
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালির চর্চার শেষ নেই। বিভিন্ন সময়ে নানাভাবে আবিষ্কৃত হয়েছেন তিনি। রবীন্দ্রজয়ন্তীর ক্ষণে সম্প্রতি প্রকাশিত রবীন্দ্রবিষয়ক নির্বাচিত কয়েকটি বই নিয়ে আয়োজন

রবীন্দ্র বিশ্বাসে মানব-অভ্যুদয়
সন্জীদা খাতুন
প্রচ্ছদ: মানযারে শামীম
প্রকাশক: নবযুগ প্রকাশনী
প্রকাশকাল: মার্চ ২০১৬
পৃষ্ঠা: ১৯১
দাম: ৩২০ টাকা
রূপ ও রসবিচারে প্রকারভেদ থাকা স্বাভাবিক। নানা দৃষ্টিকোণ থেকে আলোকসম্পাত ঘটিয়ে মঞ্চ যেমন উজ্জ্বল করা হয়, তেমনিভাবে সৃজনের বিচারেও চাই বহুকৌণিক বহুমাত্রিক উদ্ভাসন। এ ক্ষেত্রে প্রসঙ্গ যখন রবীন্দ্রনাথ, তখন সৃষ্টি-বিচারের স্থান ও কাল হয়ে ওঠে গুরুত্ববহ। সেই সঙ্গে আরেক ব্যতিক্রমী দিক হতে পারে রসবেত্তার ব্যক্তিগত ভূমিকা। স্থান ও কালের পরিবর্তনে শিল্পবিচারেও আসে পালাবদল, যাঁরা এমত বিশ্লেষণে পারঙ্গম, তাঁরা হয়ে ওঠেন শ্রদ্ধেয়, তারপরও ক্বচিৎ-কখনো শিল্পব্যাখ্যাতা স্বয়ং হন গুরুত্ববহ এবং সেই বিচার অর্জন করে সমূহ তাৎপর্য। রবীন্দ্রনাথকে ঘিরে অব্যাহত গ্রন্থপ্রকাশনার ধারায় সন্জীদা খাতুনের নবতম নিবেদন রবীন্দ্র বিশ্বাসে মানব-অভ্যুদয় হাতে নিয়ে পাঠক তাই গোড়াতেই মান্য করবেন রবীন্দ্রনাথকে নিয়ে লেখকের বলবার অধিকার ও যোগ্যতাকে।
আর দশজনের মতো পরিবার, শিক্ষালয় ও সামাজিকতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে জেনে বড় হচ্ছিলেন সন্জীদা খাতুন, কিন্তু আর সবাইকে ছাপিয়ে গিয়ে তিনি জেদ ধরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হওয়ার পর স্নাতকোত্তর পাঠ নেবেন শান্তিনিকেতনে। পঞ্চাশের দশকের মধ্যভাগে বিশ্বভারতীতে তাঁর উচ্চতর শিক্ষা গ্রহণ ছিল বাংলা সাহিত্যে, তবে সেই সঙ্গে শান্তিনিকেতনের আকাশে-বাতাসে, উৎসবে-দৈনন্দিনে ভেসে বেড়ায় যে সংগীত, সেখান থেকে তিনি আহরণ করেছেন সুধারস। তারপর পাকিস্তানি ঘেরাটোপে সংগীতে স্নাত সন্জীদা খাতুনের প্রত্যাবর্তন এবং রবীন্দ্রনাথকে অবলম্বন করে সাংস্কৃতিক জাগরণে সম্পৃক্ততা, রবীন্দ্রজন্মশতবর্ষ, ছায়ানট, পয়লা বৈশাখ, সবশেষে স্বাধীনতা, দেশে দেশে ভ্রমি দুখগান আনন্দগান গেয়ে চলা, অধ্যাপনা-গবেষণার সমান্তরালে, কিংবা তার চেয়েও বেশি করে বাঙালি সমাজকে সংগীতে ঋদ্ধ ও আলোকিত করা, কত কাজের সঙ্গে ঘটে তাঁর যুক্ততা।
এভাবেই চলেছে তাঁর পথচলা, সবচেয়ে বড় সাধনা ছিল সংগীতের ব্যাখ্যাতা তৈরি করা—যাঁরা কণ্ঠে তুলে নেবেন গান, অন্তরে সুর ও বাণীর রস ধারণ করে। জীবনভর শিক্ষার্থীদের গানের তালিম দিয়ে চলেছেন অক্লান্তভাবে, পোশাকি ভাষায় যাকে বলে ‘প্রো বনো’, কানাকড়ি মূল্য না নিয়ে পরিচালিত কাজ। ছায়ানটের গণ্ডি ছাপিয়ে সেই কাজ প্রসারতা পেয়েছে গৃহময়, দেশময়, অন্তর থেকে অন্তরতরে। কণ্ঠে গান নিয়ে রবীন্দ্রনাথের হাতে হাত রেখে চলেছে সন্জীদা খাতুনের পথচলা, তাঁর রবীন্দ্রবিষয়ক রচনা তাই উদ্ভাসিত হয় অন্যতর তাৎপর্যে। সেই কথাটিই বড়ভাবে মনে পড়ে যখন আমরা হাতে নিই অধুনাতম বই, রবীন্দ্র বিশ্বাসে মানব-অভ্যুদয়।
সাম্প্রতিক কালে বিভিন্ন সূত্রে লেখালেখির এই সংকলনে স্থান পেয়েছে অনতিদীর্ঘ থেকে সুদীর্ঘ রচনা, বিষয় বিচারেও রয়েছে বিস্তার, কিংবা বিশেষের ওপর নিবিড় দৃষ্টিপাত। তবে সব ছাপিয়ে যায় গান, কিংবা বলা যায় সবটাতেই জড়িয়ে থাকে গান। ভূমিকায় গ্রন্থকার স্বয়ং বলেছেন, ‘সংকলন প্রস্তুত হবার পরে দেখেছি আমার ব্যক্তিগত ঝোঁক রবীন্দ্রনাথের গানের প্রতি, এ কথা স্পষ্ট হয়ে উঠেছে। ঘুরে ফিরে নানা লেখাতে বিশেষ কয়েকটি গানের প্রসঙ্গ উঠে এসেছে।’
