গৌরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯১২ সালে রাজশাহীর সারদায় অবিভক্ত বাংলার জন্য পুলিশ প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠিত হয়। তদানীন্তন পূর্ব বাংলায় এটিই ছিল একমাত্র জাতীয় প্রতিষ্ঠান, যা এখন বাংলাদেশ পুলিশ একাডেমি। এ মাসে প্রতিষ্ঠানটি শতবর্ষ পূর্ণ করল। পুলিশ একাডেমির একেবারে প্রাথমিক দিনগুলোর কিছু কথা লিখেছেন মুহাম্মদ লুৎফুল হক১৮৫৭ সালে ভারতবর্ষের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের পর ব্রিটিশ শাসনকে সংহত ও শক্তিশালী করার জন্য জনপ্রশাসনসহ পুলিশের আইনকানুন নতুনভাবে প্রবর্তনের প্রয়োজন দেখা দেয়। ১৮৬০ সালে ভারতের পুলিশ প্রশাসনের জন্য একটি কমিশন গঠন করা হয়। ১৮৯০ সালে বেঙ্গল পুলিশ বা অবিভক্ত বাংলার (পূর্ব ও পশ্চিম বাংলা, বিহার, আসাম ও ওডিশা নিয়ে) পুলিশ প্রশাসনের জন্য একটি পৃথক কমিশন গঠন করা হয়। ১৯০২ সালে অবিভক্ত বাংলার জন্য পুনরায় একটা কমিশন গঠিত হয়, যার অন্যতম প্রধান দায়িত্ব ছিল পুলিশের প্রশিক্ষণ বিষয়ে সুপারিশ করা।১৮৯৫ সালের আগ পর্যন্ত পুলিশ বিভাগে নামমাত্র নির্বাচনপদ্ধতি কিংবা মনোনয়নের মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো। অনেক ক্ষেত্রে অভিজ্ঞ বা প্রশিক্ষিত সেনা কর্মকর্তাদের পুলিশ বিভাগে নিয়োগ দেওয়া হতো। ফলে এ সময় পুলিশ বিভাগে পেশাগত প্রশিক্ষণ খুব বেশি গুরুত্ব পায়নি। ১৮৯৫ সাল থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পুলিশ বিভাগে নিজস্ব কর্মকর্তা নিয়োগ শুরু হয়; স্বাভাবিকভাবে নিজস্ব প্রশিক্ষণব্যবস্থাও জরুরি হয়ে পড়ে। তবে ১৮৯৩ সালে অবিভক্ত বাংলায় পুলিশ বাহিনীর জন্য ঢাকার মিল ব্যারাকে একটি প্রশিক্ষণ কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু হয়। পরীক্ষাটি সফলতা পেলে সরকার ভাগলপুরে (বিহার) একটি কেন্দ্রীয় পুলিশ প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠা করে। ১৯০৫ সালে পূর্ব বাংলা ও আসাম নিয়ে একটি নতুন প্রদেশ গঠিত হলে ঢাকার পুলিশ প্রশিক্ষণকেন্দ্র প্রাদেশিক পুলিশ প্রশিক্ষণ স্কুলে রূপ নেয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেলে দুই বাংলা পুনরায় একত্র হয় আর বিহার ও ওডিশা নিয়ে নতুন প্রদেশ গঠিত হয়। ফলে ভাগলপুর পুলিশ প্রশিক্ষণ কলেজ বাংলা প্রদেশের বাইরে চলে যায়। বাংলা প্রদেশে নতুন পুলিশ কলেজ প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয় মেজর এইচ চিমনিকে। তিনি চারঘাটের সারদা এলাকাটি পুলিশ কলেজের জন্য নির্বাচন করেন। জায়গার নাম অনুসারে কলেজের নামকরণ হয় পুলিশ ট্রেনিং কলেজ (পিটিসি), সারদা।অষ্টাদশ শতাব্দীর শুরুতে ওলন্দাজরা সারদাসহ রাজশাহীর বেশ কিছু জায়গায় রেশম চাষ শুরু করে। পরবর্তী সময় নীল চাষ বেশি লাভজনক হওয়ায় তারা নীল চাষও শুরু করে। সারদায় ওলন্দাজরা নীল ব্যবসার জন্য কারখানা ও কুঠি তৈরি করে। বিভিন্ন হাত ঘুরে ১৯০৯ সালে ওলন্দাজদের সম্পত্তি মেদিনীপুরের জমিদারদের দখলে আসে। ১৯১২ সালে সরকার সারদায় পুলিশ কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে স্থাপনাসহ কুঠি ও তৎসংলগ্ন ১৪২ একর জায়গা ২৫ হাজার টাকায় কিনে নেয়।