গোধূলির কাছে ক্ষমা প্রার্থনা
ছেলেটার নাম জানি না।সামনাসামনি কখনো কথাও হয়নি। কিন্তু ওকে আমি চিনি। সেও আমাকে চেনে।দুটো পাশাপাশি ছাদের কল্যাণে আমাদের এই চেনাচেনি।প্রায়ই ও ছাদে উঠত, হাওয়া খাওয়ার জন্য। নির্দিষ্ট কোনো নিয়ম করে নয়। কখনো সকালে, কখনো বিকেলে। বিল্ডিংটাও ওদের নিজস্ব। যখন খুশি উঠতে পারে। আমরা এই বিল্ডিংয়ে ভাড়া থাকার কারণে বাড়িওয়ালা নিজের ইচ্ছেমতো ছাদে তালা লাগিয়ে দেওয়ার প্রতিবাদ করতে পারতাম না। শেষে নিজ বুদ্ধি এবং জমানো গোপন তহবিলের সবটা খরচ করে ছাদে ছয়টা টব এনে ফুলগাছ লাগালাম, আর প্রতিদিন নিয়ম করে ছাদে ওঠার একটা স্থায়ী ছুতো বের করে ফেললাম। এর পর থেকে প্রতিদিন বিকেলে বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে ছাদের তালা খুলে গাছ দেখাশোনার ছুতোয় যেতাম ছেলেটাকে একনজর দেখতে।আমি তখন উনিশ। প্রেম শব্দটাই আমার কাছে অন্যরকম একটা রহস্য। সেই রহস্যের টানে শেষ বিকেলের নরম আলোয় প্রতিদিন চোখাচোখি চলতে লাগল আমাদের। প্রতিদিন আমি হারিয়ে যেতাম অন্য কোথাও।হারানো নিজেকে যখন খুঁজে পেতাম, তখন দেখতাম—ছেলেটায় আর আমায় এই বাড়ি দুটোর মতোই প্রভেদ। আমি দেখতে কালোকুলো। মৃত বাবার পেনশনের টাকায় আমাদের সংসার চলে। হালফ্যাশনের শার্ট-কামিজ আর স্ট্রেইট চুলের হালফ্যাশন আমার নেই। ওই রাজপুত্রের মতো ছেলেটার সঙ্গেও তাই প্রেমের যোগ্যতাও নেই। তাই ছাদ ছেড়ে নেমে আসার সময় প্রতিদিনই একটা করে দীর্ঘশ্বাস ছেড়ে আসতাম শ্রান্ত গোধূলির কাছে।এভাবে টানা দুই মাস চলার পর গত সপ্তাহেই ঘটল আসল ব্যাপারটা। আড়চোখে ছেলেটাকে দেখেও না দেখার ভান করে টবের পরিচর্যা করছি, হঠাৎ শুনতে পেলাম ওর গলার আওয়াজ।‘এই যে, শুনছ?’আমি ওর কথার কোনো উত্তর দিই না। বোকা বোকা চেখে তাকিয়ে থাকি। গাঢ় আনন্দে চোখ ভিজে যাওয়ার উপক্রম হয়। ছেলেটা আমার সঙ্গে কথা বলছে! তুমি করে! তবে কি...তবে কি ভালোলাগার সঙ্গে সুন্দর-অসুন্দরের দ্বন্দ্ব নেই? আমাকে কি ওর ভালো লেগেছে? তাই কথা বলতে চাইছে?আমায় ক্ষমা কোরো গোধূলি। মিথ্যে এত দিন তোমার কাছে অসুন্দর হওয়ার আক্ষেপ করে এসেছি। আমি অপলক চেয়ে থাকি রাজপুত্রের দিকে। মাত্র দুটো রেলিংয়ের দূরত্ব। এত কাছে সে!‘এই বিল্ডিংয়ে থাক?’‘হু।’‘রোজ দেখি গাছের যত্ন নাও। গাছ খুব ভালোবাস বুঝি?’‘হু।’‘পড়?’‘হু।’‘হু ছাড়া কথা বলতে পার না?’‘পারব না কেন?’‘কিসে পড়?’‘ঢাবিতে। অর্থনীতি, অনার্স ফার্স্ট ইয়ার।’‘বাহ্! ভালো তো! আমি তোমার মতো এত ব্রেইনি নই বাপু! আমার ঠাঁই হয়েছে নর্থ সাউথে। বাসায় কে কে আছে তোমার?’