
টুনটুনের শুধু কান্না পায়, কাঁদেও। চুপিচুপি। কারণ একটাই, মা-বাবা এখন আর টুনটুনকে আদর করেন না। শুধুই ছোটনকে আদর করেন। এ কারণে ছোটনকে একদমই সহ্য হয় না টুনটুনের। তাই তো টুনটুন ছোটনের কাছে যায় না। ওকে কোলে নেয় না। ওর দিকে তাকাতেও ইচ্ছা হয় না। এক মাস ধরে টুনটুন মায়ের বুকে ঘুমায় না। মা আগের মতো টুনটুনের সঙ্গে গল্প করেন না। ছোটন একটু কাঁদলে মা ‘চাঁদ রে, সোনা রে, জান রে...’ কত কী বলেন! হিংসা হয় টুনটুনের।
ছোটন হওয়ার সময় মা পুরো ১০ দিন হাসপাতালে ছিলেন। তখন একা একা টুনটুনের কী যে কান্না পেয়েছিল। এর আগে কোনো দিন মাকে ছাড়া থাকেনি টুনটুন। শুধু দিন গুনত। ভেবেছিল হাসপাতাল থেকে ফিরলে মায়ের বুকে মুখ লুকিয়ে ‘বোকা শিয়ালের’ সেই গল্পটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে। তা কি আর হলো। হাসপাতাল থেকে ফেরার পর থেকে মায়ের বুকজুড়ে ছোটন ঘুমিয়ে থাকে। টুনটুন শুধু চেয়ে চেয়ে দেখে। বাবাও যেন কেমন হয়ে গেছেন। অফিস থেকে ফিরেই ছোটনকে কোলে নেন। আগে বাবা অফিস থেকে ফিরে টুনটুনকে কোলে বসাতেন। তারপর কত গল্প করতেন। এখন টুনটুনের সঙ্গে কথাই বলেন না। বলবেন কী? অফিস থেকে ফিরেই তো বাবা ছোটনের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়েন। এত্ত বড় ছেলেটা সারক্ষণ শুধু ভ্যা ভ্যা করে। রাগে গা জ্বলে যায় টুনটুনের। সেই কবে টুনটুন বাবাকে বলেছিল চকলেট আনতে। বাবা বুঝি ভুলেই গেছেন। বাবা অফিস থেকে ফিরলে প্রতিদিন টুনটুন বাবার আশপাশ দিয়ে ঘোরে। বাবা ফিরেও তাকান না। ছোটনটা হওয়ার আগে বাবার কাছে কোনো আবদার করে টুনটুন নিজেই ভুলে যেত। বাবা কিন্তু ভুলতেন না।
আজ নিয়ে গুনে গুনে সাত দিন। থাক, আর গুনেই বা কী হবে। বাবা চকলেট আনবেন না, আনবেন না, ব্যস। কদিন আগে মা টুনটুনকে বলতেন ‘ছোট্ট সোনা চাঁদের কাণা’। সেদিন মায়ের কথা শুনে টুনটুনের ছোট্ট বুকটা ভেঙে খান খান হয়ে গেল। মা বললেন কী! ‘টুনটুন, তুমি এখন বড় হয়ে গেছ। ছোট ভাইকে দেখে রাখবে, কেমন।’ মা বলছেন টুনটুনের এখন পাঁচ বছর। পাঁচ বছরেই বুঝি সবাই বড় হয়ে যায়? ভেবে পায় না টুনটুন। থাক, এসব ভেবে আর কী হবে? শুধু কষ্টই বাড়বে। এর চেয়ে বরং চুপচাপ থাকাই ভালো। আজ বাবা অফিস থেকে ফিরলে টুনটুন বাবার আশপাশে ঘুর ঘুর করবে না। মায়ের সঙ্গেও কথা বলবে না। একদম চুপটি করে থাকবে।
ঢং ঢং... কলবেল বেজে উঠল। বাবা এসেছেন নিশ্চয়ই। টুনটুন দৌড়ে কোথায় যেন পালিয়ে গেল। বাবা হাতব্যাগটা রেখেই ছোটনের কাছে গেলেন। ছোটনকে কোলে নিয়ে আদর করতে লাগলেন। মা বাবার পাশেই বসে ছিলেন।
টুনটুনকে অনেকক্ষণ না দেখে বাবা মাকে জিজ্ঞেস করলেন, ‘টুনটুন কোথায়?’
