সিঁড়ি ভেঙে তারা একত্রে নামল। যখন তার দরজায় পৌঁছায়, আগন্তুক নিজেকে কথাবার্তায় জড়িয়ে নিতে চেষ্টা করে। তার উষ্ণ স্যাঁতসেঁতে নিঃশ্বাস ফেরিওয়ালার মুখমণ্ডলের ওপর দিয়ে প্রবাহিত হয়। রাতটা গরম, ভাপসা, বাতাস নেই, সমুদ্র থেকে উঠে আসা হাওয়া নেই, তবে আগন্তুক নিশ্চয়ই শীতার্ত, কারণ তার হাত দুটো ওভারকোটের পকেটে। তার চোখ জোড়া বড় এবং বৈচিত্র্যহীন, চোয়াল খাড়া ও কৌণিক। ‘সাহেব, আপনি এখানে থাকেন?’‘হ্যাঁ, তিন তলায়।’‘ভাড়া কেমন, বেশি?’‘বেশি? হ্যাঁ, খুব বেশি। এখানে সস্তা পাবে কোথায়?’‘কোথাও না?’প্রশ্নটা জিজ্ঞেস করতে গিয়ে তার চোয়াল আরও ধারালো, দৃষ্টি আরও হতাশাব্যঞ্জক হয়ে উঠল। লোকটির মুখমণ্ডলের দিকে সরাসরি তাকিয়ে সে তার প্রশ্নটা আবার জিজ্ঞেস করে। ‘তার মানে সস্তা কিছু নেই? সব কিছু বেশি...?’‘চিলেকোঠায় থাকো?’‘আরে না, ওখানেও খালি নেই।’রাস্তার দিকে চোখ মেলে সে তাকিয়ে রইল। বাতাস তখনো নিথর এবং ভারী। তবুও সে কাঁপছে। পকেট থেকে হাত বের করে পরষ্পর ঘষছে। তারপর হঠাৎ বলল, ‘তাহলে এভাবেই চলছে। এখানকার সবকিছুই চড়া। আমার দুই মাসের বাড়িভাড়া বাকি পড়েছে...আমি থাকি ক্যাপ্টেন স্ট্রিটে। ভাড়ার জন্য মহিলা প্রতিদিন আসে। আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা চারজন—আমি, আমার স্ত্রী মারিয়া ক্লারা (মারিয়া এসেছে সেরিগিপান থেকে) আর দুটো ছেলে। আমার মনে হচ্ছে, শিগগির আমাদের ভিক্ষায় নামতে হবে।’ক্লান্ত হয়ে সে বিরতি দেয়, থুতু ফেলে ক্যাপটা চোখের ওপর পর্যন্ত টেনে এনে আবার বলতে শুরু করে, ‘দেউলিয়া হবার আগ পর্যন্ত আমি তো অরোরা ফ্যাক্টরিতেই কাজ করতাম। তিন মাস আগের কথা সেটা। আমি এখনো ঘুরে বেড়াচ্ছি, কাজ নেই। আমার স্ত্রী ধোয়ামোছার কাজ শুরু করেছে। কিন্তু তাতে আর কত আসে। আমাকে আজই বাড়ি ছাড়তে হবে। সবকিছু এত চড়া... আর সবাই টাকা আগাম চায়। বলো দেখি এর শেষ কোথায়?’সে আবার হাত পকেটে ঢুকিয়ে ফেলে। ‘পাশের বাসায় কোনো ঘর ভাড়া দেবে?’‘আমার মনে হয় না। তুমি কোর্তিকোতে চেষ্টা করছ না কেন?’‘ধন্যবাদ। সেখানেও গিয়েছিলাম। সবই নিয়ে গেছে...।’ নীরবে রাস্তার দিকে তাকায়। থুতু ফেলে জুতো মাড়িয়ে থুতু লেপ্টে দেয়। ফেরিওয়ালার আঙুল আধপেনি মুদ্রা ঘাটে। একবার ভাবে মুদ্রাটা আগন্তুককে দেবে। তারপর লজ্জা পেয়ে পরিকল্পনাটি ত্যাগ করে। এ সামান্য মুদ্রাটি দিয়ে সে কারও মনে আঘাত দিতে তো চায় না। আগন্তুক তার ওভারকোটের কলার উঁচিয়ে ধরে, সিঁড়ির দিকে শেষবারের মতো দৃষ্টিক্ষেপণ করে। তারপর হেঁটে বেরিয়ে যায়।‘তোমাকে বিরক্ত করার জন্য ক্ষমাপ্রার্থী, শুভরাত্রি।’