আমার নাম মারিও। মারিও বার্গাস য়োসা। আমি ২০১০ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছি। বেশ কয়েক বছর ধরে আমার নাম নোবেল কমিটির বিবেচনায় একবার ওপরে উঠেছে, একবার নেমেছে। ১৯৯৬ সালের পর আর কোনো কবিকে পুরস্কার না দেওয়ায় আর সবার মতো আমিও ভেবেছি, এবার কোনো কবিই পুরস্কার পাবেন—কোরিয়ার কো উন কিংবা সিরিয়ার এডোনিস। একজন সুইডিশ কবির নামও শুনেছি, নামটা এখন মনে নেই। কিন্তু কমিটি এবার কবিদের এড়িয়ে গেছে। সুইডেন থেকে পিটার ইংল্যান্ড, পুরস্কার কমিটির সেক্রেটারি যখন ফোন করে বললেন, পুরস্কার আমিই পাচ্ছি। আমি বললাম, মশকরা করছেন নাকি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে যখন দিয়েছেন, আমার তাতেই চলবে। রাম শ্যাম যদু মধু যে পাবে পাক। বোর্হেসকেই যখন এড়িয়ে গেছে, আমি বাদ পড়লে কিছু এসে-যায় না। পিটার সাহেব বললেন, না ভাইজান, মশকরা নয়, আমি সিরিয়াস। আমাদের কমিটির চেয়ারম্যান আপনাকে অভিনন্দন জানিয়েছেন। ১০ ডিসেম্বর পুরস্কার নিতে স্টকহোম আসতে হবে কিন্তু।আমার তখন খুব প্রস্রাব পেয়েছে। প্রস্রাবের চাপটা হঠাৎ অনুভব করি, মনে হয় এখনই যেতে হবে। যাই-ও। কিন্তু খুব চাপে যতটুকু প্রস্রাব হওয়ার কথা, তার সিকিভাগও হয় না। সিকি কেন, কখনো কখনো দশ ভাগের এক ভাগও না। আমি বাথরুমে থাকা অবস্থায় অবিরাম কলবেল বাজার শব্দ শুনতে থাকি। মূত্রের শেষ ফোঁটাটা টোকা দিয়ে ফেলে বাথরুম থেকে বের হই। যিনি কলবেল বাজাচ্ছেন, তিনি একই সঙ্গে দরজায় টোকাও দিচ্ছেন। আমি মাথা নিচু করে আমার গুপ্ত অঙ্গ বরাবর প্যান্টের দিকে তাকাই। প্যান্টের ফ্লাই প্রায়ই খোলা থাকে। খোলা থাকলই বা, কী এসে-যায়। আমার ভাবগুরু গুস্তাভ ফ্লবেয়র বলেছেন, শিশু ও বুড়োর ইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই; দুটোর একই ভূমিকা—কেবলই মূত্রপাত্র।তিনি বেঠিক কিছু বলেননি। একটু কেবল এগিয়ে গেছেন। শিশুর ইয়ের সামনে অবর্ণনীয় সম্ভাবনা আর বুড়োর পেছনে ভালো-মন্দের হাজারো স্মৃতি।আমি নিশ্চিত হই চেন লেগেছে। প্যান্টে পানি কিংবা মূত্রের সিক্ততা নেই। আমি দরজা খুলি। পুষ্পস্তবক হাতে সুবেশ একজন দরজায় দাঁড়িয়ে, তার পেছনে কম বয়সী একজন মহিলা। আমি বলতে চাচ্ছিলাম, কী চাই। তার আগেই তিনি আমাকে বললেন, এক্সিলেন্সি, আমি আপনাদের দেশে সুইডিশ রাষ্ট্রদূত। আমি জানি, রাষ্ট্রদূতের এক্সিলেন্সি সম্বোধন করার একটি বৈশ্বিক বিধান তৈরি হয়ে গেছে। আমি বললাম, এক্সিলেন্সি আপনি ভেতরে আসুন।তিনি ভেতরে ঢুকে বসার আগে মাথা নুইয়ে আমাকে বললেন, আপনাকে অভিনন্দন। আমি সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাভের পক্ষ থেকে সদ্য পাওয়া একটি সুসংবাদের পরিপ্রেক্ষিতে আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। আপনি ২০১০ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন, আপনাকে অজস্র অভিনন্দন। স্টকহোম থেকে পিটার ইংল্যান্ড আপনাকে ব্যক্তিগতভাবে ফোনে জানাবেন।