গ্রীষ্ম-দুপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাড়িয়ে দিয়েছ দাঁড়িয়ে দেখছি তাও—
সোনালু থোকায় নুয়ে পড়া স্মিত হাস্য৷
একটু চেয়েই পাশ কেটে যায় কেউ
অনূদিত হোক সেই চাহনির ভাষ্য৷
সাইকেল রেখে মফস্বলের সড়ক উধাও,
গাছের ছায়ায় চেন পড়ে যায় যখন-তখন
বিমুক্ত হও—
ঝরাপাতাদের পাশে পড়ে থাকা বালকের মন৷
কী যে তীব্র এ মধ্যবয়সী রোদ-উত্তাপ
মেলানো গ্রীষ্মে বাতাসের টান মাপছে৷
দুপুরের পর পুবের পুকুর ঝাঁজমাখা ঘ্রাণে
ব্রীড়ানত ওই হেলেঞ্চা-পাশে কাঁপছে...
মাগরিবকালে অপেক্ষায় যে মুলতান-সুর
তার কাছে ফের ফিরতি পথের সবুজ মাড়িয়ে
ফিরতেই হবে। সব ফেরাই তো মিহি নয় আর
কিছু খুব ভার, ফিরিয়ে দিলেও তাকায়, দাঁড়িয়ে।