
১৯৭৫ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো আমি ভারতে যাই। সঙ্গী অগ্রজপ্রতিম বন্ধু ভূঁইয়া ইকবাল। অনেকটা তাঁরই উদ্যোগে যাওয়া। আমাদের ইচ্ছে, কলকাতা ছাড়াও দিল্লি ও আগ্রায় বেড়াতে যাব। সবে এমএ পরীক্ষা দিয়েছি, ওই বয়সে এ রকম ভ্রমণ পরিকল্পনা করার মতো মনোবল বা টাকাকড়ি কোনোটাই আমার ছিল না। তবু ইকবাল ভাইয়ের উৎসাহে একদিন বেনাপোলগামী বাসে উঠে পড়ি।
কলকাতা যাওয়ার আগে প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক শ্রী গৌরকিশোর ঘোষের লেখালেখির সঙ্গে সামান্য পরিচিত ছিলাম। স্বাধীনতার পর বাহাত্তর সাল থেকেই আনন্দবাজার পত্রিকা পড়তাম। তখন ঢাকায় কিছুদিন আনন্দবাজার বাণিজ্যিকভাবে বিক্রি হতো। পরে বন্ধ হয়ে যায়। দেশ পত্রিকাও সে সময় নিয়মিত পড়ি। এ সুবাদে কলকাতার কয়েকজন প্রখ্যাত লেখক ও সাংবাদিকের লেখার সঙ্গে পরিচিত হই। তাঁদের অনেকেই তখন ছদ্মনামে পত্রিকায় কলাম লিখতেন, স্বনামেও লিখতেন অনেকে। ‘রূপদর্শী’ যে গৌরকিশোর ঘোষ, ‘সুনন্দর জর্নালের’ ‘সুনন্দা’ যে নারায়ণ গঙ্গোপাধ্যায় ও ‘সনাতন পাঠক’ যে সুনীল গঙ্গোপাধ্যায়—এ রকম আরও ছদ্মনাম আমরা তখন আবিষ্কার করতে সমর্থ হয়েছি। আনন্দবাজার ও দেশ-এ রূপদর্শী তখন ঝাঁঝালো কলাম লিখতেন।
১৯৭৩ বা ১৯৭৪ সালের দিকে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে চট্টগ্রামে মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে বেশ বড় আকারে বইমেলা হয়েছিল। সেই বইমেলায় কলকাতা থেকে কয়েকজন খ্যাতনামা সাহিত্যিকও এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন গৌরকিশোর ঘোষ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলেন। সেই সময়ে ভূঁইয়া ইকবালের সঙ্গে গৌরকিশোর ঘোষের আলাপ হয়েছিল। শ্রীঘোষ জনাব ইকবালকে কলকাতায় গেলে দেখা করতে বলেছিলেন। সেই সূত্র ধরে ইকবাল ভাই কলকাতায় তাঁর সঙ্গে আনন্দবাজার অফিসে দেখা করতে যান। আনন্দবাজার ও দেশ সম্পর্কে আমার যেহেতু বেশ কৌতূহল, আমিও তাই ইকবাল ভাইয়ের সঙ্গী হয়েছিলাম। সেই প্রথম আমার আনন্দবাজার অফিসে যাওয়া। এরপর আরও বহুবার গিয়েছি।
আনন্দবাজার-এ গৌরকিশোর ঘোষ আমাদের দুজনকেই অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করলেন। এমনভাবে আমাদের সঙ্গে কথা বলছিলেন, যেন আমরা দুজনেই তাঁর অনেক দিনের চেনা। এক সাক্ষাতেই তিনি আমার কাছে ‘গৌরদা’ হয়ে গেলেন। এরপর যতবার কলকাতায় গিয়েছি, প্রায় প্রত্যেকবারই গৌরদা ও সুনীলদার সঙ্গে অফিসে বা বাসায় গিয়ে দেখা করেছি।
