চন্দ্রজয়ের ৪২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদে অবতরণ করেছিল ইগল। ২১ জুলাই চাঁদের মাটিতে মানুষের প্রথম পদচিহ্ন পড়েছিল। ৪২ বছর আগে মানবসভ্যতার ইতিহাসের অন্যতম সেই অর্জনের দিকে পেছন ফিরে তাকিয়েছেন রাজীব হাসানধীরে ধীরে ধূলিধূসর চন্দ্রপৃষ্ঠে অবতরণ করল নভোযান ইগল। বেশ কয়েক ঘণ্টা সেখানে অবস্থান করার পর মাটিতে নামার সবুজ সংকেত মিলল। খট করে একটা শব্দ হলো। নেমে এল ধাতব সিঁড়ি। আর সেই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে এলেন নিল আর্মস্ট্রং। সিঁড়ির শেষ ধাপ পেরিয়ে পা রাখলেন চাঁদের মাটিতে—পা রাখলেন আসলে ইতিহাসের পাতাতেই। পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে প্রথম পদচিহ্ন এঁকে দিল মানুষ। ২১ জুলাই, মানবসভ্যতার ইতিহাসেই এক বিরাট দিন। চন্দ্রজয়ের স্বপ্ন পূরণ হলো যুক্তরাষ্ট্রের। শীতল যুদ্ধের সময়টায় রাশিয়া আর যুক্তরাষ্ট্র নেমে পড়েছিল অলিখিত ‘মহাকাশ যুদ্ধে’। রাশিয়ার একের পর এক সফল অভিযান সপাটে চড় বসিয়ে দিচ্ছিল মার্কিন অহংবোধে। মহাকাশে প্রথম উপগ্রহ স্পুটনিক ১ পাঠিয়েছিল রাশিয়াই। মহাশূন্যে জীবিত প্রাণী পাঠিয়েছে রাশিয়াই—লাইকা নামের একটি কুকুর। মহাশূন্যে ঘুরে আসা ইউরি গ্যাগরিনও রাশান। মহাশূন্যে ভ্রমণ করা প্রথম মহিলা ভ্যালেন্তিনা তেরেসকোভা রাশিয়ারই। যুক্তরাষ্ট্র এই দৌড়ে পিছিয়ে ছিল স্পষ্টতই। তার পরও পুরো জাতিকে কেনেডি প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাশিয়ার আগেই চাঁদ জয় করবে যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই অভিযানে আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিলেন আরও দুজন। কমান্ড মডিউল কলাম্বিয়ার পাইলট মাইকেল কলিন্স। লুনার মডিউল ইগলের পাইলট এডুইন ‘বাজ’ অলড্রিন। তিনজনেরই জন্ম একই সালে—১৯৩০ সালে। এর মধ্যে চাঁদে নেমেছিলেন আর্মস্ট্রং আর অলড্রিন। কমান্ড মডিউল থেকে কক্ষপথে ঘুরছিলেন কলিন্স। চাঁদে নামা হয়নি তাঁর। ২১ ঘণ্টা ৩১ মিনিট চাঁদে অবস্থান করার পর আর্মস্ট্রং আর অলড্রিন ফিরে আসেন। সঙ্গে করে নেন ২১.৫ কেজি ওজনের চাঁদের পাথর। তিন নভোযাত্রীকে নিয়ে ফিরে আসে কলাম্বিয়া। ২৪ জুলাই প্রশান্ত মহাসাগরে নামে কমান্ড মডিউলটি।মানুষের তৈরি প্রথম যে নভোযানটি চাঁদে পৌঁছায়, সেটি ছিল রাশিয়ার—লুনা ২। ১৯৫৯ সালের ১৩ সেপ্টেম্বর চাঁদের মাটি স্পর্শ করেছিল সেই নভোযান। অবশ্য সেটি চাঁদেই বিধ্বস্ত হয়। লুনা ২-এর পথ ধরে মার্কিন নভোযান রেঞ্জার ৪ পৌঁছায় চাঁদে। মনুষ্যবিহীন নভোযানের সফল যাত্রা শেষে শুরু হয় মানুষ পাঠানোর তোড়জোর। নতুন প্রকল্প হাতে নিয়েছিল নাসা। যে প্রকল্পের শিরোনাম ছিল অ্যাপোলো। অ্যাপোলোর প্রথম ১০টি অভিযানের পর অ্যাপোলো ১১ মিশনকে নির্ধারণ করা হয় চাঁদে মানুষ পাঠানোর জন্য।চাঁদে হাঁটার জন্য নিল আর্মস্ট্রংদের নিতে হয়েছে বিশেষ প্রশিক্ষণ, কারণ চাঁদের ভর পৃথিবীর তুলনায় অনেক কম। এ কারণে স্পেসস্যুটের সঙ্গে পিঠে অতিরিক্ত ওজন চাপিয়ে নিতে হয়েছিল।