সন্জীদা খাতুন জীবনকে দেখেছেন বড়ভাবে, সাম্প্রদায়িক বিভেদ ঘুচিয়ে পূর্ব বাংলায় জাতীয় চেতনার বিকাশে রবীন্দ্রনাথ কীভাবে হয়ে উঠলেন প্রাসঙ্গিক। এরপর সেই ভিত্তিতে রবীন্দ্রনাথকে ঘিরে গোটা জাতির বাঙালিত্বে সংহত হওয়া এবং সেই সংহতির রাজনৈতিক ঐক্য কীভাবে বাঙালিকে করে তুলল অপ্রতিরোধ্য, সেই বিবরণ মেলে বেশ কতক প্রবন্ধে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় দীর্ঘ প্রবন্ধ, ‘রবীন্দ্রনাথের গান’, একেবারে সাদামাটা শিরোনাম, তবে এর বুকের ভেতর আছে আগুন, গান কীভাবে ব্যক্তিজীবন ও সামাজিক-রাষ্ট্রীয় জীবনের লগ্ন হয়ে উঠল—দুইয়ের যুগলবন্দী যেন এই রচনা। কত রকমভাবে গান বিচার করেন সন্জীদা খাতুন, বাণী, সুর ও ছন্দের বেণিবন্ধে যে তৃতীয় দ্যোতনা তৈরি হয়, সে খবর আমরা কজনাই বা রাখি, তেমনভাবে গানের গভীরে পৌঁছানোর চেষ্টা করি। তাঁর গানের বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে সুগায়কের কণ্ঠে সে গান বারবার শোনার বাসনা জাগবে, বাণীরূপ পাঠেও জাগবে উৎসাহ। এমন অসংখ্য উদাহরণ পাঠকের সামনে মেলে ধরেন সন্জীদা খাতুন, যেমন বহুল শ্রুত জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি’ প্রসঙ্গে লিখেছেন, ‘এ গানের ছন্দটি ধীর। প্রতিটি স্বর স্পর্শ করে করে সুধীর অগ্রসর হয় যেন। কারণ বোধকরি সুরে সুরে ভালোবাসার স্পর্শ দিয়ে আপন উপলব্ধির নিবিড়তা অনুভব করা যায়।’
মনে হতে পারে, এ তো সংগীতের কারিগরি দিক, গায়কের জন্য তা প্রয়োজনীয়, তবে শ্রোতার অত জানার দরকার কী। তবে এ-ও তো সত্য, শ্রোতা যখন জানবেন গানের ভাবসম্পদে সুরবিহার কীভাবে যোগ করে নতুন মাত্রা, তখন তার রসাস্বাদনের ক্ষমতা বৃদ্ধি পায়, উপলব্ধির নিবিড়তায় তিনিও স্নাত হন।
স্বরলিপি নিয়ে তাবৎ আলোচনার সমাপ্তি বোধ করি মেলে কুমিল্লার অভয় আশ্রমের প্রবীণ সদস্য পরিমল দত্তের গায়কি নিয়ে। পরিমল দত্তের গান শোনার অভিজ্ঞতা যাঁদের হয়েছে, তাঁরা জানেন, সংগীতকে কীভাবে সাধনার পর্যায়ে নিয়ে যেতে পারেন এই শিল্পী। তাঁর কণ্ঠে ‘এ পরবাসে হায়’ শোনার সৌভাগ্য বর্তমান রচনাকারেরও হয়েছিল, বারবার ফিরে ফিরে গাইছেন তিনি একই কলি, প্রতিবারে ফুটে উঠছে ভিন্নতর নিবিড়তর আর্তি, জীবনের আনন্দ-বেদনা হৃদয়ের গহিনে তোলে অনুরণন। সন্জীদা খাতুন লিখেছেন, ‘বোধের অনুসরণে গাইতেন বলে, স্বরবিতানে কোন্ ছত্র ক’বার গাইবার নির্দেশ আছে তা মেনে গান গাইতেন না পরিমলদা। পুরো গানটি ফিরে ফিরে গেয়ে যেতেন, যে-পর্যন্ত না বোধটির কাছে পৌঁছুতে পেরেছেন বলে মনে হতো নিজের কাছে। গান তো তিনি শোনাতেন না, গাইতেন। নিজের জন্যই গেয়ে যেতেন। ফলে আমাদের মনেও সঞ্চারিত হয়ে যেত সে-গানের নিহিত যত ব্যঞ্জনা।’
সবশেষে সারকথাটি বলেছেন তিনি, লিখেছেন, ‘স্বরলিপি দেখে গাইলেও কাণ্ডজ্ঞান জাগ্রত রেখে গানের গভীরে প্রবেশ করবার সেই ধারাই, মনে হয়, বিশুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীত গাইবার প্রকৃষ্ট পথ।’
রবীন্দ্রনাথের সৃষ্টি তথা সংগীত নিবিড়তম অনুভব ও মহাবিশ্বময় বিস্তারে উপলব্ধি ও ধারণ করতে পেরেছেন সন্জীদা খাতুন, তারই প্রতিফলন মেলে বর্তমান বইয়ে, স্মরণীয় ও শিক্ষণীয় পাঠ হিসেবে যা সমাদৃত হওয়ার দাবি রাখে।