চলতে থাকে। প্রতিদিন বিকেলে একে অন্যকে চেনাজানা আরও চলতে থাকে। তবু নামটা জানা হয়নি কখনো। কেন কে জানে? ও আমাকে কখনো জিজ্ঞেস করেনি। আমিও না। আর... নাম জানাটা বড় কথা নিশ্চয় নয়। তখন তো আমরা নিজেদের জানতে, একে অন্যের সুখ-দুঃখ জানতেই বড় বেশি ব্যস্ত ছিলাম।গতকাল ওর মা এসেছিল ছাদে। ছেলেটা হাতের ইশারা করে আমাকে দেখিয়ে দেখিয়ে কী যেন বলছিল ওর মাকে। ভেতরটা দুরু দুরু করতে থাকে আমার। আমায় ওর মাকে দেখিয়ে কী বলছে? জানার প্রচণ্ড ইচ্ছা হয়। কত শত সুখচিন্তা পাখা ঝাপটায় মনের অচেনা গলিতে। আমাকে ও ভালোবাসে? বিয়ে করতে চায়! ওর মাকে তাহলে দেখাচ্ছিল ভাবী পুত্রবধূকে?ওর মা সেদিন আমার দিকে চেয়ে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে চলে গেলেন। আমার বিস্ময় আরও প্রচণ্ডতা পায় যখন ছেলেটা এসে আমাকে বলল, ‘এই, তুমি কাল বিকেলে আমাদের বাসায় আস। মা তোমাকে আসতে বলল।’‘কেন?’‘আসতে হলে কারণ চাই বুঝি?’‘না না, তা কেন। অবশ্যই আসব।’এই যা! ড্রেসিং টেবিলের সামনে বসে বসে কী সব হাবিজাবি ভাবছি? সাড়ে তিনটা বেজে গেছে সেই কখন। চারটের মধ্যে ওদের বাসায় যাওয়ার কথা। আজ যে আমি ভালোবাসার চুক্তি করতে যাচ্ছি। ওর মা নিজে আমাকে ডেকেছেন। সময়মতো না গেলে কি চলে? আচ্ছা! কী পরে যাব? একটা ভালো পোশাকও তো নেই। পুত্রবধূর এমন হাল দেখলে... ছিঃ ছিঃ, কী সব ভাবা হচ্ছে?আমার সেরা পোশাকটা পরে, সঞ্চিত সস্তা প্রসাধনীতে নিজেকে হালকা সাজিয়ে, মাকে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে রওনা দিলাম ছেলেটার বাসায়।‘বাহ্! আজ তোমাকে খুব সুন্দর লাগছে তো!’ বলতে বলতে ও লাজুক মুখে দরজাটা খুলে দিয়ে ড্রয়িংরুমে বসাল আমাকে। ও ভেতরের ঘরের দিকে চলে যায়। আমি মূল্যহীন দরিদ্র চোখ মেলে সে-বাড়ির অমূল্য সৌন্দর্য দেখতে থাকি। নিজেকে কখনো ওই খ্রিস্টালের বিশাল পরীটার মতো মনে হলো। আবার কখনো মনে হলো দেয়ালে মাতিসের আঁকা ওই বিখ্যাত ছবি—ওড়নামুখো নারীটার মতো। তার পাশেই ফ্রেমে আঁটা ছেলেটার ফটো, ওতে চোখে পড়তেই কেমন লজ্জা পেয়ে যাই। মনের কল্পনায় ওই ছবিটার পাশে নিজেরও একটা ছবি দেখতে পাই।হঠাৎ একটা বয়স্ক নারীকণ্ঠ শুনতে পেলাম। ওর মা এলেন বোধ হয়।ঠিক তাই। হালকা ক্রিমরঙা গোলাপি পাড় শাড়ি পরা মা মা কোমল চেহারার এক মহিলার পিছু পিছু ছেলেটাও এসে ঢোকে ড্রইংরুমে। টুকটাক কথা বলার ফাঁকে ওদের কাজের বুয়া একগাদা নাশতা দিয়ে গেল। কোনোটাই মুখে তুলতে পারছি না। ভীষণ টেনশন হচ্ছে। মাথা নিচু অবস্থাতেই শুনতে পেলাম, ছেলেটা ওর মাকে বলছে, ‘না না! তুমিই বল মা।’