গল্পের বাস্তবতা ও কল্পনার বাস্তব

স্বাধীনতা-উত্তর মানুষের আশাভঙ্গ, সামরিক অভ্যুত্থান, শাসকদের উপর্যুপরি ব্যর্থতা আর সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান নিশ্চিতই ইমতিয়ার শামীমের লেখক সত্তায় আঘাত হেনেছে। কেননা তাঁর চৈতন্যে প্রবলভাবে গেঁথে আছে সেই অবরুদ্ধ সময়ের দাহ। খুবই নিচু স্বরে সেই টালমাটাল সময়কে তাই হাজির দেখি ইমতিয়ার শামীমের কথাসাহিত্যের নতুন বোধ, শিকড় খোঁড়া অনুসন্ধান আর অতলস্পর্শী চিন্তার আলোজ্বলা গদ্যে।
তাঁর এক গল্পের সঙ্গে অন্য গল্পের মিল আছে কি নেই তবু তার বলার মধ্যেই তাঁর গল্পের অভিজ্ঞতা বদলে যায়। একটা গল্প শেষ করে তাই নির্দ্বিধায় ঢুকে পড়া যায় অন্য গল্পে কিংবা একই গল্পের ভেতরে চালান দেওয়া আর এক গল্পে। আমাদের চেনা-জানা বাস্তবতার পথ ধরেই তিনি তাঁর গল্পের বাস্তবতা তৈরি করলেও সেই বাস্তবতার মধ্যে অবলীলায় মেলে ধরেন তাঁর কল্পনার বাস্তব। তখন এ শুধু কোনো এক গ্রামের গল্প থাকে না আর, তাঁর দেখার চোখ এবং গাঢ় বয়ানের নিজস্বতার মধ্যেই জেগে থাকে আটষট্টি হাজার গ্রাম অথবা বাংলাদেশ।
খুব কাছ থেকে দেখা সমাজের নানা দ্বন্দ্ব, জীবনের জটিল মনস্তত্ত্ব, অপরিতৃপ্তি অসাধারণ শিল্প নৈপুণ্যে উপস্থিত করেন ইমতিয়ার তাঁর রচনায়, তা যেমন নান্দনিক তেমনি যথাযথ আর মতাদর্শিক। চেনা-জানার বাইরে অচেনা কোনো জীবনের সন্ধানেও নিবিষ্ট হতে চান তিনি।
জীবনের নতুন নতুন টানাপোড়েন, জল-কাদা, দারিদ্র্য-দহন, প্রেম-কাম, রাজনীতি-অর্থনীতি, ক্ষুধার আগুনে দগ্ধ গ্রাম ও মিথ কীভাবে সময়কে জড়িয়ে থাকে, লেখক গল্প বলতে গিয়ে তার তদন্ত করেন কিংবা গল্প কথনেই তদন্ত সত্য হয়ে ওঠে। আর এই সত্যই ধরা পরেছে ইমতিয়ার শামীমের অন্যান্য রচনার মতো আলোচ্য শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে গল্প সংকলনের গল্পগুলোতে, বিশেষ করে অসামান্য একটি গল্প ‘মঙ্গামনস্ক শরীরীমুদ্রা’য়।
রায়েকবন্দর গ্রামের ছেলে রফিকের প্রেমিকা রাশেদার বিয়ে হয়ে গেলে রফিক তার পরদাদার বানানো কোঠাঘরের খিল তুলে আমৃত্যু সেখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। ঘাড়ে মইষা দাদ নিয়ে ‘জমির আলী সরকার পর্যন্ত কী করে যেন এ খবর পেয়ে যায় এবং এখানে এসে দাঁড়িয়ে স্বগতোক্তি করতে থাকে, এই জইন্যে ব্যাটাছাওয়া ঠিক সোময়ে বিয়া দ্যাওন লাগে। ঠিক সোময়ে বিয়া হইলে আর পাগল হইত না।...রফিকের ভাবী এ রকম কোনো এক মাহেন্দ্রক্ষণের জন্যই এতদিন অপেক্ষা করছিল, সে এবার প্রাণ খুলে তার শ্বাশুড়ির সঙ্গে গলা মিলিয়ে কাঁদে আর বলতে থাকে, মুই ম্যালা আগেই কইছিলাম, মোর বড় ভাবীর খালাতো বইনের কতা...।’ কিন্তু রফিক কিছুতেই দরজা খোলে না। ‘শেষমেষ ঠিক হয়, সবাই মিলে ঢেকি দিয়ে ধাক্কা দিয়ে দরোজাটা ভেঙে ফেলবে।...তখনই ভেতর থেকে রফিক খুব স্পষ্টস্বরে বলে, দরোজা ভাইঙ্গে কোনো লাভ হবার নয়, মু ঘরত থন বারাবার নয়। এ ঘরত মোর মিত্যু হবে।’
