
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সিলেট শাখায় প্রশিক্ষণ দিতে গিয়ে রামকানাই বাবুর সঙ্গে প্রথম দেখা হয়। সম্মেলনের প্রতিযোগিতার জন্য নির্ধারিত ‘সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে’ গানটি শেখাচ্ছিলাম। এক মধ্যবয়সী ভদ্রলোক এসে তবলাবাদকের কাছ থেকে ডুগি-তবলা নিয়ে ঠেকা দিতে শুরু করলেন। দারুণ লয়জ্ঞান তাঁর। ধীরস্থির অনুচ্চ শব্দে রবীন্দ্রসংগীতের উপযোগী সংযত বাজনা তাঁর। ইমন কল্যাণ সুরে তেওড়া তালে বাঁধা গানটি সব মিলিয়ে বেলা শেষে চমৎকার পরিবেশ সৃষ্টি করল। ছাত্র-শিক্ষক সবাই নিমগ্ন চিত্তে গাইতে লাগলাম আমরা।
পরেও যতবার সিলেটে গান শেখাতে গিয়েছি, রামকানাই বাবু এসে তবলা ধরেছেন। তাঁর বিশদ পরিচয় কিছুই জানা হয়নি তখন। কেন্দ্রীয় প্রতিযোগিতার সময় কিশোর বিভাগের মানসম্মত ছাত্রছাত্রীদের কেউ কেউ নাকি রামকানাইয়ের ছাত্র, এ কথা কানে এসেছে। একবার এক কিশোরের কণ্ঠে ‘ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া’ শুনে স্তব্ধ হয়ে গেলাম। যেমন সুরের ধ্যান তেমনি লয়ের বোধ এবং ধীরস্থির গায়ন। শোনা গেল এ ছেলে রামকানাই দাশের শিষ্য। দেখা হতেই যুগপৎ ছাত্র আর গুরুর প্রশংসা করলাম। নম্র বিনয়ে সরে গেলেন। সে গান ভুলতে পারলাম না বহুদিন পর্যন্ত। জানতে পারলাম, রাগসংগীত শিখিয়ে কণ্ঠ দুরস্ত করে গান শেখান এই শিক্ষক। গুরুর স্বর ও লয়ের জ্ঞান, রাগসংগীত আর রবীন্দ্রসংগীত বিষয়ে ভালো ধারণা তো আছেই; শিক্ষার্থীর মধ্যে সেসব সঞ্চারিত করে দেওয়ার ক্ষমতাও আছে।
এক রবীন্দ্রসংগীত সম্মেলনে রামকানাইয়ের দিদি সুষমা দাশকে লোকসংগীত গাইতে ডেকেছিলেন ওয়াহিদুল হক। কোনোবার লোকসংগীত, কখনো নজরুলগীতি, কখনো দ্বিজেন্দ্র-রজনী-অতুলপ্রসাদের গান গাওয়ানোর রেওয়াজ আছে সম্মেলনে। জানলাম, ওয়াহিদুল রামকানাই ও তাঁর দিদির গুণবত্তার খবর রাখেন ভালো। রামকানাই নাকি ভালো লোকসংগীতও গান। এমনকি নজরুলের গান শেখানোতেও অত্যন্ত পারঙ্গম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে রামকানাই দাশকে শুদ্ধ সংগীত পরিবেশন করতে আহ্বান জানিয়েছিল ছায়ানট। রাগসংগীতের সেই ‘শ্রোতার আসরে’ আরও কয়েকজন গান গেয়েছিলেন। রামকানাই অন্যদের মতো অযথা দৈর্ঘ্য না বাড়িয়ে সুসংবদ্ধভাবে গেয়ে উঠলেন। এখানেও সংযম। দিনে দিনে তাঁর নানা গুণপনার পরিচয় পেতে লাগলাম।
টাঙ্গাইলের কেন্দ্রীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে রামকানাই দাশকে সর্বসম্মতিক্রমে গুণী হিসেবে সম্মাননা জানানোর সিদ্ধান্ত হয়। খুব খুশি হয়েছিলেন তিনি।
পণ্ডিত রামকানাই দাশ আর নেই
