গৌরবের দিনলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ান্নর ভাষা আন্দোলনের দুই মাস পর ছাত্র ইউনিয়ন নামের যে সংগঠনটির যাত্রা শুরু, ছয় মাসের ব্যবধানে তার শরীর থেকে ‘পাকিস্তান’ শব্দটি ঝেড়ে ফেলে দেওয়া হয়। নামকরণ করা হয় ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’। সংগঠনটির মূলমন্ত্র ছিল ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতি। তবে পরবর্তী ১৯ বছর সংগঠনটি শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকা সমুন্নত রাখলেও ঐক্য ধরে রাখতে পারেনি। বলার অপেক্ষা রাখে না, ছাত্র ইউনিয়নই ছিল তৎকালীন পাকিস্তানের প্রথম অসাম্প্রদায়িক ছাত্রসংগঠন; পরবর্তীকালে ছাত্রলীগও মুসলিম শব্দ বাদ দিয়ে অসাম্প্রদায়িক চরিত্র ধারণের চেষ্টা করে। লেখক-গবেষক মাহফুজ উল্লাহ লিখিত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন: গৌরবের দিনলিপিতে বিন্দুতে সিন্ধু ধারণের চেষ্টা করেননি, এর অবয়বেও সিন্ধুর আকার রয়েছে। পৌনে তেরশ পৃষ্ঠার এ বইয়ে তিনি ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাংগঠনিক, শিক্ষাগত ও রাজনৈতিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেছেন। এটি প্রথাগত গবেষণাগ্রন্থ না হলেও গবেষণার সব তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ আছে। লেখক ভূমিকায় লিখেছেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই স্বাধীনতা-পূর্ব বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানের প্রগতিশীল, সমাজতন্ত্রে বিশ্বাসী, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার আস্থাবান মেধাবী ছাত্রছাত্রীরা এই সংগঠনের পতাকাতলে সমবেত হয়। তাদের রাজনীতিতে যেমন আদর্শবাদ, তেমনি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও উপস্থিতি ছিল উজ্জ্বল।’দীর্ঘ পথচলায় ছাত্র ইউনিয়নকে যেতে হয়েছে নানা চড়াই-উতরাইয়ের ভেতর দিয়ে। ‘আদর্শগত দ্বন্দ্বে’ ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়ন দ্বিধাবিভক্ত না হলে হয়তো এই সংগঠনটিই দেশের বৃহত্তম ছাত্রসংগঠন হতো এবং ইতিহাসের গতিপথও তারা পাল্টে দিতে পারত। পঞ্চাশ ও ষাটের দশকে দেশের গণমানুষের পক্ষে যেসব সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন হয়েছে, তার প্রতিটিতেই ছাত্র ইউনিয়ন ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল। লেখক ছাত্র ইউনিয়নের অভিযাত্রাকে এভাবে ভাগ করেছেন: পথের শুরু ১৯৫২, বিকাশ ও বিস্তৃতির বছর ১৯৫৩ প্রতিকূলতার মুখোমুখি ১৯৫৪ অব্যাহত প্রতিকূলতা ১৯৫৫ সাংগঠনিক বছর ১৯৫৬, সাংগঠনিক বিস্মৃতির বছর ১৯৫৭, সামরিক সংহতির বছর একনায়কত্বের সূত্রপাত ১৯৫৮, অচলায়তনের অন্ধকার ১৯৫৯-৬১, নতুনভাবে পথ চলা ১৯৬২, উজ্জীবনের বছর ১৯৬৩, আন্দোলন ও সাফল্যের বছর ১৯৬৪, ভাঙন ও সংকটে সংগঠন ১৯৬৫, সংগঠন উত্তরণের বছর ১৯৬৬, পুনর্গঠনের বছর ১৯৬৭, এগিয়ে চলা ১৯৬৮, সাহস ও দৃঢ়তার সম্মিলন ১৯৬৯, নতুন মেরুকরণ ১৯৭০, পথের শেষ ১৯৭১। প্রতিটি অধ্যায়ে লেখক বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকা থেকে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমের খবরও উদ্ধৃত করেছেন। মাহফুজ উল্লাহর বই থেকেই আমরা জানতে পারি, ছাত্র ইউনিয়ন গঠনের পর মূল রাজনৈতিক সংগঠন কমিউনিস্ট পার্টির নির্দেশে ছাত্রলীগের সঙ্গে একযোগে কাজ করা তথা একীভূত হওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি ছাত্রলীগের একগুঁয়েমির কারণেই। দুই সংগঠনের মধ্যে পথ ও মথের পার্থক্যটি মুছে ফেলার মতো নয়। তখনকার ছাত্ররাজনীতির চরিত্র লেজুড়বৃত্তির ছিল না। অনেক সময়ে তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করতেও দ্বিধা করেনি, বায়ান্নর একুশে ফেব্রুয়ারি যার প্রমাণ। পরিশিষ্ট অংশে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের খসড়া ঘোষণা, গঠনতন্ত্র এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের বিভিন্ন সম্মেলেন উত্থাপিত সাধারণ সম্পাদকদের রিপোর্টও সন্নিবেশিত করায় বইটি আরও সমৃদ্ধ হয়েছে। এ রকম শ্রম ও গবেষণালব্ধ একটি বই উপহার দেওয়ার জন্য মাহফুজ উল্লাহকে অভিনন্দন। ধন্যবাদ অ্যাডর্নকেও।পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গৌরবের দিনলিপি ১৯৫২-১৯৭১—মাহফুজ উল্লাহঅ্যাডর্ন পাবলিকেশনপ্রচ্ছদ: কাইয়ুম চৌধুরীদাম: ২৮০০ টাকা