গৌরীদির স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার জীবনে গৌরীদি যে আমার কত বড় আশ্রয় ছিলেন—একথা বলব এরপর। বড়দি একবার আমার সঙ্গে গেলেন কলকাতায়, শান্তিনিকেতন দেখতে যাবেন। প্লেনে প্রথম বেলায় পৌঁছে বিকেলের ট্রেন ধরব। সোজা হাওড়া না গিয়ে গৌরীদির ওখানে সঙ্গের কিছু খাবার খেয়ে নেব ঠিক করেছিলাম আমরা। যে-রকম সময়ে পৌঁছেছি আর যে-সময়ে ট্রেন, সে-হিসাব করে গৌরীদি বললেন—‘ভাত খেয়ে যাবে না কেন’? খাইয়ে দাইয়ে বিকেলের জন্যে ট্যাক্সি ডাকিয়ে দিলেন ওঁদের সেবক পুনেদওকে দিয়ে।শান্তিনিকেতনের পাট চুকিয়ে ঢাকা ফিরব, যাবতীয় মালপত্র নিয়ে গিয়ে উঠলাম গৌরীদির বাড়ি। তখন স্থলপথে যাতায়াত আমার। বনগাঁর ট্রেনে এত মাল নিয়ে উঠব কী করে ভেবে মলিন হয়ে আছি। গৌরীদির সঙ্গে ভাত খেলাম। বিকেলের দিকে ট্রেন। লোকাল ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। গৌরীদি নিজেই সব বিবেচনা করে পুনেদওকে ট্যাক্সি আনতে বলে বললেন, ওনার সঙ্গে গিয়ে ট্রেনে মাল উঠিয়ে ঠিকমতো গুছিয়ে দেবে। কৃতজ্ঞচিত্তে তাঁর স্নেহ মাথা পেতে নিলাম। কিন্তু, হায়রে ভাগ্য! প্ল্যাটফর্মেই শুনছিলাম পথে কী যেন গোলমাল আছে। একটু দেরি করে ট্রেন ছাড়ল। বারাসাত পর্যন্ত গিয়ে এই যে ট্রেন থামল সে থামলই! কিছুক্ষণ পর ঘোষণা হলো এ-ট্রেন আর যাবে না, পথে ঝামেলা আছে। খানিক অপেক্ষা করে শেষে ট্রেন থেকে নেমে পড়তে হলো। মাল টানাটানি করে কিছু দূরে গিয়ে গাছ ঘিরে তৈরি-করা বেদিতে বসলাম। ঠাসাঠাসি ভিড়। কেউ কেউ বলছে স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে চলে যাওয়া ভালো। কিন্তু আমার মালপত্র? ট্যাক্সি ধরবার ভাবনাও করতে পারি না, রেস্তো নেই।ঘোষণা শুনলাম ওদিক থেকে ফিরতি একটি ট্রেন কলকাতা যাচ্ছে। এবার ঠিক করলাম ফিরে যাব। উঠবার আয়োজন করতে দেখে ঘাড়ের কাছে বসে থাকা একটা লোক আমার কানের কাছে চাপাগলায় বলল— ‘শান্তিবালা’ তালব্য শ-য়ের উচ্চারণ করল ইংরেজি এস। একটু আরামে বসবার শান্তি পেল আর কী সে। জিনিস নিয়ে হাঁচোড়পাঁচোড় করে প্ল্যাটফর্মে উঠে ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকলাম। ট্রেন এলে হুড়মুড় করে কীভাবে সব নিয়ে ট্রেনে উঠলাম, সে জানি না। মরিয়া অবস্থায় বুঝি সবই সম্ভব! গৌরীদির সামনে গিয়ে দাঁড়িয়ে একেবারে ভ্যাঁ করে কেঁদে ফেললাম।আমার ভিসার মেয়াদও ফুরিয়ে যাচ্ছিল। বেশ আগেই এক্সটেন্শানের দরখাস্ত দিয়েছিলাম, কোনো জবাব পাইনি। পরদিন সকালে ফোন করে শুনি, আমার এক্সটেন্শানের আদেশ এসেছে। বুক থেকে ভার নেমে গেল। ওদিকে একুশে ফেব্রুয়ারিতে আমাকে দিল্লিতে গান গাইবার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। ভিসা শেষ হয়ে যাচ্ছে বলে যাওয়া হবে না জানিয়েছিলাম। কলকাতার বাংলাদেশ মিশনে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি আমার দিল্লি যাবার ব্যবস্থা হতে পারে? তারা বলল অন্য সবাই চলে গেছে, এখন আর কী করে হয়। দেশে ফিরবার মতো পয়সাও আর বিশেষ নেই। গৌরীদি বললেন, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, ঢাকা থেকে এর পরে যখন আসবে আমার জন্য বই কিনে এনো। কবে যে আর আসব ঠিক নেই। মনটা ছোট হয়ে গেলেও এ ছাড়া আর কোনো উপায় ছিল না। গৌরীদি আমার উদ্ধারকর্তা। পরে নানা সময়ে গৌরীদির জন্য বইটই নিয়ে গেলেও, তাঁর ঋণ শোধ হওয়ার নয়।