চণ্ডীদাস জাকারবার্গ ও লেখকের ছিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: আরাফাত করিম

আফসার আহমেদ সংসারের প্রতি বীতরাগ; তাই বলে বনে যাননি। আশ্রয় নিয়েছেন বইয়ের পাতায়। বলাবাহুল্য বর্তে গেছেন। এখন এখানেই বাকি জীবন সমাধিস্থ হয়ে থাকতে চান। এ জন্য প্রস্তুত হচ্ছেন।

শব্দকে নিঃশব্দের মধ্যে বেঁধে ফেলার প্রয়াস, সে তো আয়াসসাধ্য। বাঁধাই হলো কেমন, ফি-বছর ফেব্রুয়ারিতে হয় পরীক্ষা। এবারও হচ্ছে। প্রথম সপ্তাহে শোনা গেল তার বইয়ের বিক্রি ঊর্ধ্বমুখী।

বললে কে কথাটা?

কেন? আফসার আহমেদের বই এবার প্যাভিলিয়নে শোভা পাচ্ছে! সাহিত্য ও অসাহিত্যে সেখানে কোনো ভেদ নেই। সেখানে জীবিত মৃত জীবন্মৃতরা পাশাপাশি একই সারিতে থরে থরে সাজানো। সত্যি বলতে, থরহরি কম্প শুরুতে তারও ছিল। ফেসবুক সে সংশয় ঘুচিয়েছে।

লোকে বুড়ো আঙুল দেখালেও যে ভেতরটা এভাবে ভরে যায় জানা ছিল না। অতলস্পর্শী স্তুতিবাক্যে ডুবে যাওয়ার উপক্রম! বই নিয়ে সেই থেকে সে ক্রমেই সরব অন্তর্জালে। এ জালই বটে। বাঁধে যেমন, ভোলায়ও তেমন, ভুলতেও সময় লাগে না। এই তো সেদিন ইনবক্সে ‘ভোররাতের চাঁদ’ উঁকি দিল অসময়ে, ‘আজ মেলায় আপনার বই খুঁজেছি।’

আফসার আহমেদের হৃদয়ে মুহূর্তেই পিয়ানোর সুরেলা শব্দধ্বনি ছড়িয়ে পড়ল। ঝটপট কি-বোর্ডে আঙুল নাচাল সে, ‘ধন্যবাদ।’

: কিন্তু পাইনি!

: কেন?

: আপনি তো পোস্টে নম্বর দেননি।

: পাবলিক পোস্টে কেউ মোবাইল নম্বর দেয় নাকি!

: মোবাইল নম্বর দিতে কে বলেছে? স্টল নম্বর।

আফসার আহমেদ হৃদয়তন্ত্রীর উচাটন সামলে নেওয়ার চেষ্টা করে।

: ওহ্ সরি! আপনি ঠিকানা বলুন, আমি কুরিয়ার করে বই পাঠিয়ে দেব।

: আপনার বই আমি নেব কেন?

‘ভোররাতের চাঁদ’–এর এমন ইউটার্নে আফসার আহমেদের পিয়ানোর সুর এবার তাল হারায়। ছন্দ খুঁজে পেতে মরিয়া হয়ে কিছু একটা লেখার আগেই তিনি লক্ষ করেন, সবুজ রংটা নেই।

আফসার আহমেদ এবার বিরক্ত হন। নিজেকে রিক্ত মনে হয় তার চেয়ে বেশি। সে কেমন পাঠক; পাতি পাঠক নাকি পাঁড় পাঠক জানা হলো না। বইমেলায় একটা সেলফি অন্তত নেওয়া যেত। তারপর ফেসবুকে...যাকগে, ভুলটা তারই। সুতরাং প্যাভিলিয়নের নম্বরসহ আরেকটা পোস্ট দেবেন তিনি।

বইয়ের তাক থেকে আফসার আহমেদ ফানি চিরন্তনী টেনে নামান। মনীষীদের মজার উবাচ। দুপাতা ওলটাতেই চোখ আটকে যায় চীনা প্রবাদে—বই হলো এমন এক বাগান, যা পকেটে নিয়ে ঘোরা যায়।

লোকে বুড়ো আঙুল দেখালেও যে ভেতরটা এভাবে ভরে যায় জানা ছিল না। অতলস্পর্শী স্তুতিবাক্যে ডুবে যাওয়ার উপক্রম! বই নিয়ে সেই থেকে সে ক্রমেই সরব অন্তর্জালে। এ জালই বটে। বাঁধে যেমন, ভোলায়ও তেমন, ভুলতেও সময় লাগে না। এই তো সেদিন ইনবক্সে ‘ভোররাতের চাঁদ’ উঁকি দিল অসময়ে, ‘আজ মেলায় আপনার বই খুঁজেছি।’

