গান নিয়ে সনির্বন্ধ বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা গানের জন্ম হয় কীভাবে? একটা সুরের নকশা অন্তর্গত সত্তায় অস্থির হয়ে ওঠে। সম্পূর্ণ হওয়ার তাগিদে, মানুষের কাছে পৌঁছানোর তাগিদে, সেই সঙ্গে যুক্ত হয় কাব্য ও ছন্দ। সুর ও কাব্যের এই বন্ধনই হয়ে ওঠে সংগীতের শ্রেষ্ঠ যুগলবন্দী।গানের সৃষ্টিতে সবচেয়ে কঠিন ও দুষ্কর দায়িত্ব পালন করেন সুরকার। তিনি গীতকাব্য সঠিক সুর ও তালে বাঁধেন। অথচ শিল্পীরা পরিবেশনের সময় তাঁর নামটি পর্যন্ত প্রায়ই উচ্চারণ করেন না। আগের দিনে শ্রোতারা জানতে চাইতেন গানটিতে কার সুর, গানটি কার রচনা? এ নিয়ে রীতিমতো ঔৎসুক্য ছিল। আজকের শিল্পীরা গান করেন বন্ধুদের রচনায় (যাঁরা প্রায়ই কাব্যজ্ঞানহীন ও কবি নন) ও নিজের অপ্রস্তুত সুরে। হারানো দিনের গান করেন কারও নাম না নিয়েই, যেন এই গানের স্রষ্টা তিনি নিজেই।সোনালি যুগে কলকাতার ‘অনুরোধের আসর’, শ্রীলঙ্কার রেডিও সিলোনের ‘বিনাকা গীতমালা’ গানকে জনপ্রিয় করত। কে কটা নতুন গান শুনেছে, এই নিয়ে ছিল শ্রোতাদের মধ্যে প্রতিযোগিতা। এই গানগুলোই মঞ্চে গাইতেন প্রত্যন্ত অঞ্চলের শিল্পীরা। ভালো সুর, ভালো গান বারবার শুনে মানুষের ভালো লাগার মধ্যে গ্রথিত হতো। আজকাল গান প্রচারিত হয় একবার কি দুবার। তাতে গান প্রাণে প্রবেশের সুযোগ পায় না।প্রেম। প্রেম-রস ছাড়া গান হয় না। আজ প্রেম নেই। আমার নিজের দেখা এই পৃথিবীতে একসময় প্রেম ছিল। সেদিন অধিকাংশ পুরুষ ছিল আজকের চালাকদের তুলনায় অনেক সহজ, মেয়েরা প্রায়ই ছিল শপথ রক্ষাকারী। একটি প্রতিশ্রুতির সম্মানে সারা জীবন অবিবাহিত থেকেছেন সেদিনের অজস্র মানুষ। বিরহের গান শোনার সময় চোখের জলে ভাসতে দেখেছি শ্রোতাদের। একটি কবিতার পঙিক্ত বা গানের লাইন থেকে যুগ যুগ ধরে কত মানুষই না সান্ত্বনা নিয়েছেন। উনিশ শ পঞ্চাশের দশকের পরে আমাদের জীবনের চারপাশে সত্যিকার প্রেম তেমন করে আর চোখে পড়ে না। প্রেমহীন সমাজে গান সৃষ্টি হয় না। মরুতে যেমন হয় না নদী। ভালোবাসা যেমন পরিণত হয়েছে সুবিধার আর মিথ্যা প্রতিশ্রুতির খেলায়—গানও হয়েছে তা-ই। ফাস্ট ফুড, ফাস্ট লাভ আর ফাস্ট মিউজিক একাকার করেছে আজকের জীবন।