সাংবাদিকদের কখনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে নেই। তাহলে আর আপনার জীবনের ‘গোপন কথাটি রবে না গোপনে’। চকচকে ক্যারিয়ারের মূল্যে এই শিক্ষাই পেতে হয়েছিল গ্যারি হার্টকে। ১৯৮৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের এই রাজনীতিবিদ। ডেমোক্রেটিক পার্টি থেকে তাঁর মনোনয়ন পাওয়াটাও প্রায় নিশ্চিতই ছিল। এমনকি বলা হচ্ছিল, তাঁর নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও প্রবল।সে সময় গুজব ওঠে, তিনি নাকি বিয়েবহির্ভূত প্রেমে জড়িয়ে পড়েছেন। হেসে উড়িয়ে দিলেই বোধ হয় চলত এই অভিযোগ। কিন্তু গ্যারি একটু বাহাদুরি দেখাতেই গেলেন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘কেউ যদি আমার গতিবিধি অনুসরণ করতে চান তো করুন। তাঁরা খুবই বিরক্ত হবেন।’ চ্যালেঞ্জে হেরে ভুত হলেন তিনি। আগে থেকেই মিয়ামি হেরাল্ড পত্রিকার সাংবাদিকেরা অনুসন্ধান করছিলেন এ নিয়ে। গ্যারির বাড়ি থেকে অচেনা এক তরুণীকে সন্ধ্যায় বেরিয়ে যেতে দেখেন তাঁরা। এ নিয়ে একটি প্রতিবেদনও ছাপা হয়। একই দিনে গ্যারির সাক্ষাৎকারও প্রকাশ হয়। গ্যারি আর তাঁর বন্ধুরা অন্যায়ভাবে ঘটনার বর্ণনা করা হয়েছে, এমন অভিযোগ তোলেন। তবে সাংবাদিকেরা সেসব কানে তোলেননি। আরও খোঁজখবরে বেরিয়ে আসে সেই তরুণী একজন মডেল, ডোনা রাইস তাঁর নাম। এক সপ্তাহের মধ্যেই হাজির হয় আরও প্রমাণ। প্রকাশ হয় সেই তরুণীর সঙ্গে গ্যারি হার্টের অন্তরঙ্গ ছবি।সাত দিনের মাথাতেই নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন গ্যারি। ‘আমি মচকাব, তবু ভাঙব না। আর বিশ্বাস করুন, আমি ভেঙে পড়িনি মোটেও।’ বলেছিলেন তিনি। এক জরিপে প্রকাশ পায়, ৫৩ শতাংশ নাগরিক মনে করতেন, এই কেলেঙ্কারির সঙ্গে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের কোনো সম্পর্ক নেই। তবে অনেকেই তাঁর সমালোচনা করেছিলেন, নিজের দোষ গণমাধ্যমের ঘাড়ে চাপানোর জন্য। আর এই ঘটনার জন্য একবারের জন্যও দুঃখ প্রকাশ করেননি তিনি।এত কাণ্ডের সূত্রপাত এক ফোনকল থেকেই। ডোনা রাইসের এক বান্ধবীই নাকি হেরাল্ড-এ ফোন করে জানিয়ে দেন এই খবর। গ্যারি আর ডোনার ছবিটিও তিনিই দিয়েছিলেন। নাম প্রকাশ না করে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, গ্যারি নাকি শুরুতে তাঁর সঙ্গেই ভাব জমাতে চেয়েছিলেন। তিনি পাত্তা না দেওয়ায় ডোনার সঙ্গে বন্ধুত্ব করেন গ্যারি।ডোনা রাইসকেও তাঁর চাকরি খোয়াতে হয়। মডেলিংয়ের পাশাপাশি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। তারপর তাঁর কাছে অসংখ্য প্রস্তাব আসতে থাকে নতুন চাকরির। অধিকাংশই ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এর মধ্যে প্লেবয় ম্যাগাজিনের মডেল হওয়ার প্রস্তাবও ছিল। গ্যারি এরপর চলে যান আয়ারল্যান্ডে। এর কিছুদিন পর আবার চেষ্টা করেন তিনি প্রার্থী হওয়ার, খুব সামান্য ভোট পাওয়ায় নিজের নাম দ্বিতীয়বারের মতো প্রত্যাহার করে নেন তিনি। অন্য আলো প্রতিবেদক