আশির দশকে গৌরদা একবার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিতে চাইলে আমি তার ব্যবস্থা করে দিয়েছিলাম। সে সময় দেশে-বিদেশে গ্রামীণ ব্যাংক বা ক্ষুদ্র ঋণের সাফল্যের কথা আস্তে আস্তে প্রচার পাচ্ছে। গ্রামীণ ব্যাংকের সাফল্যের কথা কলকাতায় গৌরদার দৃষ্টি আকর্ষণ করেছিল।
আশির দশকের শুরুতে আনন্দবাজার ছেড়ে নতুন দৈনিক আজকাল সম্পাদনার দায়িত্ব নিলেন গৌরদা। ওই সময়ে আনন্দবাজার ছেড়ে কোনো সাংবাদিক সচরাচর অন্যত্র যোগ দিতেন না। কারণ আনন্দবাজার অনেক বড় কাগজ। তাদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা অন্য পত্রিকার সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয়। তাই গৌরদার আজকাল-এ যোগদান অনেককেই বিস্মিত করেছিল।
এর মধ্যে ১৯৭৬-তে ভারতে জরুরি অবস্থা জারি ও সংবাদপত্রের ওপর সেন্সরশিপ আরোপ হলে রূপদর্শী নামে গৌরকিশোর ঘোষ দেশ ও আনন্দবাজার-এ অনেক ঝাঁঝালো লেখা লিখেছিলেন। এসব লেখার কারণে পশ্চিমবঙ্গ সরকার (কংগ্রেসের শাসন, মুখ্যমন্ত্রী শ্রীসিদ্ধার্থ শংকর রায়) তাঁকে নিরাপত্তা আইনে (মিসা) গ্রেপ্তার করে প্রেসিডেন্সি কারাগারে রাখে।
সাংবাদিক জগতে গৌরকিশোর ঘোষ তখন এক বিপ্লবী ভাবমূর্তি তৈরি করে ফেলেছেন। ওই রকম সময়ে আনন্দবাজার ছেড়ে তাঁর আজকাল পত্রিকার দায়িত্বগ্রহণ চমকপ্রদ ঘটনা বটে। অনেকের ধারণা, আনন্দবাজার পত্রিকায় আর স্বাধীনভাবে লিখতে না পারার আশঙ্কা তাঁকে নতুন দৈনিকে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল।
তত দিনে গৌরদার সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা হয়েছে। বিধান নিবাসে তাঁর ফ্ল্যাটেও সপরিবারে কয়েকবার গিয়েছি আমি। সেই সময়ে তিনি ভূঁইয়া ইকবালকে বলেন, ‘ঢাকায় আজকাল-এর জন্য একজন প্রতিনিধি ঠিক করে দিতে।’ ভূঁইয়া ইকবাল আমার নাম প্রস্তাব করেন এবং আমার সম্পর্কে কিছু ভালো ভালো কথাও হয়তো বলেছিলেন। গৌরদা যেহেতু আমাকে ভালোভাবে চিনতেন, এক কথাতেই তাই রাজি হয়ে গেলেন। ঢাকায় চিঠি লিখে তিনি আমাকে এই দায়িত্ব দিলেন। বলা হলো, প্রতিদিন খবর পাঠাতে হবে না। মাসে দুটি বড় ফিচার পাঠাতে হবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি বা অন্যান্য বড় ঘটনা বিশ্লেষণ করে। দায়িত্বটি আমি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম। তখন ই-মেইল চালু হয়নি। আমি লংহ্যান্ডে লিখে, একটি বা দুটি ছবিসহ ডাকযোগে পত্রিকাটির ৯৬ রাজা রামমোহন