গোলাপ নম্বর ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

ল্যান্ডফোনটা আজ ১৭ দিন নষ্ট। এই ১৭ দিনে আমার ওজন কমেছে দুই কেজি। ব্রণভর্তি মুখ, অগোছালো চুল আর চোখের নিচের কালি দেখতে হবে বলে এ কদিন আয়নার সামনেও দাঁড়াইনি। শোবার ঘর হয়েছে আমাজনের জঙ্গল।
বড় খালা গত সপ্তাহে ওপরতলা থেকে নেমে এসে আড়চোখে আমাকে কিছুক্ষণ দেখে আম্মার কাছে একটা পাত্রের ছবি গছিয়ে দিয়ে গেছেন। লোভনীয় পাত্র। নামকরা পরিবারের ইঞ্জিনিয়ার ছেলে। ঢাকায় বাড়ি-গাড়ি। আমি এখনো ছবিটা দেখার সময়-সুযোগ পাইনি। ওটা আমার খালাতো-মামাতো ভাইবোনদের হাতে হাতে ঘুরছে। তবে আমার ছোট বোন বিন্দুর মুখে শুনলাম পাত্র দেখতেও নাকি দারুণ সুদর্শন। এসব শুনেটুনে আমার চেহারার অবশ্য কোনো উন্নতি হয়নি, সে রকমই আছে। বরং যত দিন যাচ্ছে দুপুরগুলো তত লম্বা হচ্ছে। লম্বা দুপুরগুলো পার করতে গিয়ে নিঃশ্বাস ক্রমেই ভারী হয়। বুকের ওপর এক টন পাথরের চাপা ব্যথা অনুভব করি। বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করে সুবীর নন্দীর ‘পাখিরে তুই দূরে থাকলে...’ গানটা শুনতে শুনতে একসময় বিরক্ত হয়ে উঠে যাই। আব্বা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যাওয়ায় ছোট বোনসহ আমি ও আম্মা এখন নানুবাড়ির বাসিন্দা। নিজেকে ‘উড়ে এসে জুড়ে বসা’ মানুষ বলে মনে হয় আমার। ল্যান্ডফোনটা যদিও আমাদের, তবু সেটা সারানোর জন্য উদ্যোগী মানুষ নেই। প্রতিদিন এটা সারাতে বলার জন্য চারতলায় বড় মামার ঘরের সামনে ঘোরাঘুরি করে অবশেষে তার সদা রাগান্বিত চেহারা দেখে ফেরত চলে আসি। এই করেই চলছে। কিন্তু শুধু ল্যান্ডফোনে পরিচয় হওয়া, ঠিকানা না জানা মানুষটার জন্য যে এত কিছু হয়ে যাচ্ছে সে কি আর কখনো এসব জানতে পারবে? এই ১৭ দিনের ১৭টা ‘কেমন আছ’-এর অভাব মানুষকে কতটা অগোছালো করতে পারে সে সম্পর্কে তার তো কোনো ধারণাই নেই। দিব্যি নয়টা-পাঁচটা অফিস করে আলু-বেগুন কিনে বাসায় ফিরছে হয়তো। জলজ্যান্ত রোবটবিশেষ।
এদিকে মোটামুটি নাছোড়বান্দা পাত্রপক্ষ আমাকে দেখার জন্য পুরো ক্যালেন্ডার হাতড়িয়ে কেন যেন ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখটাই খুঁজে পেল। পছন্দ হলে বিবাহকার্য সম্পন্নও হয়ে যাবে, বাতাসে এ রকম আভাস পাওয়ামাত্রই আমার আকাশজুড়ে বৃষ্টি নামল। এ রকম একটা লেজেগোবরে জীবনের সত্যিই কি কোনো দরকার ছিল?
১৪ তারিখ যথারীতি এসে গেল। যথাসম্ভব পরিপাটি অবস্থায় পাত্রপক্ষের সামনে উপস্থাপিত হলাম। চোখের জল আটকানোর অভূতপূর্ব মহড়া দিচ্ছি। বিশেষ একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। মনে অনেক ভরসা ছিল ১৭ দিনের বিতকিচ্ছিরি হয়ে যাওয়া চেহারা বোধ হয় শেষ মুহূর্তে আমাকে বাঁচিয়ে দিলেও দিতে পারে। সে আশায় গুড়ে বালি। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ‘আজই বিয়ে হবে’ ঘোষণা দিল পাত্রপক্ষ। ঘোষণার সঙ্গে সঙ্গেই বাইরে ভাইবোনদের হইহুল্লোড়ের শব্দ শোনা গেল। এখানেই শেষ নয়। ছেলে তার সঙ্গে আসা মামাকে জানাল, বিয়ের শুরুর আগে কী এক বিশেষ কারণে আমার সঙ্গে কথা বলতে চায়, তাও কোনো তৃতীয় ব্যক্তির অনুপস্থিতিতে। একা একা বাড়ির বাইরে যাওয়ার অনুমতি না মিললেও এ ব্যাপারে কেন যেন কেউ আপত্তি করল না।
পড়ন্ত বিকেলের গোধূলিলগ্ন। ছাদে আমাদের দেখা করার ব্যবস্থা হলো। না তাকিয়েও বুঝতে পারছি ছেলেটি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্যও নজর সরায়নি।
‘তোমাকে ছবির চেয়ে অন্য রকম লাগছে।’
‘কোন ছবি?’
‘তোমার খালা তোমার একটা ছবি দিয়েছিলেন।’
‘জি, ওই ছবিতে মুখে ব্রণ ছিল না, সে জন্য বোধ হয়।’
‘হুম, সেই সঙ্গে চোখের নিচে কালিও জমেছে, অনেক দিন ঘুম হয়নি মনে হচ্ছে। শরীর খারাপ?’
আমি চুপ করে রইলাম। ছেলেটা এগুলো কী জানতে চায়? এসব কথা জিজ্ঞেস করার জন্য ও আমাকে একা ডেকেছে?
‘তাহলে মন খারাপ?’
নাছোড়বান্দা। আমি তার পরও চুপ করে রইলাম।
‘এ রকম গোমড়ামুখো অবস্থায় বিয়ে করাটা কি ঠিক হবে? তার চেয়ে বরং আগে তোমার মন ভালো করার ব্যবস্থা করি। কী বলো?’
ছেলেটি পাশে থাকা ব্যাগ থেকে অনেকগুলো গোলাপ ফুল বের করে আমার হাতে দিয়ে বলল, ‘তুমি কি একটু কষ্ট করে গুনে দেখবে এখানে কয়টা গোলাপ আছে?’
১৭ নম্বর গোলাপটা গোনা শেষে টের পেলাম আমার চোখ ঝাপসা হয়ে এসেছে। আধো অন্ধকারে আমরা দুজন যখন ছাদ থেকে নেমে আসছিলাম মনে পড়ল আগের দিন আম্মা বলছিলেন ছেলেটির মামা টিঅ্যান্ডটি ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা।
রিনি জুলিয়েট রোজারিও
শহীদ মনসুর আলি মেডিকেল কলেজ, ঢাকা