গৌতমের ছবিতা
আমারে তুমি ভালোবাসো না ব’লে,
দুঃখ আমি অবশ্যই পাই;
কিন্তু তাতে বিষাদই শুধু আছে,
তাছাড়া কোনও যাতনা, জ্বালা নাই
—সুধীন্দ্রনাথ দত্ত

গৌতম চক্রবর্তীর অন্যতম প্রিয় কবি সুধীন্দ্রনাথ দত্ত, যাঁকে জীবনানন্দ দাশ অভিহিত করেছিলেন ‘নিরাশাকরোজ্জ্বল’ বলে। গৌতম পাতার পর পাতা সুধীন্দ্রনাথ দত্ত মুখস্থ বলে দিতে পারেন। আর তিনি যখন ছবি আঁকেন, তখন পড়তে থাকেন কবিতা। রং-তুলি, ইজেল ও ক্যানভাসের সঙ্গে থাকে কবিতার বইও।
গৌতম চক্রবর্তীর একক প্রদর্শনীর ছবি দেখলে বলতে ইচ্ছা করে, এ তো ছবি+কবিতা, একসঙ্গে নাহয় বলি, ছবিতা। কবিতা আঁকেন তিনি, ক্যানভাসে, কিংবা কাগজে, তেলরঙে, কালি-কলমে, চারকোলে এবং সেরিগ্রাফিতে। গৌতমের ছবিতা নিয়েও হয়তো বলা যাবে, নিরাশাকরোজ্জ্বল। সুধীন্দ্রনাথ দত্তের যে চারটি পঙিক্ত এই লেখার ললাটে উদ্ধৃত করা গেল, কিছুটা তার মতোই, বিষণ্ন, কিন্তু যাতনাবিহীন। নিরাশাময়, কিন্তু সেই নিরাশা সূর্যের আলোয় উজ্জ্বল। তবে এই প্রথম হয়তো আমরা গৌতমের ছবিতে নখর দেখব, আর কোথাও সেই নখরের রং লাল। দেখব, তাঁর বিড়াল ক্রুদ্ধ ও কালো। বাহ্যত প্রশান্ত এই শিল্পীর বুকটাও, আহা, জ্বলে যাচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে!
গৌতম চক্রবর্তীর এটা পঞ্চম একক প্রদর্শনী, উত্তরার গ্যালারি কায়াতে আজ ২৭ সেপ্টেম্বর ২০১৩ শুরু হয়ে যা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
ঢাকায় তাঁর সর্বশেষ প্রদর্শনী দেখি ১৯৯৭ সালে। প্রথমটা দেখি ১৯৯২ সালে। এর আগে পর্যন্ত আমরা গৌতমের একক প্রদর্শনীগুলোয় জলরঙে আঁকা মিনিয়েচারই কেবল দেখেছি। এই প্রথম বড় ক্যানভাসে দেখছি তাঁকে। দেখছি বিচিত্র মাধ্যমে। কিন্তু প্রথম প্রদর্শনী থেকে আজতক একটা সাযুজ্য আছে তাঁর শিল্পকর্মগুলোর মধ্যে। বিনি সুতার মালার এই সুতাই বোধ হয় কবিতা। তাঁর অনেক ছবির বিষয় স্বয়ং কবিরাই—সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ থেকে শুরু করে রবীন্দ্রনাথকে এঁকেছেন তিনি, তাঁর নিজের মতো করে। বিড়াল কিংবা হাতি তাঁর প্রিয় বিষয়। জলরঙে মিনিয়েচারে এই কবিদের দেখেছি, এখন তেলরঙে বড় পটে দেখছি রবীন্দ্রনাথকে। জলরঙে মিনিয়েচারে হয়তো ছিল কলাপাতা, ছিন্নই, তাতে জলের ফোঁটা