নৌকার কান্ডারি যা, গানের সুরস্রষ্টা তা-ই। আগের দিনে সংগীতের সোনালি সময়ে সংগীত পরিচালকেরা হতেন ওস্তাদ বা গুরু। তাঁরা হতেন সংগীতে পারদর্শী। তাঁরা শিল্পীদের গান শেখাতেন নিজের ছাত্রছাত্রীর মতো। কখনো কখনো সন্তানের স্নেহে। এখনকার মতো ক্যাসেটে তুলে দিয়ে পরের দিন রেকর্ডিং স্টুডিওতে গিয়ে ‘ভয়েস টেক’ করার কথা কল্পনায়ও আনতেন না। তাই সোনালি সময়ের গান বুকে লাগে, যেহেতু তা ব্যবসার ফসল নয়—তা ভালোবাসার মতো দীর্ঘ অবকাশে রচিত। এখন তো শিল্পীর সঙ্গে সংগতবাদকদের দেখা পর্যন্ত হয় না। এমনকি সংগতবাদকেরা গানটি উপলব্ধি করা তো দূরের কথা, গানটি শোনার প্রয়োজনও অনুভব করেন না। তাঁরা এসেই অ্যারেঞ্জারকে বলেন (এ শব্দটি ১৯৮০-র দশকে এই ভূখণ্ডে চালু হয়েছে। মিউজিক ডিরেক্টররা এখন শুধু সুর করে দেন, যন্ত্রানুষঙ্গ সাজান অ্যারেঞ্জার), ‘প্রিলিউডের piece-টা কী? ইন্টারলিউডের piece-টা কী?’ এভাবে ‘সুন্দর’ গান সৃষ্টি হয় না—কমোডিটি হয়তো ম্যানুফ্যাকচার্ড্ হতে পারে।এই উপমহাদেশে উত্তর ও পশ্চিম ভারতের উর্দু সংগীত আর পূর্বাঞ্চলে বাংলার গানই গানের ভুবনকে পরিপূর্ণ রেখেছে, যদিও দক্ষিণ ভারতীয় কর্ণাটক সংগীত ও পাঞ্জাবের লোকগীতির সম্ভার খুবই সচ্ছল। ১৯২০ থেকে ১৯৫৫ সাল, যার মধ্যে ১৯৩০—৫৫-এর ২৫ বছরকে বলা যায় আমাদের সংগীতের স্বর্ণকাল। সুর যে সত্যি সমস্ত ক্ষুদ্র সীমানার ঊর্ধ্বে, তা বোঝা যায় গানের জগতে। খুরশীদের ‘বরসো রে’, সায়গলের ‘বিনা প্যনখকে প্যনছি হুঁ ম্যায়’ কিংবা লতার ‘আয়েগা আনেওয়ালা’ অথবা মোহাম্মদ রফির ‘বাহারো ফুল ব্যরসাও’ কিংবা তালাত মাহমুদের ‘জ্ব্যলতে হ্যায় যিসকে লিয়ে’, জগমোহনের ‘ও বরষাকে প্যহলে বাদল’—ভাষার সব দূরত্বকে অতিক্রম করে মনে হয় আমাদেরই নিজস্ব গান। ভাষার মোহনায় নয়, সুরের মোহনায় একাকার হয়ে যায় বম্বে আর বাংলার গান। বম্বে আর কলকাতা। ১৯৩০ থেকে ১৯৫০—দুই গানের বাগান। বম্বের গুলাম হায়দার, খেমচাঁদ প্রকাশ, অনিল বিশ্বাস, নৌশাদ, শংকর ও জয়কিষন, সি রামচন্দর, শচীন দেববর্মণ আর কলকাতার হিমাংশু দত্ত, পঙ্কজকুমার মল্লিক, কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, সুধীরলাল চক্রবর্তী, সলিল চৌধুরী—সারা ভারতের সুরের জগৎকে অনুপম সৃষ্টির সম্ভারে পূর্ণ করেছেন। তবে বম্বের সঙ্গে বাংলার বিরাট দুই পার্থক্য ছিল। এক. বম্বের ছিল না রবীন্দ্রনাথ অথবা নজরুল, আর ছিল না নন-ফিল্ম বেসিক রেকর্ডস।