পরম পূজনীয় পিতা, ‘সিনর জেরি আমাকে আপনার ওপর বর্তানো শর্তাবলির কথা জানাইয়াছেন। আপনাকে পোপের দপ্তরে আটক রাখা হইয়াছে জানিয়া খুবই উদ্বিগ্ন আছি। আমি জানি ইহার ফলে আপনি দুশ্চিন্তাগ্রস্ত এবং সকল শারীরিক স্বাচ্ছন্দ্য হইতে বঞ্চিত। তথাপি আমি এই ভাবিয়া আশান্বিত যে ইহার ফলে আপনার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ বাতিল করা হইবে এবং আপনার প্রতি ন্যায়বিচার করা হইবে এবং সবাই আপনার প্রতি সদাচার করিবে। এই আশায় আমি বুক বাঁধিয়া আছি যে ঈশ্বরের পরম কৃপায়, যাহার করুণা ভিক্ষায় আমার কোনো ক্লান্তি নাই, আপনি বিজয়ী হইবেন।...আপনাকে এখন এই মনে করিয়া পত্র লিখিতেছি যে আপনি হয়তো এই ভাবিয়া কিঞ্চিত কম বেদনাক্রান্ত হইবেন যে আমি আপনার বেদনা সম্পূর্ণ অনুভব করি ও তাহা বুঝিতে পারি। আমার মনোবেদনার কথা, এমনকি তাহার ইঙ্গিতটুকুও, আমি অন্য কাহারো সাথে ভাগাভাগি করি নাই, সকল অপ্রিয় সংবাদ নিজের কাছেই ধরিয়া রাখিয়াছি। অন্যকে যাহা কিছু বলিয়াছি, তাহা কেবল আপনার আনন্দ ও সন্তুষ্টির বিবরণ।’এই পত্রের লেখক ইতালীয় সৌরবিজ্ঞানী, গণিতজ্ঞ ও পদার্থবিদ গ্যালিলিও গ্যালিলির জ্যেষ্ঠ কন্যা ভার্জিনিয়া। ৪০০ বছর আগে, ডিসেম্বর ১৬০৯ খ্রিষ্টাব্দে, গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রে অবলোকনের পর সুনিশ্চিত হন যে পৃথিবী স্থির নয়, তা সূর্যের চারপাশে ঘূর্ণমাণ। ঠিক এমন এক আবিষ্কারের জন্য এর আগে ভ্যাটিকানের মহাপরাক্রমশালী পোপের ক্রোধের শিকার হয়েছিলেন পোলিশ জ্যোতির্বিদ কোপেরনিকাস। একই কারণে ১৬০০ খ্রিষ্টাব্দে ভ্যাটিকানের মূল চত্বরে পুড়িয়ে মারা হয় জিয়রদানো ব্রুনোকে। শত শত বছর ধরে সব ধর্মশাস্ত্র যে শিক্ষা দিয়েছে, ঠিক তার বিপরীত কথা বলার সাহস তাঁরা দেখিয়েছেন বলেই এই শাস্তি। গ্যালিলিওর বিরুদ্ধেও এখন সেই অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ নিয়ে পোপের দরবারে বিচার বসেছে। উদ্বিগ্ন কন্যার এই পত্র ভ্যাটিকানের কোপানলে বিদ্ধ বাবাকে আশ্বস্ত করার জন্যই লেখা।