ঘোর লাগানো এক আধ্যাত্মিক ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আনুবিস, নেদা, মারমেইড, ফিংস হ্যাভিং আ পিরামিড কনভারসেশন ইন দ্য রিভার নিল’ শিল্পী: রনি আহমেদ
‘আনুবিস, নেদা, মারমেইড, ফিংস হ্যাভিং আ পিরামিড কনভারসেশন ইন দ্য রিভার নিল’ শিল্পী: রনি আহমেদ

রনি আহমেদের ইমেজ সব সময়েই ধাক্কা দেয়। এবারের প্রদর্শনী ‘গডস অ্যান্ড বিস্ট’–এ (সাধারণ বাংলায় বলা যায় ‘ঈশ্বর ও জানোয়ার’) প্রদর্শিত কাজগুলোও তা–ই করে। তবে রনি বদলেছেন। আগের প্রদর্শনীগুলোর চেয়ে অনেকই বদলেছেন। অচেনা এক জগতের রূপরসের সন্ধান বা সমান্তরাল এক পৃথিবী তৈরির যে চেষ্টা তিনি সব সময় করে গেছেন (অবশ্য বিশাল ক্যানভাসে আঁকা ‘নুহের নৌকা’ এর ব্যতিক্রম), এবারের প্রদর্শনী তার চেয়ে ভিন্নতর। এবারের বিষয় আমাদের দীর্ঘদিনের জানা ও শোনা নানা ধর্মীয় বা পৌরাণিক কাহিনি, চরিত্র ও মিথ। তবে এসব পরিচিত আইকনকে নিজের মতো করে ভেঙে হাজির করতে চেয়েছেন অপরিচিতভাবেই।
শুধু বিষয় নয়। আগের কাজের চেয়ে ভিন্নতা আছে রঙের ব্যবহার ও ফর্মে। রঙের বৈচিত্র্য রনির ছবিতে আগে আমরা দেখিনি। এবারের প্রদর্শনী তার উল্টোই বলতে হবে। আর ফর্মের ক্ষেত্রে স্পেসের ভাগাভাগি বা স্পেসের ব্যাখ্যায়ও নতুনত্ব রয়েছে। আগে যেমন বড় স্পেসে ছোট কিছু বসিয়ে স্পেসের বিশালত্ব বোঝানোর চেষ্টা ছিল, এবারের ছবিতে ফর্ম নিজেই স্পেস তৈরি করেছে, যা আরও গভীর।
ছবি, ভাস্কর্য, ভিডিও—সব মিলিয়ে এই প্রদর্শনী। প্রদর্শনীর টাইটেলই প্রদর্শনীর মূল থিমটি ধরিয়ে দেয়। ‘গড অ্যান্ড বিস্ট’ প্রদর্শনীটিকে বলা যায় আলো আর অন্ধকারের গল্প। এই দুটিই সত্য আমাদের জীবনে। এই বিশ্ব ও মহাবিশ্বে আলোর মধ্যেই হাজির হয় অন্ধকার, অন্ধকারে আলো। নানা ধর্মবিশ্বাস, মিথ, পুরাণ—এসবের মধ্যে যেমন আছে সংঘাত, তেমনি রয়েছে সাযুজ্য। নিজের মতো করে এমন এক বিশ্ব আর মহাবিশ্ব তৈরি ও সেখানে ভ্রমণ করতে চেয়েছেন রনি আহমেদ। এসব কাজকে নিজের একধরনের আধ্যাত্মিক সাধনার ফল বলে মনে করেন তিনি। এমন ইমেজ আর ভাবনা কোথায় পেলেন তিনি! তাঁর কথায়, ‘একটা সাধনার মধ্য দিয়ে এসব এঁকেছি, এসব ইমেজ আমার কাছে হাজির হয়েছে।’ গৌতম বুদ্ধের ছবি এঁকেছেন হলুদ রঙে—‘তথাগত বুদ্ধ’। ‘কেন এই রং দিয়ে আঁকলাম, জানি না। আমি আসলে আঁকতে চেয়েছিলাম বুদ্ধের নির্বাণ লাভ। ছবি আঁকা শেষ হওয়ার পর জেনেছি, মানে একজন জানালেন, বুদ্ধের নির্বানের রং হচ্ছে হলুদ।’
