গোলাকার প্রভু

ফুটবলের জাদুছন্দে লাতিন আমেরিকার লেখকরাও মোহিত। তাঁদের বিভিন্ন লেখাজোকায় গোল বলের জন্য বারবার প্রকাশ পেয়েছে অন্য রকম আকুলতা। ফুটবলকে কী রকমভাবে অনুভব করেন লাতিন আমেরিকান লেখকরা?
তৃতীয় শতকে রচিত কারপাস হারমেতিকাম -এর একটি বাক্য ধার করে দ্বাদশ শতকের ফরাসি ধর্মতাত্ত্বিক আলাঁ দ্য লিল একবার বলেছিলেন যে ‘গড ইজ অ্যান ইন্টেলিজিবল স্ফিয়ার’, অর্থাৎ ‘ঈশ্বর হচ্ছেন এক বোধগম্য গোলক’। ধর্মতাত্ত্বিক দার্শনিকদের খাঁচা থেকে এই ধারণাকে বের করে লাতিন আমেরিকার এই প্রজন্মের লেখক হুয়ান বিয়োরো, যিনি স্প্যানিশভাষী ফুটবলমোদীদের কাছে অত্যন্ত সুপরিচিত, তিনি প্রায় প্রতিধ্বনি করেই এ যুগে এসে ঘোষণা দিলেন: ‘ঈশ্বর গোলাকার’। তবে প্রতিধ্বনির মতো শোনালেও মহাবিশ্বের গোলাকার পরিমণ্ডল থেকে আত্মসাৎ করে একই ঈশ্বরকে তিনি ছড়িয়ে দিলেন ফুটবলের মাঠে। জয়পরাজয়ের এই ঈশ্বরের নাম ‘ফুটবল’।
ফুটবল নিয়ে মানুষের প্রবল মত্ততা, উন্মাদনা লক্ষ করলে হুয়ান বিয়োরোর এই অভিধাকে অগ্রাহ্য করার উপায় নেই। কেবল হুয়ানই নন, লাতিন আমেরিকার একালের প্রায় সব সেরা লেখকই কোনো না কোনোভাবে ফুটবল আক্রান্ত।
ফুটবল নিয়ে ভাবনা ও মন্তব্যের কারণে লাতিন আমেরিকার জনপ্রিয় ঔপন্যাসিক গাব্রিয়েল গারসিয়া মার্কেসের কথাই বোধ হয় সবাই প্রথমে স্মরণ করবেন। ফুটবল আর বেসবলের তিনি এতই অনুরাগী ছিলেন যে ছেলেবেলায় চামড়ার ফুটবলের পরিবর্তে ত্যানার গোলক বানিয়ে খেলেছিলেন লাতিন আমেরিকার অসংখ্য বিত্তহীন কিশোরের মতো। এ লেখকের আত্মজীবনী যাঁরা পড়েছেন তাঁরা নিশ্চয় খেয়াল করেছেন কম করে হলেও বিশবার এসেছে ফুটবল প্রসঙ্গ।
আত্মজীবনীর এক জায়গায় তিনি জানিয়েছেন, ভালো গোলরক্ষক পর্যন্ত হয়েছিলেন। একবার তলপেটে বেশ ব্যথাও পেয়েছিলেন ছুটন্ত বল ধরতে গিয়ে। সাংবাদিক–জীবনে ফুটবল নিয়ে লিখেছেনও পত্রপত্রিকায়। ব্রাজিলিয়ান খেলোয়াড় এলেনো দে ফ্রেইতাসের দক্ষতায় চমৎকৃত হয়ে একবার তিনি বলেছিলেন, এলেনোর পরিমাপ ক্ষমতা এবং অনুসন্ধানী শান্ত গতিবিধি গোয়েন্দা উপন্যাসের কোনো লেখকের বৈশিষ্ট্যের মতো।
মার্কেসের বন্ধু, পরে শত্রু হিসেবে বিবেচিত লেখক মারিও বার্গাস য়োসাও ফুটবলের এক মহাপ্রেমিক। বিশ্ববিদ্যালয়-জীবনে খেলেছেনও একটি ফুটবল দলের পক্ষে। এমনকি তিনি যখন লাতিন আমেরিকার প্রথমসারির ঔপন্যাসিক ও গল্পকার হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তখনো এড়াতে পারেননি ফুটবলের প্রবল আকর্ষণ। ১৯৮২ সালে স্পেনে যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, ফুটবল বিষয়ে লেখার জন্য প্রবল আবেগে ছুটে গেছেন বার্সেলোনার মাঠে। আর এই লেখকই ফুটবল নিয়ে সাধারণ মানুষের প্রবল মত্ততাকে দেখেছিলেন সেই দৃষ্টিকোণ থেকে, যা একসময় কেবল ধর্মীয় উপলক্ষেই মানুষ প্রকাশ করত বেপরোয়া আকর্ষণ ও উন্মত্ততায় তাড়িত হয়ে। কিন্তু আজকের দুনিয়ার মানুষ ফুটবলের জন্য যে রকমভাবে আবেগ ও মরিয়া অভিব্যক্তিকে তুলে ধরে তা প্রায় যুক্তিরহিত এক মানসিক অবস্থারই সমকক্ষ। তাই বার্গাস য়োসার দ্বিধাহীন উক্তি হচ্ছে: ‘ফুটবল হচ্ছে ঈশ্বরনিরপেক্ষ এক ধর্ম। আগের যুগে কেবল ধর্মগুলোই এই ধরনের অযৌক্তিক ও সম্মিলিত অভিব্যক্তিকে তুলে ধরত। আর এখন, একদা যা ছিল ধর্মের আদিরূপ তা আজ হয়ে উঠেছে আমাদের
কালের এক ঈশ্বরনিরপেক্ষ ধর্ম।’
ফুটবল নিয়ে নিজের বিশ্ববিদ্যালয়-জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে বলেছিলেন, ‘ভালো ফুটবল খেলোয়াড় আমি কখনোই ছিলাম না। কিন্তু আমার গভীর উৎসাহ দক্ষতার অভাবকে পুষিয়ে দিয়েছিল। আমার জীবনের একটি সুখী দিন ছিল সেই রোববার, যেদিন আমাদের পাড়ার নামকরা খেলোয়াড় তোতো তেররি আমাকে মিউনিসিপাল স্পোর্টসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় স্পোর্টস বিভাগের কালিঞ্চে দলের হয়ে খেলার জন্য জাতীয় খেলার মাঠে নিয়ে যায়। মাখনরঙা পোশাক পরে বিশাল মাঠে আত্মপ্রকাশ করাটা কি পৃথিবীতে কারও জন্য একটা বিরাট ব্যাপার ছিল না?’