মুহূর্তের জন্য সে সিদ্ধান্তহীন হয়ে দাঁড়িয়ে থাকে। বুঝতে পারে না পাহাড়ি পথ বেয়ে ওপরে উঠবে না নিচে নামবে। শেষ পর্যন্ত মন ঠিক করে ওপরে উঠতে থাকে। ফেরিওয়ালা দূর থেকে তাকে পর্যবেক্ষণ করে। যদিও তার কথা শোনা যাচ্ছে না, সে দেখতে পাচ্ছে আগন্তুক কাঁপছে, এখন তার খাড়া সুচালো চোয়াল তার সামনে। তার উষ্ণ স্যাঁতসেঁতে নিঃশ্বাসের ঝাপটা তার মুখমণ্ডলে পড়ছে। হতাশ হয়ে সে হাত নাড়ে, তারপর হঠাৎ সে নিজেও এই উষ্ণতায় আঠালো সান্ধ্য বাতাসে শীতে কাঁপতে থাকে। যে ইতালীয় মহিলা দুতলায় রুম ভাড়া দেয়, তার পোশাক ঘাড় ও বাহু ঢেকে রেখেছে। আর পোশাক এতই দীর্ঘ যে তা চলার সময় বলতে গেলে মাটিতে গড়ায়। লম্বা মহিলা, মুখে নকল দাঁত, পায়ে কালো জুতা, চোখে সোনালি ফ্রেমের চশমা। খুব উদ্ধত মেজাজের নারী, সেলুনের ফার্নান্দেজ ছাড়া অন্য কারও সঙ্গে কখনো কথা বলে না। আর তাও কেবল, হ্যালো। যখন দরজায় ভিক্ষুক, তার বাক্সে একটি কি দুটি মুদ্রা ঢুকিয়ে দেয়। ভিক্ষুক এমনভাবে বিড়বিড় করে, মনে হয় তা ধন্যবাদ ও অপমানের মিশ্রণ। ‘এই সিঁড়িতে পড়ে ঘাড় ভাঙতে ঈশ্বর তোকে সহায়তা করুন, কুত্তি কোথাকার...।’যে নিগ্রো মহিলা পায়েস বিক্রি করে এই গান শুনে প্রাণ ভরে হেসে নিল কিন্তু ইতালীয় মহিলার কানে কিছুই ঢুকল না! ততক্ষণে সে অনেক দূর চলে গেছে; যাচ্ছে তাদের আধ্যাত্মিক আখড়ার দিকে, সেখানে তার ঘন ঘন আসা-যাওয়া। মৃতের সঙ্গে কথাবার্তা চালানোর জন্য সে যে একজন ভালো মাধ্যম, এটা সবাই জানে। যখন আত্মা তার ওপর ভর করে, সে নাচতে থাকে, তার নিজের ভাষায় ঝাঁজালো ও শারীরিক উত্তেজনা সঞ্চারক গান গায় আর অশ্লীল অঙ্গভঙ্গি করে। অসৎ ধর্মযাজক ও কামুক নারীদের আত্মা তাদের উপস্থিতি স্পষ্ট করার জন্য আবির্ভাবের প্রিয় মাধ্যম তাকেই মনে করে। তাকে মাধ্যম হিসেবে রেখে তারা নিজেদের গল্প শুনিয়ে যায়, তাদের বিকৃত যৌন জীবনের কাহিনি—এভাবেই তারা করুণা প্রার্থনা করছে। সম্পূর্ণ কালিমাহীন আত্মা কদাচিৎ তার ওপর ভর করে, কখনো যদি ভর করেও থাকে তারা আসে নোংরা, অপবিত্র আত্মার সঙ্গে এবং শেষ পর্যন্ত নিষ্কলঙ্ক আত্মাই খবরদারি করে। সে কারণেই সেন্ট মাইকেল স্ট্রিটের আখড়ায় এত আসা-যাওয়া আর ইতালীয় মহিলা নিজের গুরুত্ব বুঝে পিরালি জ্যোতিশ্চক্র ধারণ করতে শুরু করেছে।ইতালীয় মহিলা তার আঙুলের গাঁট দিয়ে ফেরিওয়ালার দরজায় আঘাত করে। তার টোকার শব্দ কর্তৃত্বসম্পন্ন আদেশের মতোই শোনায়, কিন্তু দরজা খোলা হয় না। সে একই সঙ্গে দরজায় টোকা দেয় এবং চিৎকার করতে থাকে—‘সিও হোয়াও! সিও হোয়াও।’ভেতর থেকে একটি স্বর শোনা যায়। ‘এক মিনিট, আমি আসছি।’