বার কয়েক ঝাঁকুনি আর দুলুনি দিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে গেল গাড়ি। একেবারে নট নড়নচড়ন। অতএব ভূমিতে অবতরণ এবং লেফট-রাইট। শ্রীচরণ ভরসা করে এগিয়ে গেলাম সামনে।খুব বেশি দূর এগোতে হলো না। অচিরেই দেখা দিল একটি মহার্ঘ বস্তু। মস্ত এক প্রস্তরখণ্ড। গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ। সারা গায়ে নকশাকাটা। শুধু নকশা বলছি কেন, কত রকমের ফুল আর পাতার ছবি যে চড়ানো হয়েছে তার গায়ে! সামনেই সরু খালের মতো এঁকেবেঁকে চলে গেছে একটা নদী, নাম তুলসীগঙ্গা। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় এর অবস্থান। নদীতে জলের চেয়ে আরও কত রকমের পাথর যে আছে এখানে! কিন্তু এত সব পাথর এখানে এল কোত্থেকে? কে আনল এগুলো? এ প্রশ্নের জবাব আপনি যাকেই জিজ্ঞেস করবেন সে-ই বলবে, ‘আমরা তো জানিই না, আমাদের বাপ-দাদারাও জানত না।’ আসলে এটা এক মস্ত শহরের ধ্বংসাবশেষ। যেন ঘুমন্ত পুরী একটা। কোলাহল, সাড়াশব্দ কিছুই নেই। যতটা বোঝা যায়, নদীর দুপাশেই ছিল সেই শহর। নদীর ওপর পাথরে বানানো একটা সেতু দিয়ে যুক্ত ছিল দুপাশ। সে প্রায় দেড় হাজার বছর আগেকার কথা। এমন পাথরে তৈরি প্রাচীন সেতু বাংলাদেশে এই একটাই ছিল। সেতুর ইটের খিলানের ভিত্তিপ্রাচীর আজও দেখা যায় নদীর পাড় ঘেঁষে। বিলুপ্ত সেই শহরের পুরোটা ধ্বংস হয়ে গেলেও অল্প কিছু নিদর্শন এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছে পথের ধারে, পুকুরপাড়ে, ঘরের উঠোনে, দেয়ালের পেছনে। বেশির ভাগই ‘নেই’, যেন ভোজবাজির মতো ভ্যানিশ হয়ে গেছে। তবে এক দিনে তো আর হয়নি, দিনে দিনে হয়েছে। এখন কথা হলো, কারা এ কাজ করেছে? উত্তর অবশ্য মোটেই কঠিন নয়, এ কাজ করেছে মানুষ। শহরটা গড়েছিল মানুষ, এর ধ্বংসস্তূপকে প্রায় নিশ্চিহ্নও করে ছেড়েছে এই মানুষই। সাধু ও তস্কর দুই-ই তো আছে মানবসমাজে। কাজেই এ আর এমন অসম্ভব কি।তুলসীগঙ্গার জলে পিঠ ভাসিয়ে যেসব পাথর তাদের অস্তিত্ব জানান দিচ্ছে, তারা কিন্তু যে-সে পাথর নয়, একেবারে কেউকেটা জাতের। সেটা কী রকম? বলছি। এই পাথরগুলোর অনেকেই কুলীন ব্রাহ্মণের মতো। পাথরসমাজে এদের বড্ড দাম। এরা বড়ই মজবুত। পাওয়াও যায় অনেক দূরদেশে। নাম গ্রানাইট। মধ্য ও দক্ষিণ ভারতে প্রাকৃতিকভাবে এদের দেখা মেলে। তাহলে ওরা এত দূরে এল কী করে? পাখায় ভর দিয়ে, নাকি হেঁটে?