লাতিন আমেরিকার আরেক বিখ্যাত লেখক কার্লোস ফুয়েন্তেসও ফুটবলের জনপ্রিয়তার দিকটিকে উপেক্ষা করতে পারেননি। পারার কথাও নয়। মার্কেস ও বার্গাস য়োসার মতো প্রবল আবেগ নিয়ে এ বিষয়ে না লিখলেও এটা অন্তত স্বীকার করেছেন, ফুটবল যুদ্ধকে ঠেকায়, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের চেয়ে বরং খেলার মাঠে লাথি মারাকেই অনেক বেশি ভালো কাজ বলে মনে করতেন তিনি।
তবে লাতিন আমেরিকার, আরও সুনির্দিষ্টভাবে বলা যায় আর্হেন্তিনার, যে আর্হেন্তিনার বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে ফুটবলের জন্য, ফুটবলের রাজা মারাদোনা ও মেসির জন্য, সেই দেশেই কিনা হোর্হে লুইস বোর্হেসের মতো বিশ্বখ্যাত লেখক, প্রবল উপেক্ষা, কটূক্তি আর নাস্তিবচনে ফুটবল নামক সবচেয়ে জনপ্রিয় খেলাটিকে নিষ্ঠুর ও নির্মম ভঙ্গিতে লাথি মেরে বের করে দিয়েছেন তাঁর আগ্রহের মাঠ থেকে। বিভিন্ন সময় সাক্ষাৎকার ও মন্তব্যে তিনি ফুটবল নিয়ে এমন সব কথা বলেছেন, যা ফুটবলপ্রেমীদের ক্ষোভ উসকে দিতে পারে অনায়াসেই। কোনো রকম রাখঢাক ছাড়াই একবার বলেছিলেন, ‘ফুটবল জনপ্রিয়, কারণ বোকামি জনপ্রিয়।’ কিংবা অন্যত্র এই কথাকেই একটু ঘুরিয়ে বলেছেন এভাবে, ‘বোকামির চেয়ে জনপ্রিয় আর কিছু নেই।’ ‘এগারো জনের বিরুদ্ধে এগারো জন খেলোয়াড় একটা বলের পেছনে দৌড়াচ্ছে—এটা এমন কী সুন্দর ব্যাপার!’
বোর্হেসের গৃহপরিচারিকা এপিফানিয়া উবেদা দে রোবলেদো বোর্হেসকে নিয়ে একটি বই লিখেছেন। সেখানে ফুটবল নিয়ে বোর্হেসের একটা ঘটনার উল্লেখ করেছেন তিনি। সিজার লুইস মেনোত্তি তখন আর্হেন্তিনার ফুটবল জগতের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব, খুবই জনপ্রিয়। এই মেনোত্তি একবার বোর্হেসের সাক্ষাৎকার নেওয়ার জন্য তাঁর বাসায় এলেন। ফানির ভাষায়: বোর্হেসের একটি উদ্ধৃতি দিয়ে তাঁর প্রশ্ন শুরু করলেন মেনোত্তি। উদ্ধৃতিটি ছিল এই যে বোর্হেস নাকি বলেছিলেন, ফুটবল নির্বোধদের খেলা।
ঘাবড়ে না গিয়ে উত্তর দিলেন বোর্হেস, আসলে তিনি ঠিক সেভাবে কথাটি বলেননি। তিনি বলতে চেয়েছেন, ‘ফুটবল ভীষণ তুচ্ছ খেলা। আমরা হল্যান্ডকে পরাজিত করেছি—যদি কেউ এ রকম বলে তাহলে সেটা আমার কাছে ভীষণ বেখাপ্পা মনে হয়। আমরা রটারডাম বা আমস্টারডাম কিংবা তাদের দেশাত্মবোধের বিষয়গুলো বিবেচনায় নিই না। কেবল এগারো জন খেলোয়াড় বিপরীত দলের এগারো জনের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। এই বিজয়ের কী গুরুত্ব থাকতে পারে?’
লাতিন আমেরিকার একমাত্র ফুটবল-নাস্তিক বোর্হেসের এসব মন্তব্যকে সাধারণ মানুষ যে থোড়াই কেয়ার করে তা তো আমরা স্বচক্ষেই দেখতে পাচ্ছি। গোলাকার ঈশ্বরের প্রতি মানুষের মত্ততা যে আগের তুলনায় দুর্বার গতিতে বাড়ছে তা অস্বীকারের উপায় নেই। পত্রিকাগুলোও আজ ফুটবলের আস্তিকতাকে তোয়াজ করে চলে বলে প্রতিদিন একাধিক পাতায় ফরাস পেতে দিচ্ছে ফুটবলমোদীদের জন্য। ফুটবল আজ, হুয়ানের অব্যর্থ অভিধায় ‘গোলাকার ঈশ্বর’ই বটে।