কথাটা মনে ধরে আফসার আহমেদের। মনে মনে তিনি পোস্টের ফটোগ্রাফটাও এঁকে নেন। বুকপকেটে বই নিয়ে ছবি তুলবেন তিনি। কিন্তু পকেটে বই নিতে গিয়ে বাধে বিপত্তি। আপত্তি জানায় পকেটের আকার। তাতে খুব বেশি বিকার হয় না তার। এ দেশের পকেট বুকগুলোই তো পকেটের মাপে হয় না। জিনসের ব্যাক পকেটে ট্রাই করবেন নাকি? পাঠককে পশ্চাদ্দেশ! নাহ্ আফসার আহমেদ ভাবনাটা বাতিল করে দেন। পরমুহূর্তেই লাফিয়ে ওঠেন, ইয়েস! পাঞ্জাবির পকেট বেশ বড়। চলতে পারে। চলনসই হলো—পাঞ্জাবি লেখকের সঙ্গে যায়।

‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও’ দুঠোঁটের ফাঁকে সুর তুলে আফসার আহমেদ পাঞ্জাবি গায়ে চাপান। ছবি তুলে পোস্ট দিতে দেরি করেন না। স্টল নম্বর ঠিকঠাক লিখেছেন কি না দেখে নেন। এরপর চণ্ডীদাসের মতো ছিপ ফেলে অপেক্ষা। কিন্তু মন ভরে না। আগের পোস্টগুলোর মতো রিচ হচ্ছে না।

এদিকে ধৈর্যে জাকারবার্গ হলো চণ্ডীদাসের বড়চাচা। ছিপ তিনিও ফেলে রেখেছেন সংসারে। বিরক্তি নিয়ে বুস্টের অফার এড়িয়ে যান আফসার আহমেদ। ঠিক এমন সময় ইনবক্সে আবার উঁকি দেয় ‘ভোররাতের চাঁদ’।

: বুক মার্কেটিং আপনার কাছ থেকেই শেখা উচিত।

মনের মধ্যে আবার পিয়ানোর সুরেলা শব্দধ্বনির মুগ্ধতা টের পান আফসার আহমেদ। কিন্তু এবার তার তাড়াহুড়া নেই। দুপাশে দুটো আকর্ণবিস্তৃত হাসির ইমোজি দিয়ে রিপ্লাই দেন তিনি, ‘বেস্টসেলার হতে কে না চায়?’

: তাহলে নিজের বইগুলো কিনে নিলেই হয়।

: লিখতে হবে, মার্কেটিং করতে হবে, আবার কিনতেও হবে—ঠ্যাকা! (সঙ্গে কান্নার ইমোজি)

লিখেই আফসার আহমেদ বুঝতে পারেন, কথাটা ন্যাকা ন্যাকা শোনাচ্ছে।

ওপাশ থেকে ততক্ষণে পাল্টা প্রশ্ন, আপনার বই দেশজুড়ে ছড়িয়ে পড়ুক, চান?

: হ্যাঁ।

: পাঠকের কাছে বইগুলো যাক, চান?

: হ্যাঁ। তাই বলে নিজের বই নিজে কিনতে পারব না।

: ওটা ইনভেস্ট। হারভেস্টও বলতে পারেন। সাহিত্যচাষ।

: মানে!

: বইগুলো কিনে দেশের সব পাঠাগারে পাঠিয়ে দিন। পাঠকের কাছে পৌঁছানোর এর চেয়ে সহজ পদ্ধতি আর হয় না।

আফসার আহমেদ ভাবেন, গোডাউনের অন্ধকারে ইঁদুরের অপেক্ষার চেয়ে লাইব্রেরির তাকে পাঠকের প্রতীক্ষা ঢের ভালো। সেখানে অন্তত কেউ কাউকে উপেক্ষা করে না।

‘ভোররাতের চাঁদ’–এর সবুজ বাতি জ্বলছে। আফসার আহমেদ একটা হাসির ইমোজি খুঁজছেন। এমন তোফা বুদ্ধি দেওয়ার কারণে ‘ভোররাতের চাঁদ’কে একটা হাসির ইমোজি তো দেওয়াই যায়, নাকি!