রামকানাই বাবুর গানের স্কুলে এক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে একবার সিলেটে গিয়েছিলাম। মহাব্যস্ততার ভেতরেও রামকানাই বাবু একখানি স্বরবিতান এনে আমাকে বললেন, ‘দিদি, এই যে একমাত্রায় চারটি স্বর গাইবার নির্দেশ রয়েছে, এ কীভাবে গাওয়া যায়’? কোন গান নিয়ে প্রশ্ন, সে কথা মনে নেই। আমি গেয়ে দেখালাম। (এখন ভাবি, তাঁর সামনে ঠিক ঠিক গাইতে পেরেছিলাম তো!)। বললাম, ‘আপনার এত কৌতূহল!’ বললেন, ‘দিদি শিখবার সুযোগ হারাতে চাই না। একটা মেথরও যদি কিছু জানে, আমি তাঁর কাছ থেকে জেনে নিতে দ্বিধা করি না। আমি জানতে চাই।’ অবাক লেগেছিল তাঁর এ রকম অনুসন্ধিৎসায়।
ছায়ানটের রাগসংগীত উৎসবে ২০০৮ আর ২০১১-তে দুবার গান করেন রামকানাই। তাঁর গান বড় ভালো লাগত। ওয়াহিদুল হকের ধারণা ছিল, দেশের সংস্কৃতির সুস্থতা বিধানের জন্য প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে খাঁটি লোকগান এনে ঢাকার মানুষকে শোনানো দরকার। ওয়াহিদুলের জীবৎকালে সে আয়োজন করা যায়নি। তাঁর মৃত্যুর পর সেই কথা বাস্তবায়নের আবশ্যকতা উপলব্ধি করে লোকসংগীত উৎসবের আয়োজন হলো। ২০০৭ সালের মার্চের প্রথম উৎসবেই রামকানাই দাশ সিলেটের দল নিয়ে এসে যোগ দিলেন। রামকানাই ‘উরির গান’ পরিবেশন করবেন বললেন। এই গানের দল পথ চলতে চলতে গানা গায়, আর একপর্যায়ে তার সঙ্গে হাতের বিশেষ ভঙ্গি করে একধরনের নৃত্যে মেতে ওঠে। নাচটি দেখলে নাকি মনে হয়, দলে দলে প্রজাপতি উড়ছে যেন। অবশ্য ছোট মঞ্চে সেই নৃত্যযাত্রার শোভা খুলল না। যাই হোক, সেদিন রামকানাই বারবার আক্ষেপ করলেন, ওয়াহিদুলকে ‘উরির গান’ (হোরি) শোনানো হলো না। ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে মার্চ ২০১২-এর ‘দেশ-ঘরের গান’ অনুষ্ঠানে রামকানাই একক গান করেন।
রামকানাই বাবুর সঙ্গীত ও আমার জীবন গ্রন্থ প্রকাশ হওয়ার আগে পড়ে দেখার সুযোগ হয়েছিল আমার। তাঁর সংগীতময় জীবনের কথা পড়ে বিস্ময়বিমুগ্ধ হলাম। মায়ের গান, বাবার গান শুনে বড় হওয়া রামকানাইকে তাঁর পিতা এক জ্ঞাতিভ্রাতার অনুরোধে যাত্রাদলের বালক-ভূমিকায় অভিনয় করতে পাঠান। প্রথাগত শিক্ষা না পেলেও, যাত্রাদলের নানা শিক্ষায় তিনি ঋদ্ধ হয়ে ওঠেন। যাত্রাদলের গীতরচনা, সংগীত পরিচালনা, হার্মোনিয়াম-তবলা বাজানো ইত্যাদিতে পটু হয়ে ওঠা রামকানাই গান আর দেখে দেখে শেখা বেহালা বাজানোর শিক্ষাও দিয়েছেন ছাত্রদের। এসব শিক্ষা আর অভিজ্ঞতা তাঁর মনকে সুশিক্ষিত করে তুলেছিল। যাত্রাদলের ওস্তাদের কাছে রাগসংগীতের পাঠ নিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া যাওয়া-আসা করে সেখানকার গুণীদের কাছ থেকেও শিখেছেন। আসরে আসরে ঘুরে সাংগীতিক শিক্ষায় আলোকিত হয়েছেন দিনে দিনে।
পল্লি অঞ্চলের বাউলা, মালজোড়া, ঘাটু, উরি গান বিষয়ে দক্ষতা এবং বিপুল জ্ঞান সংগ্রহেও সক্ষম হয়েছিলেন এই গুণী। এই বাস্তব শিক্ষাই জীবনকথা রচনার ভাষাগত যোগ্যতাও এনে দিয়েছিল তাঁকে।
সাধনাধন্য রামকানাই দাশকে পরম শ্রদ্ধাভরে স্মরণ করি। অন্তরে তাঁর স্মৃতি চির-অমলিন থাকবে।