গ্রহণপর্ব
প্রথম আলো বর্ষসেরা বই ১৪২১-এর পুরস্কার অনুষ্ঠানে সৃজনশীল শাখায় বিজয়ী গল্পকার ইমতিয়ার শামীমের প্রতিক্রিয়া

উত্তরের যে দূরগ্রামে আমার জন্ম হয়েছিল, সেখানে নিরীহ গোবেচারা পরিশ্রমী এক লোকের কাছে প্রায়ই বেনামি এক চিঠি আসত। চিঠিতে লেখা থাকত, ব্যাংকে আপনার এত টাকা জমা হয়েছে, আপনি টাকা তুলে নিয়ে যান। প্রথম প্রথম চিঠি পেয়ে তিনি আসতেন লেখাপড়া জানা লোকদের কাছে। কোথায় কোন ব্যাংকে টাকা জমা আছে, সেসবের বিবরণহীন এই চিঠি ভীষণ কৌতূহলের উদ্রেক করত সবার। সড়কের ধারে, গাছের নিচে কিংবা ফসলের মাঠে এ নিয়ে আলোচনা জমে উঠত। লোকটি আশায় উদ্বেল হতেন, আবার ভীত হয়ে পড়তেন। কে তাঁকে এমন চিঠি পাঠাচ্ছে, তার আসল উদ্দেশ্যই বা কী, ভারি চিন্তার ব্যাপার। আবার এত টাকার হাতছানি, একটু সচ্ছলতার আভাস, কোথায় গেলে পাওয়া যাবে সেই টাকা? এই দোটানায় ঘুরপাক খেতেন তিনি। আরেক কৃষকের কাছে আসত খামের মধ্যে সাদা কাগজ। ভয় তাঁকে বিবর্ণ করে ফেলেছিল। এ কি মৃত্যুর বার্তা? আজরাইল সাদা চিঠি পাঠাচ্ছে তাঁকে? সবকিছু ফরসা হয়ে যাবে? যেমন ফরসা হয় সবুজ খেত, হলুদ ধান—প্রচণ্ড বন্যায়? আতঙ্কিত স্বরে কথা বলতে বলতে তিনি নিশ্চুপ হয়ে যান। আবার কখনো তীব্র কণ্ঠে যেসব কথা বলতে থাকেন, যা আমাদের কথিত শোভন মানুষদের অশ্লীল মনে হয়। শুধু শুনতে গেলেই নয়, পড়তে গেলেও।
কিন্তু এসব কথা আমি বলছি কেন? আমার গ্রাম কিংবা মানুষের ভয় কিংবা আশাবাদের সঙ্গে সাহিত্যের সম্পর্ক কতটুকু আছে? কিংবা আমার লেখালেখিরই বা কতটুকু সম্পর্ক তার সঙ্গে? যাঁরা লেখালেখি করেন, তাঁদের অনেকেই একটা সময়ে এসে উৎসের কথা জানাতে উদ্গ্রীব হয়ে ওঠেন। আর সৌভাগ্যবান লেখক যাঁরা, তাঁদের কাছ থেকে আশপাশের মানুষজনই জোর করে আদায় করে নিতে চায় তাঁদের বেড়ে ওঠার বয়ান। কিন্তু আমি এসবের কোনো কারণেই এগুলো বলছি না। সেই সব মানুষদের কথা আমার মনে হচ্ছে এ কারণে যে আজ আমি একই সঙ্গে ভীত আর আশাবাদী।
ভয়ের সংস্কৃতিই আজ সবচেয়ে বড় সংস্কৃতি, যার ছাপ পড়তে শুরু করেছে আমাদের মতো মানুষদের জীবনযাপনের সবখানে। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে চাইছে কোনো কিছুর আচ্ছাদনে। ভয় আসছে, কেননা আমাদের নিষ্ঠুরতা, নৃশংসতা আর লোভের হাতছানিতে লুট করতে চাওয়া হচ্ছে। কেউ যদি জানতে চান, শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে নামে আমার এই গল্প সংকলনের নামটি এমন কেন, আমার কাছে তারও কোনো উত্তর নেই। তেমন ছাত্র কিংবা শিক্ষক হলে নামকরণের সার্থকতা নিয়েও