আমি বললাম, পিটার আমাকে জানিয়েছেন এবং আমি ভেবেছি, তিনি আমার সঙ্গে ঠাট্টা করেছেন।রাষ্ট্রদূত আবার বললেন, এক্সিলেন্সি, আমার সাহিত্যপাঠ খুবই কম। এর মধ্যেও আপনার একটি গ্রন্থ জুলিয়া খালা ও ঠিকে লেখক উপন্যাসটি পড়েছি এবং মন্দ মেয়ে বইটি কেনার জন্য আমার স্ত্রীর বোনের কাছে একটি ইলেকট্রনিক মেসেস পাঠিয়েছি।আমি বললাম, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কাছে কোনো বাড়তি কপি থাকলে আপনাকে উপহার দিতাম। আপনার সঙ্গে আগত এই সুন্দরী মহিলাকেও দিতাম। যে দুটো বইয়ের নাম বললেন, আমার লেখা হলেও আদৌ আমার প্রিয় বই নয়।রাষ্ট্রদূত বললেন, এমেলিয়া স্টিন্ডবার্গ আমাদের কালচারাল অ্যাটাশে। মাত্র দুই সপ্তাহ আগে ঢাকা এসেছে। আমার অবশ্য বাংলাদেশে দুই বছর পার হয়ে গেছে। যাই হোক, এক্সিলেন্সি, লেখার মাধ্যমে আপনি আমাদের পরিচিত। পরিচিত লেখকের পুরস্কারপ্রাপ্তিতে আনন্দ বেশি হওয়ারই কথা। আমি বললাম, এবার মনে হচ্ছে নোবেল কমিটি সে রকম অপরিচিত কাউকে শনাক্ত করতে পারেনি।রাষ্ট্রদূত বললেন, ঠাট্টা করছেন?আমি বললাম, ঠিক তা নয়, এক্সিলেন্সি। ঠাট্টা নামের একটি উপন্যাস লিখে মিলান কুন্ডেরা নামের একজন কথাসাহিত্যিক অত্যন্ত সুপরিচিত হয়ে আছেন। আমার হয়ে কমিটিকে যদি বলেন, পরিচিতির কারণে তিনি যেন বঞ্চিত না হন।অবশ্যই এক্সিলেন্সি। আমি আজই আপনার মন্তব্যটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটিতে প্রেরণের জন্য পত্র লিখব। আমি বললাম, এক্সিলেন্সি একটু স্থূল শোনালেও জানতে ইচ্ছে করছে, কত টাকা পাব? কোনো গেইন ট্যাক্স কিংবা অন্য কোনো সারচার্জ কেটে রাখবে না তো? কিংবা কোনো দলীয় চাঁদাবাজের বখরা? কালচারাল অ্যাটাশে সঙ্গে সঙ্গে সেলফোনের ক্যালকুলেটর বের করে ক্রোনারকে ডলারে এবং ডলারকে টাকায় রূপান্তর করে বললেন, প্রায় সাড়ে ১০ কোটি। সুইডেনে চাঁদাটাদা কিছু দিতে হবে না। বাংলাদেশের ব্যাপারটা আমার জানা নেই। আমি বললাম, আমারও জানা নেই। রাষ্ট্রদূত বললেন, বাংলা সাহিত্যে, তাহলে স্যার আপনাকে নিয়ে পুরস্কার পেলেন মোট তিনজন। কবিতায় ট্যাগোর নাইনটিন থার্টিন, উপন্যাসে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস নাইনটিন এইটি টু আর আপনি টু থাউজেন্ড অ্যান্ড টেন। আমি কিছু বলার আগে এমেলিয়া স্টিন্ডবার্গ আরেক দফা ক্যালকুলেটর টেপাটেপি করে বললেন, অর্থাৎ আপনাকে যথার্থ বুড়ো বানিয়ে নোবেল পুরস্কার দেওয়া হলো, ট্যাগোর যখন পেয়েছিলেন হি ওয়াজ ওনলি ফিফটি টু আর মার্কেস ফিফটি ফোর। আমি বললাম, পুরস্কারটা একটু দেরিতে পেয়েছি বলে বলছি না, কম বয়সে পাওয়াটা বিপজ্জনকও। বায়ান্নতে পুরস্কার পেয়ে ঠাকুরকে নিষ্কাম ঋষিপুরুষ সাজতে হলো। কামনা-বাসনা সব জলাঞ্জলি