গ্রেপ্তার হওয়ার পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশীয় লেখক প্রমোদিয়া অনন্ত তোয়েরের আত্মস্মৃতির ইংরেজি অনুবাদ দি মিউটস্ সলিলকি। অনুবাদক উইলেম স্যামুয়েলস। বইটির সূচনা অংশ বাংলায় অনুবাদ করেছেন সারফুদ্দিন আহমেদ১৯৬৫ সালের ১৩ অক্টোবর। ওই দিন রাতে নিজের বাড়িতে বসে প্রেসিডেন্ট সুকর্ণের লেখা একটি ছোটগল্পের সংকলন সম্পাদনা করছিলাম। হঠাৎ সেখানে সেনাবাহিনী গিয়ে আমাকে তুলে নিয়ে এল। কেন আমাকে নির্বাসিত করা হলো, সেটা আমার কাছে এখনো এক রহস্য। আমাকে গ্রেপ্তারের এবং কারাগারে পাঠানোর আগে একবারের জন্যও সরকারের পক্ষ থেকে কোনো হুঁশিয়ারি দেওয়া হয়নি। এখন পর্যন্ত আমি জানি না, আমাকে কোন অপরাধে গ্রেপ্তার করা হলো। আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের কারণ কখনোই জানানো হয়নি। গ্রেপ্তার-পরবর্তী ঘটনাগুলোও বা কেন ঘটল, তাও আমার অজানাই রয়ে গেছে। ইন্দোনেশিয়ার প্রাচীন ও আধুনিক ইতিহাসের একজন ছাত্র হিসেবে জেনেছি, আমার দেশে অতীতে ঘটে যাওয়া যাবতীয় স্মরণীয় ঘটনার নেপথ্যে ইন্দোনেশিয়ার বাইরের শক্তির প্রভাব দায়ী ছিল। এসব রহস্যময় শক্তির রহস্যময় প্রভাবকে আমি ‘ফ্যাক্টর এক্স’ বা ‘অজ্ঞাত কারণ’ হিসেবে আখ্যায়িত করেছি। কারাজীবনের বছরগুলোতে আমি অনেকটা সময় ব্যয় করেছি শুধু এটুকু জানার জন্য যে কারা অথবা কোন ঘটনা আমার বন্দিত্বের ক্ষেত্রে ‘ফ্যাক্টর এক্স’ হিসেবে কাজ করেছে। গ্রেপ্তার হওয়ার রাতে আমাকে যখন সেনাসদস্যরা ঘর থেকে বাইরে নিয়ে এল, তখন একদল মুখোশধারী লোক আমাকে ঘিরে ধরল। তাদের সবার হাতেই ছুরি অথবা অন্য কোনো ধারালো অস্ত্র ছিল। সেনাসদস্যরা আমার হাত পিঠমোড়া করে বাঁধল। হাত বাঁধা দড়ির বাকি অংশ আমার গলায় পেঁচিয়ে দেওয়া হলো। ইন্দোনেশীয় বিপ্লবের গোড়ার দিকে কাউকে মেরে ফেলার সিদ্ধান্ত হলে তাকে এভাবে বাঁধা হতো। অর্থাৎ বাঁধার ওই ধরনটা মৃত্যুদণ্ডের প্রতীক হিসেবে তখন প্রচলিত ছিল। যা হোক, ওই রাতে আমাকে প্রথমে আর্মি স্ট্র্যাটেজিক রিজার্ভ কমান্ড পোস্ট এবং সেখান থেকে আঞ্চলিক মিলিটারি কমান্ডে নিয়ে যাওয়া হলো। আমাকে আটককারী কর্মকর্তাদের কথামতো আমি ব্যাগে কিছু জিনিসপত্র ভরে নিয়েছিলাম। তারা আমাকে বলেছিল, আমি চাইলে আমার সঙ্গে লেখালেখির জন্য প্রয়োজনীয় উপকরণ নিতে পারি। কিন্তু আমাকে আঞ্চলিক মিলিটারি কমান্ডে নেওয়ার পর সঙ্গে নেওয়া টাইপরাইটার এবং অসমাপ্ত পাণ্ডুলিপি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এক সপ্তাহ পর আঞ্চলিক মিলিটারি কমান্ড থেকে আমাকে জে-১ গুন্টারে অবস্থিত মিলিটারি পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানে তারা আমার সঙ্গে থাকা বাকি সব জিনিসপত্র নিয়ে গেল। রেস পাবলিকা ইউনভার্সিটিতে আমি খণ্ডকালীন লেকচারার হিসেবে কাজ করতাম। একই সঙ্গে একটি পেনসিল কোম্পানির নীতিনির্ধারণী পর্ষদের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতাম। ওই দুই প্রতিষ্ঠান থেকে ছয় মাসের অগ্রিম বেতন তুলেছিলাম। সে টাকা আমার সঙ্গে ছিল। জেল কর্তৃপক্ষ সে টাকাও নিয়ে নেয়। আমার পরিবারের চলার মতো তখন সে টাকাই শুধু ছিল। দুই দিন পর আমাকে সালেম্বা জেলখানায় নিয়ে যাওয়া হলো এবং নভেম্বরে আবার সেখান থেকে সরিয়ে সেনাবাহিনীর দখলে নিয়ে নেওয়া টেঙ্গেরাং কারেকশনাল ইনস্টিটিউশনে নেওয়া হলো। বলা হলো, ‘আমার মুক্তির প্রস্তুতি’ হিসেবে নাকি আমাকে সেখানে নেওয়া হচ্ছে।