গ্যালিলিওর হাতে সৌরমণ্ডলের চক্রপথ আবিষ্কারের ৪০০ বছর উপলক্ষে গত বছর সারা বিশ্বে, বিশেষ করে ইউরোপে ব্যাপক আলাপ-আলোচনা হয়েছে। আলোচনার একটি কেন্দ্রীয় বিষয়—বিজ্ঞান ও ধর্মের দ্বন্দ্ব। গ্যালিলিওর সময়ে যেমন, এখনো এই প্রশ্ন নিয়ে কথা চালাচালির শেষ নেই। গ্যালিলিওকে নিয়ে আগেও বিস্তর ইতিহাস লেখা হয়েছে, নানা তত্ত্বকথা শোনা গেছে। অসাধারণ এক নাটকও লিখে গেছেন জার্মান নাট্যকার ব্রেখ্ট। কিন্তু আধুনিক বিজ্ঞানের জনক বলে পরিচিত গ্যালিলিও গ্যালিলির প্রতি সবচেয়ে গাঢ়, সবচেয়ে সুন্দর শ্রদ্ধার্ঘ্য এসেছে তাঁরই কন্যা ভার্জিনিয়ার কাছ থেকে, বাবার কাছে লেখা তার পত্রের ভেতর দিয়ে। সে কথা জানা গেল সেসব চিঠি নিয়ে লেখা ডাভা সোবেলের গ্রন্থ গ্যালিলিওস ডটার (ওয়াকার অ্যান্ড কোং, নিউইয়র্ক, ১৯৯৯) থেকে।গ্যালিলিওকে নিয়ে যত গ্রন্থ প্রকাশিত হয়েছে, তার কোথাও গ্যালিলিওর এই কন্যার কোনো পরিচিতি নেই। সোবেল ইতিহাসের মোহাফেজখানা ঘেঁটে সেই কন্যাকে আবিষ্কার করেছেন। ভার্জিনিয়া তাঁর এই গ্রন্থের নামচরিত্র বটে, কিন্তু আসল গল্প গ্যালিলিওকে নিয়ে। গ্যালিলিও বিবাহিত ছিলেন না। যুবাবয়সে মার্তিনা দি আন্দ্রেয়া গাম্বা নামে এক তরুণীর গর্ভে তাঁর তিন সন্তানের জন্ম—দুই কন্যা ও এক পুত্র। বড় কন্যার নাম ভার্জিনিয়া। পুত্র-কন্যার বাবা হিসেবে কগজকলমে স্বীকার করেননি, যদিও তাদের ভরণ-পোষণের পুরো দায়িত্ব আজীবন বহন করেন তিনি। অবৈধ, ফলে তাঁর কন্যাদের কখনোই বিয়ে হবে না, সে কথা মেনে নিয়ে গ্যালিলিও তাঁর দুই কন্যাকে ধর্মযাজিকা হওয়ার জন্য এক খ্রিষ্টীয় আশ্রমে রেখে আসেন। ছেলেটি ও পরে এক মেয়েকে নিজের কাছে নিয়ে আসেন গ্যালিলিও। শুধু বড় মেয়ে, ওই ভার্জিনিয়া, ১৩ বছর বয়স থেকে আমৃত্যু ধর্মশালায় রয়ে যায়।ডাভা সোবেলের বইটি সেই আশ্রম থেকে বাবার কাছে লেখা ভার্জিনায়ার ১২৪টি চিঠি অবলম্বনে রচিত। মাত্র ৩৪ বছর বয়সে, গ্যালিলিওর মৃত্যুর প্রায় এক দশক আগে ভার্জিনিয়ার মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত বেশ কয়েক বছর বাবাকে ভার্জিনিয়া এই চিঠিগুলো লেখেন। সেই চিঠিগুলোর আক্ষরিক অনুবাদ অনুসরণ করে এক অসাধারণ প্রামাণিক ইতিহাস লিখেছেন সোবেল। ইতিহাস না বলে একে উপন্যাস বলা যেতে পারে, অথবা গ্যালিলিওর প্রামাণিক জীবনীও বলা যেতে পারে। যে নামেই তাকে ডাকি না কেন, গভীর ও ভালোবাসায় গ্যালিলিওর প্রতি এক স্তবগাথা সাজিয়েছেন সোবেল তাঁর এই গ্রন্থে।