প্রশিক্ষণ শেষে ১৬ জুলাই ১৯৬৯, এল সেই দিন। একদম সাতসকালে নাশতা সেরে নিলেন তিন অভিযাত্রী। পরে নিলেন স্পেসস্যুট। এরপর গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হলো নভোযানের কাছে, কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাডে যেটি বেশ কিছু দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল উড্ডয়নের। তখন চলছিল একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেবল টেকঅফের নির্দিষ্ট সময়ের অপেক্ষা। উড্ডয়নের ঠিক আড়াই ঘণ্টা আগে সহযোগীদের সহায়তায় তিন অভিযাত্রী নিজ নিজ আসনে গিয়ে বসলেন। প্রকৌশলীরা বন্ধ করে দিলেন দরজা। শেষ রুটিন চেকআপ করতে শুরু করলেন আর্মস্ট্রং, অলড্রিন আর কলিন্স। বাইরে নির্দিষ্ট দূরত্বে তখন হাজারো প্রত্যক্ষদর্শীর ভিড়। সবাই এসেছেন নিজ চোখে ইতিহাসের এই দুর্লভ মুহূর্তের সাক্ষী হতে। টিভিতেও সারা বিশ্বের আটকে আছে ৫০ কোটি মানুষের ১০০ কোটি চোখ। টিভি-দর্শকদের মধ্যে ছিলেন সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, পুরো অভিযানটি যিনি হোয়াইট হাউসে তাঁর ওভাল অফিসে বসে দেখেছেন।ঠিক ছয় মিনিট আগে থেকে অ্যাপোলো স্যাটার্ন লঞ্চ কন্ট্রোল প্যানেল থেকে শুরু হলো কাউন্টডাউন। টিভিতে ভেসে এল লঞ্চ কন্ট্রোলের জনসংযোগ ঘোষক জ্যাক কিংয়ের নিরাবেগ কণ্ঠ, ‘দিস ইজ অ্যাপোলো স্যাটার্ন লঞ্চ কন্ট্রোল। আমরা অ্যাপোলো ১১-এর ক্ষণগণনার ছয় মিনিটের সীমা মাত্রই অতিক্রম করলাম। এখন ৫ মিনিট ৫২ সেকেন্ড...।’ একসময় এল সেই মুহূর্ত। উৎক্ষেপণ বাহকযান স্যাটার্ন সচল হলো। ভেসে এল কিংয়ের কণ্ঠ, ‘টি মাইনাস ফিফটিন সেকেন্ডস... গাইডেন্স ইজ ইটারনাল, টুয়েলভ, ইলেভেন, টেন, নাইন...ইগনিশন সিকুয়েন্স স্টার্টস...সিক্স, ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, জিরো...সবগুলো ইঞ্জিন সচল। শুরু হলো উড্ডয়ন...।’ তুমুল করতালিতে ফেটে পড়ল স্থানীয় দর্শকেরা। চিৎকার করে উঠল ‘গো...গো...গো!’ উল্লাসে ফেটে পড়ল টিভির সামনে হুমড়ি খেয়ে পড়া দর্শকেরাও। পুরো পৃথিবীবাসীর স্বপ্ন নিয়ে শৈশবে মায়ের কোলে শোনা চাঁদ মামার দেশ আর চরকা-কাটা বুড়ির সন্ধানে পাড়ি দিল অ্যাপোলো ১১।২০ জুলাই প্রথমে আর্মস্ট্রং, এরপর অলড্রিন নেমে আসেন চন্দ্রপৃষ্ঠে। চাঁদের পায়ে প্রথম পদচিহ্ন এঁকে দেওয়ার ব্যাপারে আর্মস্ট্রং বলেছিলেন, ‘এটা একটা মানুষের ছোট্ট একটা পদক্ষেপ, কিন্তু মানবসভ্যতার জন্য এটা বিশাল একটা লাফ।’ জেনে রাখুন কাউন্টডাউনের সময় নিল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইক কলিন্স টানা ৩০ মিনিটি নীরবতা পালন করেন।চাঁদে অভিযান ব্যর্থ হলে প্রেসিডেন্ট নিক্সন কী ভাষণ দেবেন তাও তৈরি করে রাখা হয়েছিল: শান্তির উদ্দেশে যাঁরা চাঁদে গিয়েছিলেন ঈশ্বর তাঁদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, তাঁদের আত্মা চাঁদে শান্তিতেই থাকবে।অ্যাপোলো ১১-তে ব্যবহূত কম্পিউটারের শক্তি এখানকার সেলফোনের চেয়ে কম ছিল।