আমি গ্রেপ্তার হওয়ার তিন মাস পর্যন্ত আমার পরিবার জানতে পারেনি আমাকে কোন জেলে রাখা হয়েছে এবং ছয় মাসের আগে আমার সঙ্গে তাদের দেখা করতেও দেওয়া হয়নি। এটা অবশ্য খুবই স্বাভাবিক ব্যাপার। যে ডিটেনশন সেন্টারে আমাকে টানা ছয় মাস আটকে রাখা হয়েছিল, কার্যত সেটা ছিল একটা ‘গণনির্যাতন কেন্দ্র’। সেখানে যেসব রাজনৈতিক বন্দীকে রাখা হতো, তাদের সঙ্গে পরিবারের কাউকে দেখা-সাক্ষাৎ করতে দেওয়া হতো না। কয়েদিদের প্রথম কয়েক মাস চরম আজাব সহ্য করতে হয়েছে। মানুষ যেভাবে নিয়মিত খাবার খায়, ঠিক সেভাবে নিয়মমতো এখানকার বন্দীদের ওপর নির্যাতন চালানো হতো। এখানে আমি শক্ত করে হাত-পা বাঁধা অবস্থায় বন্দীদের ট্রাক থেকে মাটিতে ছুড়ে ফেলতে দেখেছি। আমার পাশেই এক যুবককে পুলিশ অমানুষিক নির্যাতন করে জিজ্ঞাসাবাদ করছিল। তার কাছ থেকে তথ্য আদায় করার জন্য তার দুই আঙুলের ফাঁকে পেনসিল দিয়ে তারা মোচড়াচ্ছিল। প্রশ্নকারী ছেলেটার দুই আঙুল ভেঙে ফেলেছিল। ছেলেটা যন্ত্রণায় চিৎকার করছিল। একসময় সেই চিৎকার গোঙানিতে পরিণত হলো। প্রশ্নকারী লোকটা একসময় যুবকটির একটা পায়ের গোড়ালি একটি টেবিলের পায়ার নিচে ঢুকিয়ে দিয়ে টেবিলের ওপর বসে পড়ল। আমাকে অসহায়ের মতো পাশে দাঁড়িয়ে সেই যুবকের তীব্র আর্তচিৎকার শুনতে হয়েছে।১৯৬৬ সালের মে মাসে আমাকে আবার সালেম্বা কারাগারে ফিরিয়ে আনা হয়। ১৯৬৯ সাল পর্যন্ত আমাকে সেখানে রাখা হয়। তারপর সেখান থেকে অন্য কয়েদির সঙ্গে আমাকেও একটি ট্রেনে করে দক্ষিণ উপকূলীয় জাভার কিলাক্যাপ শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেরিতে করে নেওয়া হয় নুসা কাম্বাগান দ্বীপের কারাং তেঙ্গাহ্ জেলখানায়। তবে এক সপ্তাহ পর ওই দ্বীপেরই আরেকটি জেলখানা লিমুবান্তু কারাগারে আমাকে চালান করে দেওয়া হয়। ১৯৬৯ সালের ১৬ আগস্ট পর্যন্ত সেখানে ছিলাম। তারপর ওই দিন আমাদের নিয়ে অদ্রি-১৫ নামের একটি সামরিক জাহাজ বুরু দ্বীপের উদ্দেশে রওনা হয়।বুরু দ্বীপে পাঠানো কয়েদিদের মধ্যে আমরাই ছিলাম প্রথম গ্রুপ। উপকূল থেকে বহু দূরে অবস্থিত ইউনিট-৩ নামে পরিচিত একটি সামরিক ইউনিটে আমাদের রাখা হয়। ১৯৭১ সালে আমি এবং আরও ১৫-১৬ জন কয়েদিকে আলাদা কয়েদখানায় রাখা হয়। এর পর থেকে ১৯৭৩ সালের জুলাই পর্যন্ত আমাকে পুরোপুরি নির্জন কারাগারে থাকতে হয়েছে। তবে ওই ১৯৭৩ সালেই আমি আবার লেখার অনুমতি পাই। আমি বুরু দ্বীপের যে কারাগারে বন্দী ছিলাম, জেনারেল সুমিত্রো ওই বছর সেখানে পরিদর্শন করতে আসেন। তিনিই আমাকে দাপ্তরিক আদেশে লেখার অনুমতি দেন। জেলে বসে ১৯৭৩ সাল পর্যন্ত যেসব নোট রেখেছিলাম, তার বেশির ভাগই নষ্ট হয়ে গিয়েছিল। কিছু নিজের নিরাপত্তার জন্য নষ্ট করেছিলাম, বাকি লেখাগুলো কারা কর্তৃপক্ষ ধ্বংস করেছিল। সেখানে ঠিক কত পৃষ্ঠা লিখেছিলাম, তা আজ মনে করতে পারছি না। তবে স্মৃতি হাতড়ে আবার সেগুলোর কিছু কিছু উদ্ধারের চেষ্টা করেছি।