যেহেতু এদের পা বা পাখা কোনোটাই নেই, তাই অন্যের কাঁধে সওয়ার হয়েই যে এরা এসেছে, তাতে আর সন্দেহ কি। সেই অন্যরা কারা? তারা হলো মানুষ, সেকালের রাজা-বাদশাদের দ্বারা নিয়োজিত মানুষ। যে রাজাদের রাজত্বের মধ্যে বাংলাদেশ ও মধ্য-দক্ষিণ ভারত ছিল, তাদের পক্ষেই যে ওসব আনা সম্ভব ছিল, তাতে ভুল নেই। কারণ রাজকীয় পৃষ্ঠপোষকতা ছাড়া অত দূরদেশ থেকে সেকালের পথঘাটহীন দুর্গম বাংলাদেশে ওগুলো আনা মোটেই সম্ভব ছিল না। আর আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগেকার গুপ্তযুগের পরে তেমন প্রতাপশালী রাজার রাজত্ব যে এই দেশ পর্যন্ত প্রসারিত ছিল না, এতেও কোনো সন্দেহ নেই। তাই এসব দেখেশুনে মনে হয়, এখানে কমপক্ষে প্রায় দেড় হাজার বছর আগে মস্ত শহর গড়ে উঠেছিল। কিন্তু এখানেই শেষ নয়, এখানে পাথরের মূর্তিসহ এমন কিছু নিদর্শনের সন্ধান মিলেছে, যার ভিত্তিতে এখানকার শহরের সময়কাল খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতক পর্যন্ত পিছিয়ে দিতে চান পণ্ডিতেরা। এমন মূর্তিজাতীয় জাদুঘরে পর্যন্ত রয়েছে। তাই এ কোনো চাট্টিখানি কথা নয়।এখানকার অনেক মানুষই এখন খ্রিষ্টধর্মাবলম্বী। তাদের ধর্মকর্মের জন্য এখানে নির্মিত হয়েছে গির্জাসহ মিশন হাউস। আর মিশন হাউসের পেছনে ফুলের নকশা আঁকা গ্রানাইট পাথরের মস্ত যে স্তম্ভটা পড়ে থাকতে দেখলাম, তাও কিন্তু কম গুরুত্বপূর্ণ জিনিস নয়। নিকটবর্তী নিমাই পীরের মাজারের সামনের পাকা চত্বরে প্রায় ৪৫ ডিগ্রি কোণে বাঁকানোভাবে গ্রানাইটের যে স্তম্ভটি আছে, তার ভাঁজখাঁজ আর শিল্পসুষমা খুব সহজেই আকর্ষণ করে যে-কাউকে। এই ইমারতের পেছনে, উঁচু ঢিবির চারপাশে, নিকটবর্তী পুকুরের চারপাশে জলে গা ভিজিয়ে যেসব আয়তাকার বড় বড় পাথরখণ্ড পড়ে আছে, সেগুলো আমাদের নীরবেই অনেক কথা শুনিয়ে যায়; তা হলো এখানকার ইতিহাসের গল্প, গর্ব ও মর্যাদার গল্প। এসব পাথর সেকালের শহরের দালানকোঠা তৈরিতে যে ব্যবহূত হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। সেই শহরের মানুষজন সব মরে গেছে। দালানকোঠা ভেঙেচুরে শেষ, আছে শুধু এই পাথরগুলো।স্যার আলেকজান্ডার কানিংহাম ১৮৭৯-১৮৮০ খ্রিষ্টাব্দের বিবরণীতে চারটি বাঘের মাথা উত্কীর্ণ একটি অপূর্ব স্তম্ভমূল দেখে অবাক হয়েছিলেন। সেই কীর্তির কথা তিনি লিখেও গেছেন। নিমাই পীরের মাজারের সামনে অনাদরে পড়ে থাকা বাঘের মাথা-উত্কীর্ণ একটি স্তম্ভমূল দেখে সেই বিবরণের কথা মনে পড়ে গেল।মিশন হাউসের সীমানা ঘেঁষে ইদানীং একটি পাকা মন্দির বানানো হয়েছে। এর ভেতর আছে কালো পাথরের শিবলিঙ্গ ও গৌরীপট্ট। মন্দিরটা নতুন হলেও ওগুলো কিন্তু নতুন নয় মোটেও। হাজার বছরের কম তো কিছুতেই ওগুলোর বয়স নয়। আর একটা জিনিস পড়ে আছে মন্দিরটার কাছেই। সেটাও কালো পাথরে তৈরি। তবে অসাধারণ, অপূর্ব! একটা পাথর কেটে তিনটি কুলুঙ্গি বানানো হয়েছে। কুলুঙ্গিগুলোর পাশে ধাপে ধাপে খাঁজকাটা। খাঁজগুলো যেমন মসৃণ, তেমনি নিখুঁত। আর প্রতিটি কুলুঙ্গির ভেতরই রয়েছে একটি করে মূর্তি। পাথর খোদাইয়ের এমন চমত্কার নিদর্শন আর কী হতে পারে। পরিতাপের বিষয়, সবই পড়ে আছে নিতান্ত অবহেলায়। পথের ধুলোয় গড়াগড়ি খাচ্ছে সবই। হায় রে অভাগা দেশ...!