যখন দরজা খোলা হয়, ইতালীয় মহিলার হাত তার কোমরে, মুখে হাসি। দরজার ভেতরের দিক থেকে ঘন দাড়িতে ভর্তি মুখের একজন তার দিকে তাকিয়ে থাকে।‘এই নাও তোমার বাড়ি ভাড়ার বিল। মাসের পাঁচ তারিখে দেবার কথা, আজ আঠারো তারিখ।’দাড়িতে হাত ঘষে কাগজটা কাঁমড়ে ধরে, টাকার অঙ্ক তার চোখের সামনে সাঁতার কাটতে থাকে।‘বেগম সাহেব, একটু ধৈর্য ধরুন। আমাকে আর একটু সময় দিন। আপনি কি এ সপ্তাহটা অপেক্ষা করতে পারেন না? আমি একটা স্থায়ী কাজের আগাম পেয়েছি।’তার মুখমণ্ডল থেকে হাসি বিলীন হয়ে যায়। দাঁত কামড়ে শুকনো ঠোঁটে চেহারায় একটি ভয়াবহ অভিব্যক্তি ফুটে ওঠে।‘আমি এর মধ্যেই অনেক অপেক্ষা করেছি—সেই পাঁচ তারিখ থেকে। প্রতিদিন তুমি একই পুরোনো গল্প শুনিয়ে যাচ্ছ। শুধু অপেক্ষা করুন আর অপেক্ষা করুন। অপেক্ষা করতে করতে আমি অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। আমার বাড়িওয়ালাকে আমার ভাড়া দিতে হবে না? আমাকে খেতে হবে না? আমি আর অপেক্ষা করতে পারব না। আমার কথা তোমার কানে ঢুকল? আমি মানবতার মা-জননী সেজে বসিনি...।’যদিও তার কথা ফেরিওয়ালার কানে ঢুকছিল না, কথাটির ট্র্যাজিক অনুরূপ তার কানে বাজতে থাকে।ভেতরের ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে এল। সে দাড়ি হাতড়াতে থাকল।বলল, ‘বেগম সাহেব, আপনি নিশ্চয়ই শুনেছেন—বাচ্চার শব্দ; গত সপ্তাহে আমার স্ত্রীর একটি ছেলে হয়েছে...এসবের খরচ যে কত আপনি তো জানেনই...সে জন্যই আমি আপনার টাকা শোধ করতে পারিনি। তার ওপর এদিকে আমার চাকরিটাও গেল।’‘তাতে আমার কী এসে-যায়? তোমাকে বাচ্চা পয়দা করতে কে বলেছে? এটা কি আমার দোষ। আমার ঘর ছেড়ে দাও। এখুনি বের হও এখান থেকে। তুমি নিজে থেকে না গেলে আমিই তোমাকে রাস্তায় ছুড়ে ফেলব। আমি আর একমুহূর্তও অপেক্ষা করতে রাজি নই।’বলে গটগট করে হেঁটে বেরিয়ে গেল সে। তার পোশাক আঠার মতো শরীরের সঙ্গে লেগে রইল। দরজা বন্ধ করে লোকটি তার দুই হাতের মধ্যে মুখ লুকানো স্ত্রীর দিকে তাকানোর সাহস পেল না; শিশুটির পাশে তার স্ত্রীও কাঁদছে। বিড়বিড় করে বলল, ‘এই বেটির সঙ্গে তাহলে আবারও লেগে যাচ্ছে!’ইতালীয় মহিলা শুতে যাওয়ার পর সে ঘরে ফিরল। তার পয়সা-কড়ি পাওয়ার উদ্যোগ, অন্য একটি ঘর খুঁজে পেয়ে সেখানে সংসার স্থানান্তর করার চেষ্টা—সবই ব্যর্থ হলো। সে রাস্তায় রাস্তায় ঘুরতে লাগল। এখানে একটা সিগারেট, ওখানে কয়েকটা পয়সা ভিক্ষা করে বেড়ায়—স্ত্রীর জন্য কিছু খাবার তো নিতে হবে। এই স্ত্রীর জীবন হঠাৎ এক নারকীয় অস্তিত্বে পরিণত হয়েছে। ইতালীয় মহিলার চিৎকার এড়িয়ে বাথরুমেও যেতে পারছে না। ‘যাও, বেরিয়ে যাও। নিজের পাছা অন্য কোথাও গিয়ে ধোও।’