গুরুত্বপূর্ণ সালতামামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদপত্রে বাংলাদেশ: ‘প্রথম আলো’র নির্বাচিত সংবাদ সংকলন ২০১২
সংবাদপত্রে বাংলাদেশ: ‘প্রথম আলো’র নির্বাচিত সংবাদ সংকলন ২০১২

সংবাদপত্রে বাংলাদেশ: ‘প্রথম আলো’র নির্বাচিত সংবাদ সংকলন ২০১২
সম্পাদনা: সালাহ্‌উদ্দীন আহমদ
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
৪৮০ পৃষ্ঠা, দাম: ৪৫০ টাকা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত রাজনৈতিক ভাষ্যকার ওয়াল্টার লিপম্যান বিংশ শতকের পাঁচের দশকে যথার্থই বলেছিলেন, ‘যে জাতি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ, সে জাতির উন্নতির অন্তরায়গুলো খুবই সাময়িক।’ আমাদের মতো উন্নতিকামী দেশগুলোর সামগ্রিক প্রেক্ষাপটে কথাটা খুবই স্মরণযোগ্য। বিশেষত সেই সময়, যখন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে নানা কটুকাটব্যে দেশ কিছুটা হলেও মুখর। সংবাদপত্রে বাংলাদেশ সংকলনগ্রন্থের আলোচনায় কথাটা মনে এল খুবই প্রাসঙ্গিকভাবে। প্রথম আলো তার জন্মের পর পার করেছে পনেরোটি বছর। এ যাবৎ দৈনিকটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পরিবেশনে যে সাহসী দৃষ্টান্ত হাজির করেছে বিভিন্ন মহলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, নির্বাচিত হলেও, এই সংকলন থেকে তার সুস্পষ্ট পরিচয় পাওয়া যাবে। ফলে খুব স্বাভাবিকভাবেই সংকলনটি হয়ে উঠেছে আমাদের সমাজের একটি নির্দিষ্ট কালগত পরিসরের স্বচ্ছ দর্পণ।
সংকলনটি মোট আঠারোটি অধ্যায়ে বিভক্ত। এই অধ্যায়গুলোয় প্রথম আলোয় ২০১২ সালজুড়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলোই কেবল সংকলিত করে পরিবেশন করা হয়েছে। পত্রিকার সম্পাদক এই বইয়ের মুখবন্ধে বলেছেন, ‘প্রকাশিত সংবাদের একটা বড় অংশেরই তাৎক্ষণিক বা সাময়িক মূল্য থাকে, যা একটা নির্দিষ্ট সময়ের পর কোনো গুরুত্ব বহন করে না। তবে কিছু সংবাদ থাকে যা সমাজকে জয় করতে পারে এবং ইতিহাসের অংশ হয়ে যায়। এসব পুরোনো সংবাদ থেকেই অতীতকে জানা যায়। পুনর্গঠন করা যায় জাতীয় ইতিহাস। এ ছাড়া অতীতের এই সংবাদ থেকে আমাদের অতীত ভুলত্রুটি ও সাফল্য-ব্যর্থতা সম্পর্কে জানা যায়। যার সাহায্য নিয়ে ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়া সম্ভব।’
আমাদের দেশে বা এই উপমহাদেশে কোনো সাময়িকী বা সংবাদপত্রের মালমসলার বাছাই করা সংকলন বের করা হয় সাধারণত সেগুলোর মৃত্যুর বহুকাল পরে। এ রকমের দৃষ্টান্ত একেবারে বিরল নয়। তবে এখনো বহাল তবিয়তে থাকা কোনো দৈনিক পত্রিকায় প্রকাশিত বাছাই করা সংবাদের সংকলনগ্রন্থ সম্ভবত এই প্রথম। সত্যিকার অর্থেই এ এক উজ্জ্বল দৃষ্টান্ত। যাঁরা অনুসন্ধিৎসু গবেষক অথবা প্রথম আলোর ফাইল নয়, রেফারেন্সের স্বার্থে তাতে প্রকাশিত কেবল গুরুত্বপূর্ণ সংবাদগুলোর কোনো সংকলন সংগ্রহে আগ্রহী, বর্তমান গ্রন্থটি তাঁদের অশেষ কাজে লাগবে। বাংলাদেশে কোনো সংবাদপত্রের জীবদ্দশায় তার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষস্থানীয়রা এ জাতীয় কাজ এর আগে করেছেন বলে জানা নেই। সে বিচারে বর্তমান সংকলনগ্রন্থটি রীতিমতো একটা নজিরই সৃষ্টি করল।
২০১২ সালে আমাদের সমাজ ও রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে কী কী ঘটনা ঘটেছিল, তার যদি একটা হদিস কেউ পেতে চান, ঠায় বসে তাঁরা এ বইয়ের সুবাদে সেটা পেয়ে যাবেন।

সম্পাদক তাঁর মুখবন্ধে এ জাতীয় সংকলনের গুরুত্বের কথা তুলে ধরে বলেছেন, প্রথম আলোয় প্রকাশিত বাছাই সংবাদের সংকলনের এখানেই শেষ নয়। যদি তা-ই হয়, তাহলে এর পরে শুধু ২০১৩ সালের নয়, ১৯৯৮ সাল পরবর্তী প্রতিটি বছরের প্রথম আলোয় প্রকাশিত বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ সংকলনগ্রন্থের প্রত্যাশী আমরা। এবং এ ধারাটি অব্যাহত থাকলে পাঠক ও গবেষক হিসেবে আমরা অশেষ উপকৃত হব।
এ গ্রন্থে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের মুখবন্ধটি সুলিখিত। গ্রন্থের সম্পাদক জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ তাঁর দুই সহযোগী মুহাম্মদ লুৎফুল হক ও আজিজুল ইসলাম সহযোগে সত্যিকার অর্থেই এক গুরুদায়িত্ব পালন করেছেন। তাঁর ‘সংবাদপত্রের ইতিহাস: গোড়ার কথা’ শিরোনামী দীর্ঘ ভূমিকাটি সুলিখিত। সংকলনটির উপযোগিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, এতে ‘বছরের আলোচিত এবং ঐতিহাসিক গুরুত্ব সংবলিত সংবাদগুলোর সংকলন করা হয়েছে, যাতে বহু বছর পরও কোনো সমাজতাত্ত্বিক, নৃবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং গবেষক চটজলদি বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারেন।’ এ রকম একটি গ্রন্থ সম্পাদনার জন্য তিনি আমাদের প্রত্যেকের ধন্যবাদার্হ।