ডক্টর ফস্টাস-এর লেখক ক্রিস্টোফার মার্লো ইংরেজি সাহিত্যের অন্যতম রহস্যময় ব্যক্তি। তাঁর জীবন, লেখা ও মৃত্যু নিয়ে নানা রকম গল্প প্রচলিত। এসবের কোনটা সত্য, কোনটা মিথ্যা, তা আলাদা করা মুশকিল। একেবারে শেক্সপিয়ারের সমবয়সী এই নাট্যকার অল্প বয়সে মারা যান। ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথের শাসনামলেই তাঁর জন্ম ও মৃত্যু।
মার্লোর ব্যাপারে তখনকার দিনে প্রচলিত বিচিত্র ধারণাগুলোর একটা হলো, তিনি জীবনের একটা সময় রানি এলিজাবেথের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। যদিও সরাসরি রানির সঙ্গে তাঁর যোগাযোগের আভাস পাওয়া যায় না, তবে প্রচলিত ধারণামতে, তিনি ফ্রান্সিস ওয়ালসিংহাম নামের একজনের হয়ে কাজ করতেন। এই ওয়ালসিংহামের সরাসরি যোগাযোগ ছিল রানি এলিজাবেথের সঙ্গে।
এই ধারণা আরও পাকাপোক্ত হয় যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাঁর মাস্টার্স ডিগ্রি স্থগিত করে। তখন সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ে মার্লোর পক্ষে সুপারিশ করা হয়, জানানো হয় ক্রিস্টোফার মার্লো রাষ্ট্রকে কোনো এক সময় ‘বিশেষ সহযোগিতা’ করেছেন।
সূত্র: ইন্টারেস্টিং লিটারেচার ডটকম
গ্রন্থনা: আব্দুল্লাহ আল মুক্তাদির