গ্রামজীবনের চেনা রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে শিল্পী এস এম সুলতানের গড়া আর্ট স্কুলের ছাত্র শিল্পী বলদেব অধিকারী। ছেলেবেলা থেকেই এস এম সুলতানকে চিনতেন তিনি এবং তাঁর তত্ত্বাবধানেই তাঁর আঁকাআঁকির শুরু। যদিও বলদেব অধিকারীর শিল্পচর্চায় অন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারপরও এখন তিনি পুরোদস্তুর পেশাদার চিত্রকর। এ পর্যন্ত তাঁর ১৩টি একক চিত্র প্রদর্শনী হয়েছে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে গত ২৮ জুন শুরু হয় বলদেব অধিকারীর ‘জীবনমন্থন’ শীর্ষক ১৪তম একক চিত্র প্রদর্শনী। বলদেব অধিকারী নড়াইলের মাইজপাড়ায় অবস্থিত শিশুতীর্থ (ফ্রি আর্ট স্কুল)-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং সেখানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পকলা শিক্ষক হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি সাহিত্যচর্চা, নাটক, যাত্রা, অভিনয় এবং পরিচালনার কাজও করছেন। সুলতানের সাহচর্যে বেড়ে ওঠায় তাঁর চিত্রকর্মে সুলতানের প্রভাব স্পষ্ট। বাঙালির সহজ-সরল জীবনের সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য, বিশেষ করে গ্রামীণ কৃষিজীবী জনমানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রাম তাঁর ছবির মূল বিষয়। ছবির ভাব প্রকাশে তিনি সরলতা বজায় রেখেছেন। প্রতিটি ছবিই বাঙালি গ্রামীণ সমাজের গল্প বলে। ছবিতে তাঁর রঙের ব্যবহারও সহজ-সরল, উপস্থাপনাও সহজবোধ্য। যে কারণে অধিকাংশ ছবিতে গ্রামীণ সমাজের বাস্তবানুগ অনুষঙ্গ চিত্রিত হলেও কিছু কিছু ছবিতে শিল্পীর আধ্যাত্মিক ও পরাবাস্তববাদী চিন্তা ভিন্ন মাত্রা সৃষ্টি করেছে। প্রদর্শনীতে শিল্পীর করা ৪৬টি চিত্রকর্মের মধ্যে একটি হলো স্ক্রলচিত্র, যার মাপ ৫ ফুট × ৬০ ফুট। ‘চিরন্তন বাংলা’ নামের এ স্ক্রলচিত্রটি বিষয়ের গুরুত্বই শুধু নয়, এ জাতীয় কাজের ক্ষেত্রে বাংলাদেশে বৃহত্তম পেইন্টিং বলা যায়। কৃষিভিত্তিক এবং নদীমাতৃক বাংলার গ্রামীণ জীবন এই পেইন্টিংয়ে উপজীব্য। গ্রামীণ মেলা, নদী, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার, সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড এই ছবিতে শিল্পী তুলে ধরেছেন।গ্রামীণ বিষয় হিসেবে মুক্তিযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ সিডরও ওঠে এসেছে তাঁর ছবিতে। গ্রামের সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের চিরচেনা রূপ যেমন এসেছে কলসি কেনা, মাছ কাটা এসব ছবিতে, তেমনি সমাজের বৈষম্য ও স্বার্থবাদী মানুষের বেড়াজালে কৃষকের অসহায় অবস্থার প্রতিফলনও ঘটেছে তাঁর ক্যানভাসে।