চরমপন্থার এক উদার বিশ্লেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামিস্ট র্যা ডিক্যালাইজেশন: অ্যাক্টর্স, ড্রাইভার্স অ্যান্ড অ্যাপ্রোচেস—মো. মোস্তাফিজুর রহমান
প্রচ্ছদ রবিন আহসান, প্রকাশক: শ্রাবণ প্রকাশনী, ঢাকা, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৭, ২৪৮ পৃষ্ঠা, দাম: ৫০০ টাকা।

সময়ের দাবি বড় শক্ত। মানুষ সময়কে অনবরত আঘাত করে। দমন করে হয়তো বন্ধও করে দিতে চায়। তাই সময়ও থেকে থেকে প্রতিঘাত করে আর প্রতিবাদের ঝড় তোলে। বলা বাহুল্য, সারা বিশ্ব এক ভয়ানক অনিশ্চিত আর নির্দয় সময় পার করছে। ধর্মের নামে, বিশেষ করে ইসলামের নাম ভাঙিয়ে, বিভিন্ন দল নামে অথবা বেনামে দুনিয়ার বিভিন্ন দেশ-শহর-জনপদে ত্রাস চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ইসলামিস্ট র্যা ডিক্যালাইজেশন: অ্যাক্টর্স, ড্রাইভার্স অ্যান্ড অ্যাপ্রোচেস শিরোনামের গবেষণামূলক বইয়ে মো. মোস্তাফিজুর রহমান এই ‘ইসলামি চরমপন্থা’ বা মৌলবাদকে ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন বেশ দক্ষতার সঙ্গে। বিভিন্ন তথ্য-উপাত্ত আর বিশেষজ্ঞদের মতামতকে ভিত্তি করে অনুসন্ধান করেছেন এই বৈশ্বিক ও জাতীয় সমস্যার কারণ। কী উপায়ে, কাদের দ্বারা এবং কাদের চরমপন্থার দিকে ধাবিত করা হয়, তারও এক বিস্তারিত, গবেষণালব্ধ, সচেতন উপস্থাপন পাওয়া যায় গ্রন্থটিতে। পৃথিবীর বিভিন্ন দেশ একসঙ্গে বা আলাদাভাবে এই হুমকি প্রতিকার ও প্রতিরোধের যেসব ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে, সে সবেরও গভীর বিশ্লেষণ আছে বইয়ের শেষ অংশে।
অপার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল নতুন সহস্রাব্দ। বিংশ শতাব্দীর দুটি মহাযুদ্ধ ভুলে গিয়ে মানুষ প্রযুক্তির জাদু আর মানবিকতার জয়গানে মুখর নতুন এক পৃথিবীর স্বপ্ন দেখছিল। কিন্তু ২০০১ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা পরবর্তী বিশ্ব দ্রুত বদলাতে থাকে। মোস্তাফিজুর রহমান এই ঘটনার পর্যালোচনা করেছেন আরও কিছু ঐতিহাসিক ঘটনার নিরিখে। উঠে এসেছে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, ১৯৭৯-তে ইরানে ঘটে যাওয়া ইসলামি বিপ্লব, একই বছর আফগানিস্তানে সোভিয়েত আক্রমণ থেকে শুরু করে বর্তমানের ইসলামিক স্টেট বা আইএসের অস্তিত্ব ও কার্যকলাপ এবং এর প্রতিকার, প্রতিরোধে বিভিন্ন রাষ্ট্র বা জাতিসংঘের ভূমিকার প্রসঙ্গগুলো।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশে এখন জঙ্গিবাদের পঞ্চম প্রজন্ম সক্রিয়।’ ২০০৫-এর আগস্টে দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনা মহা আতঙ্ক আর উদ্বেগের জন্ম দেয়। এর পাশাপাশি ১৯৯৮ থেকে ২০১৬ পর্যন্ত ইসলাম ধর্মের নামে ঘটে যাওয়া সহিংস হামলা হামলাগুলোর কারণ, ধরন, ফল ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা আছে এই বইয়ে।
সমাজবিজ্ঞান, অপরাধবিজ্ঞান, নৃবিজ্ঞান বা সংস্কৃতি অধ্যয়নের মতো সমকালীন বিষয়গুলোকে এই বইয়ে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আনা হয়েছে। প্রথমে তত্ত্বের আলোকে একধরনের নৈর্ব্যক্তিক আলোচনা, পরে সেই তত্ত্বের বাস্তবিক প্রয়োগ; অধ্যায়গুলোর সহজ, ক্রমিক বিন্যাস; টীকা-টিপ্পনীর প্রয়োজনীয় ব্যবহার—বইটির সাবলীল, সহজবোধ্য আর সর্বজনীন পাঠ্য হয়ে ওঠার প্রয়াস নির্দেশ করে।
এই যুগে বাস করে আমরা চাইলেও যে উদ্বেগ এড়াতে পারি না বা পারব না, তার ভূত-ভবিষ্যৎ, ভেতর-বাইরের বিশদ বিবরণ বিশ্লেষণ করে লেখক বইটিকে একটি সমৃদ্ধ সংকলনে পরিণত করেছেন। ‘ইসলামি মৌলবাদ’-এর মতো স্পর্শকাতর আর বাংলাদেশের প্রেক্ষাপটে অতি রাজনৈতিক একটা বিষয় নিয়ে পক্ষপাতহীন আলোচনা করা সহজসাধ্য নয়। এই দেশের সরকারগুলো বিভিন্ন সময় নানা অজুহাতে সক্রিয় জঙ্গি সংগঠনের অস্তিত্ব অস্বীকার করেছে, যা পরোক্ষভাবে এই ধরনের সহিংসতাকে প্রশ্রয় দিয়েছে বা দিচ্ছে উল্লেখ করে লেখক তাদের এই ‘পলিসি অব ডিনায়াল’-এর পাশাপাশি এ দেশের রাজনৈতিক সংস্কৃতির আরও কিছু নেতিবাচক দিককে স্পষ্ট করে তুলে ধরেছেন।
বইটির ভাষা ও ভাব যদিও গতানুগতিক, তবে এর স্বভাব কিন্তু আমাদের এখনকার স্রোতের উল্টোমুখী: আবেগ, উদ্বেগের যথেষ্ট বাইরে গিয়ে সংকট আর সমস্যার স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা আছে এখানে।