কিন্তু ও তো নেই... নেই... নেই! গেল কই! বাবা-মা দুজনই এঘর-ওঘর খুঁজতে লাগলেন। কোথা থেকে যেন কান্নার শব্দ শোনা যাচ্ছে। বাবা-মা দুজনই ছুটে গেলেন। বাথরুমে বসে টুনটুন অঝোরে কাঁদছে। চোখ দুটো টসটসে লাল, গাল দুটো ফুলে গেছে, চোখের পানিতে জামা ভিজে চুপচুপে। বাবা টুনটুনকে জড়িয়ে ধরে বললেন, ‘কী হয়েছে মা? পেটে ব্যথা? জ্বর জ্বর লাগে? মা বকেছে?’
টুনটুন মাথা নাড়াল। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বাবার দিকে তাকিয়ে বলতে লাগল, ‘আমার কিচ্ছু হয়নি। আমি ভালো আছি। আমার শুধু একটাই কথা, আমাকে তোমরা কেউ আদর করো না, শুধু ছোটনকে আদর করো। মা এখন আমাকে বুকে নেয় না। আমি নাকি বড় হয়ে গেছি। তোমাকে সেই কবে চকলেট আনতে বলেছি...অ্যাঁ... অ্যাঁ...’ টুনটুন আর বলতে পারছিল না। গলা আটকে আসছিল। একটু পর পর জামা দিয়ে চোখ মুছছিল।
বাবা-মা একজন আরেকজনের দিকে তাকালেন, ‘আসলেই ছোটনটা হওয়ার পর টুনটুনের দিকে খেয়ালই করা হয়নি। ছোটনকে নিয়ে এত ব্যস্ততা যে ছোট্ট টুনটুনকে অবহেলাই করা হয়েছে।’ বাবা একটু থেমে অপরাধী কণ্ঠে বললেন, ‘কালই চকলেট নিয়ে আসব। এখন থেকে মা শুবে মাঝখানে। এক পাশে থাকবে টুনটুন, আরেক পাশে ছোটন। দুজনই মায়ের বুকে ঘুমাবে।’ মা টুনটুনের চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলেন। টুনটুন এবার ফিক করে হেসে দিল।
পরদিন বাবা অফিস থেকে ফিরে প্রথমেই টুনটুনকে কোলে নিলেন। গল্প করলেন অনেকক্ষণ। তারপর ব্যাগ থেকে বের করে দিলেন নানা রঙের চকলেট, পুতুল, জামা, আরও কত কী...! টুনটুন বাবার গলা জড়িয়ে ধরল। এদিকে মা তো সারা দিন টুনটুনের সঙ্গে গল্প করেন। ভূতের গল্প, শিয়ালের গল্প, রাজকন্যার গল্প, আরও কত কী! সেই গল্প শুনতে শুনতে মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে টুনটুন। ঘুমের মাঝে ছোটনকে হাত বুলিয়ে আদর করেন। একদম চোখের আড়াল হতে দেন না। সারাক্ষণ কোলে নিয়ে থাকেন। ছোটন একটু কাঁদলে বুকে জড়িয়ে ধরেন।
এই তো সেদিন বাবার বন্ধু শফিক চাচ্চু টুনটুনকে জিজ্ঞেস করলেন, ‘বাবা-মা কাকে বেশি আদর করেন? তোমাকে নাকি ছোটনকে?’
টুনটুন বাবার কোলে বসে, বুকে মাথা রেখে, পা দুটো দুলিয়ে হাসতে হাসতে বলতে লাগল, ‘দুজনকে দুজনকে দুজনকে...।’
বাবা তখন মুচকি হাসছিলেন।