
‘ধর্মতত্ত্বসহ নানা সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের নতুন চিন্তার ক্ষেত্র হতে পারে। আলোকায়নের সূত্রে ইউরোপীয় আধুনিক জ্ঞানজগৎ যে দখলের পরিপ্রেক্ষিত তৈরি করে, তার বিপরীতে স্থানিক ও অস্থানিক বিকল্পের ওপর জোর দেওয়া উচিত আমাদের।’—কথাগুলো শিল্পসমালোচক মারেক বার্টেলিকের। শিল্পসমালোচকদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকার (এআইসিএ) বর্তমান সভাপতি তিনি।
শিল্পবিষয়ক ইংরেজি জার্নাল ডেপার্ট-এর আমন্ত্রণে দুটি সেমিনারে বক্তৃতা করতে সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ শিল্পসমালোচক এসেছিলেন ঢাকায়। সেমিনারগুলোয় তাঁর বক্তব্যের প্রধান বিষয় ছিল এশিয়ার দ্বিবার্ষিক প্রদর্শনীগুলোর আয়োজনের কারণ ও এর কার্যকারিতা।
শিল্পকলা একাডেমী ও চারুকলা অনুষদের সহযোগিতায় গত ২৭ ডিসেম্বর ও ৭ জানুয়ারি অনুষ্ঠিত সেমিনার দুটিতে শিল্পকলা, বাজারসহ নানা বিষয়ে তিনি বলেন অনেক কথা। তবে এর মধ্যে বারবার এসেছে ঢাকার এশীয় চারুকলা প্রদর্শনীর প্রসঙ্গ। এ প্রদর্শনীর ‘সালোন’ মডেল প্রসঙ্গে সেমিনারে নিজের মতামত উপস্থাপন করেছেন মারেক। সালো বা সালোন হলো ঊনবিংশ শতকের প্যারিসকেন্দ্রিক দলীয় প্রদর্শনীর অকার্যকর এক নমুনা, দেয়ালভরে চিত্রকলা সাজানোই যেখানে মূল বিষয়। কোনো বিষয় বিবেচনা বা পরিপ্রেক্ষিত যাচাই না করে সবার মধ্য থেকে প্রচলিত রুচির পাহারাদারদের দিয়ে নানা শিল্পকর্ম একত্রে প্রদর্শনীর মধ্যেই সালোপদ্ধতির সার্থকতা। মারেকের মতে, এমন ডিসপ্লেতে ভালো কাজ চোখে পড়ার সম্ভাবনা কমে আসে। তাই কিউরেটর নিয়োগের মাধ্যমে এর সুরাহা হতে পারে বলে মনে করেন তিনি।
ডেপার্ট-এর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ভিজিটিং আর্ট ক্রিটিক টক প্রোগ্রাম’-এ অংশ নিতে ২৬ ডিসেম্বর ঢাকায় আসেন মারেক। গত ৩০ বছরের বেশি সময় বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিন ও জার্নালে লিখেছেন তিনি। লেখক হিসেবে জড়িত আছেন শিল্প-পত্রিকা আর্টফোরাম-এর সঙ্গে। পোলিশ বংশোদ্ভূত মারেক প্রথমে প্যারিসে তাঁর নিবাস গড়ে তুললেও পরবর্তীকালে নিউইয়র্কে থিতু হন। শিল্পসমালোচনার যে ঐতিহ্যের সঙ্গে তিনি একাত্ম, সেটি মার্কিন দেশের বিকল্প ধারার সঙ্গে সম্পৃক্ত। সমালোচনার ক্ষেত্রে মারেক বার্টেলিক জেরি সালজ ও ডেইভ হিকির মতো একাডেমির বাইরের সহজ ও স্বাভাবিক ‘স্বর’ বা আপন স্বরের অনুসারী।
এই শিল্পসমালোচক শিল্পকলা একাডেমী ও চারুকলা অনুষদে এশীয় দ্বিবার্ষিক আয়োজনগুলোর বিশ্লেষণে চলমান প্রকল্প, যা আলোকায়ন ও গোলকায়নের সূত্রে গঠিত তার বিকল্প নমুনার অনুসন্ধানে উদ্যোগী। এ ক্ষেত্রে বাংলাদেশে সীমিত অভিজ্ঞতার আলোকে এখানকার প্রদর্শনীর সমস্যা হিসেবে তিনি লক্ষ করেছেন ‘বিচারহীনতা’। ‘কোনো প্রকার সম্পাদনা নেই বলে মনে হতে পারে’—এমন মন্তব্যের মধ্য দিয়ে এশীয় দ্বিবার্ষিক প্রদর্শনী থেকে শুরু করে শিল্পীদের নিজ স্টুডিওতে সৃষ্টিকর্ম দেখানোর প্রক্রিয়ার সমালোচনা করেছেন মারেক।
ডেপার্ট-এর দুই সেমিনার ছাড়াও ৬ জানুয়ারি গোয়েতে ইনস্টিটিউটে আরেকটি সেমিনারে অংশ নেন মারেক বার্টেলিক। আন্তর্জাতিক এই সমালোচকের অভিজ্ঞতার বহুস্তরিত উপস্থাপননির্ভর আলোচনা ছিল সেমিনারের মূল বিষয়। এ উপস্থাপনায় মারেকের ব্যক্তিগত রুচির পাশাপাশি দুনিয়াজুড়ে নবশিল্পের রমরমা বাজারে তাৎপর্য সন্ধান যে সহজ নয়, তিনি স্পষ্ট করেছেন সে প্রসঙ্গ।
সব মিলিয়ে মারেক বার্টেলিকের সেমিনারগুলোয় যা উঠে এসেছে তা হলো, গোলকায়িত বিশ্বের গোলকায়নের মূলধারা ব্যতিরেকেও আরও বিকল্প চৈতন্য তৈরি সম্ভব। আর এরই পরিপ্রেক্ষিতে অসম্ভব নয় শিল্পের যাচাই-বাছাইও। মারেকের তিনটি বক্তৃতা শিল্পের বাজার তৈরিতে কতটা সহায়ক হবে, বলা কঠিন। তবে এটি অনস্বীকার্য যে এখনকার বাস্তবতায় শিল্পসমালোচনা ও বিচার-বিবেচনা ছাড়া বিশ্বদরবারে শিল্পকলার প্রতিষ্ঠাক্ষেত্র তৈরি করা তেমনভাবে সম্ভব নয়। সব মিলিয়ে এই সেমিনারগুলো আমাদের জুগিয়েছে নতুন ভাবনার খোরাক।