‘সে কী কথা রে? তোর কথা তুই তো বলবি? এর মধ্যে আবার আমি কেন?’‘না মা, তুমিই বল।’ এ কথা বলেই ছেলেটা দ্রুত পায়ে ভেতরের ঘরের দিকে চলে যায়।আমি ভিজে যেতে থাকি। আমার বুকের ভেতরের বৃষ্টি আমাকে ভাসিয়ে নিতে চাইছে যেন। আমার মতো বাপ মরা কুলহীন মেয়েটা আজ এদের কাছের একজন হতে যাচ্ছে। এই ছেলেটা তার ভালোবাসা উজাড় করে দেবে আমাকে। এত ভালোবাসা আমি কোথায় রাখি?‘কী যেন নাম বললে মা তোমার?’‘সুমি।’‘হ্যাঁ হ্যাঁ, সুমি। শোন মা সুমি। যে কথাটা আমি তোমাকে বলতে যাচ্ছি, সেটা শুনে তুমি খুব খুশি হবে। আমার এই ছেলেটা বড় একা। বড্ড অন্যরকম। ভার্সিটির অতি আধুনিক বন্ধুবান্ধব ওর পছন্দ না। কারও সঙ্গে সহজ হতে পারে না। মেয়েদের সঙ্গে তো নয়ই। কিন্তু একমাত্র তোমাকেই ওর ভীষণ পছন্দ হয়েছে।’আমি মাথা নিচু করে চুপ করে থাকি। আমি জানতাম। আমাকে ওর পছন্দ হয়েছে, সেটা আমি অনেক আগে থেকেই জানতাম।‘মামণি? আসলে... যে কথটা তোমাকে বলতে চাইছি... কীভাবে বলি... আসলে যে কারণে ও কোনো বন্ধুর সঙ্গে মিশতে পারে না, সব সময় মানসিক কষ্ট নিয়ে থাকে, তার কারণ হলো—ও একটা... হারমোফ্রোডাইট!।’আমি চমকে উঠি! আমার রক্তকণারা চমকে ওঠে! আমার পুরো পৃথিবী চমকে ওঠে! সে হিজরা!চোখ থেকে চশমা খুলে কাচ পরিষ্কার করেন মহিলা। কেঁপে যাওয়া গলায় বললেন, ‘সে হিজরা বলে ওর বয়সী সবার ওপর ওর প্রতিকূল মনোভাব। ঠিক সহজ হতে পারে না কারও সঙ্গে। আমি অবাক হয়েছি, একমাত্র তোমার সঙ্গেই ও সহজ হতে পেরেছে। সে চায় তুমি ওর বন্ধু হও। অথবা আদরের ছোট্ট বোন। জান বোধ হয়, ওর কোনো বোনও নেই। তাই আমিও চাইছি তুমি ওর বোন হবে। আমার মেয়ে হবে। এই বাড়িতে যখন খুশি আসবে-যাবে। আর...পার আর না পার, আমার একটা কথাই শুধু রাখার চেষ্টা কোরো, আমার ছেলেটার একাকিত্ব তুমি দূর কোরো? মানসিক কষ্টের হাত থেকে ওকে রক্ষা কোরো! পারবে না?’আমি একশ একটা বজ্র মাথায় নিয়ে দেয়ালে ছেলেটার বিশাল ফটোটার দিকে তাকাই। আমি ওকে ভালোবাসি। ভীষণ ভালোবাসি। এই ভালোবাসা কখনো বন্ধুর ভালোবাসার পর্যায়ে পড়ে না। বোনের ভালোবাসার পর্যায়ে পড়ে না। কক্ষনো না!সেদিনের পর থেকে আর ছাদে যাইনি।আমার ছাদের গোলাপগুলো হয়তো এত দিনে শুকিয়ে গেছে। ছেলেটাও হয়তো প্রতিদিন ছাদে ওঠে। আমার মৃতপ্রায় গাছগুলোর দিকে চেয়ে চেয়ে আমারই প্রতীক্ষায় বসে থাকে। এখনো প্রতিদিন গোধূলিটা একবার করে হারিয়ে যায়। এখনো ছেলেটার নামটাও জানা হলো না।[email protected]