চলছে গাধা সবদিকে!

একটা গাধা হঠাৎ করেই পড়ল বসে, নড়ছে না
ফ্যালফ্যালিয়ে তাকায় যেন কেউ বুঝি নয় ওর চেনা
যায় না পিছে একটুখানি, যায় না মোটে সম্মুখে
ঘাস বিচালি খায় না এবং নেয় না চাল ও গম মুখে৷
কেউবা বলে দোষটি মাথায় কেউবা বলে দোষ লেজে
উঠবে ঠিকই আচ্ছামতো পিঠে চাবুক কষলে যে
চাবুক মেরে, গাধার মুখে ধরল ছোলা-বুট লোনা
কিন্তু গাধা খুলল না মুখ, ভয়টি পেয়েও ছুটল না৷
কেউবা দিল কাতুকুতু, কেউবা বলে ধাক্কা দে
ওলট-পালট গড়ান খেয়ে না হয় পড়ে যাক খাদে
কেউবা এসে করল শুরু গাধার গতর রগড়াতে
কেউবা আবার ঠান্ডা পানি ঢালল কয়েক জগ রাতে
কেউবা বকে, ‘গবেট গাধা এক্কেবারেই আলসে সে’
কিন্তু গাধা উঠছে না, তাই ছাড়ল সবাই হাল শেষে৷
ঠান্ডু মিয়া চতুর মানুষ, বলল, ‘গাধা কান্দে কি?
ক্ষেতের থেকে একটা মুলা এখন তুলে আন দেখি’
একটা মুলা এনে গাধার সামনে দাঁড়ায় পান্না রায়
হঠাৎ দেখি স্তব্ধ গাধা আস্তে ধীরে কান নাড়ায়
যে গাধাটি নড়বে না ঠিক ধরলে ঠেসে পোড়-লোহা
মুলা দেখে সেই গাধাটি লাফ দি’ উঠে করল হাঁ৷
বাঁশের ডগায় মুলা বেঁধে গাধার পিঠে হই সোয়ার
চলল গাধা সময় ভুলে সকাল দুপুর নৈশ আর
এমন গাধা হুকুম-বাঁধা পেয়েছে আজ অবধি কে
মুলার টানে যখন তখন চলছে গাধা সবদিকে!
ঠান্ডু বলে, ‘গোঁয়ার গাধার সামনে মেলে ধর মুলা
সব গাধাকে বাগে আনার এটাই সহজ ফর্মুলা৷’