দিয়ে ৮১ বছর পর্যন্ত বেঁচেই রইলেন। ৫২ বছর বয়সে নোবেল পুরস্কার, তার ওপর চাপিয়ে দিয়েছে ৯২ বছর বয়সী মানুষের বার্ধক্য। আমি তার সম্পর্কে মুখ খুলতে চাই না, তবুও বিভিন্ন কারণে নামটা মুখে এসে যায়। ব্যাপরটা যদি এমন হয়, নাইনটিন এইটি থ্রিতে, মানে নোবেল পুরস্কার পাওয়ার ঠিক ১৫ বছর, যখন তার বয়স ৫৫, তখন যদি ঘুম থেকে উঠে সকালের কাগজটা হাতে নিয়ে শেষের পাতায় একটি বক্স নিউজে দেখেন, মগবাজারের একটি হোটেল থেকে তিনজন যৌনকর্মীর সঙ্গে নোবেল বিজয়ী গার্সিয়া মার্কেস গ্রেপ্তার, হোটেলের মালিককেও আটক করা হয়েছে, কেমন বোধ করলেন? বয়সটা যত বাড়বে যৌনকর্মীর সঙ্গে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাও তত কমে আসবে।এসব কথা আর মান্যবর রাষ্ট্রদূতকে বললাম না। তা ছাড়া এমেলিয়া স্টিন্ডবার্গ একজন ভদ্রমহিলা। তাঁকে সামনে রেখে যৌনকর্মী গ্রেপ্তার কিংবা রিমান্ডে কিংবা যৌনকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর-জাতীয় আলোচনা করতে চাই না। স্ক্যানডেনেভিয়া কিংবা লাতিন আমেরিকার কথা জানি না, তবে বাংলাদেশে কথা বলার সময় আমরা বুড়ো, শিশু ও নারীদের বিশেষভাবে সমীহ করে থাকি। আমি বললাম, অন্তত সাহিত্যের বেলায় নোবেল পুরস্কার পঁচাত্তরের কম বয়সীদের না দেওয়াই উত্তম।রাষ্ট্রদূত বললেন, আপনার এই সানুগ্রহ মতামত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নোবেল কমিটিকে জানিয়ে দেব। এক্সিলেন্সি, আপনার অনেকটা সময় নষ্ট করলাম, যদি অনুমতি দেন তো উঠি। যদি রাস্তার অবস্থা ভালো থাকে হয়তো দেড়-দুই ঘণ্টায় গুলশানে পৌঁছাতে পারব, এ সময়টাতে গাড়ির চাপ একটু কমই থাকার কথা।রাষ্ট্রদূত চলে যাওয়ার পর দরজা বন্ধ করে চারদিকের সব আলো নিভিয়ে দিই। আমার দুটো মোবাইল ফোন। কেবল ফোনের সুইচ অফ করাটাই যথেষ্ট মনে না হওয়ায় দুটো ফোনের ভেতর থেকে ব্যাটারি বের করে নিই। আমি জানি কিছুক্ষণের মধ্যেই জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর খবর পেয়েছিলেন তিন দিন পর। আজ সকালেও যাঁরা মা-বাপ তুলে আমাকে গাল দিয়েছেন, তাঁরাও আজিমপুর গোরস্তান থেকে কবরের পাশে শুইয়ে রাখা ফুল কুড়িয়ে আমার জন্য নিয়ে আসবেন। বলবেন, ‘অভিনন্দন। আপনি আমাদের গৌরব।’ আমারও মুখে হাসি নিয়ে বলতে হবে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি ইন্দিরা রোডে যে অ্যাপার্টমেন্টে থাকি, এটি প্যাট্রিসিয়ার। প্যাট্রিসিয়া আমার কাজিন এবং দ্বিতীয় স্ত্রী। একসময় এই অ্যাপার্টমেন্টের তিন দিক থেকে আকাশ দেখা যেত। গত তিন বছরে তিন দিকে তিনটি হাইরাইজ বিল্ডিং দাঁড়িয়ে যাওয়ায় আর আকাশ দেখা যায় না। দেখা যায় বিল্ডিংয়ের গায়ের সঙ্গে লেগে থাকা সারি সারি স্যানিটারি পাইপ। লেখালেখির মাঝখানে সময় পেলে আমি স্যানিটারি পাইপের দিকে তাকিয়ে থাকি। ফটোগ্রাফার নিয়ে কোনো সাংবাদিক একবার ঢুকতে পারলেই বলবে, ‘স্যার, ব্যাকগ্রাউন্ডটা চমৎকার। পেছনে স্যানিটারি পাইপ আর সামনে আপনি পাইপ টানছেন, হালকা ধোঁয়া চোরাইপথে আকাশে মিলিয়ে যাচ্ছে—এ ছবিটা দারুণ হবে। একবার পোজ দিন, স্যার। একটু হাসুন।’