১৯১২ সালে পিটিসি প্রতিষ্ঠার পর ঢাকা, রাজশাহী ও বিরামপুরে অবস্থিত পুলিশ স্কুলগুলো এর সঙ্গে একীভূত হয়। সারদা কলেজে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের কর্মকর্তা (এটি সর্বভারতীয় ও আইসিএসতুল্য পদ), বাংলা ও আসাম প্রদেশের জন্য নির্বাচিত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপপরিদর্শক এবং বাংলা প্রদেশের পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণ দেওয়া হতো। ১৯১২-১৩ সালে পিটিসিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ওই বছর মোট ১০৩ জন কনস্টেবল, ২৫ জন উপপরিদর্শক ও সাতজন আইপিএস কর্মকর্তা বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণে পিটিসিতে যোগ দেন। ওই সময় আইন প্রশিক্ষণের জন্য পাঁচজন ও ড্রিল প্রশিক্ষণের জন্য ২১ জন প্রশিক্ষক নিযুক্ত ছিলেন। পরবর্তী সময় প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকের সংখ্যা ক্রমে বাড়তে থাকে। ১৯২৪ সালে পিটিসিতে যোগ দেওয়া আইপিএস কর্মকর্তা পি ই এস ফিনে সেখানে সব ধরনের এক হাজার প্রশিক্ষণার্থী পেয়েছিলেন। ১৯৪৫ সালে সেকেন্দার আলী ১১৫ জন উপপরিদর্শক ক্যাডেটের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিলেন। পাকিস্তান আমলে সারা পাকিস্তানের পুলিশ সার্ভিসের কর্মকর্তাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হতো। ১৯৬৪ সালে পিটিসির নাম পরিবর্তন করে পুলিশ একাডেমি করা হয়।পিটিসির জন্মলগ্নে এখানে ছয়টি বড় স্থাপনা ছিল, যার মধ্যে দুটি সাহেবদের বাসস্থান বা কুঠি এবং বাকি চারটিতে ছিল সিল্ক ও নীল কারখানা। কুঠি দুটির মধ্যে বড়টি অফিসার্স মেস এবং ছোটটি অধ্যক্ষের বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ একাডেমির অফিসার্স মেসটি ওলন্দাজ স্থাপনার শেষ নিদর্শন হিসেবে টিকে আছে। অধ্যক্ষের বাসভবনটিও ওলন্দাজ আমলের স্থাপনা। তবে এর একটা বড় অংশ ১৮৯৭ সালের ভূমিকম্পে ভেঙে পড়লে রাজশাহীর কিসমত মিস্ত্রির তত্ত্বাবধানে এটি পুনর্নির্মাণ করা হয়; তাই এটি ওলন্দাজ ও ব্রিটিশ উভয় ঐতিহ্যের ধারক। প্রাচীনতম ইমারত, অর্থাৎ অফিসার মেস সম্পর্কে সে সময়ের একজন প্রশিক্ষণার্থী লিখেছেন:‘অপরটিতে থাকেন শিক্ষানবিশ আইপি অফিসার। বাড়িটির ভিত্তিমূল বেশ উঁচু। বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। সামনে প্রশস্ত বারান্দা, তার সামনে সবুজ টেনিস লন, অদূরে প্যারেড গ্রাউন্ড। তারপর পদ্মা।...এখানে যাঁরা থাকতেন, তাঁরা প্রায় সবাই সাদা চামড়ার। অফিসারদের থাকার কামরাগুলি সেদিনের উন্নত মানের আসবাবপত্র দ্বারা সজ্জিত। সবচেয়ে উল্লেখযোগ্য, সোফাসেট, ডাইনিং হল, বিলিয়ার্ডস খেলার টেবিল ও সরঞ্জামাদি। টেবিলটি মনে হয় যেন আস্ত গাছের তৈরি।’চারটি নীল কারখানার মধ্যে তিনটি কনস্টেবলদের ব্যারাকে রূপান্তর করা হয়; বাকিটি প্রশিক্ষণার্থী উপপরিদর্শকদের জন্য নির্ধারিত ছিল। এসব ব্যারাক গড়ে ৩০০ ফুট লম্বা এবং ৪৫ ফুট চওড়া ছিল। এর মধ্যে নীল কারখানাটি আরও বড় ছিল। এগুলোর প্রতিটিতে ১০০ জনেরও অধিক প্রশিক্ষণার্থী বসবাস করতেন। প্রশিক্ষণার্থীদের ব্যারাক সম্পর্কে সেকেন্দার আলী উল্লেখ করেন: ‘এক শ ফুটের বেশি লম্বা এবং ষাট ফুটের মতো চওড়া। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত একেবারে ফাঁকা। মাঝে কোনো পার্টিশন দেয়াল নেই। কোনো বারান্দা নেই। ঘরের মধ্যে লৌহ নির্মিত খাটিয়া সাজানো। চারটি সারিতে বিভক্ত। প্রতি দুই সারির মাঝে খানিকটা ফাঁকা জায়গা, যাতে করে চলাফেরার অসুবিধা না হয়। প্রতিটি সারির দুদিকে মোটা তার লম্বালম্বিভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শক্ত করে বাঁধা। প্রতিটি খাটিয়ার সামনে একটি করে কালো রঙের কাঠের বাক্স। ওইগুলো কি উদ্দেশ্যে রাখা হয়েছে, তখন তা বুঝতে পারিনি। পরে জানলাম, “তার” মশারি খাটানোর জন্য এবং “বাক্স” ক্যাডেটদের মালপত্র রাখার জন্য।’এর বাইরেও আরও কিছু ছোট ঘর ছিল, যা রান্না ও খাবারঘর, রেশন স্টোর, ক্যানটিন, গার্ডরুম, কোত ও ম্যাগাজিন, ক্লাসরুম ইত্যাদি কাজে লাগানো হয়। পিটিসি প্রতিষ্ঠার পর এখানে পরিদর্শক, উপপরিদর্শক, হেড কনস্টেবল, করণিক ও হাসপাতালের স্টাফদের জন্য চার সারি বাসস্থান তৈরি করা হয়। কর্মকর্তাদের বাড়িগুলো আবাসিক এলাকায় একটা নিরিবিলি পরিবেশের মধ্যে ছিল। হাসপাতাল, স্কুল, পোস্ট অফিস, মসজিদ, বাজার—এসব সদরে ছিল আর সুইপার, নাপিত, ধোপা, ঘোড়ার আস্তাবল ও সহিসদের থাকার জায়গা ছিল কিছুটা আড়ালে। ১৯১৮ সালের মধ্যে কর্মকর্তা ও প্রশিক্ষকদের বাসস্থানগুলো তৈরি করা হয়।মেজর চিমনি কলেজ প্রতিষ্ঠার পর ১৯১৯ পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তাঁর বিদায়ের পর ভারতীয় পুলিশ বাহিনীর ব্রিটিশ সদস্যরা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়া শুরু করেন। পিটিসি, সারদা থেকে উত্তীর্ণ পুলিশ কর্মকর্তাদের মধ্যে এস জি টেলর ১৯৩৫ সালে প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন। তিনি পিটিসির প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ১৯৪৭ সালে দেশভাগের আগে প্রথম ভারতীয় হিসেবে পি এল মেহতা অল্প সময়ের জন্য অধ্যক্ষ ছিলেন। পাকিস্তান সৃষ্টির পর এম এ খান পিটিসির অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯২০-২১ সালে প্রথম ভারতীয় হিসেবে ই এস সেন এবং ১৯২৩-২৪ সালে প্রথম বাঙালি মুসলমান হিসেবে জাকির হোসেন কর্মকর্তাদের প্রশিক্ষণে পিটিসিতে যোগ দেন।পিটিসির সূচনালগ্নে অনেক অভাব আর অপূর্ণতা ছিল। প্রশিক্ষণে ছিল অনেক কষ্ট; তবু প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছে পিটিসি ছিল প্রথম প্রেমের মতো। একজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে মন্তব্য করেছিলেন, ‘এটি একটি ভূস্বর্গ।’ দীর্ঘদিন পর তিনি সারদা ফিরে এসে মন্তব্য করেন, ‘স্বর্গ ফিরে পেলাম।’ অপর একজন পিটিসি সম্পর্কে মন্তব্য করেন, ‘এ এক স্বর্গ, যেখানে দেবদূতেরা শয়তান তাড়ানোর প্রশিক্ষণ নেন।’ সারদা পুলিশ একাডেমি আরও শত শত বছর আয়ু পাক এবং বেশি বেশি করে ভূত তাড়ানোর ওঝা তৈরি করুক—এটাই সবার কাম্য।