কিন্তু ২৩ পৃষ্ঠার গল্পটি মাঝপথে গিয়ে আর শোকগ্রস্ত এক গ্রাম্য যুবকের প্রেম কাতরতার উপাখ্যান হয়ে থাকে না।
মঙ্গায় আক্রান্ত ওই জনপদ নিশ্চিহ্ন প্রায়। বাড়িতে আর কোনো মানুষের কোলাহল টের পায় না রফিক। তার বদ্ধ দরজার সামনে থালাভরা খাবার রাখেনি কেউ কত দিন কে জানে। ‘কিন্তু সে অপলক প্রায়ান্ধকারের দিকে তাকিয়ে থাকে আগের মতোই। সে বুঝতে পারে না, কত দিন কত যুগ এইভাবে তাকিয়ে থাকে; কিন্তু অনেক শব্দে আশপাশ কাঁপিয়ে সামরিক বাহিনীর লোকজন মধ্যের কোঠার দরোজা সরিয়ে টর্চ মারলে সে তার দুহাত দিয়ে চোখ ঢাকে, যদিও কোনও কিছুই বলতে পারে না। আর্মির দল তাকে পাজা কোলে করে ঘরের মধ্যে থেকে বাইরে বের করে নিয়ে এলে সে অনেক দিন পর অনুভব করে এই বাড়িতে এখন কোনো লোক থাকে না। বোধ হয় এ বাড়ির সবাই মারা গেছে, কিংবা অন্য কোথাও চলে গেছে।’
সৃজনশীল শাখা

শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে
ইমতিয়ার শামীম
প্রচ্ছদ: তৌহিন হাসান
প্রকাশক: কথা প্রকাশ, ঢাকা
ফেব্রুয়ারি ২০১৫
১৩৬ পৃষ্ঠা
দাম: ২০০ টাকা।
সামরিক শাসনের কালে মঙ্গা এলাকা নিয়ন্ত্রণে নিয়ে শান্তি স্থাপন করতে আসা সামরিক জান্তার দল যেদিন পলায়নপর জমির আলীকে খুঁজতে খুঁজতে গিয়ে রফিককে ওই ঘর থেকে বের করে আনে তখন ‘রফিকের অনেক দিন পর এ-ও মনে হয়, জঙ্গল থেকে রাশেদা বের হয়ে যাচ্ছে, যাওয়ার আগে তার দিকে তাকিয়ে বলছে, বাড়িত যাম, বড় ভুগ লাইগছে...।’
গ্রামীণ জীবনের বিচিত্র সব চরিত্রের বর্ণনায়, উপলব্ধিতে, দেখার ভঙ্গিমার মধ্যে আমরা লেখকের সূক্ষ্ম রসবোধেরও সন্ধান পাই। ‘মন তুমি কৃষিকাজ’ গল্পের একটা উদাহরণ দিই তাহলে: ‘সোবহান ভূঁইয়া আফতাবের ড্রেসটার দিকে আবারও ভালো করে চায় এবং একা একাই অনুতপ্ত হয় এই ড্রেস সে এতক্ষণ খেয়াল করেনি ভেবে। মুগ্ধ চোখে সেই ড্রেস দেখতে দেখতে সে চিন্তা করে, এ তো রীতিমতো পুলিশ-আর্মির পোশাক, আজকাল আবার যে একটা নতুন পুলিশের দল নেমেছে, যাদের টুপি থেকে শুরু করে জুতাবুট পর্যন্ত সবকিছুই কালো, আর যেকোনো লোককে যেকোনো সময় ধরে নিয়ে যায় আর গুলি করে মেরে পরে আবার বলে যে পালানোর সময় গুলি খেয়ে মারা গেছে, ঠিক সেই সব পুলিশের মতো কালো ড্রেস, এমনকি বেল্টটা পর্যন্ত কালোর বাবা কালো।’
