গাছের বৈচিত্র্যময় জীবন সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
উদ্ভিদস্বভাব
উদ্ভিদস্বভাব
উদ্ভিদস্বভাব: গাছপালার বিচিত্র জীবনকথন জায়েদ ফরিদ
প্রচ্ছদ: গুপু ত্রিবেদী
* প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা
* প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬
* ২০৪ পৃষ্ঠা
* দাম: ৭০০ টাকা

‘অনেক মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে এনেছে। বায়ুকে নির্মল করার ভার যে গাছের উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বতা দেয়, তাকেই সে নির্মূল করেছে।’ (‘অরণ্য দেবতা’: রবীন্দ্রনাথ ঠাকুর)

উদ্ভিদজগতের সঙ্গে মানুষের দ্বিপক্ষীয় সম্পর্কটা বড়ই অদ্ভুত। যার প্রায় বেশির ভাগটাই খালি চোখে দেখা যায় না। অথচ প্রকৃতি জগতের এই দুটি আলাদা আলাদা প্রাণ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে একে অন্যকে দিয়ে। প্রকৃতি থেকে গাছ কিংবা মানুষ যেকোনো একটাকে সরিয়ে নিলে অন্যটার টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। পৃথিবীজুড়ে সাম্প্রতিক সময়ে ‘গ্লোবাল ওয়ার্মিং’-এর ভয়াবহতার কথা উচ্চারিত হচ্ছে বারবার। যার অন্যতম কারণ উদ্ভিদ ও মানুষের মিথোজীবিতার সম্পর্ককে দারুণভাবে নষ্ট করে দেওয়া। কিন্তু একাডেমিক উদ্ভিদবিদ্যার বাইরে এ বিষয় নিয়ে কতটুকুইবা আর আলোচনা হয়! তার পরও কেউ কেউ আছেন, যাঁরা রবীন্দ্রনাথের ‘বলাই’-এর মতো গাছ কিংবা উদ্ভিদজগৎ নিয়ে ভাবেন, তার সঙ্গে আত্মীয়তাবোধ করেন। আবার কেউ আছেন, যিনি আরেকটু বড় হয়েও গাছ-প্রকৃতি এসব নিয়ে চিন্তা করেন বিশদভাবে। সে রকমই একজন জায়েদ ফরিদ। তাঁর লেখা উদ্ভিদস্বভাব: গাছপালার বিচিত্র জীবনকথন তেমনই একটি বই। স্থাপত্যবিদ্যার ছাত্র হয়েও গাছপালার জীবন ও স্বভাব নিয়ে তাঁর তুমুল আগ্রহের স্বাক্ষর এই বইটি। বইটির ভূমিকা লিখেছেন এবং সম্পাদনা করেছেন প্রখ্যাত প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মা। এই বইয়ে উঠে এসেছে উদ্ভিদজগতের নানান বৈচিত্র্যময় কাহিনি।
ইতালীয় গণিতজ্ঞ লিওনার্দো ফিবোনাচ্চির আবিষ্কৃত ‘ফিবোনাচ্চি-রহস্য’ যে সূর্যমুখীর বীজের বিন্যাসে লুকিয়ে আছে তা কেই-বা আর জানেন কিংবা দইগোটা ফল হয়ে উঠতে পারে ভবিষ্যতের পার্শ্বপ্রতিক্রিয়াহীন নিরাপদ লিপস্টিক—এমন অনেক অজানা কিন্তু প্রয়োজনীয় তথ্য দিয়ে সাজানো হয়েছে বইটি।
শুধু এটুকুই নয়, উদ্ভিদজগৎ নিয়ে নানা মিথনির্ভর কাহিনিও লেখক তুলে এনেছেন বইয়ে।
রহস্যময় এক সমুদ্রফল থেকে বানানো হয় সাধু-সন্তদের ভিক্ষাপাত্র কাশকুল। যে ফলের বীজ থেকে আবার বানানো হতো বিষঘ্ন। ওই পাত্রে পানি পান করলে বিষাক্ত পানি নিমেষেই নির্বিষ হয়ে যায়। আর একসময় ভারতীয় রাজারা অমাত্যদের কোপানল থেকে বাঁচতে বহু মূল্যে কিনে নিতেন এসব পাত্র।
পাপস্খলন, দাম্পত্য জীবনে সুখ, ব্যবসায়িক সাফল্যের জন্য আছে রুদ্রাক্ষ। অসুর পুত্রকে বধ করতে করতে দেবরাজ শিবের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা থেকেই জন্ম হয় রুদ্রাক্ষের। এখনো শিবভক্তরা পরম বিশ্বাসে গলায় তুলে নেন এই পাপবিনাশী রুদ্রের মালা—এমন অনেক বৈজ্ঞানিক, মিথিক্যাল, তথ্যনির্ভর বর্ণনায় ভরপুরও উদ্ভিদস্বভাব নামের এই বই।
আবার এখানে আমাদের বহু পরিচিত জবা ফুল নিয়েও আছে অদ্ভুত মিথিক্যাল তথ্য। প্রাচীন ভারতে আর্য দেবতাদের পূজায় প্রচলিত ছিল সাদা জবা ফুল। অন্যদিকে অনার্য দেবী কালী কিংবা শ্যামার জন্য ছিল লাল জবা। আমরা জানি, আর্যরা জাতি হিসেবে নিজেদের জগৎশ্রেষ্ঠ মনে করত। সেখান থেকে ‘ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে’র মতো সাদা-কালো বাইনারির আদলে এই সাদা-লালের বাইনারি সৃষ্টি হয়েছে কি না, তা-ও ভেবে দেখার বিষয়। এ ছাড়া, বইটি পড়তে পড়তে আমরা জানতে পারি, কীভাবে আকাশের সমান উচ্চতা নিয়ে দাঁড়িয়ে থাকা রাজকড়ই হাসান আজিজুল হকের মুখে বদলে গিয়ে হয়ে যাচ্ছে গগনশিরীষ।
মানুষকে যদি এই বিশাল মহাবিশ্বে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, তবে তাকে গাছ তথা প্রকৃতির কাছে ফিরে যেতেই হবে। সেই সঙ্গে আবিষ্কার করতে হবে প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক।
এই বইটিকে মূলত উদ্ভিদজগৎ নিয়ে অনেকগুলো নতুন নতুন বিষয়ের সূত্রমুখ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এখান থেকে আরও গভীরে যাওয়ার দায় পাঠকের। তবে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা উদ্ভিদজগৎকে বুঝতে বইটি যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা বলাই বাহুল্য।