গোয়েন্দা বই পড়তে ভালো লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত এমন একটি সাধনার বিষয়, যা অনেক সময় নিয়ে নেয়। পাশাপাশি সংসারের কাজ, কিছু সামাজিক দায়িত্ব থাকে আমার প্রতিদিনের কার্যতালিকায়। এর মাঝেও যেটি করতে ভালোবাসি, তা হলো বই পড়া। শীতলপাটিতে মোড়ানো আরামকেদারায় বই হয়ে ওঠে আমার প্রিয় বন্ধু। একসময় বই পড়াটা ছিল আমার কাছে নেশার মতো। ইংরেজি মাধ্যমের ছাত্র হলেও বাবার উৎসাহে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের বই পড়তাম ছেলেবেলা থেকেই। স্কুল-কলেজে পড়া অবস্থায় নাওয়া-খাওয়া ভুলে একনিঃশ্বাসে শেষ করেছি কত বই! কখনো কখনো পড়তে পড়তে রাত পেরিয়ে ফুটত ভোরের আলো। হুমায়ূন আহমেদের নন্দিন নরকে, শঙ্খনীল কারাগার থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের বহু বই পড়েছি। বই পড়তে গিয়ে আমি কখনো দুটো বইয়ের মাঝে তুলনা করি না। আমার কাছে মনে হয়, একেকটি বইয়ের ভেতরে একেক ধরনের মজা ও ভালো লাগা রয়েছে। সব ধরনের বই-ই আমি পড়ি। তবে ছেলেবেলা থেকেই গোয়েন্দা কাহিনি পড়ার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। শার্লক হোমস, অগাথা ক্রিস্টি, ফেলুদা পড়তে খুব ভালো লাগে। এখনো সময় পেলেই পড়ি। গোয়েন্দা বইগুলোর প্রতি আমার আলাদা করে ভালো লাগা থাকার কারণ হলো, এ ধরনের বই পড়ার সময় ‘শেষ পর্যন্ত কী হলো’, তা নিয়ে একটা টানটান উত্তেজনা থাকে। বই পড়ার মাঝেও একধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা পাওয়া যায়। আমি প্রায়ই পড়তে পড়তে অনুমান করি, কে আসল খুনি বা অপরাধী। মজার বিষয় হলো, সব সময়েই আমার কল্পিত খুনির সঙ্গে বইয়ের খুনি চরিত্র মিলে যায়। নিজেকে তখন একজন গোয়েন্দা ভাবতে বেশ ভালোই লাগে। বই পড়া ছাড়াও অবসর পেলে কখনো কখনো ঘরে সিনেমা দেখতে বসে যাই। সত্যজিৎ রায়ের ফেলুদা নিয়ে তৈরি চলচ্চিত্র প্রায়ই দেখি। গোয়েন্দা বই পড়ার মতো গোয়েন্দা সিনেমা দেখতে বেশ মজা পাই।উত্তম-সুচিত্রার পুরোনো দিনের বাংলা সিনেমাগুলো এখনো দেখতে ভালো লাগে। বর্তমান সময়ের মনপুরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমাগুলো দেখেছি। মনপুরা দেখে বেশ ভালো লেগেছে। আমাদের দেশে এখন ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে। তবে চলচ্চিত্রজগতে এখনো গতির অভাব রয়েছে। বাস্তব গতিময় জীবনের সঙ্গে সময়ে সময়ে খাপে খাপ মেলে না। জীবনের দ্রুততার সঙ্গে রুপালি পর্দার দ্রুততা মিলে যাবে, এই আশা করি।অনুলিখন: তাওহিদা জাহান