বেয়াদব কোথাকার। আমাকে কেন হাসতে হবে। আমার বন্ধু, অবশ্য সম্পর্ক ততটা ঘনিষ্ঠ নয়, ফিলিপ রথ একেবারেই হাসে না। কারণ হাসার কোনো কারণই খুঁজে পায় না। একজন ফটোগ্রাফার তাকে বলেছে, মিস্টার রথ, একটু হাসুন। তিনি খেপে গিয়ে বলেছেন, তোমার অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে। কয় বছর ধরে ফিলিপের নামও নোবেল কমিটির তালিকায় ওঠা-নামা করছে। আমি পেয়ে যাওয়াতে তার সঙ্গে সম্পর্কটা আরও শীতল হয়ে যাবে। হয়তো আমাকেই বলে বসবে, তোমাকে দেখে আমার হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। কাঁদুক। আমাকে দেখলে এখন অনেকেরই কান্না পাবে। আমি প্রচারবিমুখ মানুষ নই। আমি প্রেসকে ভয় পাই না। আমি প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ানোর মতো ভয়াবহ কাজও করেছি। আমাকে হাজারবার মিডিয়ার মুখোমুখি দাঁড়াতে হয়েছে, আমি হাজার রকম উদ্ভট প্রশ্নের জবাব দিয়েছি। এখন আর কথা বলতে ইচ্ছে করে না। আমি পর্দা সরিয়ে একবার ডানে তাকাই, একবার বাঁয়ে—আধো অন্ধকারেও চুনকাম করা স্যানিটারি পাইপগুলো দেখতে পাচ্ছি।লম্বাটে সোফায় শুয়ে পড়ি। আমি সনাতন বালিশ ব্যবহার করি না। কখনো মাথার নিচে দিই মোটা ডিকশনারি, কখনো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। ৯৭ বছর আগে ফেমাস হার্ডিকে ল্যাং মেরে এই পুরস্কারটাই পেয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আমার এই সুসংবাদটি উদ্যাপনের জন্য তিন খণ্ড রবীন্দ্র রচনাবলি মাথার নিচে রেখে চোখ বন্ধ করি এবং বাধ্য হয়ে সাংবাদিকের মুখোমুখি হলে যেসব প্রশ্নের জবাব দিতে হতে পারে, তার একটা রিহার্সেল দিতে থাকি।প্রশ্ন: আপনি আমাদের বলুন, প্রত্যাশিত নোবেল পুরস্কার পেয়েছেন। আপনার প্রতিক্রয়া কী? মারিও: যেহেতু পুরস্কারটি আপনাদের সবার বহুল প্রত্যাশিত, এটি যদি গৌরবের হয়ে থাকে, তাহলে আপনারা সবাই গৌরবের ভাগীদার। অনুগ্রহ করে কেবল টাকার ভাগ চাইতে আসবেন না। সাড়ে ১০ কোটি টাকা হাতে পৌঁছালে সন্তুষ্ট হব, ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করে পরাজিত হয়েছি। টাকাটা ঋণ শোধ করতে বিশেষ ভূমিকা রাখবে।প্রশ্ন: আপনি দেশের প্রধান ঔপন্যাসিক, আপনার প্রেসিডেন্ট হওয়ার দরকার কি?উত্তর: প্রধান সেনাপতি যদি কনুই দিয়ে গুঁতো মেরে প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে তাঁর চেয়ারে বসতে পারেন, প্রধান ঔপন্যাসিক পাস-ফেল যা-ই করুন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে অন্তত একবার চেষ্টা তো করতে পারেন। আমি সেই চেষ্টাই করেছি। কিন্তু রাজনীতিবিদ হতে হলে যতটা শঠ, প্রবঞ্চক ও ষড়যন্ত্রকারী হওয়া প্রয়োজন, আমি তা হতে পারিনি। সুতরাং রাজনীতিতে টিকতেও পারিনি। প্রশ্ন: আপনার প্রথম উপন্যাস বীরদের সময়-এ ক্যাডেট হিসেবে মিলিটারি একাডেমিতে আপনার অভিজ্ঞতার কথাই কি বলেছেন?