ঘুড়ির মানুষ শাহজাহান মৃধা
আগেকার ছেলেমেয়েরা যখন ফসলতোলা মাঠে বিকেলবেলা ঘুড়ি উড়িয়ে কাটাকাটির খেলায় সময় কাটাত, ঠিক তখন এ যুগের ছেলেমেয়েরা কম্পিউটারে গেমস খেলতে খেলতে অনেকটাই ক্লান্ত। কবি সুফিয়া কামাল আমাদের নাগরিক ব্যস্ত জীবন দেখে আক্ষেপ করে লিখেছিলেন, ‘আমাদের যুগে আমরা যখন উড়িয়েছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি।’ হ্যাঁ, আমরা সত্যিই সেই ঘুড়ি ওড়ানোর দিনগুলো ভুলতে বসেছি। ভুলতে বসেছি খোলা মাঠে নাটাই হাতে নিয়ে দৌড়াদৌড়ির আনন্দকে। কিন্তু কেউ কেউ ব্যতিক্রম থাকেন। তাঁদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা। বয়স আনুমানিক ৬০ বছর। চেহারায় বার্ধক্যের ভাবটি বোঝা গেলেও মনের দিক থেকে যেন এখনো চিরতরুণ। আমরা আমাদের অতীত উৎসব-ঐতিহ্যের একটি অনুষঙ্গ ঘুড়িকে ভুললেও, ভুলতে পারেননি এ মানুষটি। সেই আট বছর বয়স থেকে যিনি ঘুড়ি নিয়ে কাজ করছেন আজ অবধি, এ দীর্ঘ সময় নিজ উদ্যোগে তৈরি ও সংগ্রহ করেছেন দুই শতাধিক বিভিন্ন জাতের ও নামের ঘুড়ি, আর ঘুড়ির সংখ্যা প্রায় ১০ গুণের কাছাকাছি। তাঁর এ বিশাল ঘুড়ির সংগ্রহ ও কারখানা দেখতে এক ছুটির দিনে হাজির হই তাঁর ১ নম্বর সিদ্ধেশ্বরীর বাড়িতে। কলবেল চাপতেই চোখ আটকে যায় দরজার ওপরে—দেয়ালে ঝুলে থাকা নানা রঙের ঘুড়ি আর পোস্টার দেখে। ভেতরে ঢুকে হরেক রঙের ঘুড়ি আর ঘুড়ির সরঞ্জামাদি দেখে খুব একটা অবাক হতে হয়নি। টেবিল, চেয়ার ও ছোট ছোট বাক্স—সবকিছুতেই ঘুড়ি আর নানা সরঞ্জাম। কোনোটি দেখতে সাপের মতো কুণ্ডলাকৃতির, আবার কোনোটি দেখতে বর্গের মতো। ড্রাগনের মতো হাঁ করে থাকা ঘুড়িও ছিল বেশ কয়েকটি। কম্পিউটারের চলন্ত মনিটরেও দেখা গেল ঘুড়ির অভিনব কিছু ডিজাইন, যেগুলো তৈরি হবে হালের আধুনিক মডেলে। এ ঘুড়িগুলোই যেন মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধার সন্তান। প্রতিদিন এগুলোর রক্ষণাবেক্ষণ আর নতুন নতুন মডেলের নকশা তৈরি ও অনুষ্ঠান আয়োজনের চিন্তাতেই সময় কাটে তাঁর। তাঁর সংগ্রহে থাকা এসব ঘুড়ির মধ্যে যেমন আছে সেই সনাতন আমলের লেজপোড়া, মুখপোড়া, কেনিপোড়া, বুকপোড়া ও চাপরাশি ঘুড়ি; তেমনি আছে হাল আমলের ড্রাগন কাইট, বক্স কাইট, ডেল্টা কাইট, পকেট কাইটসহ আরও নামের ঘুড়ি। দুজন দর্জিসহ তাঁর এ কারবারে কাজ করছেন প্রায় ১০ জন