তার ঘরে পানি নেই। বাচ্চাটাকে ধোয়ার জন্য পেছনের একটি কলতলায় যেতে হয়েছে, মহিলারা সেখানে কাপড় ধোয়। তারপর সে টয়লেটে যায়। তার পেছনে লেগে ইতালীয় মহিলা এখনো নির্মম পরিতৃপ্তি পাচ্ছে। মহিলা বাথরুমের দরজায় তালা লাগিয়ে চাবি লুকিয়ে রেখেছে— তাদের ঘরটি অত্যন্ত বাজে, অবর্ণনীয় রকম নোংরা, মানুষের মলমূত্রের তীব্র গন্ধে বমি আসে, অসহ্য লাগে। হতাশায় নিমজ্জিত হোয়াও তার দাড়িতে আঙুল চালায়।এক রাতে বাড়ি ফিরে দেখে ইতালীয় মহিলা তার জন্য অপেক্ষা করছে। ততক্ষণে মধ্যরাত পেরিয়ে গেছে। মহিলা দেয়ালের দিকে ঝুঁকে তাকে এগোনোর পথ করে দেয়।লোকটি উচ্চারণ করে, ‘শুভসন্ধ্যা’।‘তুমি নিশ্চয়ই এত রাতে আমার সঙ্গে দেখা হবে এটা আশা করোনি, তাই না? আমি চাই তুমি এখন রুমের ভাড়া দিয়ে বেরিয়ে যাও। যদি তা না করো আমি কালই পুলিশ ডাকব।’‘কিন্তু...।’‘কোনো কিন্তু নেই। আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। তুমি সারা দিন ঘুমাও, রাতের বেলা বের হও আর মাতাল হয়ে ফিরে আসো। আর এর পরও তুমি আমাকে চাকরি পাওয়ার গল্প শোনাও। বাউণ্ডুলে ভবঘুরেদের জায়গা দেওয়া আমার কাজ নয়...যাও এখন নামো, রাস্তায় নামো।’‘কিন্তু আমার স্ত্রী...’‘রাখো তোমার স্ত্রী! সারা দিন তার কাজ শূকরের মতো আমার রুম নোংরা করা। কীভাবে কাজ করতে হয় তার কোনো ধারণা নেই। কাপড় ধুতেও জানে না। সে কেন বেশ্যাগিরি করতে যায় না? অন্য মহিলাদের মতো একটা পুরুষ তো খুঁজে বের করতে পারে। এটা তো অন্তত সে করতে পারে, তাই না?’কাজল চোখে দেওয়া ইতালীয় মহিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল হোয়াও। মহিলার কথার আঘাতে তার চোখের সামনে ঘরটা অন্ধকার হয়ে এল। প্রচণ্ড বেগে ঘুষি বসিয়ে দিল সে মহিলার মুখে। ইতালীয় মহিলা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে মিনিট খানেক গোঙাতে থাকল। কিন্তু যখন দেখল দুটি হাত তার গলার দিকে এগিয়ে আসছে, আতঙ্কে চিৎকার করে সিঁড়িতে পা আছড়াতে থাকল। হতোদ্যম হোয়াও হাত সরিয়ে নিয়ে দাড়িতে আঙুল চালাতে শুরু করল। নিজের ঘরে ফিরে গিয়ে পুলিশের অপেক্ষায় রইল। পুলিশ ও সাংবাদিক ইতালীয় মহিলাকে বেইজ্জতি করে ছাড়ল। একটি খবরের কাগজ মহিলার আঠারো বছর বয়সে নিলামে তোলা একটি রসাল ছবি ছেপেছিল। হোয়াওকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। তার কিছু আসবাব—একটি বিছানা, চেয়ার, আলনা পাওনা বাড়ির ভাড়ার বদলে আটকে রাখা হলো। পর্তুগিজ থেকে এলসি কাপলানের ইংরেজি অনুবাদ থেকে বাংলায় ভাষান্তরিত।