ওদিকে যন্ত্রসংগীতের বিশাল আসরে পশ্চিমের এনায়েত খান, হাফিজ আলী খান, আহমেদ জান থিরাকাউয়া, বিসমিল্লাহ খান, বিলায়েত খান, আবদুল হালিম জাফর খান, কণ্ঠে মহারাজ, চতুরলালের পাশে আলাউদ্দিন খান, রবিশঙ্কর, আলী আকবর খান, নিখিল বন্দ্যোপাধ্যায়, পান্নালাল ঘোষ, কেরামতুল্লা খান আলোকিত করলেন বাংলার মুখ।শাস্ত্রীয় কণ্ঠসংগীতে উত্তর ও পশ্চিম ভারতের ফৈয়াজ খান, আবদুল করিম খান, আমির খান, নিসার হোসেন খান, পালুস্কারের পাশাপাশি দীর্ঘকাল কলকাতা ছিল ম্রিয়মাণ। ঠিক এই সময়ে পাকিস্তানে তৈরি হলো একঝাঁক তুখোড় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। বড়ে গুলাম আলী খান, আল্লারাখ্খা খান (তবলাশিল্পী), বরকত আলী খান, আসাদ আলী খান ও তাঁর পরপরই নজাকাৎ ও সালামৎ আলী খান, আমানত ও ফতেহ আলী খান, বেগম রৌশনআরা তানের জগৎকে চমকে দিলেন। দ্রুতলয়ে এমন তানের ও তালের বিন্যাস এর আগে আমরা শুনিনি কখনো।মাঝে মাঝে মনে হয় যে একই সময়ে আকাশে যেমন লাখো নক্ষত্রের সমাবেশে সঞ্চিত হয় নক্ষত্রলোক, ঠিক তেমনি শিল্পী, কবি, ঔপন্যাসিক, সুরস্রষ্টা, গীতিকবি, রাজনীতিবিদ—এসব প্রতিভারও কখনো কখনো সমাবেশ ঘটে সমসাময়িক কালে। না হলে একসঙ্গে কেন পাই আলী আকবর, রবিশঙ্কর, বিলায়েত, হালিম জাফর, বিসমিল্লাহ, পান্নালাল, আল্লারাখ্খা, আহমেদজান, চতুরলাল, ভিডি যোগ, কণ্ঠে মহারাজকে? কেন একই সময়ে পাই বড়ে গুলাম আলী, আমির খান, নিসার হুসেন, পালুস্কার, সালামত আলী, ফতেহ আলীকে? কেন হেমন্ত, জগন্ময়, ধনঞ্জয়, যূথিকা, সুপ্রভা, উৎপভা, উৎপলা, সন্ধ্যা—একই সময়ে এবং তার একটু পরেই মানবেন্দ্র, শ্যামল, সতীনাথ, মান্না দে, প্রতিমা, আরতী একই মঞ্চে? পঙ্কজ মল্লিক, কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, সুধীরলাল চক্রবর্তী, সলিল চৌধুরী, শচীনদেব বর্মণ, নৌশাদ, খেমচাঁদ, রামচন্দ্র, শঙ্কর ও জয়কিষন—এরা কী করে সমসাময়িক হলেন? রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ, ডি এল রায়, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, শকিল বাদাউনি, সাহির লুধিয়ানভি, ফৈয়াজ হাশমিরা কী করে হন একই সময়ের? রাজনৈতিক মঞ্চে কী করে একত্রে উপস্থিতি ঘটল গান্ধী, জিন্নাহ, নেহরু, চিত্তরঞ্জন দাস, সুভাষ বসুর? পবিত্র মিত্র, প্রণব রায়, বারীপ্রসন্ন, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল গুপ্ত, আবু হেনা আর উর্দুতে ফয়েজ আহমদ ফয়েজ, আহমদ ফরাজ, পারভীন শাকের, নাসের কাজমি?