গ্যালিলিওস ডটার গ্রন্থে যে গ্যালিলিওকে আমরা পাই, তিনি দোষ-গুণে ভরা একজন মানুষ। তিনি একই সঙ্গে সাহসী ও ভীরু, নিষ্ঠাবান বিজ্ঞানী এবং আপসকামী সুবিধাভোগী। তিনি গভীরভাবে ধার্মিক, অথচ মার্তিনার সঙ্গে তাঁর প্রণয় ও বিবাহবহির্ভূত পিতৃত্ব সে বিশ্বাসের বিরুদ্ধেই যায়। সন্তানের জনক হয়েছেন সমাজের রক্তচক্ষু স্মরণ রেখেই, কিন্তু বাবা হওয়ার পর তাদের স্বীকার করেননি। তাঁর আবিষ্কৃত তথ্য ভ্যাটিকানের ভিত্তিমূলে আঘাত হানবে—এ কথা জানা সত্ত্বেও বৈজ্ঞানিক গবেষণা ত্যাগ করেননি, কিন্তু নিজ তত্ত্বে সন্দেহশূন্য হওয়ার পরও সর্বসমক্ষে তা প্রকাশে ও এ নিয়ে কোনো রকম লড়াই করতে তিনি অনাগ্রহী ছিলেন। উলটো রাজরাজড়াদের কাউকে ধরে বা স্বয়ং পোপের সঙ্গে আপস করে তাঁর বই প্রকাশের চেষ্টা করেছেন। অবশেষে সব জানাজানি হয়ে গেলে, ভ্যাটিকানে তিনি বিচারের সম্মুখীন হন, কোনো প্রতিবাদ ছাড়াই তাদের দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছেন। তাঁকে গির্জা থেকে বহিষ্কার করা হবে—এমন আশঙ্কার কথা জেনেও তিনি লিখিতভাবে এই মুচলেকা দেন যে কোপেরনিকাস পদ্ধতির সত্যতা অর্থাত্ পৃথিবী স্থির নয়, তা সূর্যের চারদিকে ঘোরে—এই তত্ত্ব সর্বৈব মিথ্যা, ক্যাথলিক ধর্মবিশ্বাসের সে সম্পূর্ণ পরিপন্থী।যে ১২৪টি চিঠির ভিত্তিতে গ্রন্থটি রচিত, তাতে আমরা কেবল ভার্জিনিয়ার কণ্ঠই শুনি। কন্যার কাছে লেখা গ্যালিলিওর কোনো চিঠি এই গ্রন্থে সোবেল উদ্ধৃত করেননি। কারণ, তিনি জানিয়েছেন, ভার্জিনিয়ার মৃত্যুর পর সেসব চিঠি পুড়িয়ে ফেলা হয়। তত দিনে গ্যালিলিও চার্চের চোখে একজন ধিক্কৃত মানুষ। ফলে ধর্মশালায় তাঁর হাতে লেখা চিঠি আবিষ্কৃত হলে বিপদের আশঙ্কা ছিল। সোবেলের পুনর্নির্মাণে অবশ্য মানুষ হিসেবে গ্যালিলিওর একটি পূর্ণাঙ্গ চিত্রই আবিষ্কৃত হয়। একই সঙ্গে বাবা ও কন্যার আলাপচারিতা এবং তাঁদের সম্পর্কের ভেতর ও বাইরে গভীর নিষ্ঠার সঙ্গেই এই গ্রন্থে উন্মোচিত হয়। আমরা দেখি, অদৃশ্য বাবার খ্যাতি ও বিত্তের আড়ালে ঢাকা পড়া ভার্জিনিয়া একজন নিবেদিত ও নিষ্ঠাবান কন্যা, বাবার ভীরুতা ও সমাজমান্যতা নিয়ে যার কোনো অভিযোগ নেই। এক কঠিন ও অতিদরিদ্র পরিবেশে তাকে থাকতে হয়। নিজের কোনো আলাদা ঘর নেই, একজন বয়োজ্যেষ্ঠ যাজিকার সঙ্গে ভাগাভাগি করে যে কক্ষে সে থাকে, সেটিও অতিক্ষুদ্র ও ভীষণ ঠান্ডা। একটি চিঠিতে