গৌরীদির রক্ষণশীল পিতা ধীরেন্দ্রচন্দ্র দত্তের মৃত্যুর পর ওঁর মা আর বোনেরা গৌরীদির কাছে এসে থেকেছেন। একবার সেই পাঠভবনের শুভ্রা এসেছে শুনে দেখতে চাইলাম। গৌরীদি বললেন ্ব ‘ওর প্রচণ্ড জ্বর, পাশের ঘরে শুয়ে আছে’। শুভ্রার কাছে গিয়ে দেখলাম, জ্বরের তাপে ওর মুখটা লাল হয়ে উঠেছে। ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ তাকিয়ে দেখি, গৌরীদি এসে তাকিয়ে আছেন মমতা-ভরে। আমার কাছে গল্প শুনেছিলেন, ওরা স্কুলে থাকতে আমার কত কাছের ছিল। মুম্বাইতে পূষণের কাছে গিয়ে একটা হাঁটুর অপারেশন করিয়ে এসে বেশ ভালো ছিলেন। শ্রীশিক্ষাসদন কলেজের কাজের পরেও কত রকম সমাজকল্যাণের সঙ্গেই যে জড়িত ছিলেন গৌরীদি! একবার ফোন করেছি—‘গৌরীদি বিকেলে আসব’? বললেন—‘আজ তো সময় নেই, একজন মহিলা বেগম রোকেয়ার জীবন নিয়ে এক নাটক লিখেছেন, সেইটা শোনাতে আসবেন’। বললাম, ‘বেশ তো, আমিও শুনব। তারপর আপনাকে গান শোনাব’। শুনে খুশি হয়ে গেলেন, বললেন, ‘তাহলে এসো’। নাটক শুনে আমার পছন্দ হলো না কিন্তু কেউ কোনো মন্তব্য করলো না তা নিয়ে।গান শুরু হলো। প্রথম ‘শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়’ গাইলাম। পরে ধরলাম, ‘বাণী মোর নাহি’। গৌরীদি বলে উঠলেন ‘আইয়ুবের গান!’ তখনি ওঁর ফোন বেজে উঠল। গৌরীদি ফোন তুলে ‘এখন গান শুনছি’ বলেই ফোন রেখে দিলেন। গান শেষ হয়ে এলে গৌরীদি তর্জনী ঘুরিয়ে বোঝালেন, ‘ফিরে গাও’। ততক্ষণে নাটক শোনাবার লোকজন চলে গেছে। গান শেষ হলে গৌরীদি অপূর্ব এক গল্প শোনালেন। বিশ্বভারতীর ছুটিতে গৌরীদি পিতার কর্মস্থল পাটনায় চলে গেছেন। শিক্ষক আইয়ুব ফিরে এসেছেন কলকাতার পার্ল রোডে। গৌরীদি আইয়ুবের প্রতি তাঁর অনুরাগের কথা চিঠিতে জানালেন। তার জবাবে আইয়ুব কেবল তাঁকে ‘বাণী মোর নাহি’ গানটি লিখে সই করে পাঠালেন। একথা শুনে গানটির মর্ম যেন ছবির মতো পুরোদস্তুর স্পষ্ট হয় উঠল আমার মনের পটে। গানটি উদ্ধৃত করি।‘বাণী মোর নাহি,স্তব্ধ হূদয় বিছায়ে চাহিতে শুধু জানি\আমি অমাবিভাবরী আলোহারা,মেলিয়া অগণ্য তারানিষ্ফল আশায় নিঃশেষ পথ চাহি\তুমি যবে বাজাও বাঁশি সুর আসে ভাসি নীরবতার গভীরেবিহ্বল বায়েনিদ্রাসমুদ্র পারায়ে।তোমার সুরের প্রতিধ্বনি তোমারে দিই ফিরায়ে,কে জানে সে কি পশে তব স্বপ্নের তীরেবিপুল অন্ধকার বাহি\গৌরীদি অন্য পায়ের হাঁটু অপারেশন করিয়ে এসে ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। ভয়ানক সেই কষ্টের সময়ে পুনেদওই ভরসা। আগে সে আইয়ুবকে সাহায্য করত, এবার গৌরীদিকে। কেউ দেখতে আসুক, সেটা চাইতেন না গৌরীদি। গেলেও, পাশের ঘরে কিছুক্ষণ বসে থেকে চলে আসতাম।আইয়ুবের মৃত্যুর খবর পেয়ে গৌরীদিকে চিঠিতে লিখেছিলাম, আইয়ুবের অভাবটা এখন গৌরীদিকেই পূরণ করতে হবে। ওঁর মতো করে উনি যত দিন পেরেছেন কাজ করে গেছেন। উভয়ের জন্য আমার মনে শ্রদ্ধার উঁচু আসন রয়েছে।(নবযুগ থেকে প্রকাশিতব্য বই সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দের নির্বাচিত অংশ।)