চন্দ্রতারার মালিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রাতে তার স্বামী উৎকণ্ঠায় ছিল। কারণ, সে উঠেছে আর শুয়েছে। পায়চারি করেছে। স্নানাগারে গেছে। মাথায় পানি ঢেলেছে। জানালার শিক ধরে দাঁড়িয়েছে থেকেছে দীর্ঘক্ষণ। সে বাতায়ন পাশের ঘন অন্ধকার গাছের বাসায় পাখির ছানার সঙ্গে মনে মনে কথা বলেছে। রাতের নীরবতা ভেঙে দূরে যে দু-একটি গাড়ি হেঁকে গেছে, ইশারায় তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করেছে। বুকভরে নাম না-জানা ফুলের ঘ্রাণ নিয়ে প্রকৃতিকে ধন্য করেছে। কী না করেছে সে? নিজের নরম তুলতুলে বিছানা ছেড়ে মেঝেতে মাদুরে শুয়ে স্বামীকে ভড়কে দিয়েছে। স্বামী বেচারি ঘুমের রেশ কেটে যাওয়ায় বুঝতে পারে বউটি নেই। ভয়তাড়িত কণ্ঠে ফিসফিস করে জিজ্ঞেস করে, ‘শেফু, শেফু...।’ ‘বলো।’‘শেফু...।’‘আহা, বলো না।’স্বামীর স্ক্রিনটাচ মোবাইলটি জ্বলে ওঠে। ঈষৎ উজ্জ্বল আলোয় ঘর ভরে যায়।‘ফ্লোরে কী করছ?’‘শুয়ে আছি। দেখেও প্রশ্ন করছ কেন? তুমি কি ভেবেছ অন্য কিছু করছি?’‘না, সেটা বলছিনে বউ, এরই মধ্যে রেগে গেলে?’স্বামী বউটির মুখে মোবাইলের আলো ফেলে। অদ্ভুত দেখায় শেফুকে। সন্ধ্যায় হয়তো পান চিবিয়েছিল। ঠোঁটে শুকিয়ে আছে তাম্বুল রস। মুখে আলো পড়ায় হেসে উঠলে ওকে অচেনা ঠেকে। একহারা গড়নের শেফু কী সুন্দর নাগিনী! এসব প্রজাতির সাপের দিকে তাকিয়ে কেউ কখনো ভাবে না, এরা বিষধর নাকি বিষহীন? মাথা ও শরীরের কারুকার্যে অনেকের বিমুগ্ধ বিস্ময় জাগে। এক্ষণে শেফুর মাথার সামনের কিছু চুল ফ্যানের বাতাসে ওড়াউড়ি করে। সে এলোমেলো শাড়ি কুণ্ডলী পাকিয়ে বুকে চেপে ধরে। আবার তা সরিয়েও নেয়। ‘শেফু, তুমি এমন ভাব করছ যে গরমে তোমার বুক ফেটে যাচ্ছে।’‘তুমি তো জানো, আমার শরীরে টেম্পারেচার একটু বেশি থাকে।’‘জানি। আচ্ছা, ওসব বাদ দাও। তুমি যে বললে, তোমার সম্পর্কে আমি কী এমন ভেবেছি? তুমি তো শুয়েই আছ।’‘ভাবতে পার, হয়তো কিছু একটা গোপন করছি। কথার টোনে তো এমনই মনে হয়েছিল।’‘বউ, তুমি বড় ঠোঁটকাটা।’শেফুর স্বামী প্রায়ই কথা শুরু করে ‘বউ’ উচ্চারণ করে। বিয়ের পর তার পাগলামি সম্পর্কে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলে বলা হয়েছিল—ও, কিছু না, একটু মানসিক ট্রিটমেন্টেই সেরে যাবে। তবে অবহেলায় বিগড়ে যেতে পারে। সেই থেকে স্বামী আদর করে বউকে ‘বউ’ বলে।