সরণি ঠিকানায় সম্পাদক বরাবর পাঠাতাম। আমার নামে নিয়মিত আজকাল আসত ডাকে। খুব সম্ভবত ১৯৮১-এর শুরু থেকেই দায়িত্ব পালন করেছিলাম। প্রায় চার বছর আজকাল-এর সংবাদদাতা হিসেবে কাজ করেছি। মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় গৌরকিশোর ঘোষ পরে পত্রিকাটি ছেড়ে দেন। আনন্দবাজার কর্তৃপক্ষও তাঁকে আবার সসম্মানে আনন্দবাজার-এ ফিরিয়ে নেন। গৌরদা ছেড়ে দেওয়ার পর আজকাল-এর প্রতি সেই আকর্ষণ আর থাকেনি।
এখানে বলা দরকার, গৌরকিশোর ঘোষ আজকালকে প্রথাগত একটি দৈনিক করতে চাননি। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর খবরকে তিনি নিয়ম করে প্রথম পাতায় কখনো দেননি। আজকাল-এ প্রায়ই অনুসন্ধানী প্রতিবেদনই ফাস্ট লিড হিসেবে স্থান পেয়েছে। পত্রিকাজুড়েই ছিল অনুসন্ধানী প্রতিবেদনের ছড়াছড়ি। সেকালে কলকাতার খ্যাতনামা কলামিস্ট অবাঙালি হামদি বেসহ আরও অনেক গুরুত্বপূর্ণ লেখকের কলাম প্রকাশ করে তিনি চমক সৃষ্টি করেছিলেন।
আমার পাক্ষিক ফিচার ‘ঢাকা থেকে আজকালের প্রতিবেদন’ পঞ্চম পৃষ্ঠায় প্রায় অর্ধেক পৃষ্ঠাজুড়ে ছাপানো হতো। হেডলাইনটি দিতেন প্রায় আট কলামে। বড় একটি ছবি দিতেন। আজকাল-এর জন্য ওই লেখাগুলো লিখে খুব তৃপ্তি পেয়েছি। কত বিচিত্র বিষয় নিয়ে যে লিখেছি তার ইয়ত্তা নেই। তখন ঢাকায় সংবাদপত্র, সাংবাদিকতা এখনকার মতো এত সমৃদ্ধ ছিল না।
একটি ঘটনার কথা মনে পড়ছে। ১৯৮১-এর ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার কয়েক দিন পর তাঁর জানাজার ছবিসহ একটি বড় প্রতিবেদন আজকাল-এ পাঠালাম আমি। কিন্তু লেখাটি যথাসময়ে প্রকাশিত হয়নি। এ ব্যাপারে যোগাযোগ করে পরে জেনেছি, ওই সময়ে গৌরদা কলকাতায় ছিলেন না। তাঁর নামে প্রেরিত আমার খামটি অন্যান্য ব্যক্তিগত চিঠির সঙ্গে তাঁর টেবিলে রাখা ছিল, কেউ খোলেনি। কলকাতায় ফিরে গৌরদা এ জন্য বার্তা বিভাগের ওপর খুব ক্ষুব্ধ হয়েছিলেন। এ ঘটনার পর তিনি অফিসে নোটিশ জারি করেন: ‘সম্পাদকের নামে যদি প্রেমপত্রও আসে তা বার্তা সম্পাদককে খুলে দেখতে হবে।’ কথাটি পরে তিনি নিজেই আমাকে বলেছিলেন। আমার লেখাটি বিলম্বে হলেও ছাপা হয়েছিল।
নিয়মিত লেখার সুবাদে আজকাল-এর অনেক সাংবাদিকের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়েছিল আমার। তাঁদের মধ্যে নাজেস আফরোজ, বাহার উদ্দীন, সুদেষ্ণা রায় (এখন টিভি সিরিয়ালে অভিনয় করেন), শৌনক লাহিড়ী, দেবব্রত মুখোপাধ্যায়ের নাম মনে পড়ছে। অধুনা বিখ্যাত লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায় তখন এত খ্যাতি অর্জন করেননি। তিনি পত্রিকাটির সাহিত্য পাতায় চমৎকার সব লেখা লিখে পাঠকমহলে প্রথম দৃষ্টি আকর্ষণ করেন।
