গল্পে গল্পে ভ্রমণের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বিশ্বজোড়া অনন্ত অঙ্গনে
ফারুক মঈনউদ্দীন
প্রচ্ছদ: মাসুক হেলাল, প্রকাশক: অন্যপ্রকাশ, ঢাকা, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৭, ১৯০ পৃষ্ঠা
দাম: ৩৮০ টাকা।

‘যখনই তুমি ঘুরতে যাবে, তোমার হৃদয় নিয়ে যাবে।’ কথাটা জগদ্বিখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াসের। আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও যাচ্ছি। প্রতিটি যাত্রাই একধরনের ভ্রমণ। আর ভ্রমণে যেতে হয় আনন্দ নিয়ে। ফারুক মঈনউদ্দীনের বিশ্বজোড়া অনন্ত অঙ্গনে নামের ভ্রমণকাহিনিটিও যেন কনফুসিয়াসের সেই ‘হৃদয়’ দিয়েই দেখা।
বইয়ে তিনি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্র, তুরস্ক, নেদারল্যান্ড, মঙ্গোলিয়া ও ভারতের মোট ১৫টি স্থানের ভ্রমণ অভিজ্ঞতা। তবে সাধারণত ভ্রমণকাহিনি যেমনভাবে লেখা হয়, এই বইটি তেমন নয়। কেবল তারিখ উল্লেখপূর্বক স্থানিক বর্ণনার বাইরে গিয়ে লেখক মূলত বৈচিত্র্যময় কিছু গল্প বলেছেন এখানে, যা পাঠককে স্থানিক বর্ণনার পাশাপাশি দেয় পাঠের আনন্দও। একসঙ্গে এসে জড়ো হয় ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতিসহ নানা বিষয়। যেমন চায়না টাউন নিয়ে বলতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমেরিকার প্রায় সব বড় নগরে চায়না টাউন আছে, তার মধ্য নিউইয়র্কেরটাই সবচেয়ে বড়। আঠারো শতকের মাঝামাঝি চীনা নাবিক এবং বণিকেরা প্রথমে এই জনপদের পত্তন করে। পৃথিবীর দেশে দেশে চীনা পল্লিগুলোর গড়ে ওঠার পেছনে রয়েছে জাতিগত বিভেদ আর নিপীড়নের ইতিহাস। ভিনদেশি বৈরী পরিবেশে অভিবাসীদের মধ্যে নিরাপত্তাবোধ আর একাত্মতা গড়ে তোলাও ছিল স্বতন্ত্র ও নির্দিষ্ট একটা জনপদ সৃষ্টির পেছনের প্রণোদনা।’ এখানে লেখক কেবল চায়না টাউনের বর্ণনা দেননি, বরং সেখানে কী কী দেখেছেন, সেসবের চেয়ে চায়না টাউনের ইতিহাস ও রাজনীতির স্বরূপও তুলে ধরার প্রতিই তাঁর চেষ্টা ছিল বেশি। এতে কিন্তু তাঁর ভ্রমণ অভিজ্ঞতার চিত্র একটুও ক্ষুণ্ন হয়নি, বিপরীতে সেগুলো পাঠকের কাছে আরও বেশি মনোগ্রাহী হয়েই ধরা দিয়েছে বলে মনে হয়।
বইয়ে ভ্রমণের যে বয়ান লেখক দিয়েছেন তা গতানুগতিক ধারার চেয়ে আলাদা। তিনি গল্পাকারে বর্ণনা করেছেন তাঁর অভিজ্ঞতা। এক জায়গায় লেখক বর্ণনা করেন এভাবে, ‘হাঁটতে হাঁটতে রাইট ভ্রাতৃদ্বয়ের বাইসাইকেল শপ দেখা হলো, যেখান থেকে প্রথম আকাশে ওড়ার স্বপ্নে দেখেছিলেন তাঁরা। তার সঙ্গেই আছে সেই আকাশযানটি, যেটা নিয়ে তাঁরা প্রথম আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন। জানি না এটি সেই আদি আকাশযানটি কি না, নাকি কিছুটা মেরামত করা হয়েছে। তবে ১৮৭১ সালে ওহাইওতে তৈরি যে বাড়িটিতে থাকত রাইট পরিবার সেটিকেই এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে।’ ফারুক মঈনউদ্দীন কিন্তু এখানে কেবল বাইসাইকেল শপ দেখার অভিজ্ঞতাটুকু বলে গেলেও পারতেন। তবে তিনি তা করেননি। কিছুটা কাব্য, কিছুটা ইতিহাস এবং কিছুটা কল্পনা মিশিয়ে একটা গল্প বলার চেষ্টা করেছেন তিনি, যা এই বইয়ের পাঠকে অনেক বেশি আনন্দময় করে তোলে। লেখকের এমন গল্পভঙ্গি ছড়িয়ে আছে বইজুড়েই।
পুরো বইয়ে মনোগ্রাহী গল্পের বর্ণনায় লেখক তুলে এনেছেন আমেরিকার ওয়েশিংটন ডিসি থেকে নিস্তরঙ্গ হোয়াইট হাউস, আবার কখনো বৃষ্টিভেজা গ্র্যান্ড ক্যানিয়ন থেকে তিনি ছুটে যাচ্ছেন বসফোরাসের ভাসমান সন্ধ্যার বেলি ড্যান্স উদ্যাপনে। মঙ্গোলিয়ার উলানবাতারে গল্পের আড়ালে জানিয়ে দিচ্ছেন তাদের ইতিহাস, সংস্কৃতি ঐতিহ্য এবং একজন নিঃসঙ্গ চেঙ্গিস খানের গল্প। এরপর আবার ফিরে আসছেন নিজ মহাদেশের মুম্বাইয়ের ইলোরায়। সেখান থেকে আনা ফ্রাঙ্ক, ভ্যান ঘগ এবং রেমব্রান্টের টানে চলে যাচ্ছেন সাইকেল নগরী আমস্টারডামে।
শেষ পর্যন্ত কেবল ভ্রমণকাহিনিতেই সীমাবদ্ধ থাকেনি এই বই। আবারও বলি, ফারুক মঈনউদ্দীনের প্রজ্ঞাময় বয়ানে এটি একই সঙ্গে ইতিহাস, শিল্প, রাজনীতিসহ নানা বৈচিত্র্যময় বিষয়কে গল্পের আকারে আমাদের সামনে হাজির করেছে।