বলল, ‘দূর বোকা। দাদুবাড়িতে তো গরমকালেই যেতে হয়। ধুমধাম করে আম-কাঁঠাল, জাম-জামরুল খাওয়া যায়। আর তোর দাদুদের গ্রামে এ সময় হস্তশিল্প মেলা বসে। মেলায় যাওয়ার আনন্দই আলাদা।’
আমি হাততালি দিয়ে বললাম, ‘মেলায় যাব। কী মজা।’ কাবিল মামা আমার হাততালি শেষ করতে দিল না। বলল, ‘হস্তশিল্প মেলা থেকে বিচিত্র সব জিনিস কিনতে পারবি। এই যেমন ধর ব্যজন, শিকা, খড়ম, সরা, ডালা, কুলা এসব। চিনিস তো সব? ব্যজন মানে হাতপাখা।’
আমি বললাম, ‘চিনি।’
মা মামাকে বলল, ‘তুই সত্যিই একটা কাবিল।’
এরই মধ্যে বাবা হাঁইচ্চো করে একটা হাঁচি দিয়ে বলল, ‘আমার ডুমাটা কোথায়?’
মা বলল, ‘আমার জেবে দেখো।’