মাঝে মাঝে জীবনে যেমন আসে দুঃসময়, সময়ের নিজের বেলায়ও ঠিক তাই। কখনো প্লাবন, কখনো বা খরা; কখনো মাথাভরা চুল, কখনো কেশহীন; কখনো মানুষের ভিড়, কখনো নিঃসঙ্গতা। যেসব মহৎ সুরকারের স্পর্শে বাংলা গান পেয়েছিল তার ভরা যৌবন, তাঁদের সুরারোপিত গান নিয়ে কখনো আলোচনা করি না আমরা; সেসব গানের প্রায় শতাব্দীব্যাপী জনপ্রিয়তার কারণ বোঝার চেষ্টা করি না। সেই সব গানের বাণী ও সুরারোপের অনন্য যুগলবন্দী শুনে সেগুলোর অভিনবত্বের ব্যাখ্যা বোঝার চেষ্টা করা উচিত বলে মনে করি।চিত্রশিল্প, যা গানের মতোই সাতরঙে সাজানো—এ নিয়ে আলোচনা, বিশ্লেষণ, সমালোচনার কোনো অন্ত নেই। একমাত্র পিকাসোর ওপরই গ্রন্থ রয়েছে চার সহস্রেরও অধিক। অথচ মিয়া তানসেন কিংবা ওস্তাদ আলাউদ্দীন খাঁর ওপর আদৌ কোনো গ্রন্থ রচনা হয়েছে বলে মনে হয় না। চিত্রশিল্প নানা দৃষ্টি দিয়ে আলোচিত হয়, কিন্তু সংগীত নিয়ে বিশ্লেষণ হয় না। সংগীত শুধু শোনা হয় আর ভুলে যাওয়া হয়। চিত্রশিল্প দর্শক তৈরি করতে পেরেছে, আলোচক সৃষ্টি করতে পেরেছে—সংগীত তা পারেনি। এ আমাদের এক করুণ ব্যর্থতা। অথচ গানের কথা এলে আমরা বোবা হয়ে যাই। শুধু ‘বাহ্’ কিংবা ‘ধুর’। সংগীতের পরতে পরতে রয়েছে আর্টিটেকচারাল ডিজাইন-ফিলিগ্রি-ইম্প্যাক্ট। এ কথা ঠিক নয়?সমস্ত গানেরই উৎস লোকসংগীতে। শাস্ত্রীয় সংগীত লোকসংগীতকে সংগ্রহ করে তার সুরবিন্যাসের ওপর সূক্ষ্ম বিশ্লেষণ করে কতগুলো প্রামাণ্য পরিধি এবং সেই সঙ্গে কিছু অবয়বগত ও চরিত্রধর্মী ঐক্য ও প্রভেদ আবিষ্কার করে। তার ওপর কিছু ‘বন্দেশ’ নির্মিত হয়। এ ছাড়া বন্দেশগুলোকে বিভিন্ন তালে ও ছন্দে বাঁধা হয়। সে তো সব গানেরই অভিন্ন স্বরূপ। সেই অর্থে একটি ভাটিয়ালি, বাউল, ভাওয়াইয়া, মুর্শিদি অথবা আধুনিক গান, গজল, কাওয়ালি, কীর্তন বা ভজন গানের সঙ্গে শাস্ত্রীয় সংগীতের কোনো মৌলিক পার্থক্য নেই। সবগুলোতেই সুরের একনিষ্ঠতা, ওঠা-নামা, বাণীবন্ধন ও তাল-ছন্দের উপস্থিতি একইভাবে বিদ্যমান। তান হলো অলংকরণ, যা প্রায় প্রতিটি লঘুসংগীতের ক্ষেত্রেও বিদ্যমান। আর ‘সরগম’ তো তানেরই অনুবাদ মাত্র। কিছু অহংকারী