তারিক, মানে শেফুর স্বামী অতঃপর বলে, ওপরে উঠে আস। বউটি উঠে আসে, কিন্তু মেঝের মাদুরের ওপর শাড়িটা রেখেই, কখন পেটিকোটের ওপর থেকে খসিয়ে ফেলেছে জানে না। শেফুর শরীরের ঊর্ধ্বাংশে মধ্যবাস লাল ব্লাউজ। স্বামী চিত হয়ে রাতে আসা মেসেজ চেক করছে। পাশে শেফুও শোয়। খুদে বার্তার ধকল সয়ে স্বামী শেফুর দিকে আড়চোখে তাকায়। ‘কী দেখছ, অমন করে?’‘দেখছি আলো-আঁধারিতে তোমার রূপ কেমন খলবলিয়ে উঠেছে। পানে তোমার ঠোঁটও রক্তিম।’‘মন চেয়েছিল, কী করব।’‘আর একটা খাবে নাকি?’‘এত রাতে পাব কোথায়?’‘বাইরে থেকে নিয়ে আসি? মিজানের দোকান হয়তো খোলা আছে।’‘সত্যি? দেখো।’স্বামী উঠতে চায়, শেফু এক হাতে খপ করে ধরে ফেলে। তারিক ভাবে, এ হয়তো তার আহ্বান। তারিক কিছু বুঝে ওঠার আগেই তার হাতটা আরও জোরে টেনে ক্রমে নিজের গায়ের ওপর নিয়ে আসে। ‘তাহলে যাব না?’‘আমি মিছেমিছি বলেছি। ওতে তো অভ্যেস নেই।’তারিক মাথাটা শেফুর বুকের ওপর রাখে। তারপর ছাদের দিকে মোবাইলের আলোটা ফেলে। ছাদের কিয়দংশ আলোকিত হয়। ফ্যানটা ঘুরছে একপাশে। বলে, ‘শেফু, এখান থেকে আমাদের ছায়াটা ছাদে পড়লে একজন মানুষ মনে হতো, মনে হতো না আমরা দুজন।’ ‘তা তো মনে হবেই, যেভাবে গায়ে গায়ে জড়িয়ে আছ।’‘আমার দোষ কী? তোমার অ্যাপেলিং।’‘আমারই বা কী দোষ? দায়ী তোমার আদিমতা।’অতঃপর ছাদ কিংবা সিলিংয়ে যে একক ছায়াটি কল্পনা করেছিল, তা বাস্তব রূপ পায়। সেই ছায়া কিংবা বাস্তবের কোনো হাত নেই, উভয়ের হস্তদ্বয় বিপরীত পিঠে অক্টোপাসের মতো লেপ্টে থাকে এবং অতঃপর তারা ঘুমের ঘোরে তলিয়ে যায়। গত রাতে তারিক ভয়তাড়িত থাকলেও আজ স্বাভাবিক। তার ফিরতে দেরি হওয়ায় নিজেকে কিঞ্চিৎ অপরাধী ভেবে কাঁপা হাতে তালা খোলে। ভাবে, বউ কোথাও গেছে। তবে সে ইতিউতি করে তাকায়। পত্রিকা পড়ে, টিভি অন করে। এরই মধ্যে দু-একবার কল দিয়েও সাড়া পায়নি, বারবারই ‘নো আনসার’। অনেক পর রেসপন্স করে বউ।‘ডাকছ কেন?’‘তুমি কোথায়?’‘আমার সাম্রাজ্যে।’‘মানে?’‘তোমার মাথার ওপর।’‘ও, আমি ভুলেই গিয়েছিলাম। খামোকা একটা ঘণ্টা পার হয়ে গেল। দাঁড়াও আসছি।’বউয়ের এহেন খামখেয়ালিপূর্ণ আচরণকে তারিক প্রশ্রয় দেয়। ডাক্তারের নির্দেশনা: পাত্তা না পেলে বিগড়ে যেতে পারে। তা ছাড়া বউকে সে ভালোও বাসে। তারিক সিঁড়ি মাড়িয়ে দেখে ছাদের দরজাটা হা করা। হয়তো ওরই জন্য খুলে রেখেছে। দেখে অন্ধকারে একটি ছায়ামূর্তির মতো ওর বউ ডান হাত নাড়ছে। মনে হলো আকাশের গায়ে হাত বুলাতে চায়। বউ একদিন গম্ভীর হয়ে বলেছিল, আকাশের যে উজ্জ্বল তারাগুলো আমি প্রতিদিন দেখি, ওরা আমার ভাষা বোঝে। ওরা বিভিন্ন ঋতুতে দিক পরিবর্তন করলেও শেষমেশ আমাদের ছাদ বরাবর ফিরে আসবে। শেফুর অদ্ভুত খেয়াল, প্রতিদিন দেখে দেখে, মনে মনে ওদের সঙ্গে কথা বলে চন্দ্রতারার মালিকানা দাবি করে বসে। তারিক পা টিপে টিপে কাছে যায়, কানের কাছে মুখ নিয়ে বলে, মিউ!