
পাঠক, এই প্রদর্শনীর শিল্পীরা আমাদের খুব পরিচিত। প্রায়ই সংবাদপত্রের পাতায় আমরা তাঁদের কাজ দেখি। এঁদের আমরা চিনি তাঁদের কার্টুন আর ছবি আঁকার ধরন দেখে। ‘ভেরি গ্রাফিক—দ্য আর্ট অব স্টোরি টেলিং ইন গ্রাফিক ডিটেল’ শিরোনামের এই প্রদর্শনীর ১৫ জন শিল্পীর মধ্যে দুজন লন্ডনের এবং অন্য ১৩ জন বাংলাদেশের শিল্পকলা ও প্রকাশনা জগতে খ্যাতিমান। গল্পের সঙ্গে ছবি আঁকার রেওয়াজ বহুল প্রচলিত। এ প্রদর্শনীর শিল্পকর্মে আমরা সেই গল্পের আবহ পাই, গল্প বলতে দেখি প্রতিটি শিল্পকর্মে। এ প্রদর্শনীতে ব্যঙ্গ ও তামাশার মাধ্যমে সমসাময়িক জনজীবনঘনিষ্ঠ বিষয়কে প্রকাশ করেছেন এ শিল্পীরা। কেমন তার রূপ? পাঠক, আপনাকে একটি ধারণা-রেখা দেওয়ার জন্য মোটাদাগে বলে যাই:
প্রদর্শনীতে স্থান পাওয়া রফিকুন নবীর ১৯৮১ ও ১৯৮৩ সালে আঁকা ‘টোকাই’ ছবিতে তিন ধরনের সমাজবাস্তবতাকে তুলে এনেছেন শিল্পী। রনবী এই সিরিজের নাম দিয়েছেন ‘টোকাই’। টোকাইয়ের মাধ্যমে সমাজে চলতে থাকা ঘটনাপ্রবাহকে গল্পের মাধ্যমে ব্যঙ্গরূপ দিয়েছেন তিনি।
প্রদর্শনীর আরও তিনটি কার্টুন শিশির ভট্টাচার্য্যের আঁকা। শিশির বাংলাদেশের সংবাদপত্রের পাতায় ছাপা ব্যঙ্গচিত্রের ব্যতিক্রমী রূপকার। বাংলা দৈনিকের পাতায় আলোকচিত্রের সরাসরি ব্যবহারের বদলে একটি চলমান ঘটনাপ্রবাহকে ব্যঙ্গ করে শিশির অনাচারের শরীরে তীব্র আঘাত করেন। তাঁর প্রদর্শিত কার্টুনে রয়েছে সেই ছাপ। বিশেষত তাঁর ‘দ্য ইলেকশান কম্পিটিশান’ কাজটি আমাদের চলতি সময়ের রাজনীতিকে স্পষ্ট করে দেখায়।
আবার সৈয়দ রাশেদ ইমাম তন্ময়ের আঁকা কার্টুনে নাগরিক জীবনের বিপত্তি ও অস্থিরতা উঠে এসেছে চমৎকারভাবে। ঈদ উৎসবের শুরুতে নগরের রাস্তায় গাড়ি, পথচারী, দোকানির বিরক্তি আর হতাশা স্পষ্ট করে দেন তিনি। তাঁর ছবিতে পটচিত্রের প্রভাব স্পষ্ট। ছবির বিষয়ে কোনো পরিপ্রেক্ষিত ছাড়াই ছবিটি উপস্থাপন করেন তিনি। আরেকটি বলার কথা হলো, এ শিল্পী পটচিত্রের আদলে গ্রাফিক স্টোরি স্ক্রল উপস্থাপন করেছেন। পাশ্চাত্য কমিক আর্টের ধরনে যুক্ত করেছেন পটচিত্রের ফর্ম। রাশেদের এ উপস্থাপনায় লোকচিত্রের প্রতি আকুতি বোঝা যায়।
এদিকে ফরিদুর রহমান রাজীব তাঁর ব্যঙ্গচিত্রে সমসাময়িক ঘটনাকে তুলে আনেন পুরোনো সিনেমার আবহে। ধনী-গরিবের ব্যবধান আর নগরে প্রাত্যহিক বিষয় হয়ে উঠেছে তাঁর কার্টুনের বিষয়। তাছাড়া, আসিফুর রহমান দিনযাপন নিয়ে এঁকেছেন সাদাকালো কার্টুন। জিসান খান ‘প্রতিরক্ষী’ শিরোনামের পোস্টার প্রদর্শন করেছেন।
অন্যদিকে, দুই বিদেশি শিল্পীর মধ্যে ক্যারি ফ্রান্সম্যান গ্রাফিকস নভেলিস্ট। পাশাপাশি তাঁর আঁকা ছবিকে তিনি কমিকসে রূপান্তর করেন। এ প্রদর্শনীতে ‘দ্য মার্কেট’ ও ‘অ্যান্ড দ্য আর্টিস্ট’ শিরোনামের সিরিজ কার্টুন রেখেছেন তিনি।
এ ছাড়া অপর শিল্পী স্টিভেন হারিস কাজ করেন কাগজে পেনসিল মাধ্যমে। মজার ব্যাপার হলো, কোনো প্রযুক্তিনির্ভরতা ছাড়াই ছোট ছোট অংশে ভাগ করে ব্যক্তিগত বা পরিবেশ নিয়ে কার্টুন বা ব্যঙ্গচিত্র আঁকেন হারিস। রং ব্যবহারে তাই অত্যন্ত সাবধানী দেখা যায় তাঁকে। তাঁর কাজের একটি বৈশিষ্ট্য এমন, কার্টুনে নির্দিষ্ট অংশে রং প্রয়োগ করেন তিনি। ফলে কার্টুনগুলোও ভিন্ন মাত্রা পায়।
এ প্রদর্শনীর ১৫ জন শিল্পীর আঁকা কার্টুনচিত্র ও অলংকরণে দর্শক নতুন এক দিগন্ত খুঁজে পাবেন। ১৬ নভেম্বর বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে ৭ ডিসেম্বর।