শাস্ত্রীয় সংগীতশিল্পীর ধারণা, সংগীতের মূল ও এর উৎকর্ষ কেবল শাস্ত্রীয় সংগীতের মধ্যেই নিহিত এবং সে জন্যই সেটা ‘উচ্চাঙ্গ’ এবং অন্য সব সংগীত নিম্ন পর্যায়ের—এ ধারণা ভ্রান্ত ও সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো গানকেই ছোট করে দেখার সুযোগ নেই। সুন্দর করে গাইলে যেকোনো গানই মর্মভেদী হতে পারে। এ কথা অবশ্যই মানতে হবে যে শাস্ত্রীয় সংগীতের নির্মাণ ও পরিবেশনা অন্যান্য ধরনের সংগীতের সঙ্গে তুলনামূলক বিচারে বড় ক্যানভাসে রচিত হয়ে থাকে। সেখানে সংগীতের সবগুলো উপাদানই একটু বৃহদাকারে গঠিত। চিত্রশিল্পের মতোই এখানে কিন্তু গুণগত উৎকর্ষের সঙ্গে আকৃতির বা পরিবেশনার আকারের কোনো সম্পর্ক নেই। সুর ও পরিমিতির অভাব ঘটালে শাস্ত্রীয় সংগীতও হয়ে উঠতে পারে এক বিরক্তিকর অভিজ্ঞতা, যেমন বেসুরো পরিবেশনে লঘুসংগীতশিল্পীও হয়ে পড়েন অসহ্য।যেমন, শাস্ত্রীয় শিল্পী দীর্ঘতাল ব্যবহার করে থাকেন। ধরা যাক তিনি গানটি এক তালে বাঁধলেন, লঘুসংগীতশিল্পী বাঁধলেন দাদরা তালে, কিংবা শাস্ত্রীয় শিল্পী গাইলেন ত্রিতালে, লঘুসংগীতের শিল্পী গাইলেন কাহারবায়। উচ্চাঙ্গে গাওয়া হলো রূপকে বা ঝাঁপতালে, লঘুতে গাওয়া হলো আধা রূপকে কিংবা আধা-ঝাঁপে। তাতে কী এসে যায়? তালের চলন তো একই থাকছে। প্রশ্ন শুধু বিরতির। একজন ১০০ মিটার স্প্রিন্টে দৌড়াচ্ছে, অন্যজন ৪০০ মিটার পাড়ি দিচ্ছে।একবার ওস্তাদ আলী আকবর খানের সঙ্গে কথা হচ্ছিল কলকাতায়। কথায় কথায় তাঁর আরেকজন ভক্ত পরম উৎসাহে ১১ মাত্রা, সাড়ে ১৬ মাত্রা, ২১ মাত্রা, পৌনে ছয় মাত্রার তালগুলোর কথা তুললেন। তাল ও লয়ের এই কিংবদন্তি বললেন, ‘এগুলো গায়ের জোরের তাল। গানের জনপ্রিয়তার শত্রু এসব। আরে মিয়া, লয়কারী দেখাতে হয় তো ছোট তালে দেখাও, যা সবাই বোঝে। দাদরা, কাহারবায় নতুন কিছু দেখাও দেখি ক্ষ্যামতা কতখানি? দাদরা এ্যামন গুলায়ে দিমু যে নদীর তীর খুঁইজ্যা পাবি না।’ উনি আরও বলতেন, ‘লয়ের রাজা হলো তিন তাল। তাল লইয়া খেলার এত সোন্দোর মাঠ আর নাই। ওই সব পৌনে আর আড়াইয়ে বুদ্ধি আছে, বিদ্যা নেই।’সংগীত সম্পর্কে আমার অধিকাংশ ধারণাই ওস্তাদ আলী আকবর খানের সঙ্গে একান্ত আলাপচারিতা থেকে সংগৃহীত। এই প্রিয় শাস্ত্রীয় যন্ত্রবাদকের (গানও গাইতেন মিষ্টি করে মুড এলে) মুখে লঘুসংগীত অথবা লঘুসংগীতশিল্পীদের সম্পর্কে সামান্যতম অশ্রদ্ধা বা উপেক্ষার কথা কোনো দিন শুনিনি। বরং তাঁদের অনেকের সম্পর্কে উচ্চকণ্ঠে তারিফ শুনেছি খাঁ সাহেবের কাছ থেকে।