‘আহা, বিড়ালটা না একটু আগেই তাড়ালাম।’ সে পেছন থেকে তারিকের মাথাটা ধরে খিলখিল হাসে। তারিক পেছন থেকে বউকে বেষ্টন করে কোমর বরাবর। সে ভারতশাস্ত্রী বাৎস্যায়নের কামসূত্রোল্লিখিত ‘স্পৃষ্টক’ আলিঙ্গনের চর্চা করে। ‘এই ছাড়, আমার তারাগুলো দেখছে।’‘আকাশের ওই মিটিমিটি তারার সাথে...।’‘গানটা শেষ করো না।’‘আর মনে নেই...আচ্ছা, এত যে তারকাবিশারদ, বল তো, ওই তারাটার নাম কী?’‘হাসালে।’‘আহা, বলই না।’‘শুকতারা।’‘আর কী নাম?’‘ভেনাস। অথবা আফ্রোদিতি।’‘বল তো সপ্তর্ষিমণ্ডল কোনটি?’শেফু দেখায়। ‘আচ্ছা, এবার দেখাও কালপুরুষ বা আদমসুরত।’শেফু আবারও তর্জনী নির্দেশ করে। ‘তুমি নিশ্চয় সপ্তর্ষি, আই মিন সপ্তঋষির নাম জানো না।’‘অবশ্যই জানি।’‘অসম্ভব, বল।’‘বশিষ্ঠ, কশ্যপ, অত্রি, জমদগ্নি, গৌতম, বিশ্বমিত্র ও ভরদ্বাজ।’‘মাই গড, আমি নিজেও জানতাম না। কৌশলে জেনে নিলাম, বউ।’তারিক বউকে পাঁজাকোলা করে ছাদ থেকে নিয়ে যেতে চায়। বউ পিষ্ট হতে হতে বলে: ছাড়, আমি অ্যান্ড্রোমিডা নই।‘সেটি আবার কী?’‘তুমি দেখছি কিছুই জানো না। অ্যান্ড্রোমিডা পৃথিবীর নিকটতম ছায়াপথ। পুরাণমতে, দাম্ভিক রানি ক্যাসিওপিয়া তার অপরূপ সুন্দরী কন্যা অ্যান্ড্রোমিডাকে নিষ্ঠুর সামুদ্রিক দানব সেটাসের কাছে বলি দিতে রাজি হয়েছিল।’তারিক ঈষৎ ঝুঁকে বলে, ‘কেন?’‘স্বর্গের দেবতাদের খুশি করতে।’‘তারপর?’‘সেটাস তখন এগিয়ে এল অ্যান্ড্রোমিডার দিকে। আর নায়ক পারসিউস পঙ্খিরাজ ঘোড়া পেগাসাসের পিঠে চড়ে আকাশ থেকে নেমে এসে উদ্ধার করল অসহায় অ্যান্ড্রোমিডাকে।’ এ সময় শেফু স্বামীর কোল থেকে খসে পড়ে। দাঁড়িয়ে আকাশের দিকে তর্জনী তুলে বলে, ওই দিকে অ্যান্ড্রোমিডা ছায়াপথ, যা খালি চোখে দেখা যাওয়ার কথা।‘অ্যা গ্রেট অ্যাস্ট্রোনমার...কী করে জানলে, ওসব?’‘নিজের ইচ্ছে থেকে।’‘এসব পুরাণকথা, না তোমার পরান কথা? যা-ই হোক, এবার চল।’‘যাব। তবে মনে রাখবে, উত্তর-পশ্চিমাকাশের ডানদিকের তারাগুলো আমার। তোমাকে চিনিয়ে রাখলাম।’‘কেউ নিয়ে যাবে নাকি?’‘কার এত সাহস।’‘সে যা-ই হোক, তোমার তারাদের পাহারাদার হওয়ার যোগ্যতা আমার নেই।’