সে তার বাবার অব্যবহূত একটি বালিশ চেয়ে পাঠায়। একাধিক পত্রে খাদ্য ও ফল এবং সুচিকর্মের জন্য প্রয়োজনীয় সরবরাহের আবদারও রয়েছে। গ্যালিলিও সেসব নিয়মিত সরবরাহ করে গেছেন। ভার্জিনিয়ার চিঠিতে তার প্রাপ্তি স্বীকার রয়েছে। ক্যাথলিক চার্চের নানা বিভক্তি ও রাজনৈতিক নোংরামিও ভার্জিনিয়ার চিঠিতে পাওয়া যায়।অতিক্ষুদ্র ও দৈনন্দিন বিষয় নিয়েও ভার্জিনিয়া বাবাকে সবিস্তারে জানায়। যেমন একটি চিঠিতে লেখা, ‘বাগানে যে বাতাবিলেবুগুলো ঝুলছিল, তার সবগুলো মাটিতে পড়ে গেছে। সর্বশেষ যে কটি বাকি ছিল, তা বিক্রি করে যে দুই লিরা মেলে, তা দিয়ে আমি নিজ উদ্যোগে আপনার নামে ঈশ্বর বন্দনার আয়োজন করি।’ কিন্তু এই স্নেহশীল কন্যার প্রতি গ্যালিলিওর মনোভাব আমাদের জানার উপায় নেই, তবে সোবেল এই গ্রন্থের ভূমিকা পর্বে একজন বিদেশি বন্ধুর কাছে ভার্জিনিয়ার বিষয়ে তাঁর একটি স্নেহঘন মন্তব্য অন্তর্ভুক্ত করেছেন। গ্যালিলিও তাঁর বন্ধুকে লিখেছিলেন, ‘তাঁর এই মেয়েটি অপূর্ব সুন্দর মনের অধিকারী, সে ঈশ্বরনিবেদিত ও আমার প্রতি গভীরভাবে অনুরক্ত।’এই গ্রন্থে ভার্জিনিয়ার চিঠিগুলোর সঙ্গে রয়েছে ঘটমান ইতিহাসের সুবিস্তৃত বিবরণ। গ্যালিলিও একজন সফল বিজ্ঞানী, এক বিশাল ব্যক্তিত্ব। অথচ এই গ্রন্থ যে গ্যালিলিওকে আমরা পাই, তিনি অহর্নিশ নিজ আবিষ্কার নিয়ে প্রশ্নবিদ্ধ, অস্থির ও অসুখী। তিনি সন্দেহবাদী, ক্ষুদ্রমনা ও মিথ্যা অহংকারে দর্পিত। অথচ ভালোবাসার জন্য, স্বীকৃতির জন্য, প্রশস্তির জন্য দারুণ লালায়িত।গ্যালিলিওর যুগান্তকারী আবিষ্কারের ৪০০ বছর পর এমন একটি বই পাঠের ভেতর দিয়ে সে ঘটনার উদ্যাপন যথোপযুক্ত বলেই আমার কাছে মনে হয়েছে। (সোবেলের গ্রন্থ অবশ্য এই উদ্যাপনের ১০ বছর আগে, ১৯৯৯ সালে প্রকাশিত)। আজকাল সত্য কাহিনি বা ইতিহাসভিত্তিক উপন্যাস লেখার আগ্রহ বেড়েছে। কিন্তু সব গ্রন্থে সর্বদা ইতিহাস যে বস্তুনিষ্ঠভাবে অনুসৃত হয়, এ কথা বলতে পারি না। উপন্যাসে আমরা এমন মানুষদের দেখতে চাই, যারা অন্তর্গতভাবে আমাদেরই মতো দোষ-গুণে ভরা। বৈপরীত্য উপন্যাসের চরিত্রগুলোকে লঘু করে না, বরং তাঁদের অধিক মানবিক করে তোলে। তাঁদের প্রতি আমাদের আস্থা ও আগ্রহ আরও বাড়িয়ে তোলে। ঠিক যেমন হয় সোবেলের গ্যালিলিওর প্রতি।২৫ জানুয়ারি, ২০১০, নিউইয়র্ক