উত্তর: দেখুন, আমার সব লেখাই আত্মজৈবনিক। আমার প্রথম উপন্যাসে আমি দোজখ আবিষ্কারের কাহিনি লিখেছি। ওটা জাহান্নাম।প্রশ্ন: ছাগলের ভোজসভা নামের একটি উপন্যাস আছে। উত্তর: সামরিকই হোক কি বেসামরিক হোক, একনায়কেরাই অনেক দেশ শাসন করছেন। তাঁদের চারপাশে যাঁদের দেখছেন, এরা সবাই ছাগল। আমি ছাগল নিয়ে হাসিঠাট্টা করতে পছন্দ করি।প্রশ্ন: প্যান্টিল্যান্ড নামের একটি সাম্রাজ্য আপনিও আবিষ্কার করেছেন। উত্তর: জি, ক্যাপ্টেন প্যান্টালিয়ন প্যান্টোজা এই সাম্রাজ্যের অধীশ্বর—তিনি সেনা কর্মকর্তাদের যৌনসেবা প্রদানের জন্য প্যান্টিল্যান্ড নামের একটি বেশ্যাখানার রক্ষণাবেক্ষণ করে থাকেন। বীর দেশ সেবকেরা তো দেশের কাছ থেকে এই সামান্য প্রতিদান পেতেই পারেন।প্রশ্ন: প্রশ্নটা ব্যক্তিগত। আপনার ইচ্ছে না হলে জবাব নাও দিতে পারেন। আন্ট জুলিয়া আপনার মামা কিংবা চাচার তালাকপ্রাপ্ত শ্যালিকা, আপনার চেয়ে ১৩ বছরের বড়। ১৮ বছর বয়সে আপনি অনেকটা খ্যাপা হয়ে তাঁকেই বিয়ে করলেন, কেন?উত্তর: একটি অনৈতিক সম্পর্কের চেয়ে কি বিয়েটা ভালো নয়? আমি ভালো কাজটাই করেছি। ১৮ বছরের ভালোবাসা বেহিসেবি কিন্তু ৪৮ বা ৫৮ বছর বয়সে ভালোবাসার চেয়ে হিসাবটাই বেশি। আমার লেখা জুলিয়া খালা উপন্যাসটি পড়বেন। আমাদের প্রেম ও বিয়ের ব্যাপারে যতটুকু জানি, সবটাই লিখেছি, লুকোইনি।প্রশ্ন: আপনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে ঘুষি মেরে ফেলে দিয়েছেন? এটা কি অন্যায় নয়? মানুষ হিসেবে তিনি আপনার চেয়ে ৮ বছরের বড়, লেখক হিসেবে আরও বেশি বড়? কাজটা কি ভালো করেছেন?উত্তর: গ্যাব্রিয়েলকে নিয়ে আমি কোনো কথা বলতে রাজি নই।প্রশ্ন: কিন্তু আপনি কি জানেন, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ফ্যান ক্লাবের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হচ্ছে। উত্তর: সে মামলার কোনো ‘কজ অব অ্যাকশন’ নেই, খারিজ হয়ে যাবে। মামলা গ্যাব্রিয়েলকে করতে হবে। সে ক্ষেত্রে আমি মোকাবিলা করতে প্রস্তুত আছি। কিন্তু আমি জানি, গ্যাব্রিয়েল মামলা করবে না।গ্যাব্রিয়েলের কথা উঠলেই আমার মেজাজটা বিগড়ে যায়। অন্য কারও স্ত্রীকে আমার ভালো লাগেনি বললে মিথ্যে বলা হবে। একইভাবে আমার স্ত্রীকেও গ্যাব্রিয়েলের ভালো লাগতে পারে। কিন্তু তাকে ভোগ করার জন্য আমার সামনেই হাত বাড়াবে, তা তো হতে পারে না। ব্যাপারটা তিনবার আমার চোখে পড়েছে। আমার স্ত্রী সাদামাটা মন নিয়ে গ্যাব্রিয়েলকে ভাইজান ভাইজান বলে ডাকত, দইবড়া, মিষ্টিকুমড়ার ফুলভাজা ও চটপটি