এ দেশে যাঁরা শাস্ত্রীয় সংগীতের চর্চা করে থাকেন, তাঁদের প্রায় সবারই নালিশ: ‘আমাদের কদর নেই এ দেশে। আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ পাই না’ ইত্যাদি। আমার উত্তরটা বেশ রূঢ় শোনাতে পারে: ‘ভালো গাইতে পারেন না বলেই লোকে আপনাদের গান শোনে না। নইলে বিদেশি শাস্ত্রীয় সংগীতের পরিবেশনা করতে যাঁরা আসেন, তাঁদের মধ্যে যাঁরা সত্যিই সুন্দর গাইতে বা বাজাতে পারেন, তাঁদের গান শুনতে আসেন এত বেশিসংখ্যক গুণগ্রাহী যে তাঁদের জায়গা দেওয়াটাই দুষ্কর হয়ে দাঁড়ায় আয়োজকদের পক্ষে।’ তালিম নিয়ে, মেহনত করে, প্রস্তুতি নিয়ে সুন্দর করে গেয়ে দেখুন বাঁধ ভেঙে, দূরত্ব পেরিয়ে, দলে দলে আসবে আপনাদের অনুষ্ঠান শুনতে ও উপভোগ করতে।বাংলাদেশে এমনকি লঘুসংগীতের ক্ষেত্রেও দু-একজন ব্যতিক্রম ছাড়া বাকিরা যে দাপাদাপি করে বেড়াচ্ছেন, চোখ খুলে যদি বা তা দেখা যায়, চোখ বন্ধ করে তো একবারেই নয়। পাগলের মতো সাজতে পারলেই যদি গান হতো, তাহলে সব পাগলই হতেন শিল্পী।সংগীতে অন্তর্গত থাকে বিনম্রতা, প্রচণ্ড একাগ্রতা, সুর ও তাল আয়ত্তে আনার অবিচলিত আগ্রহ, গুরুমুখী তালিম, তীক্ষ স্মরণশক্তি, ভালো সংগীত শোনা ও আয়ত্তে আনার অবিরাম পরিশ্রম, সাধনার মনোভাব, ওস্তাদের প্রতি ভক্তি, কৃতজ্ঞতা ও আজীবন বিশ্বস্ততা। কণ্ঠ শুধু সুরেলা হলে হবে না, তার মধ্যে থাকতে হবে অনুভূতির শুভ্রতা আর এক পরম ব্যাকুলতা। যাঁর নিজের সংগীতে নিজের হূদয় দুলে ওঠে না, অশ্রুতে সিক্ত হয় না অনুভব, সে অন্যের হূদয়কে দোলাবে কী দিয়ে? সমকালীন সংগীতের এই করুণ ব্যর্থতার কারণেই গজিয়ে উঠেছে অসুস্থ সংগীত আর মৃগীরোগীদের মতো অঙ্গভঙ্গি। এর আবির্ভাব যেমন হয়নি এক দিনে, তেমনি এর প্রস্থানও দু-এক বছরে হবে না। বরং ভয় হয় ওই গানবাজনাই না হয়ে পড়ে চিরস্থায়ী!এ দেশের রাজনীতির মতো সংগীতও হয়ে উঠছে স্বেচ্ছাচারী, বেপরোয়া ও অনাকাঙ্ক্ষিত। এর লাগাম টেনে ধরতে হবে শিল্পীদের এবং তারচেয়ে বেশি শ্রোতাদের। লেখার শেষাংশে এসে একটু রেগে গেলাম, অনেকটাই আক্ষেপে-অভিমানে আর কিছুটা পড়ন্ত সময়ের রাগান্বিত বয়সের দোষে।