>

করোনায় বিপর্যস্ত ইতালি স্বাভাবিক হয়নি এখনো। ইতালিতে বসবাসরত কবি মজনু শাহ লিখেছেন তাঁর অনুভূতি
ধীরে ধীরে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা কমে আসছে ইতালিতে। লকডাউন শেষ, কারখানা খুলেছে আবার। বাড়ি থেকে একটা অদ্ভুত যুদ্ধপ্রস্তুতি নিয়ে বেরোতে হয়। রাতের শিফটে একটা কেমিক্যাল কারখানায় কাজ করি। সন্ধ্যার কিছু পরে পাতাল ট্রেনে যেতে হয় শহরের একেবারে শেষ মাথায়। এখানে কারখানাগুলো সবই প্রায় শহরের বাইরে। এ সময় ট্রেনে যাত্রী খুবই কম থাকে, প্রত্যেকের সহজ স্বাভাবিক হাসিখুশির ভঙ্গি যেন উবে গেছে। মুখ ঢাকা থাকলেও চোখে চোখ পড়লে বোঝা যায় আপাতত একে অপরের দিকে তাকাচ্ছে ঘৃণাকৌতুক নিয়ে। ট্রেন থেকে নেমে কয়েক মাইল পথ যেতে হয় সাইকেলে, একটা কাঠের ব্রিজে রোজ একটু দাঁড়াই। কাছেই জঙ্গলঘেরা পাহাড়। সামনের রাস্তাটা বহুদূর অবধি দেখা যায়। পাশ দিয়ে খুব দ্রুত গতিতে একটা অ্যাম্বুলেন্স ছুটে গেল। কে গেল, কোন দিকে, কী পরিণতি তার—এমনই একটা না–বলা আশঙ্কা মনে আসে। মণীন্দ্র গুপ্তের ‘স্বর্গারোহণ’ কবিতার একটা দৃশ্যের সঙ্গে চকিত মিল যেন আছে ওই ছুটন্ত অ্যাম্বুলেন্সের, প্রথমে লাল একটা আলোকবিন্দু, তারপর ক্রমে তার অদৃশ্য হয়ে যাওয়ার মধ্যে কী একটা হাহাকার আছে। পাঁচ হাজার পৃষ্ঠা উপন্যাসের ধূসর মলাটের মতো যখন যুধিষ্ঠিরের মন, যখন সে তার কুকুরের সঙ্গে দূরগামী একটা রাস্তায় আবছা হতে থাকে, যতটুকু আবছা হচ্ছে, ততটুকু প্রবেশ করছে স্বর্গে।
একটা অ্যাম্বুলেন্স, এখন হয়তো এমন একটা দিকে নিয়ে যায় কাউকে, যেখানে যমের সঙ্গে লড়াই চলে, হাসপাতাল পরিণত হয় যখন নরকে। আতিশয্যের চাপে চিকিৎসকদের যখন বীর বলে কেউ, তার সত্যি কোনো অর্থ নেই। একটা অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই তাঁদের, বাকি আমরা তো নিরাপদ দূরত্বে রইলাম!
ঘরে ঘরে কলহ বাড়ছে। বাচ্চারা আছে সবচেয়ে বিপদে, খাঁচার পাখির মতো তারা এখন। আর তুমি বাইরে যখন যাচ্ছ, লাইনে দাঁড়াও দূরে দূরে, মাস্ক পরো আর এক চক্কর ঘুরে এসেই লেডি ম্যাকবেথের মতো অপরাধী দুই হাত ধুতে থাকো সমানে।
মাঝেমধ্যেই মনে হচ্ছে, মহামারির ঠিক কোন পর্যায়ে আছি আমরা? বলাবলি শুরু হয়েছে, এটাই শেষ নয়, এরপর আগামী শীতে শুরু হবে সেকেন্ড ওয়েভ, আর সেটা ফিরে আসবে আরও ভয়াবহ রূপে!
চারদিকে ভয়ের কথাই বেশি। কত কোটি বেকার হবে সামনে, কত সম্পর্কচ্ছেদ, মৃত্যু, সম্মিলিত অসাড়তার ফলে সেসব বিপর্যয় অনুভব করার মনটুকুই হয়তো আমরা হারিয়ে ফেলব তত দিনে। যেন এখন মৃতেরা আর কেউ নয়, শুধু একটা সংখ্যা। বায়োমেট্রিক নজরদারির কারণে আমরা হয়তো হারিয়ে ফেলব নিজের গোপন যা কিছু। নতুন কোথাও বেড়াতে হলে দরকার হবে ইমিউনিটি পাসপোর্টের। এখন তো সেই সময়, যখন ব্যবসায়ীর রূপ ধরে বের হয়ে আসছে অনেক ছোট-বড় শয়তান! নতুন আবিষ্কৃত ওষুধগুলো আরও একবার অপেক্ষাকৃত গরিব দেশগুলোর গিনিপিগসদৃশ জনগণের ওপর চালানো হবে পরীক্ষার নামে, যা তারা টেরও পাবে না।
প্যান্ডোরার বিয়েতে তাকে একটা বাক্স দেওয়া হয়েছিল, সেই সঙ্গে খুব করে বারণ করে দেওয়া হয়েছিল সেটা যাতে সে না খোলে। কৌতূহলের মাত্রা ছাড়ালে, সে যখন ওই বাক্সের মুখ খোলে, বেরিয়ে এসেছিল দুরারোগ্য অসুখের বীজাণু থেকে শুরু করে মানুষের জন্য খারাপ যা কিছু। দ্রুত সে বাক্সের মুখ বন্ধ করেছিল ঠিকই, একই সঙ্গে ‘আশা’ বলে যে অনিবার্য জিনিস না হলে মানুষ বাঁচতে পারে না, তাকেও বন্দী করে ফেলেছিল। করোনার সংহারী রূপ দেখে মনে হয়, এ-ও কারও হাত ফসকে বেরিয়ে এসেছে, বা তার এই পরাক্রমের পেছনে হয়তো আছে কোনো ডেথ অ্যাঞ্জেল, আজকের উৎকণ্ঠিত মানুষেরা এখন সেই দিকেই চেয়ে আছে, প্যান্ডোরার বাক্স এবার যখন আবার বন্ধ করা সম্ভব হবে, যাতে তার ‘আশা’ কোনোভাবে বন্দী না হয়।