এ শুধু লেখকের চিনচিনে রসবোধই নয়, তাঁর এমনতর উপস্থাপনের মধ্যে লোকানো আছে সমাজ-রাষ্ট্র-রাজনীতির প্রতি সচেতন তীক্ষ্ণ কটাক্ষ-বোধও।
ইমতিয়ারের লেখায় ঘুরে ফিরে আসে যৌনচেতনা আর তার উপস্থাপনেও নেই ওই সূক্ষ্ম রসবোধ আর কটাক্ষের ঘাটতি, যা পাঠককে ঈষৎ বিব্রতও করে হয়তো। ‘মঙ্গামনস্ক শরীরীমুদ্রা’ গল্পের রফিক যখন খিল তোলা কোঠা থেকে কিছুতেই বেরোচ্ছে না তখন তার বাবা পুত্রের যৌনক্ষমতা নিরীক্ষণ কিংবা পর্যবেক্ষণের দায়িত্ব নিয়ে বলে, ‘এই হারামজাদা, বারায়া আয়, তোক মুই আইজক্যাই বিয়া দেম। দেহি তো কত খাঁড়ায়।’ কিংবা ‘গ্রামীণ নিরাপত্তার দু-একটি খসড়া’ গল্পে বেহুলার স্বামী জহির স্ত্রীর বাচ্চা হয় না সেই ক্ষোভ থেকে ‘তার আট ইঞ্চি লিঙ্গ নাড়ায় আর বলে, এই জিনিস ভূভারতে নাই, এশিয়াতে নাই, ইউরোপে নাই,...কোনোখানে নাই।’ কিংবা একই গল্পের প্রধান চরিত্র সবর আলী ‘খুব নিস্পৃহকণ্ঠে বলে, আপনে নিজেই চিন্তা করেন, ঘরে খিল দিয়া মেলামেশা করতি কি আরাম লাগে? ঝোপের আউলে কেউ মেলামেশা কইরতেছে, পাটখ্যাতের মধ্যে মেলামেশা কইরতেছে-চিন্তা করতিউ তো আরাম লাগে।’
এই বইয়ের অধিকাংশ গল্পের চরিত্র ও পরিপার্শ্ব এবং নিবিড়ভাবে দেখা তাদের অন্তর্গত বাস্তবতা, জীবনাচার গল্পকার এমন সূক্ষ্ম ও বিস্তারিত করে তুলে ধরেছেন যে ওই জনপদের মানুষ, তাদের সংস্কৃতি, নিসর্গ আর ভূগোল আচ্ছন্ন না হয়ে উপায় থাকে না। কিন্তু লেখার এই অতি বিস্তার আবার পাঠককে ক্লান্তও করে, পড়তে গিয়ে মাঝেমধ্যেই খেই হারিয়ে যায়। পুনঃপাঠে আবার তা স্পষ্ট করতে হয়। ওঁর লেখা যতটুকু পড়েছি, এটা ভালো হোক কি মন্দ—ইমতিয়ারের লেখার ঢংটাই এমন।
‘লোক সাহিত্য পুরস্কার’ পাওয়ার পর এক আলাপচারিতায় ইমতিয়ার শামীম বলেছিলেন, ‘একটা লেখার অনেক সম্ভাবনা থাকতে পারে, একটা গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন করে আবার শুরু হতে পারে।
‘আসলে লেখা হচ্ছে একটা প্রতিবন্ধী সন্তান, যার জন্মের দায় অস্বীকার করা যায় না। তার সীমাবদ্ধতা নিয়ে মনটা সব সময় খুঁতখুঁত করবে, হাহাকার জাগবে, কষ্ট হবে, কিন্তু তার প্রতিকার করা যাবে না। তার অসম্পূর্ণতা মেনে নিয়ে তাকে শুধু বিলংই করতে হবে।’
নিজের লেখা নিয়ে এমন অসাধারণ মন্তব্যের পর একজন পাঠক হিসেবে কোনো সৃষ্টিশীল লেখককে কীই-বা বলার থাকে আর। তবে ইমতিয়ার শামীমের এই বইটি পড়ার পর আমাদের মনে লেখকের গল্প বয়ন চরিত্র নির্মাণের যে কায়দাটি স্পষ্ট হয়, তার মধ্যে ধরা পড়ে বহুস্বর এবং বহু মানুষের অভিব্যক্তি। আর এই অভিব্যক্তি ও স্বতন্ত্র লিখন-কৌশলের জন্যই ইমতিয়ার আলাদা হয়ে ওঠেন পাঠকের কাছে।