আদম–ইভ থেকে শুরু করে গণেশ, দুর্গা, কালী বা সরস্বতী, নুহ নবী, যিশুর পুনরুত্থান, শেষ ভোজন, মুসা নবী বা ইউনুস নবীর মাছের পেট থেকে বের হয়ে আসা, সুফি সাধনা, রুমি অথবা পৌরাণিক চরিত্র মেডুসা, আনুবিস, হারকিউলিস, ইইউনিকর্ন, এমনকি ইউএফও বা কল্পিত মহাজাগতিক প্রাণী এলিয়েন—সবই হাজির আছে রনির কাজে। ইমেজের মতো তাঁর ছবির শিরোনামগুলোও আমাদের ধাক্কা দেয় বা ভাবাতে বাধ্য করে। ‘এলিয়েন অবজারভিং সেন্টার অব ইটস ওন কনশাসনেস’, ‘আনুবিস, নেদা, মারমেইড, ফিংস হ্যাভিং আ পিরামিড কনভারসেশন ইন দ্য রিভার নিল’, ‘কালি ইটিং টাইম’, ‘হেল নিডস কোল টু বার্ন, হারকিউলিস অ্যাটাকিং হাইড্রা বাই দ্য ফ্লিট অব ইউএফও’—শিরোনামগুলোর মধ্যেই গল্পের খোঁজ পাওয়া যায়।
দা ভিঞ্চির ‘লাস্ট সাপার’–এর থিম নিয়ে আঁকা একই শিরোনামের ছবিটি আমাদের দেখা–জানা এই ছবিটির এক ভিন্ন ইমেজ নিয়ে হাজির হয়। এবারের প্রদর্শনীতে রং বা ফর্মে রনি হয়তো বদলেছেন, কিন্তু ধারাবাহিকতা নেই, তা বলা যাবে না। রনির আঁকা ফিগারগুলো আগের মতো করেই নিজস্বতা ধরে রেখেছে। ধরে রেখেছে প্রচলিত ‘নান্দনিক’ ইমেজের বাইরের ইমেজ তৈরি ধারাবাহিকতা। ‘লাস্ট সাপার’ তাই আমাদের কাছে এক ভিন্ন ইমেজ নিয়ে হাজির হয়। আমার সেখানে যিশুকে পাই, ক্রুশ পাই, পাই মেঘ বা সাত আসমান, ২৫টি আলোর শিখা। আর সামনের প্লেটে যেন রাখা আছে আমাদের পৃথিবী। ছবিতে গল্প আছে, আছে আবিষ্কারের নানা কিছু।
অথবা ‘মোজেস’ ছবিতে আমরা পানি ভাগ হয়ে মুসা নবীকে উঠতে দেখি। শুধু পানি ভাগ হয়ে যাওয়া নয়, আমরা এই ওঠার মধ্যে শক্তি ও এনার্জির টের পাই। এখানেও গল্প আছে, আছে ওল্ড টেস্টামেন্টের টেন কমান্ডমেন্টস লিপি আর টের পাই দূরে বিন্দুর মতো অনুসারীদের নদী পার হওয়ার ইমেজ। বলা যায় কাহিনিনির্ভর এক প্রদর্শনী। ধর্ম, পুরাণ, মহাজাগতিক বিষয়–আসয়, বৈজ্ঞানিক কল্পকাহিনি থেকে শুরু করে বর্তমান বিশ্বরাজনীতি—সবকিছুর মধ্য দিয়ে এক আধ্যাত্মিক ভ্রমণ।
শুরুতেই বলেছি, রনির ইমেজ সব সময়ই ধাক্কা দেয়। তবে এবারের প্রদর্শনী একজন দর্শককে যে জার্নির মধ্য দিয়ে নিয়ে যায়, যেসব জানা–অজানা গল্প, মিথ, ধর্মের বা পুরাণের কাহিনিগুলো শিল্পীর নিজের কল্পনার ভেতর দিয়ে ভিন্ন এক পাঠ হিসেবে হাজির হয়, তা একধরনের ঘোরও তৈরি করে। ভ্রমণের একটি গতি থাকে, গতির থাকে কম্পন। এই প্রদর্শনীতে ঢুকে কোনো দর্শক যদি শিল্পীর তৈরি করা জগতে ঢুকে যেতে পারেন, সেই যাত্রায় শামিল হতে পারেন, তবে নিশ্চিতভাবেই একটি গতি পাবেন। সেই গতির অনুরণন তিনি প্রদর্শনী থেকে বের হয়েও টের পাবেন। ‘রনি–ইমেজ’ আসলেই ধাক্কা দেয়, তাঁর এবারের প্রদর্শনী ঘোরও লাগিয়েছে।