আজকাল-এ লিখে যা সম্মানী পেয়েছি তাও উল্লেখযোগ্য। প্রতি মাসে লেখার বিল হতো এবং তারিখ ছাড়া চেক লিখে রাখা হতো আমার নামে। আমি বছরে একবার কলকাতা যেতাম। পত্রিকাটির হিসাব বিভাগ থেকে এক গাদা চেক নিয়ে অফিসের কাছে এক ব্যাংকে গিয়ে ভাঙাতাম। একসঙ্গে বেশ টাকা পাওয়া যেত। সেই সময়ে (১৯৮১-৮৫) কলকাতায় এত টাকার কোনো প্রয়োজন ছিল না আমার। শ্রীউৎপল চৌধুরী ও শ্রীমতী ইলা চৌধুরী। আমিসহ কলকাতায় আমাদের অনেকের দরদি অভিভাবক এঁরা। তাঁদের সার্কাস অ্যাভিনিউয়ের বাসায় না গিয়ে বা না খেয়ে কলকাতা থেকে কখনো ঢাকায় ফিরিনি আমরা। বন্ধু ভূঁইয়া ইকবালের পরামর্শে আজকাল থেকে পাওয়া টাকাগুলো উৎপলদার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতাম। প্রতিবছর কলকাতায় গেলে সেই টাকা থেকে খরচ করতাম।
গৌরদা আমাকে আজকাল-এর মাধ্যমে কলকাতার দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করার একটা দুর্লভ সুযোগ দিয়েছিলেন। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। তিনি শুধু সাংবাদিক নন, বড় মাপের সাহিত্যিকও। তাঁর উপন্যাস, ছোটগল্প, রম্যরচনা ও রাজনৈতিক কলাম নিয়ে কয়েক খণ্ডে গৌরকিশোর ঘোষ রচনাবলী প্রকাশিত হয়েছে। জনপ্রিয় বইয়ের মধ্যে প্রেম নেই, প্রতিবেশী, সাগিনা মাহাতো, গড়িয়াহাট ব্রীজের উপর থেকে দুজনে, জল পড়ে পাতা নড়ে, এই দাহ, মনের বাঘ, লোকটা প্রভৃতি উল্লেখযোগ্য। সাগিনা মাহাতো উপন্যাসটি মুম্বাইয়ে চলচ্চিত্রায়িতও হয়েছে।
ব্যক্তি হিসেবেও তিনি অসাধারণ। পোশাক-আশাকে খুবই সাদাসিধে। রসবোধ ছিল প্রখর। ছিলেন পরোপকারী। গৌরদার পূর্বপুরুষের ভিটে বাংলাদেশে। কলকাতায় বাংলাদেশের মানুষকে নানাভাবে সাহায্য করেছেন তিনি। কলকাতায় নানা জায়গায়, নানা অনুষ্ঠানে আমাকে ও আমার স্ত্রীকে নিয়ে গেছেন। বহু লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এভাবে ওখানকার বিদগ্ধমহলের একটা অংশের সঙ্গে পরিচয় ঘটেছে আমার।
গৌরদা তাঁর বেশ কয়েকটি বই স্বাক্ষর করে আমাকে উপহার দিয়েছেন। সেই বইগুলোর দিকে তাকালে তাঁর সঙ্গে কাটানো নানা দিন ও সময়ের কথা মনে পড়ে। বাংলা ভাষার সাংবাদিকতায় তাঁর ব্যঙ্গ-বিদ্রূপাত্মক রাজনৈতিক কলাম এখনো অদ্বিতীয়। তাঁর পরবর্তীকালে এ রকম শাণিত রাজনৈতিক কলাম আর কেউ লিখতে পারেননি। তাঁকে প্রণাম।