শ্রমিক। যাঁরা প্রতিনিয়ত তৈরি করে চলেছেন হরেক রকম ঘুড়ি। ঘুড়িপাগল এ মানুষটির জন্ম আজ থেকে ঠিক ৬০ বছর আগে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার সাতঘরিয়া গ্রামে ১৯৫২ সালের ১ আগস্ট। তৃতীয় শ্রেণীতে থাকা অবস্থায় দুর্ঘটনাকবলিত একটি প্লেনের মডেল দেখে ভাবলেন, এ রকম একটি অ্যারো মডেল তৈরি করলে কেমন হয়। মূলত সে ভাবনা থেকেই বাঁশ, চটি আর শক্ত আঠা দিয়ে বানিয়ে ফেললেন একটি অ্যারো মডেল। সে ভাবনার আবেগ আর উসকানিতেই আজ একজন ঘুড়ির মানুষ শাহজাহান মৃধা। ছোটবেলায় ঘুড়ি ওড়ানোটাই ছিল ছেলেমেয়েদের প্রধান খেলা। দল বেঁধে চলত ঘুড়ি ওড়ানো ও কাটাকাটির খেলা। সে সময়ের নিয়মিত কাজটি পরে নেশা হয়ে যায় তাঁর জন্য। ‘আসলে, সত্যি কথা বলতে কি, মায়ের পাতিলের ভাতের আঠা আর জিকার আঠা দিয়েই আমার ঘুড়িজীবন শুরু। সেই থেকে ঘুড়ির সঙ্গে আমার যে সখ্য শুরু হয়েছে, এখনো আছে অটুট।’ তাঁর এ বিশাল সংগ্রহের মধ্যে আছে অনেক বিদেশি ঘুড়ি, যেগুলোর উৎপত্তি বিদেশে হলেও তৈরি হয় এ দেশেই। একবার ব্যবসায়িক কাজে ভিয়েতনামের তিয়েনমেন স্কয়ারে গিয়ে একটি ইগলের মতো ঘুড়ি দেখে আধুনিক ঘুড়ি তৈরি শুরু করেন তিনি। সেখান থেকে নিয়ে আসা একটি ঘুড়ির আদলে তৈরি করেন বেশ কিছু ঘুড়ি। প্রথমবারের মান ভিয়েতনামের মতো না হলেও বেশ কয়েকবার চেষ্টা করে তৈরি করা হয় বিদেশের চেয়ে ভালো মানের ঘুড়ি। এরপর চীন ও থাইল্যান্ড—যেখানেই গিয়েছেন, সেখান থেকে নিয়ে এসেছেন নানা রকম ঘুড়ি। আর দেশে তৈরি করেছেন এর চেয়ে ভালো মডেল। আমাদের দেশের নানা রকম ঘুড়ির পরিচিতি ও ছবি নিয়ে চলছে একটি বই বের করার কাজ। পাশাপাশি হচ্ছে দেশের নানা জায়গায় উৎসব, আয়োজন ও প্রশিক্ষণের কাজ। এত কিছুর মধ্যেও নিজেকে বেশ সুখী বলেই দাবি করলেন তিনি। ‘অতীত ঐতিহ্য, আনন্দের অনুষঙ্গ ও আমাদের পালাপার্বণ—কোনো কিছুই সম্ভব হতো না ঘুড়ি ছাড়া। স্বপ্ন দেখি, একদিন বাংলার প্রতিটি প্রান্তে আবারও উড়বে লাল, নীল ও হলুদ রঙের ঘুড়ি। আর তাই ঘুড়িটা এখনো মনের মধ্যেই আছে।’ শাহজাহান মৃধার এ কথাগুলো আবার আমাদের মনে করিয়ে দেয় অতীতের কথা। খটখট শব্দে চলছে সেলাই মেশিন। দর্জিরা তৈরি করছেন আরও ঘুড়ি। শাহজাহান মৃধার তৈরি করা এ ঘুড়িগুলো স্বপ্নঘুড়ি হয়ে ছড়িয়ে যাক সবার মাঝে, ছড়িয়ে যাক সবার প্রাণে।