রাতে বধূটির ঘুম হয় বটে, কিন্তু ভোরে ‘আকাশে কিছু নেই’ বলে বিড়বিড় করে। কয়েক বার সশব্দে বললে তারিকের ঘুম ভাঙে। দেখে ভীতিতাড়িত এক শক্ত পুতুল বারবার ওকে জাপ্টে ধরছে। যতই সরাতে চায়, আরও কাছে এসে জড়িয়ে ধরে। ইতিমধ্যে শেফুর এক হাত তারিকের গলার নিচ দিয়ে প্রবিষ্ট হয় এবং অতঃপর দুই হাতে ওকে পেঁচিয়ে ধরে। দমবন্ধ তারিক কোনোমতে বলে, ‘কী হয়েছে, বল?’ ‘আকাশটা খালি।’‘আবার আকাশ দেখলে কখন? এরই মধ্যে বাইরে গিয়েছিলে নাকি?’‘না।’‘তাহলে?’‘আমি জানি।’‘কী জান?’‘আকাশে কিছু নেই।’‘কিছু নেই মানে? তোমার চন্দ্রতারারা?’‘কেবল চাঁদ আছে।’‘অন্যেরা নিশ্চয় মেঘে ঢাকা পড়েছে।’‘তাহলে চাঁদকে দেখায় কী করে?’ এরূপ বলে শেফু আরও জোরে স্বামীকে জড়িয়ে ধরে বুকের ওপর ওঠে। অতঃপর উপুড় হয়ে সটান পড়ে থাকে। তারিক নিচে থেকেই বউয়ের মাথায় হাত বুলায়, আঙুল চালায় চুলে। সে বলে, ‘শেফু তোমাকে বুঝতে হবে, আকাশে চাঁদ থাকলে তারাগুলো স্পষ্ট দেখায় না।’ শেফু চুপ। এ অবস্থা তারিকের ভালোই লাগে। বুকের ওপর জগদ্দল পাথর না হয়ে স্পঞ্জের মতো একটি নরম বস্তু পড়ে আছে। শেফুর চুলের ঘ্রাণ ওকে মদির করে। এর চেয়ে সুখ আর কি হয়? কিন্তু তারিকের ভয় অন্য জায়গায়। বউকে সিজোফ্রেনিয়া পেল কি না। এসব ভেবে তারিক নিজেই সিজোফ্রেনিক হয়। আস্তে সে বউকে বুকের ওপর থেকে নামায়। কানের কাছে বলে, ‘আজ সন্ধ্যায় যে সাঈদের বাসায় যাওয়ার কথা না, সেখানে তুমি ইচ্ছেমতো আকাশ অবজার্ভ করতে পারবে। ওদের ছাদের ওপর আমাদের মতো কোনো কৃষ্ণচূড়া গাছ বাধা হয়ে দাঁড়ায় না। পুরোটাই পরিষ্কার।’ সন্ধ্যায় যথারীতি যাওয়া হয়। একটু অন্ধকার হলেই কৌশলে সাঈদের বউকে নিয়ে শেফু উঠে যায় ছাদ-বাগিচায়। সে জানত, সাঈদের বউ বেশিক্ষণ টিকবে না। অনুমান ওর সত্যি হলো। যাওয়ার আগে বলে, ভাবি চলুন, আর কত?‘আমার এখানেই ভাল্লাগছে।’‘ছাদে একা থাকবেন?’‘সারা রাতই থাকি।’‘বলেন কী?’‘বিশ্বাস হয় না, আপনার ভাইকে জিজ্ঞেস করুন।’‘কেন, বলুন তো?’‘খোলা আকাশ দেখতে আমার সবচেয়ে ভালো লাগে। বিশেষ করে রাতের তারা।’‘রাতের তারা?’‘তো কী? আপনি কী চান, লজিকের ভাষায় বলি: তারকারাজি কিংবা আকাশের বস্তুনিচয়?’‘ঠিক আছে, আর কিছুক্ষণ থাকুন, আমি একটা চেয়ার পাঠাই। দাঁড়িয়ে কতক্ষণ?’‘না, তার দরকার নেই। দাঁড়িয়েই জমে ভালো।’‘একটা টেলিস্কোপ জোগাড় করলেই পারেন।’‘আমি তো অ্যাস্ট্রোনমার নই।’‘তাহলে? বুঝেছি আকাশ দেখা একটা শখ।’‘না, তা-ও না।’‘তবে?’‘শুধু শুধুই তাকিয়ে থাকা।’