বানিয়ে খাওয়াত। আর এতেই ভাইজান ধরে নিয়েছেন যে আমার স্ত্রী রাজি। একজন বিমানবালার সঙ্গে আমার বেহিসেবি সম্পর্ক যখন প্যাট্রিসিয়াকে বিমর্ষ করে তোলে, গ্যাব্রিয়েল তাকে পরামর্শ দেয়, মারিওকে তালাক দিয়ে দাও। আমি তো আছি। একবার কক্সবাজার সমুদ্রসৈকতে দেখলাম গ্যাব্রিয়েল আমার স্ত্রী প্যাট্রিসিয়ার পায়ের আঙুল ফুটিয়ে দিচ্ছে, একবার লং রুটের জার্নিতে তার পাশে বসেছে এবং ঘুমের ভান করে একটু পরপর তার কাঁধে মাথা রাখছে। আমাকে ঘুমন্ত মনে করে একবার আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছে এবং সর্বশেষ একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে মধুমিতা প্রেক্ষাগৃহে ঢোকার সময় আমার স্ত্রীর নিতম্বে হাত দিয়েছে। আমি কখন প্রতিক্রিয়া ব্যক্ত করব—আমার স্ত্রীর সঙ্গে সহবাস সম্পন্ন করার পর—দেরি না করে সিনেমা হলের ভেতরে আলো জ্বলতেই ডান হাতে একটা ঘুষি মেরে দিলাম। আহা, কী করলে, কী করলে বলতে কবি শামসুর রাহমান তাকে মাটি থেকে টেনে তুললেন। ব্যস, এ পর্যন্তই। গ্যাব্রিয়েলের বাম চোখটা কালো হয়ে গেল। শামসুর রাহমান একদিন বললেন, তাই বলে জ্যেষ্ঠের গায়ে হাত! রবীন্দ্রনাথ শুনলে খুব কষ্ট পেতেন। আমি বললাম, জ্যেষ্ঠের স্ত্রীহরণ হয়তো অপরাধের পর্যায়ে পড়ে না। কিন্তু কনিষ্ঠের স্ত্রীর বেলায় সাবধান! শামসুর রাহমান বললেন, তবুও। একবার ক্ষমাপ্রার্থনা করা উচিত। জ্যোতিদার স্ত্রীকে কাব্যরসে ডুবিয়ে ট্যাগোরদা খুলনা থেকে বালিকা ভবতারিণীকে বিয়ে করে নিয়ে গেলেন। নিয়ে আবার নামও পাল্টালেন—মৃণালিনী। বৌদি কাদম্বিনী এই বিয়ের ঠিক পাঁচ মাসের মাথায় আত্মহত্যা করলেন। জ্যোতিদার অন্যত্র আসক্তি ছিল বলে কবিকে কিছু বলেননি। কিছুটা শাস্তিও কি তার প্রাপ্য ছিল না? তাকে তো তোমরা কবি বানিয়ে বসিয়ে রাখলে। আমি তো রক্ত-মাংসের মানুষ গ্যাব্রিয়েল ভাইকে ঘুষিটা মেরেই বসলাম। ১৯৮২ সালে গ্যাব্রিয়েল যখন নোবেল পুরস্কার পেল, আমার স্ত্রীকে কিছুটা উতলাই মনে হয়েছিল।ঘুষিটা এমন ভয়ংকর কিছু ছিল না। তবে পুরস্কার যখন আমিও পেলাম, ঘুষিটাকে মনে হচ্ছে প্রচণ্ড, আঘাতটাও মনে হচ্ছে রক্তক্ষরা। আমি জানি, শামসুর রাহমান থাকলে হয়তো আজই, জোর করেই আমাকে উত্তরা চার নম্বর সেক্টরে গ্যাব্রিয়েল গার্সিয়ার বাসায় নিয়ে যেত এবং বলত, একবার সরি বলো। তাতেই হবে। গ্যাব্রিয়েল ক্যানসারে ভুগছে। এখন তো আমার স্ত্রীকে তার হাতে তুলে দিয়ে এলেও কিছুই করতে পারবে না। গুস্তাভ ফ্লবেয়র ঠিকই বলেছিলেন, শিশু ও বৃদ্ধের কর্মকাণ্ডে তেমন তফাত নেই। সরি গ্যাব্রিয়েল। আমি এখনো বিশ্বাস করি, শতবর্ষের নির্জনতা বাংলা ভাষায় লেখা শ্রেষ্ঠ উপন্যাস। তা ছাড়া প্যাট্রিসিয়ারও নিশ্চয়ই সায় ছিল। প্যাট্রিসিয়াই আমার পুরস্কারপ্রাপ্তির মিষ্টি নিয়ে তোমার বাসায় যাচ্ছে। বয়স প্যাট্রিসিয়াকেও রেহাই দেয়নি।