গুপ্ত চিকিৎসা-পদ্ধতির খোঁজে
পাহাড়ি জনগোষ্ঠী তাদের শত বছরের পুরোনো চিকিৎসা-পদ্ধতি বরাবর নিজেদের মধ্যে কঠোর গোপনীয়তায় সংরক্ষণ করে এসেছে। বাইরের কাউকেই এই জ্ঞান তারা কখনোই জানতে দেয়নি। খন্দকার মো. ইসমাইল নামের এক গবেষক দীর্ঘ চেষ্টায় সেই জ্ঞান পাহাড়িদের কাছ থেকে উদ্ধার করতে পেরেছেন। বাত, হাঁপানি, ডায়াবেটিস, জ্বর, গলাব্যথা—এই রোগগুলো সবার কাছেই অতি পরিচিত। এবং আমরা জানি এসব রোগের হাত থেকে বাঁচার জন্য প্রচলিত চিকিৎসার শরণ নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। শহরে এসব রোগের জন্য আছে প্রশিক্ষিত ডাক্তার। কিন্তু যারা পাহাড়ে থাকে তাদের জন্য এসব চিকিৎসায় সহায় বলতে তাদের হাজার বছরের পুরোনো চিকিৎসা-পদ্ধতি। বলার অপেক্ষা রাখে না তাদের এই পদ্ধতি বহু আগেই কালের পরীক্ষায় উত্তীর্ণ। শত বছর ধরে সরল-জটিল সব রোগের চিকিৎসা আদিবাসীরা কার্যকরভাবে করে আসছে তাদের নিজস্ব পদ্ধতিতেই। এ জন্য তাদের কখনই কোনো শহুরে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়েনি। এবং দীর্ঘদিন ধরে সযত্নে লালিত এই চিকিৎসা-পদ্ধতি তাদের একান্ত নিজস্ব ও গোপন। এই জ্ঞান পাহাড়ি জনগোষ্ঠীর বাইরে তারা কখনোই যেতে দেয়নি। কঠোর গোপনীয়তায় তারা তা সংরক্ষণ করে এসেছে এত দিন। আদিবাসীদের গুপ্ত চিকিৎসা নিয়ে সমতলের মানুষের মধ্যে কৌতূহল ছিল বরাবর। সেই কৌতূহল থেকেই একদল গবেষক পাহাড়ি জনগোষ্ঠীর এই চিকিৎসা জ্ঞান জানার জন্য নিরলস চেষ্টা করেছেন। এবং শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় সফল হয়েছেন তাঁরা। তাঁদের মাধ্যমেই এই প্রথম আদিবাসীদের চিকিৎসা-পদ্ধতির কিছু অংশ বাইরের মানুষের দুয়ারে পৌঁছাল। আর এই গবেষক দলটির নেতৃত্বে ছিলেন যে বিজ্ঞানী ও গবেষক তাঁর নাম খন্দকার মো. ইসমাইল হক। যিনি শত প্রতিবন্ধকতার মুখেও হাল ছাড়েননি, দমে যাননি।আদিবাসীরা তাদের চিকিৎসাশাস্ত্র সম্পর্কে কারও কাছে মুখ খোলা তো দূরে থাকুক, জীবন দিয়ে এর গোপনীয়তা রক্ষা করে গেছে প্রজন্মের পর প্রজন্ম, কিন্তু এই জ্ঞান আহরণের জন্য খন্দকার মো. ইসমাইলের নিষ্ঠা ও একাগ্রতা দেখে শেষ পর্যন্ত সহূদয় কজন আদিবাসী তাঁদের হাজার বছরের সংরক্ষিত জ্ঞানের দুয়ার খুলে দেন। আহরিত সেই জ্ঞান নিয়েই খন্দকার মো. ইসমাইল লেখেন সমতলের মানুষের জন্য প্রথম আদিবাসীদের চিকিৎসাশাস্ত্রের বই। এ বইয়ে রোগ নিরাময়কৃত উদ্ভিদের নাম, গুণাগুণ, কোথায় পাওয়া যায়, পরিবেশগত প্রাচুর্যসহ আরও দরকারি সব তথ্য তিনি সন্নিবেশ করেছেন। শুরুর দিনগুলোখন্দকার মো. ইসমাইল ঢাকার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) গবেষণাগার থেকে একই প্রতিষ্ঠানের চট্টগ্রামের পরিচালক হিসেবে বদলি হলেন ২০০০ সালের এপ্রিল মাসে। প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর এ অঞ্চলে এসেই নানা ধরনের ভেষজ উদ্ভিদ নিয়ে তাঁর কাজের ক্ষেত্র সত্যিকার অর্থে বিস্তৃত হয়। খন্দকার মো. ইসমাইল বলেন, ‘মাটি ও আবহাওয়ার গুণের কারণেই এ দেশের আনাচে-কানাচে অসংখ্য ঔষধি উদ্ভিদ জন্মে, যেসব উদ্ভিদের গুণাগুণ ব্যবহার করছে মানুষ।’ তিনি জানান, উদ্ভিদের ভেষজ গুণাগুণ সবচেয়ে বেশি কাজে লাগায় বিভিন্ন উপজাতি।চট্টগ্রামে এসে নিজের লক্ষ্য স্থির করেন খন্দকার মো. ইসমাইল। ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণার কাজে বেশি করে মনোযোগী হয়ে ওঠেন তিনি। পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেন।আদিবাসীদের সঙ্গেএই পর্যায়ে তিনি একটি দল তৈরি করেন, যে দলে ছিলেন উদ্ভিদবিজ্ঞানী আবদুল ওয়াহাব ও মো. ইউসুফ। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় চাকমা, মারমা ও তঞ্চঙ্গ্যা (ত্রিপুরা) আদিবাসীদের সঙ্গে এ নিয়ে কথা বলার চেষ্টা করেন তিনি। কিন্তু তাঁর এই ডাকে প্রথমে কেউ সাড়া দিলেন না। উল্টো ভয়ভীতি দেখাতে লাগলেন। খন্দকার মো. ইসমাইল বলেন, ‘আমরা দমে যাইনি। শেষে আমাদের ইচ্ছার কথা আদিবাসী রাজাদের গিয়ে বলি।’এই প্রচেষ্টা বেশ কাজে দেয়। খাগড়াছড়ি আদিবাসী রাজা রাজীব রায় চৌধুরী, বান্দরবানের রাজা অংশুপ্র রায় চৌধুরী ও রাঙামাটি জেলার রাজার বাড়িতে গিয়ে নিজেদের ইচ্ছার কথা জানান খন্দকার মো. ইসমাইল। তিনি তাঁদের বলেন, আদিবাসীরা যে চিকিৎসা-পদ্ধতি ব্যবহার করে, তা নিয়ে গবেষণা করে তা সংরক্ষণ করতে চান তিনি। সেই দিনগুলোর বিভিন্ন ছবি দেখাতে দেখাতে খন্দকার মো. ইসমাইল বলেন, ‘রাজারা আমাদের কথা গুরুত্বের সঙ্গে শুনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন।’ তারপর পুরোদমে কাজে লেগে গেলেন খন্দকার মো. ইসমাইল ও তাঁর দল। আদিবাসীরা যুগ যুগ ধরে রোগ নিরাময়ের জন্য কোন কোন উদ্ভিদ ব্যবহার করে আসছে—এই তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন আদিবাসীর সাক্ষাৎকার গ্রহণ করে সেগুলো লিপিবদ্ধ করতে শুরু করেন তাঁরা। একপর্যায়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার চাকমা, মারমা ও তঞ্চঙ্গ্যা আদিবাসীদের দোভাষী গাইডদের সহযোগিতায় বিভিন্ন এলাকার আদিবাসীদের চিকিৎসকের সঙ্গে কথা বলেও বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এ সময়ে বিভিন্নভাবে আদিবাসীদের আস্থা অর্জন করেন খন্দকার মো. ইসমাইল। তিনি বলেন, ‘আমরা তাঁদের বোঝাতে সক্ষম হই যে আপনাদের কোনো ক্ষতি করতে নয়, চিকিৎসা-পদ্ধতির উপকার সবাইকে জানাতে চাই।’ বিভিন্ন স্থান থেকে ভেষজ গুণসম্পন্ন দুর্লভ প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করে ২০০১ সালের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ির পানখাইয়াপাড়ায় তিনি একটি ভেষজ বাগান তৈরি করেন। এভাবে কাজ চালাতে গিয়ে একসময় তিনি খোঁজ পেয়ে যান আদিবাসীদের নিজস্ব চিকিৎসা-পদ্ধতির বই আদিবাসী ফার্মাকোপিয়ার।চিকিৎসা-পদ্ধতির খোঁজেপার্বত্য এলাকার চাকমা, মারমা, মুরং, কুকি, তঞ্চঙ্গ্যাসহ ১৪টি উপজাতি আদিবাসীর চিকিৎসা-পদ্ধতিতে এই ফার্মাকোপিয়া ব্যবহার করা হয়। চাকমা, মারমা ও তঞ্চঙ্গ্যা ফার্মাকোপিয়া থেকে বিভিন্ন অংশ উদ্ধার করার কাজে, আঞ্চলিক ভাষায় লেখা ওই শাস্ত্রের ভাষা বোঝার জন্য তিনি দোভাষী আদিবাসীদের সহায়তা নেন। খন্দকার মো. ইসমাইল বলেন, ‘আদিবাসীদের চিকিৎসাশাস্ত্র ফার্মাকোপিয়া হাতে পাওয়া ছিল এক বিরাট ঘটনা। এটি তারা কখনোই কারও কাছে হস্তান্তর করে না। জীবন দিয়ে হলেও তারা এটি রক্ষা করে। ফার্মাকোপিয়ার বিভিন্ন ছবিও তুলেছেন খন্দকার মো. ইসমাইল। অতি প্রাচীন এই ফার্মাকোপিয়া ক্ষয়ে গিয়ে হলুদ হয়ে গেছে। এটি সংরক্ষণে উদ্যোগী হলেন তিনি। এরপর এর বেশ কিছু অংশ তিনি বাংলা ও ইংরেজিতে অনুবাদ করেছেন।কোন উদ্ভিদের কী গুণ, তা এখান থেকেই আরও পরিষ্কারভাবে জানতে পারেন তিনি।ফার্মাকোপিয়া থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে খন্দকার মো. ইসমাইল আমেরিকায় বড় মেয়ে চিকিৎসক ইশরাত আরা খন্দকারের সহায়তায় সেখানকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এবং অস্ট্রেলিয়ার মনাশ ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে গিয়ে ওই সব ভেষজ উদ্ভিদ নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে একটি পুস্তক রচনা করেন।বইয়ের পাতায় ভেষজ গুণাবলিযে বয়সে মানুষ নিজের অবসরের কথা চিন্তা করে, একটুখানি নিরিবিলিতে থাকতে চায়, সেই বয়সেও যেন অনেক তরুণ খন্দকার মো. ইসমাইল। আদিবাসীদের চিকিৎসাশাস্ত্র ফার্মাকোপিয়া থেকে অর্জিত বিভিন্ন জ্ঞান নিয়ে বই লিখেছেন। মেডিসিন্যাল নলেজ অ্যান্ড প্লান্টস অব চিটাগং হিল ট্র্যাকস, বাংলাদেশ নামের এই বইটি এখনো পাণ্ডুলিপি আকারে রয়েছে। এতে ১০০ ভেষজ উদ্ভিদের চাকমা, মারমা ও তঞ্চঙ্গ্যা নাম, রঙিন ছবিসহ উদ্ভিদের বর্ণনা, ব্যবহারবিধি, এসব উদ্ভিদ প্রজাতি থেকে দেশ-বিদেশের বিজ্ঞানী কর্তৃক আহরিত কেমিক্যাল কম্পাউন্ডের নাম, পরিবেশগত প্রাচুর্য, জন্মস্থান, ফুল ও ফল ধরার সময় ইত্যাদি তথ্য লেখা আছে। ৪২০ পৃষ্ঠার এই বইতে তিন আদিবাসী গোষ্ঠীর ফার্মাকোপিয়ার অবিকল অংশও আছে। বইটিতে রেফারেন্স আছে, বিভিন্ন জার্নালসহ লেখকের নামের সঙ্গে আছে গবেষকদের নামও। ইংরেজি ভাষায় বইটি দেখাতে দেখাতে খন্দকার মো. ইসমাইল বলেন, ‘এই বইটি ইংরেজিতে লেখার পর বাংলায় লেখার কাজ করছি।’ তিনি জানান, এই বইতে যে জ্ঞান আছে তা কাজে লাগিয়ে ডায়রিয়া, ডায়াবেটিস, জ্বর, মাথাব্যথা, হেপাটাইটিস, অ্যাজমাসহ আরও অনেক রোগের চিকিৎসা করা সম্ভব। দেশের ভেষজ চিকিৎসার উন্নতি যেমন ঘটানো সম্ভব, তেমনি সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মাধ্যমে খন্দকার মো. ইসমাইলের লেখা বইটির বিষয়ে মতামত জানতে চাইলে বিসিএসআইআর, ঢাকার সাবেক সদস্য পরিচালক বিজ্ঞানী আবদুল খালেক একটি চিঠির মাধ্যমে মন্তব্য লিখতে গিয়ে বলেছেন, ‘বইটি পাহাড়ি ভেষজ চিকিৎসা-সংক্রান্ত ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে অনবদ্য ভূমিকা পালন করবে এবং বইটি ইংরেজিতে লিখিত বলে ভেষজ ওষুধ তৈরি ও চিকিৎসাবিষয়ক গবেষণা ও উন্নয়নে রেফারেন্স বই হিসেবে বিদেশি গবেষকদের কাছেও সমাদৃত হবে।খন্দকার মো. ইসমাইলের লেখা বইটি সম্পর্কে জিজ্ঞাসা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান মুনিরা আহসান বলেন, ‘বইটি আমি পড়েছি। লেখক অনেক দুর্গম অঞ্চলে গিয়ে পরিশ্রম করে এটি লিখেছেন। এটি অনেক দরকারি তথ্যসমৃদ্ধ এবং গবেষণার কাজে অনেক সহায়ক ভূমিকা পালন করবে।’ বইটি ভালোভাবে ছাপিয়ে সংরক্ষণ করা উচিত বলেও মনে করেন তিনি।নিজের বিভিন্ন স্বপ্নের কথা বলতে গিয়ে খন্দকার মো. ইসমাইল বলেন, ‘দেখুন, আমার অনেক বয়স হয়েছে। নিজের মধ্যে থাকা জ্ঞান তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি যে কাজগুলো করছি, তা দেখে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে এই-ই চাওয়া।’একনজরে খন্দকার মো. ইসমাইলখন্দকার মো. ইসমাইল ১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে সিতাইকুণ্ড উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে প্রথম বিভাগে, ১৯৬৩ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আইএসসি, ১৯৬৫ সালে বিজ্ঞানে স্নাতক পর্যায়ে এবং ১৯৬৭ সালে রসায়নে এমএসসি পর্যায়ের পড়াশোনা শেষ করেন। ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের একমাত্র রসায়ন গবেষণাগার ইস্ট রিজিওনাল ল্যাবরেটরিজের (বর্তমানে বিসিএসআইআর) কেমিক্যাল রিসার্চ ডিভিশনে গবেষণা রসায়নবিদ হিসেবে যোগ দেন। দীর্ঘ ৩৫ বছর একই প্রতিষ্ঠানে গবেষণাকাজ পরিচালনা শেষে ২০০৩ সালে বিসিএসআইআরের গবেষণাক্ষেত্রে পরিচালক পদ থেকে অবসর নেন। তাঁর গবেষণায় উদ্ভিদ থেকে যৌগ শনাক্ত করা এবং এগুলোর পারমাণবিক বিন্যাসসহ এর গাঠনিক সংকেত নির্ণয় করার গবেষণা করেছেন তিনি। উদ্ভিদ থেকে বিভিন্ন চিকিৎসা-পদ্ধতি নিয়ে লিখেছেন একাধিক বই। দেশ-বিদেশের বিভিন্ন সাময়িকীতেও তাঁর উদ্ভিদ চিকিৎসাবিষয়ক লেখা প্রকাশিত হয়েছে।