হয়তো একটা আলোচনা করা যেত। কিন্তু তাতেও কি অন্তর্গত রক্তক্ষরণ উঠে আসত? বড়জোর আমি এই প্রশ্ন করতে পারি সব্বাইকে, কেউ কি শীতের রাতের জ্যোৎস্নার মধ্যে দেখেছেন বৃষ্টি ঝরে পড়তে? বাস্তবে আমিও তা মাত্র একবারই দেখেছি আমার দূর কৈশোরে। সামান্য সময়ের বৃষ্টি। এমন বৃষ্টি প্রতিদিন হয় না। তা ছাড়া কখনো কুয়াশাও এমনভাবে ঝরতে থাকে, মনে হয় বৃষ্টিই পড়ছে। এমন বৃষ্টির কথা কাউকে তাই বিশ্বাস করানোও যায় না। গত কয়েক বছর আমি বলতে গেলে নিয়মিত হেমন্ত ও শীতে গ্রামে থেকেছি পূর্ণিমার কালে। কার্তিকের মরা জ্যোৎস্না থেকে শুরু করে বিষণ্ন শীতের জ্যোৎস্না এখনো ফসলের খেতে শুয়ে থাকে বটে। কিন্তু সন্ত্রস্ত, ভীত। এখন তেমন বৃষ্টি আর কখনো হবে বলে আমার আর বিশ্বাসও হয় না। মাঝেমধ্যে মনে হয়, হয়তো তেমন এক বৃষ্টির কথা আমি একদিন কল্পনা করেছি। শুধু আমাদের গ্রাম কেন, সব গ্রামই এখন পাল্টে গেছে। শহর গিয়ে ঢুকে পড়েছে গ্রামের ভেতর, গ্রাম তার শোষণের ভূমি। গ্রাম ছুটে আসতে চাইছে শহরের কাছে। কেন, তারও উত্তর আছে, আবার উত্তর নেইও। গ্রামে গ্রামে বিদ্যুৎ গেছে। যে গ্রামে যায়নি, সে গ্রামের লোকজন চাঁদা তুলছে কর্মকর্তাদের ঘুষ দেবে বলে। বিদ্যুৎ বিভাগের লোকজন দোহাই দিচ্ছে, পোল নেই, তার নেই ইত্যাদি। গ্রামের লোকজন নিজেরাই পোল আর তার কেনার জন্য চাঁদা তুলছে।
চিঠিযুগ শেষ হয়ে গেছে। আর যদিও বা চিঠি আসে, খামের ভেতর সাদা কাগজ দেখেই প্রথমেই ধরে নেওয়া হবে, কেউ ভয়ানক শত্রুতা করছে। ব্যাংকে টাকা আছে—এ রকম চিঠি পেলে চিঠির প্রাপক নিশ্চয়ই সেটা ছুড়ে ফেলে দেবে। এই অবিশ্বাস আর বিচক্ষণতা যতই বাড়ুক, আমাদের দৈবনির্ভরতা আর সেই নির্ভরতার নিষ্ঠুর প্রকাশ বেড়েছে আরও বহুগুণ। কুসংস্কার আর দৈবনির্ভরতার ডিজিটাল আগ্রাসনে লুপ্ত হচ্ছে বোধবুদ্ধি।
নিশ্চয়ই আমি আনন্দিত, কৃতজ্ঞও—আমাদের ঘিরে আপনারা আজ একত্র হয়েছেন, এই আয়োজন করেছেন। ভালো বইয়ের অন্বেষণ থেকে এই আয়োজনের যাত্রা। কেননা বই মানুষকে বাঁচতে শেখায়, আমাদের মনীষীরা বলে গেছেন, আমরাও তা হাতেনাতে বুঝতে পেরেছি বিভিন্ন সময়। লেখালেখি, যা আমার এক সহমর্মী বন্ধুর কাছে দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ লুকানোর আয়োজন, নিজেকে তীব্র প্রকাশ করার ঝুঁকি এড়ানোর সেক্যুলার মেডিটেশন, তাকে ঘিরে এমন আয়োজন তাই আমাদের উদ্বেল করে। সাহিত্যের মহীয়ানতা নিয়ে অনেক কথাই হয়েছে, নতুন করেও নিশ্চয়ই বলা যায়। পরিবর্তনের স্রোতে নতুন উপলব্ধি দিয়ে সাহিত্যের সংজ্ঞাকে কিংবা