সাঈদের বউ নেমে এলে শেফুও বেশিক্ষণ থাকে না। ইত্যবসরে সাঈদ বউকে সাহায্য করতে ভেতরের ঘরে যায়। তারিক জানতে চায়, কেমন মনে হলো, ওদের ছাদটা সুন্দর না?‘হলে কী হবে, এখান থেকে একটা তারাকেও আপন মনে হয়নি।’‘তারার শখ তোমার মিটে গেছে। এবার ধূমকেতু দরকার। কিন্তু তার জন্য যে তোমাকে অনেক বছর অপেক্ষা করতে হবে। তত দিন আমরা কেউ বাঁচবই না।’‘বাজে বোকো না। তারাদের আজ অনেক সুন্দর মনে হয়েছে। কিন্তু অন্তর থেকে কারও মালিকানার দাবি ওঠেনি। কারণ, অন্যের ভিত্তির ওপর দাঁড়িয়েছিলাম।’‘আশা করি নিজের ভিত্তির ওপর দাঁড়ালে আবার ঠিক হয়ে যাবে।’তারিক রাতে আবার লক্ষ করে শেফু ভগ্নমনস্ক। আজ কেবল হাত নয়, পা দিয়েও ওকে প্যাঁচাতে চায়। তারিক মনস্থ করে, আজই যাবে সাইকো ফিজিশিয়ানের কাছে।‘বুঝলেন স্যার, নিজের আবাস থেকে নক্ষত্রদের আপন মনে হলেও অন্য স্থানে গিয়ে এমনটি হয় না।’‘সেটাই সমস্যা। তবে স্টেট অব মাইন্ড ইজ নট ব্যাড। স্ত্রীকে পৃথিবীর সব কর্নার থেকে সমজাতীয় বস্তুকে একই রূপ ভাবতে শেখান।‘এটা এমন বড় সমস্যা নয়। তবে কিঞ্চিৎ নিরাপত্তার অভাব বোধ আছে।’‘আমার মনে হয় না, স্যার। ওর সাহস বুকেপিঠে।’‘সাহস অনেক সময় নিরাপত্তার অভাব বোধকে অতিক্রম করতে পারে না। বাই দ্য বাই, আই শুড আস্ক দ্য প্যাশেন্ট হারসেলফ। আপনি কি সাহসী, না ভীতু?’‘জানি না।’‘খাসা জবাব। হা হা হা। এখন তাহলে বাড়ি যান। আমি তেমন কিছু খুঁজে পাইনি। সো, নো মেডিসিন।’ডাক্তারের কথায় আশ্বস্ত উভয়েই স্বাভাবিক মনে বাড়ি ফেরে। তারপর থেকে তারিক বউকে নিয়ে নানা স্থানে বেড়ায়। সাঈদ ছাড়াও অন্যান্য বন্ধু-আত্মীয়ের বাড়ি যায়। আবার সাঈদের টার্ন এলে ওখানে গিয়ে শেফু ঘরের কোনায় চুপটি করে বসে।‘ছাদে যাবেন না, ভাবি?’‘দেখা যাক। কেবল তো সন্ধ্যা লেগেছে।’এবং অতঃপর ছাদে গেলে শুরু হয় সকলের চুটিয়ে আড্ডা। কেউ পায়চারি করে, গায়ও কেউ কেউ। সাঈদ গায়, আজ অমাবস্যায় সবাই গেছে বনে...। বাকিরা হো হো হাসে। তারিক বলে, বন্ধু বলেছ খাসা—অমাবস্যায় বনে যাওয়ার হয়তো অন্য একটা স্বাদ আছে।শেফু জানায়, ক্যাসিওপিয়া মণ্ডলে আমি একটি নতুন তারা দেখতে পাচ্ছি।সাঈদ জিজ্ঞেস করে, সেটি আবার কী?‘গ্রিক পুরাণের দাম্ভিক রানি। আবার দুঃখী রানিও—যে ইথিওপিয়ার রাজা সিফিয়াসের স্ত্রী। তার সৌন্দর্য-দম্ভের কারণে সমুদ্রদেবতার আক্রমণে সিফিয়াসের রাজ্য প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। অবশেষে দেবতা বরাবর প্রার্থনা জানালে দৈববাণী আসে যে তাকে চিরকাল ধ্রুবতারার চারপাশে ঘুরতে হবে। কেবল তা-ই নয়, প্রয়োজনে পা ওপর মাথা নিচে দিয়েও ঘুরতে হবে। তার সে ঘূর্ণন এখনো অব্যাহত।’