টলমল করত, এবার তেলরঙে বড় জমিনে এসে দেখা গেল, ওই জলের ফোঁটাগুলো বড় আকার নিয়েছে, ঠিক জলের ফোঁটা হয়ে নেই। কালি-কলমে আঁকা ছবিগুলো যদি বিবেচনা করি—বিড়ালের পটভূমিতে, কিংবা বিড়ালের শরীরে আমরা দেখি কতগুলো ছোট রেখা, যেমন আমরা আঁকতাম বৃষ্টির ছাঁট বোঝাতে। বড় বড় ফোঁটা, কিংবা ঢেউয়ের দোলা, কিংবা জাল, কিংবা ছোট ছোট রেখা—এই সবই তাঁর ছবিকে নিজস্বতা দিতে ভূমিকা রেখেছে। বহু বছর আগে ভিনসেন্ট ভ্যান গঘ এক চিঠিতে লিখেছিলেন, ‘আবেগ কখনো কখনো এত প্রবল যে একজন কাজ করে যায় কাজ যে করছে সে কথাটা ভুলে গিয়ে...আর স্ট্রোকগুলো আসে ঠিক তেমন করে, যেমন করে একটা চিঠিতে বা ভাষণে আসে শব্দেরা, একটার পর একটা, সঙ্গতি রক্ষা করে।’
গৌতমের ছবির প্রসঙ্গে আমরা চিঠি বা ভাষণ নয়, বলব কবিতার কথা। কবিতার শব্দের মতো অনিবার্য, বিকল্পহীনভাবে গৌতমের জমিনে স্ট্রোক এসেছে, বৃষ্টিরেখা বা ঢেউ বা ডট এসেছে। মিনিয়েচারের গৌতম বড় পটে এসে তাঁর বৈশিষ্ট্য নিয়ে এমন বলিষ্ঠভাবে হাজির হলেন, আশা করা যাচ্ছে, বাংলার নরম শিল্পমাটিতে তাঁর শিকড় স্থায়ীভাবে প্রোথিত হলো।
কবিতার বিষয়ই তো ছিল গৌতমের বিষয়—যেমন সুধীন কবিতা লেখেন উটপাখি নিয়ে, শার্ল বোদলেয়ার থেকে আল মাহমুদ পর্যন্ত লেখেন বিড়াল নিয়ে—তেমনি বিড়াল কিংবা হাতি গৌতমের বিষয়। জানি, বিড়াল নিয়ে পিকাসোর ছবি আছে। গৌতমের বিড়াল বা হাতি প্রধানত কবিতাই হয়ে উঠেছে এবং উঠবে বলে আশা করা যায়। কিন্তু আমরা যে দুঃসময়ের বাসিন্দা, ‘মোদের সাক্ষাৎ হল অশ্লেষার রাক্ষসীবেলায়, সমুদ্যত দৈবদুর্বিপাকে।’ গৌতমের বিড়াল আর সুখী সনেটে গোল হয়ে বসে নেই, তারা চারকোলে ভীষণ ক্রুদ্ধ, রেখায় নখর-শানানো। সময়-সমাজ শিল্পীর হূদয়কে নাড়া দেয়, তার প্রভাব পড়ে ছবিতে, আর তা এমনকি মাধ্যমও বদলে দেয়; যেমন জয়নুলের বিদ্রোহের গরুটিকে আমরা অমন নিরায়োজন পট ছাড়া কল্পনা করতে পারি না, তেমনি গৌতমকে ক্রুদ্ধ বিড়াল আঁকতে বেছে নিতে হলো কালো চারকোল।
সাম্প্রতিক ছবিতে এই সমকালজাত ক্রূরতার ছাপ থাকলেও গৌতম আসলে ধ্রুপদিরীতিরই সাধক এবং তা সুধীন্দ্রীয় পরিমিতিবোধে শীলিত।
১৬ বছর পরে গৌতমের প্রদর্শনী ও বড় ছবির প্রদর্শনী দেখতে পাওয়া মানে তাই শিল্পের আস্বাদে মন ভরে যাওয়া।