ঘুরে দাঁড়ানোর সাহস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ও বনিতা \ আনোয়ারা সৈয়দ হক \ ফেব্রুয়ারি ২০১০ \ পাঞ্জেরী, ঢাকা \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ ৩২০ পৃষ্ঠা \ ৩১০ টাকা।টিংকুর সঙ্গে তাঁর স্বামী মন্টু ওরফে কায়সার হোসেনের বয়সের ব্যবধান ছিল মাত্র তিন বছর। তাঁদের চব্বিশ বছরের বিবাহিত জীবন। মাত্র আটচল্লিশ বছর বয়সে মারা যান কায়সার। তারপর তাঁদের সতেরো বছরের সন্তান টোটনকে নিয়ে এক কঠিন সংকটের মুখোমুখি হন টিংকু। সেই কঠিন জীবনের কাহিনি নিয়ে আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস বাড়ি ও বনিতা।উত্তমপুরুষে কাহিনিটি বর্ণনা করেন টিংকু নিজে। কায়সারের মৃত্যুতে অস্তিত্বসংকটে পড়ে টিংকু দেখেন, গুলশান ২ নম্বরে বিশাল একটা প্লটে থাকা বাড়িটাই তাঁর একমাত্র সম্বল। অন্যদিকে প্রচণ্ড শোকের ভেতর এই নারী তাঁর স্বামীর স্বপ্নটি হারিয়ে যেতে দেন না। কায়সার চেয়েছিলেন, টোটন লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়বে। সেই স্বপ্ন পূরণে টিংকু অবিচল। গাড়ি বিক্রি করে টোটনকে সেখানে ভর্তি করা হয়। আর বছরে সাত হাজার পাউন্ডের ফিসের জন্য বাড়িটা ভাড়া দিয়ে দেন একটা ব্যবসায়ী সংস্থার কাছে। তিন বছরের চুক্তি।এই বাড়িভাড়া না পাওয়া নিয়েই শুরু হয় কাহিনির মূল সংকট। চলে গাছ কাটার মতো আরও কিছু অনধিকার চর্চা। প্রথম তিন মাস ভাড়া দিয়ে পরে গড়িমসি শুরু হয়। বাড়ির মূল অংশ ছেড়ে দিয়ে কোনোমতে একটা ঘরে টিংকুর বসবাস। অবসর সময়ে তাঁর সঙ্গী হয় জিম করবেটের শিকারকাহিনি। সেই কাহিনি পড়তে পড়তে টিংকু নিজেই দেখেন জীবন-অরণ্যে তিনি নিজেই আরেক বাঘিনীসদৃশ্য নারীর মুখোমুখি, যাকে কাহিনিতে আমরা ম্যাডাম হিসেবে দেখি। আড়ালে বসে কলকাঠি নাড়ে সে। বাড়িভাড়া শুধু নয়, বাড়িটাই হাতছাড়া হয়ে যাওয়ার দশা। সেই বাড়ি উদ্ধারে কী না করতে হলো।আনোয়ারা সৈয়দ হকের এই নায়িকা অত্যন্ত আধুনিক মনের অধিকারী। প্রবল তাঁর রুচিবোধ। বয়স চল্লিশ পার হলেও তিনি প্রখর যৌবনবতী। যেমন তাঁর গড়ন-গঠন, তেমনি তাঁর শরীরী বোধ। বাড়ি ও বনিতা হয়ে ওঠে একজন প্রবল আশাবাদী ও সংবেদনশীল নারীর বিরাট বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করার কাহিনি। টিংকুর বিশ্বাস ছিল, জীবনে যত কঠিন সমস্যাই আসুক, এর সমাধান আছে। জিম করবেট পড়তে পড়তে তিনি পেয়েছেন মাথা ঠান্ডা রাখার কৌশল।আনোয়ারা সৈয়দ হকের স্বচ্ছ ও সাবলীল গদ্য শুরু থেকে শেষাবধি এই সংকট কাহিনিতে পাঠককে ধরে রাখবে। সেলিগম্যানের বানর, রাজা রামেসেস দ্য সেকেন্ড-এর মহিমাময় মৃতদেহ, ইংরেজ ভিখারির ভিক্ষা চাওয়ার কায়দা, সাঁওতালদের মারাং বুরু দেবতা—এমনি ছোট ছোট অনুষঙ্গের বর্ণনা জীবন সম্পর্কে কারও কারও মনে নতুন নতুন বোধের জন্ম দেবে। বাংলাদেশের বর্তমান প্রজন্ম ও রাজনীতির কিছু হালচালও এসেছে এ উপন্যাসে। এসব বিষয় অনেকেরই পাঠ-অভিজ্ঞতাকে নিঃসন্দেহে সমৃদ্ধ করবে।