‘ভাবি, আমি জানি, আপনার এসবে ন্যাক আছে, কিন্তু বিশ্বাসও কি?’‘সে প্রশ্ন আলাদা। আমি অনেক কিছুই বিশ্বাস করি না, এমনকি—’‘আচ্ছা বলুন, সেই ক্যাসিওপিয়া বা দুঃখী রানির কী হলো?’‘বলছিলাম, ওই ক্যাসিওপিয়া তারামণ্ডলে বুঝি আবার একটি নতুন তারা উদিত হলো।’‘আবার মানে, অতীতেও ছিল নাকি?’‘হ্যাঁ, ষোড়শ শতকে দিনেমার টাইকো ব্রাহে একটি উজ্জ্বল তারা দেখেছিলেন। অবশ্য এর উজ্জ্বলতা ক্রমান্বয়ে হ্রাস পেয়ে একসময় সে অদৃশ্য হয়ে যায়। তবে যত দিন ছিল, সারা পশ্চিমের মানুষের বড় আতঙ্কগ্রস্ত দিন কাটে।’‘আবার এমন কিছু ঘটবে নাকি?’‘না, সে সম্ভাবনা নেই, কারণ তখনো কিছু ঘটেনি।’‘বাব্বা, বাঁচলাম।’ সাঈদের কথায় ইয়ার্কির শ্লেষ।‘এটি একটি উজ্জ্বল তারা, চারপাশে নীহারিকা পদার্থও নেই। আকাশে এক টুকরো হিরে।’‘টুয়িংকল টুয়িংকল লিটল স্টার, হাউ আই ওয়ানডার...।’‘দেখুন, অন্য কিছু কি না। আজকাল কত কিছুই তো আকাশ প্রদক্ষিণ করে। কৃত্রিম উপগ্রহও হতে পারে।’ সাঈদ যোগ করে। ‘আর দলে দলে যখন ফানুসগুলো উড়ে যায়—তারিক এটুকু বলে আর এগোয় না।’‘এটি আদৌ স্যাটেলাইট নয়। আমার বিশ্বাস, আবার টাইকো যুগের সূচনা হয়েছে। যদি এমনই উজ্জ্বল নক্ষত্র হয়, তাহলে দিনের বেলাও দেখা যেতে পারে।’‘তা তো দেখাবেই, যেহেতু রাতের সকল তারাই আছে দিনের আলোর গভীরে।’‘বটে। তবে দিনে দেখার জন্য দৃষ্টিশক্তি অনেক প্রখর হতে হয়।’ শেফু জবাব দেয়।‘কোথায়, এখনই দেখান না একবার।’‘ওই যে দেখুন।’‘এটা তো আগেও ছিল।’‘মোটেও নয়। মনে করবেন না, এটা সন্ধ্যাতারা, সম্পূর্ণ নতুন। ভালোই হলো। এতগুলোর দিকে নজর রাখা কষ্টকর। এখন থেকে একটাকেই দেখব।’‘ভাবি, আমিও একটা তারা পুষব। আচ্ছা, তারাদের কী কী খাওয়াতে হয় বলুন দেখি।’‘সাঈদ ভাই, ইয়ার্কি হচ্ছে।’‘সে যা-ই বলুন, খাসা একখান হবি বেছে নিয়েছেন।’‘হবি নয়, ভাই।’এ সময় সাঈদের হাতে একটা চাপ দিয়ে তারিক ওকে নিয়ে ছাদের অন্য কোনায় চলে আসে।‘দোস্ত, আর বলিসনে মাইন্ড করে বসতে পারে।’‘বড় যন্ত্রণায় আছিস, দেখছি। মেন্টাল কেস?’‘না, তেমন নয়। লাইফ ইজ নাইস। এ একধরনের সেন্স অব বিলংগিংনেস।’ওরা দেখে দুই মানবী আবছা অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে। শেফুর উঁচানো তর্জনী বরাবর চোখ রাখছে সাঈদের বউ। সাঈদ কাছে এসে বলে; ভাবি, সত্যি বলছি, আমারও একটা দরকার।‘বেছে নিন। তবে নতুনটা আমার।’