দায়বোধকেও নিশ্চয়ই চিন্তা করা যায় নতুন করে। বিশেষত এই ঘোরলাগা প্রযুক্তির তোড়ে সেই চিন্তা চাই বা না চাই, অনিবার্যই হয়ে ওঠে। কিন্তু এত কিছুর পরও ভয়ের জায়গা এই, আমাদের দীর্ঘ ধারাবাহিক এত প্রচেষ্টার পরও ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভুবন তছনছ হয়ে যায়, আগুনে পুড়ে যায়, আমাদের কিছুই থাকে না করার। আমাদের তরুণেরা নিজেদের চিন্তাকে প্রকাশ করতে চান, কিন্তু সমাজ ও রাষ্ট্র পারে না তাঁদের নির্বিঘ্নে চিন্তা করতে দিতে। তাঁদের চিন্তার প্রকাশকে রোধ করার জন্য নিত্যনতুন বিধি করার দরকার হয়, তাঁদের অভিযুক্ত হতে হয় অনুভূতিতে আঘাত লাগার দায়ে এবং সেই দায় নিয়ে তাঁদের জীবন দিতে হয় কিংবা দেশ ছেড়ে চলে যেতে হয়। আমরা নিজেদের রক্তক্ষরণ লুকাতে, নিজেদের বাঁচাতে শেষ পর্যন্ত গোপন খাতায় গোপন কলমে লিখতে থাকি নিজস্ব ভাষাতে। যে ভাষার মর্মোদ্ধার করা করা যায় না। সব কথাই বলতে পারছি বটে, সত্যিই কি পারছি? দুর্বোধ্যতার অভিযোগ আমাদের আরও ন্যুব্জ করে, আরও দুর্বোধ্য করে তোলে। কিন্তু লেখাকে ঘিরে এই যে আত্মকেন্দ্রিকতা, তা তো চলমান সমাজ ও জীবনের অতৃপ্তি থেকে, জীবনের প্রতি ভালোবাসা থেকেই। সে কারণেই সাহিত্য শেষ পর্যন্ত আমাদের সবার। ‘মানুষ সবকিছু সহ্য করতে পারে’—উইলিয়াম ফকনারের এই কথাকে অবলম্বন করে কার্লোস ফুয়েন্তেস বলেছিলেন, ‘এটাই উপন্যাসের গূঢ় সত্য।’ খুবই সত্য কথা। কিন্তু সহ্য করতে করতে বিদ্রোহের উপলব্ধিও আসে। সে কথাও সত্য। বই পড়তে পড়তে, বই লিখতে লিখতে আমরা সেই সহিষ্ণুতারই প্রকাশ ঘটাই, কিন্তু নিভৃতে বিদ্রোহেরও ডাক দিই, বিদ্রোহের প্রস্তুতি নিই। আশাবাদের কথা বলেছিলাম, এটা আশাবাদ কি না জানি না, অন্তত ভয়ের কথাটা বলতে পারছি—এটুকুই কি তবে আশাবাদের জায়গা? এখনো মানুষ ভালো বইয়ের অন্বেষণ করে, বইকে খোঁজে, তার মানে জীবনকেই তো খোঁজে। চায় ভয় থেকে বেরিয়ে আসতে। এটাই বোধ হয় আমাদের আশাবাদের জায়গা। প্রথম আলোকে ধন্যবাদ বইয়ের এই অন্বেষণে, জীবনের এই অন্বেষণে যুক্ত থাকায়, এমন আয়োজন অব্যাহত রাখায়। এই সুযোগে আমার বইয়ের প্রকাশক কথাপ্রকাশের জসিমউদ্দিন ও কবি সৈকত হাবিবকেও ধন্যবাদ জানাই, তাঁদের আন্তরিক আগ্রহে ও উদ্যোগেই প্রকাশ পেয়েছিল শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে। শ্রদ্ধাভাজন প্রাবন্ধিক, সাহিত্যিক সিরাজুল ইসলাম চৌধুরীর মননশীলতার প্রকাশ স্বীকৃতি পাওয়াতেও আমি আনন্দিত। আপনাদের সবাইকে আবারও শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।