ঘুমপাড়ানি গান দেশে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘুমপাড়ানি মাসিপিসি মোদের বাড়ি এসো...’ কিংবা ‘খোকা ঘুমালো পাড়া জুড়ালো...’ প্রভৃতি গানের সঙ্গে সবাই পরিচিত। তাবৎ দুনিয়ার মায়েরাই শিশুদের ঘুমপাড়ানি গান শুনিয়ে থাকেন। ভাষা ভিন্ন হলেও এসব গানের মধ্যে মিল অনেক। ভারতীয় উপমহাদেশে প্রচলিত ঘুমপাড়ানি গানে ‘চাঁদ মামাকে’ ডাকা হয়, আবার কেনিয়াতে হায়েনার ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয় শিশুদের।দোলনায় রেখে বিশেষ গানের তালে তালে শিশুদের ঘুম পাড়ান যুক্তরাজ্যের মায়েরা। ইরাকি ঘুমপাড়ানি গানে রয়েছে মরুভূমির বিষণ্ন সুর। হারানো স্বজনদের স্মরণে সেই গান গাওয়া হয়। অন্যদিকে, সুইডেনে প্রচলিত ঘুমপাড়ানি গান শিশুদের ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক হয়।গবেষকদের মতে, বিশ্বের প্রথম ঘুমপাড়ানি গানটি লেখা হয়েছিল অন্তত চার হাজার বছর আগে। প্রাচীন ব্যাবিলনের (বর্তমান ইরাক অঞ্চল) অজ্ঞাত এক গীতিকার চার হাজার বছর আগে গানটি রচনা করেছিলেন। কোনো মা সেই গান গেয়ে হয়তো তাঁর শিশুকে ঘুম পাড়িয়েছিলেন। আর সেই ঘুমপাড়ানি গান অনুসরণেই বিশ্বজুড়ে মায়েরা আজও তাঁদের শিশুদের ঘুম পাড়াচ্ছেন। লন্ডনে অবস্থিত ব্রিটিশ মিউজিয়ামে প্রাচীনতম ওই ঘুমপাড়ানি গান লেখা প্রাচীন ফলকটি সংরক্ষিত আছে। সেখানকার বিশেষজ্ঞ রিচার্ড ডামব্রিল বলেন, প্রাচীন ঘুমপাড়ানি গানে ভীতিকর বিষয়বস্তুর প্রাধান্য ছিল। এসব গানে শিশুকে বলা হতো, সে অনেক শোরগোল করেছে, এতে ভয়ংকর দৈত্য জেগে উঠেছে। এক্ষুনি চুপ, ঘুমাতে হবে, নইলে দৈত্য এসে শিশুকে খেয়ে ফেলবে। কেনিয়ার জনপ্রিয় একটি ঘুমপাড়ানি গানে শিশুদের হায়েনার ভয় দেখানো হয়। দেশটির কয়েকটি অঞ্চলে সত্যি সত্যিই সে রকম আশঙ্কা রয়েছে। আর তা থেকেই গানটির উৎপত্তি। যুক্তরাজ্যে জনপ্রিয় একটি ঘুমপাড়ানি গানে শিশুকে ভয় দেখানো হয়, গাছের শাখা থেকে তার দোলনাটি পড়ে যাবে বলে।মনস্তত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর নিউরো-সাইকোলজিক্যাল সাইকোলজির পরিচালক ও লেখক স্যালি গড্যার্ড ব্লিথ বলেন, রাতের বেলার সঙ্গে অন্ধকার ও আতঙ্কের বিষয়টি জড়িত। কয়েকটি ঘুমপাড়ানি গানে রাত ও অন্ধকারের আবহ এবং বিপদের হুমকির প্রতিফলন ঘটেছে। তবে ভয় দেখানো নয়, সব ঘুমপাড়ানি গানের মূলেই রয়েছে সযত্ন ভালোবাসা ও পরম মমতা। এসব গানে অর্থ বিবেচ্য নয়। অধিকাংশ ঘুমপাড়ানি গানে একধরনের প্রশান্ত সম্মোহনি গুণ রয়েছে। আর কিছু গান বিষাদময়, অন্ধকারাচ্ছন্ন বিলাপের আবহ তৈরি করতে পারে।রয়েল লন্ডন হাসপাতালে ঘুমপাড়ানি গান নিয়ে কাজ করছেন সংগীতজ্ঞ জো পালমার। হাসপাতালে নতুন মায়েদের এসব গান গাওয়া এবং নতুন গান তৈরি করতে শেখান তিনি। তাঁর ভাষায়, ঘুমপাড়ানি গানে আঞ্চলিক ইতিহাসের প্রতিফলন থাকে। শিশুদের জন্য উপদেশমূলক বিষয়বস্তুর প্রতিফলন এসব গানে দেখা যায়। চীন, বাংলাদেশ ও ভারত থেকে শুরু করে ইতালি, স্পেন, ফ্রান্স ও পূর্ব ইউরোপের মায়েরা প্রায় একই ধরনের ঘুমপাড়ানি গান গেয়ে থাকেন। এসব গানের সুর ও তালের মধ্যেও বেশ মিল রয়েছে। এসব গানে অল্প কিছু শব্দে সুরারোপ করে বার বার গাওয়া হয়। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের শিশু মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক কোলউইন ট্রেভার্থেন বলেন, ঘুমপাড়ানি গানের মাধ্যমে শিশুরা নতুন শব্দ ও গানের সঙ্গে পরিচিত হয়। মায়েরা অনেক সময় সাধারণ কথাবার্তাও সুর করে উচ্চারণ করেন। এটি শিশুর জন্য বেশ উপকারী।স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা ১৯২০ সালে ঘুমপাড়ানি গানে ‘কাব্যিক গুণাবলি’ এবং ‘বিষণ্ন গভীরতা’ খুঁজে পান। আজকাল ঘুমপাড়ানি গান গাওয়ার প্রবণতা কমে গেলেও গবেষকেরা মনে করেন, সুপ্রাচীন এই ঐতিহ্য অবশ্যই অটুট থাকবে। কারণ এই গান মাতৃত্বের সহজাত প্রকৃতির অন্তর্ভুক্ত। সূত্র: বিবিসি অনলাইন