গরিবের প্রাইভেট পড়ার স্কুল
প্রায় ২০০ শিক্ষার্থী একটি বিশাল টিনের ঘরের মেঝেতে বই নিয়ে বসে আছে। ঘরের ভেতর দেশি-বিদেশি কয়েকজন শিক্ষার্থী গ্রামের এসব শিক্ষার্থীকে শিক্ষার নানা কৌশল বলে যাচ্ছেন। না দেখলে বিশ্বাসই করা যাবে না যে হাজার হাজার মাইল দূর থেকে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৯ জন শিক্ষার্থী বাংলাদেশের একটি গ্রামের শিক্ষার্থীদের আলোকিত করতে এসেছেন। আর গ্রামের এসব শিশুকে আলোকিত করার জন্য যিনি পথ দেখিয়েছেন, তিনি ওই গ্রামেরই সন্তান ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ। গ্রামের গরিব ছেলেমেয়েকে শিক্ষিত করার জন্য বিনা মূল্যে এই কাজ করে যাচ্ছেন তিনি।বগুড়ার ধুনট উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম গোপালপুর খাদুলী। বগুড়া থেকে ধুনট হয়ে ৬০ কিলোমিটার দূরের চান্দাইকোনা গ্রামে বগুড়া বাজার থেকেই যাওয়া যায়। এখান থেকে ১২ কিলোমিটার পেরোলে গোপালপুর খাদুলী গ্রাম। আর দশটি গ্রামের মতোই এই গ্রাম। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি। এই গ্রামে অনেক ছেলেমেয়ে রয়েছে, যারা গরিব। স্কুলের পড়াশোনার পর প্রাইভেট পড়বে, এমন অবস্থা নেই। সেখানে এখনো পৌঁছেনি বিদ্যুতের আলো, যে কারণে রাতে অনেক শিক্ষার্থী পড়তে পারে না। ২০০৯ সালে গ্রামের তিনজন যুবককে শিক্ষক হিসেবে বেছে নিয়ে শুরু করেন নতুন ধরনের এক স্কুলের, যেখানে দরিদ্র বাবা-মায়ের ছেলেমেয়েরা এসে বিনা বেতনে প্রাইভেট পড়ার সুযোগ পাবে। প্রথমে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ১৫-১৬ জন শিক্ষার্থীকে বেছে নিয়ে তাদের শিক্ষা দেওয়া শুরু হয়। এ সময় শিক্ষকের নামমাত্র সম্মানী দিতেন ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু কিছুদিন পড়ার পর দেখা গেল ছেলেমেয়েরা আর পড়তে চাচ্ছে না। কারণ, তারা বাংলাই ঠিকমতো পড়তে পারে না; সেখানে অঙ্ক, বিজ্ঞান ও সমাজ কীভাবে শিখবে? ফলে সাময়িকভাবে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়।ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘এ অবস্থায় সিদ্ধান্ত নিলাম, প্রথমে অক্ষরজ্ঞানের ব্যবস্থা করতে হবে। দীর্ঘ সময় নিয়ে পড়লে হয়তো ভালো করবে। আবার তিনজন শিক্ষক নিয়ে শুরু হলো পড়ানোর কাজ। এক আত্মীয়ের বাড়িতে পড়ার আয়োজন করা হলো। এ সময়ে এই উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নামকরণ করা হলো “ফ্রেন্ডস ফাউন্ডেশন কমিউনিটি স্কুল”। প্রতিদিন সকাল সাতটা থেকে সাড়ে নয়টা এবং বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত প্রাইভেট পড়ানো চলল। ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে শুরু করল।’এরপর রাতেও পড়ার ব্যবস্থা করা হলো, এতে বিপুল সাড়া পাওয়া গেল। কারণ, বেশির ভাগ শিক্ষার্থীর বাড়িতে আলোর ব্যবস্থা নেই, অন্যটি দারিদ্র্য। আলো না থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না এদের। তাই রাতে পড়ার ব্যবস্থায় ভালো সাড়া পাওয়া গেল। প্রথম দিকে লেখাপড়া চলত হারিকেনের আলোয়। শিক্ষার্থীর সংখ্যা বাড়ায় একজন শুভাকাঙ্ক্ষী পাঁচটি বেঞ্চ তৈরি করে দিলেন। পরে আরও ১০টি বেঞ্চ তৈরি করা হলো। শিক্ষার্থীর সংখ্যা ১০০ জনে ছাড়িয়ে যাওয়ার পর জেনারেটরের ব্যবস্থা করা হলো। দেখা গেল এরপর শিক্ষার্থীর সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। গত বছরের (২০১০) এপ্রিল মাসে জেনারেটর বিকল হয়ে গেলে শিক্ষার্থীরা উৎসাহ হারিয়ে ফেলে। এই পর্যায়ে সাহায্যের হাত বাড়ান ডা. ইব্রাহিম খলিলুল্লাহর এক সহকর্মী ডা. সোহানা। শিক্ষার্থীদের পড়ার জন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা করে দেন তিনি। অনেক সীমাবদ্ধতা অতিক্রম করে এখন ১১ জন শিক্ষক প্রায় ৩০০ শিক্ষার্থীকে প্রতিদিন প্রাইভেট পড়াচ্ছেন এই ব্যতিক্রমী স্কুলে। এখন স্কুলের নিজস্ব জায়গা হয়েছে, জমি পত্তন (ভাড়া) নিয়ে। অনেক ছেলেমেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে, সেটা ঠেকানোর জন্য চালু করা হয়েছে আবাসিক পড়াশোনার। অর্থাৎ রাতে এখানে থাকবে ও পড়াশোনা করবে। আবাসিক ছাত্রের সংখ্যা ৫০ জন। ছেলেমেয়েদের যাতে পড়াশোনায় মনোযোগ থাকে, সে জন্য মায়েদের আনা হয়। তাঁদের সচেতন করার জন্য সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে তাঁদের হাতে বিনা সুদে সেলাই মেশিন দেওয়া হয়েছে।ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘আমার গ্রামের এই দরিদ্র ছেলেমেয়ের কথা ইন্টারনেটে ছড়িয়ে দিই। তখন কমিউনিটি অ্যাকশন (সিএ) নামের একটি বেসরকারি সংস্থা এগিয়ে আসে। কমিউনিকেশন অ্যাকশন ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের কাছে এদের কথা তুলে ধরি। তাদের কয়েকজন প্রতিনিধি এসে এসব স্কুলের অবস্থা দেখে যান। সে সময় তাঁরা খাতা, রং-পেনসিল, গল্পের বইসহ বিভিন্ন উপহার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। আর এবার শিক্ষার মান আরও উন্নত করতে কী করা যায়, সে জন্য সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি থেকে ১৯ জন শিক্ষার্থী এই অজপাড়াগাঁয়ে এসেছেন।’৯ মে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, উৎসবের আমেজ। সিঙ্গাপুর থেকে ১১ জন ছাত্রী ও আটজন ছাত্র বিদ্যুৎবিহীন এই গ্রামে পড়ে রয়েছেন ১৪ দিন ধরে। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, জাপান ও ইন্দোনেশিয়ার সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নিজেদের সংগ্রহ করা চ্যারিটি ফান্ড এবং স্বেচ্ছাশ্রমে এই কাজ করতে এসেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন সিঙ্গাপুরপ্রবাসী তিনজন বাংলাদেশি। এ ছাড়া দোভাষী হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ১১ জন শিক্ষার্থী। সিঙ্গাপুর ইউনিভার্সিটির এসব শিক্ষার্থী গ্রামের ছাত্রদের শুধু শিক্ষা নয়, এই প্রতিষ্ঠানের স্থায়ী ঘর নির্মাণের জন্য নিজেরাই কাজ করছেন। কেউ ইট, কেউ বালু আবার কেউ অন্য কাজ করে সহযোগিতা করছেন।সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশি ছাত্র ও এই দলের দলনেতা এনাম আহমেদ নাইম চৌধুরী বলেন, ‘এখানে এসে দরিদ্র ছেলেমেয়েদের লেখাপড়ার মানোন্নয়নে কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। ১৪ দিন ধরে এদের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে।’তথ্যপ্রযুক্তির সঙ্গে যাতে পরিচয় ঘটে তাই সিঙ্গাপুরের এই স্বেচ্ছাসেবী দলটি তিনটি ল্যাপটপ দিচ্ছে স্কুলকে, তৈরি করে দিচ্ছে একটি লাইব্রেরিও। গত এক বছরের ফলাফলে দেখা গেছে, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ২০০৯ সালে যে ফলাফল করেছে, ২০১০ সালে এর দ্বিগুণ ভালো ফল করেছে। ২০১০ সালে এখানে পড়ত এমন ১২ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষা দিয়ে সবাই প্রথম বিভাগে পাস করেছে।খাদুলী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নাজমুল হক বলে, ‘এক বছর আগে থেকে এখানে প্রাইভেট পড়ছি। আগে বাড়িতে পড়া হতো না। রাতে বাতি না থাকায় ঘুমিয়ে যেতাম। এখানে এখন আমি রাত জেগে পড়ি। এবার বার্ষিক পরীক্ষায় আমি এ গ্রেড পেয়েছি।’ খাদুলী এম এইচ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম বলে, ‘দুই মাস হলো এখানে পড়ে অনেক উপকার হয়েছে। রাতে এখানে এসে পড়ি।’ এখন আশায় বুক বেধে আছে এই গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকেরা তাদের সন্তানেরা ভালো ফলাফল করে মুখ উজ্জ্বল করবে এই স্কুলের ও যার অনন্য উদ্যোগে তৈরি হয়েছে এই স্কুল সেই র্কীতিমান ব্যাক্ত্বিতের।