ঘূর্ণমান শিকড়ের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রকৃতির দিকে–২’, শিল্পী: অসীম হালদার
‘প্রকৃতির দিকে–২’, শিল্পী: অসীম হালদার

সিরামিকসে তৈরি করা অসীম হালদারের ভাস্কর্যে মানুষগুলোর কিছু অংশ শিকড়ে পরিণত হয়েছে। তাঁর ভাস্কর্যের বিষয় শিকড়ের সঙ্গে মানুষের সম্পর্ক ঘিরে। ‘মুভিং রুটস’ শিরোনামের এ প্রদর্শনীর ৩০টি কাজে নতুন এক শিল্পভাষার সঙ্গে যেন নিরীক্ষার যোগ করেছেন অসীম।
২০০৮ সালে ঢাকা ও চট্টগ্রামে সিরামিকস কাজের সঙ্গে নতুন জাপানি কৌশল ‘রাকু’ কর্মশালায় এ ধারায় সিরামিকস তৈরির কৌশল রপ্ত করেন তিনি। ‘রাকু’ শব্দের অর্থ হলো আলোকিত বা উদ্ভাসিত। অসীমের প্রতিটি কাজে দেখা যাবে একধরনের আলোকময় দ্যুতি। আনন্দের ছাপ।
অসীম হালদারের সিরামিকস ভাস্কর্যে সমসাময়িক বিষয়-আশয়—জীবনযাপন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসবাদকে দেখতে পাই। এই প্রদর্শনীর কাজগুলোতে যে মুখটি বারবার ঘুরেফিরে আসছে, সেটি শিল্পীর নিজেরই মুখ। নিজের প্রতিকৃতির সঙ্গে যুক্ত হয়েছে শরীরের অস্থিসমূহ, হাত, চোখ, ঠোঁট ও প্রজাপতি, জ্যামিতিক আকৃতি, শিকড়-বাকড় থেকে শুরু করে পিস্তলের অবয়ব।
কিছু কিছু কাজে দেখা যায় শিশুর প্রতিকৃতির ওপর শান্ত পাখির অবস্থান। তাঁর শিল্পকর্মে নিরীক্ষার পাশাপাশি দেখা যায় প্রতিবাদও। বিশেষত বর্তমান সময়ের হানাহানির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেয় অসীমের শিল্পকর্ম। উপরন্তু এই হানাহানির ফলে মানুষের মধ্যে যে হাহাকার, সেটিও পাওয়া যায় তাঁর কাজে।
কয়েকটি কাজ নিয়ে আলোচনা করলে অসীমের ভাস্কর্য সম্পর্কে আরও সবিস্তারে বোঝা যাবে: ‘এক্সিসটেন্স ইন নেচার-৩’ ভাস্কর্যটিতে দেখা যায়, শিল্পীর নিজের প্রতিকৃতির নিচে ডালপালা গজিয়েছে শিকড়। মনে হয়, ক্রমেই বিলুপ্ত হওয়া সবুজ গাছগাছালির সঙ্গে নিজেকেই যুক্ত করে নিজের অসহায় অবস্থা প্রকাশ করেন শিল্পী।
অন্যদিকে ‘ফ্রিডম অব লাইফ-১ ও ২’ ভাস্কর্যে উলম্ব আকৃতির গায়ে বসে থাকা প্রজাপ্রতির কাছ থেকে তিনি শুনতে পান আশার কথা। একইভাবে ‘মাদার অ্যান্ড চাইল্ড’-এ মায়ের মুখের কাছে লেগে থাকা শিশুমুখের আনন্দ স্বস্তি দেয় দর্শককে। আবার ‘ইন টু দ্য নেচার’-এ দেখা গেল, মানুষের মুখের সঙ্গে জড়িয়ে থাকা গাছের ডালে বসে আছে একদল পাখি। আর গাছের ডালে বসে থাকা পাখির গান তো কেবল মানুষই উপভোগ করে। অসীমের ভাস্কর্যে শোনা যায় এসব আনন্দের অনুরণন। কখনো-বা কোনো কোনো কাজের মধ্যে পাওয়া যায় মুক্তির বারতা। মোটকথা অসীম নিজের কাজের মাধ্যমে মানুষের বেদনার সঙ্গে আনন্দের যোগসূত্র স্থাপন করতে চেয়েছেন। তবে শুধুই নিরীক্ষার জন্য করা কাজে কর্মের পৌনঃপুনিক ব্যবহার দর্শকের চোখকে যেন ক্লান্ত করে কিছুটা। তা ছাড়া গ্যালারির মেঝেতে একসারিতে সাজানো ভাস্কর্যগুলো এক দেখাতে একঘেয়ে মনে হয়েছে। এটি নিয়েও শিল্পী ভাববেন আশা করি।
‘গ্যালারি টোয়েন্টি ওয়ান’-এ ২০ মে শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে ৩ জুন।